০৮:১১ পি.এম
ঢাকা, ১১ নভেম্বর ২০২৬ : স্কটল্যান্ডের মিডফিল্ডার স্কট ম্যাকটমিনে, বিশ্বকাপে হাইতির বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার মাত্র দুই দিন আগে হৃদযন্ত্রে বৈদ্যুতিক শক দিয়ে চিকিৎসা গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন।
ম্যাসাচুসেটসে হাইতির বিরুদ্ধে ১-০ গোলে জয়ী ম্যাচের আগে পেটের সমস্যার কারণে অনুশীলনে অংশ নিতে পারেননি বলে ম্যাকটমিনেকে জানানো হয়েছিল।
তবে মঙ্গলবার গ্ল্যাসগোয় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ২৯ বছর বয়সী এই ফুটবলার উল্লেখ করেন, “হাইতির বিপক্ষে ম্যাচের দুই দিন আগে আমার হৃদ্যন্ত্রে শক দিতে হয়েছিল।”
আরও পড়ুন: আজকের খেলা: ১২ নভেম্বর ২০২৬
বিশ্বকাপে স্কটল্যান্ডের তিনটি ম্যাচেই অংশগ্রহণ করেছিলেন ম্যাকটমিনে। মরক্কো ও ব্রাজিলের কাছে পরাজিত হয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া স্কটল্যান্ডের হয়ে তিনি নিজের সেরা ফর্মে ছিলেন না।
তিনি বলেন, “আমি শতভাগ ফিট ছিলাম। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচের দুই দিন আগে যখন হাসপাতালে শুয়ে অজ্ঞান করার প্রস্তুতি নেওয়া হচ্ছে, তখন এটি অবশ্যই আদর্শ পরিস্থিতি নয়।
“আপনি এত ভালোভাবে প্রস্তুতি নিয়েছেন, শারীরিকভাবেও দারুণ অবস্থায় ছিলেন। এরপর এমন কিছু ঘটলে মনে হয়, ‘আমার সঙ্গেই কেন এমন হচ্ছে?’
“এটিকে কোনোভাবেই অজুহাত হিসেবে দেখছি না। তবে পেছনে ফিরে তাকালে বলতে হয়, এটিও পুরো প্রক্রিয়ার একটি অংশ।”
আরও পড়ুন: শ্রীলঙ্কা কোচের সাফের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ, নিষেধাজ্ঞার আশঙ্কা
চলতি মৌসুমের শুরুতে নাপোলির হয়ে মাঠে ফিরেছিলেন ম্যাকটমিনে। তবে সিরি আ-তে প্রথম দুই ম্যাচ খেলার পর অস্ত্রোপচারের কারণে সেপ্টেম্বরে মাঠের বাইরে থাকতে হয় তাকে।
হৃদযন্ত্রের হালকা ও ক্ষতিকর নয়- এমন অনিয়মিত স্পন্দনের চিকিৎসায় ম্যানচেস্টারে কার্ডিয়াক অ্যাবলেশন পদ্ধতিতে অস্ত্রোপচার করান তিনি।
ফলস্বরূপ, নতুন কোচ সেবাস্টিয়ান পোকোনিওলির অধীনে স্কটল্যান্ডের প্রথম চারটি ম্যাচে খেলতে পারেননি ম্যাকটমিনে।
আগামী সপ্তাহে নেশন্স লিগে উত্তর মেসিডোনিয়া ও সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ সামনে রেখে জাতীয় দলে ফিরেছেন তিনি।
আরও পড়ুন: বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে নাÑবাভুমা
ম্যাকটমিনে বলেন, “আমি ভালো আছি। আগের চেয়ে অনেক, অনেক ভালো অনুভব করছি। আমার মনে হয়, এই চিকিৎসাটা করানো প্রয়োজন ছিল।
“হৃদ্যন্ত্রের সমস্যা নিয়ে খবর প্রকাশের পর সংবাদমাধ্যম, পরিবারের সদস্য ও বন্ধুরা যোগাযোগ করায় বিষয়টি অনেকের কাছে অনেক বেশি গুরুতর মনে হয়েছে। তবে এটি তুলনামূলক সহজ একটি চিকিৎসা পদ্ধতি ছিল এবং তা খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন