ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে টেক্সটাইল ইনোভেশন এক্সপো ২০২৬


বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে টেক্সটাইল ইনোভেশন এক্সপো ২০২৬

বাংলাদেশের টেক্সটাইল ও পোশাকশিল্পের উদ্ভাবন, গবেষণা এবং উৎপাদন দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে দেশে প্রথমবারের মতো ‘টেক্সটাইল ইনোভেশন এক্সপো ২০২৬’ আয়োজন করা হচ্ছে। এই এক্সপো আগামী ১২ থেকে ১৪ নভেম্বর ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে।

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার (১২ অক্টোবর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী বক্তারা উল্লেখ করেন, বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বাংলাদেশের টেক্সটাইল ও পোশাকশিল্পকে উদ্ভাবন, উচ্চমূল্যের পণ্য এবং উৎপাদন দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দিতে হবে। উৎপাদন ব্যয় কমানো, জ্বালানি ও পানির সাশ্রয় এবং পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি করতে গবেষণা ও নতুন প্রযুক্তির ব্যবহার অপরিহার্য।

আরও পড়ুন: ডিসেম্বরের মধ্যে সিইপিয়ের খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া

আইটিইটি বাংলাদেশের মহাসচিব ও টিআইই স্টিয়ারিং বোর্ডের সদস্য প্রকৌশলী এ এস এম হাফিজুর রহমান নিক্সন বলেন, "বাংলাদেশের টেক্সটাইল ও পোশাকশিল্পের পণ্যের আন্তর্জাতিক স্বীকৃতি ও ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং ‘ব্র্যান্ড ফ্রম বাংলাদেশ’ স্লোগানকে শক্তিশালী করাই এ আয়োজনের লক্ষ্য।" এক্সপোতে প্রায় ৫০টি কারখানা ও শতাধিক উদ্ভাবনী অংশীদার তাদের পণ্য, প্রযুক্তি ও গবেষণা তুলে ধরবেন।

আইটিইটি বাংলাদেশের সভাপতি প্রকৌশলী মো. এনায়েত হোসেন বলেন, "দেশের টেক্সটাইলশিল্পকে টিকিয়ে রাখতে উদ্ভাবনের বিকল্প নেই।" তিনি উল্লেখ করেন, উৎপাদন ব্যয় কমানো, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং প্রযুক্তির কার্যকর ব্যবহারে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি এক্সপোতে শিল্পসংশ্লিষ্টদের ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানান।

বিজিবিএর প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ বলেন, "বিশ্ববাজারে উচ্চমানের ও বৈচিত্র্যময় পোশাকের চাহিদা বাড়ছে।" তিনি উল্লেখ করেন, আমদানিনির্ভর কাঁচামাল ও বাড়তি জ্বালানি ব্যয় দেশের পোশাকশিল্পের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পাট ও তুলার মিশ্রণসহ নতুন উপকরণ নিয়ে গবেষণা ও উদ্ভাবন বাড়ানো গেলে বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।

আয়োজকদের তথ্যমতে, এক্সপোতে ডাইং ও প্রিন্টিং, টেক্সটাইল ম্যাটেরিয়াল, গার্মেন্ট অটোমেশন এবং গ্রিন ও সাসটেইনেবল প্রযুক্তি নিয়ে চারটি থিম জোন থাকবে। পাশাপাশি ছয়টি টেকনিক্যাল সেমিনার ও একটি প্লেনারি সেমিনার অনুষ্ঠিত হবে। আয়োজকেরা আশা করছেন, এক্সপোতে প্রায় পাঁচ হাজার দর্শনার্থী, ১০০টি ব্র্যান্ড ও ক্রেতা এবং ৩০টির বেশি দেশ থেকে ২০০ আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নেবেন।

আরও পড়ুন: এক যুগ পর মতিঝিলে নির্মাণাধীন ভবনের দখল পেল বেসিক ব্যাংক

এক্সপোর অংশ হিসেবে আটটি বিভাগে ‘টেক্সটাইল ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হবে। এই পুরস্কারের মাধ্যমে উদ্ভাবন, প্রযুক্তিগত অগ্রগতি, পণ্য উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনায় অবদান রাখা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিকেএমইএর পরিচালক ইমরান কাদের তুর্জো, আইটিইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী সুমায়েল মুহাম্মদ মল্লিক এবং টিআইইর চেয়ারম্যান ও টিটিআইএইচের এক্সিকিউটিভ চেয়ারম্যান প্রকৌশলী ইহসানুল করিম কায়সার।

এক্সপোর আয়োজক টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জ (টিআইই)। সহ-আয়োজক টেক্সটাইল ইনোভেশন সেন্টার (টিআইসি), সহযোগী ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি) এবং অংশীদার বিকেএমই ও বিজিবিএ। আয়োজনটি বাস্তবায়ন করছে টেক্সটাইল টুডে ইনোভেশন হাব (টিটিআইএইচ)।

আরও পড়ুন: অর্থনীতির চাকা সচল রাখতে সরকার সব পদক্ষেপ নিচ্ছে: অর্থ উপদেষ্টা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৃহবন্দি ধ্রুব রাঠির বাড়ির বাইরে ৫০ পুলিশ মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


গৃহবন্দি ধ্রুব রাঠির বাড়ির বাইরে ৫০ পুলিশ মোতায়েন

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তাকে কার্যত ‘গৃহবন্দি’ করে রাখা হয়েছে। তিনি জানিয়েছেন, বাড়ির বাইরে প্রায় ৫০ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। সাদা পোশাকের পুলিশ সদস্যরা তাকে অনুসরণ করছে যখনই তিনি বাইরে বের হন।

ধ্রুব রাঠি অভিযোগ করেছেন যে, কোনো বিক্ষোভে যোগ দিতে গেলেই তাকে আটকের হুমকি দেওয়া হচ্ছে। তিনি একটি ভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন, সোমবার বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সুপ্রিম কোর্ট অভিমুখী পদযাত্রায় অংশ নেওয়ার পরিকল্পনা ছিল তার। এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে।

তিনি বলেন, ‘আমি প্রতিবাদে যোগ দিতে চাই। কিন্তু আমার বাড়ির বাইরে প্রায় ৫০ জন পুলিশ সদস্য রয়েছেন। আমি যেখানেই যাই, তাঁরা আমাকে অনুসরণ করেন। কোনো বিক্ষোভের কাছে গেলেই আমাকে সঙ্গে সঙ্গে আটক করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।’

ধ্রুব রাঠি আরও দাবি করেছেন, তিন-চারটি গাড়িতে করেও পুলিশ তাকে অনুসরণ করছে। তবে তিনি সম্ভাব্য ভিসা তদন্তের বিষয়টি নাকচ করেছেন। তিনি বলেন, ‘আমি ভারতীয় নাগরিক। আমার ক্ষেত্রে ভিসার কোনো প্রশ্নই নেই।’

এর আগে শনিবার দিল্লির যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচির আগে পুলিশ ধ্রুব রাঠিকে তার বাড়ি থেকে আটক করেছিল। রোববার প্রকাশিত একটি ভিডিওতে তিনি ওই ঘটনাকে ‘অপহরণ’ বলে অভিহিত করেছেন।

ভিডিওবার্তায় ধ্রুব রাঠি জানিয়েছেন, শনিবার সকাল ৭টার দিকে তার বাড়ির বাইরে ৫০ জনের বেশি লোক জড়ো হন। তার মা দরজা খুললে সাধারণ পোশাকে থাকা কয়েকজন তাকে ধাক্কা দিয়ে বাড়িতে প্রবেশ করেন। এরপর তারা সরাসরি তার শোবার ঘরে চলে যান।

তিনি বলেন, তখন তিনি ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে ওঠার পর তাকে কথা বলা বা কিছু করার সুযোগ দেওয়া হয়নি। এমনকি জুতা পরার সময়টুকুও দেওয়া হয়নি। তার ভাষ্য অনুযায়ী, এ সময় তার মা চিৎকার করছিলেন।

ধ্রুব রাঠির অভিযোগ, তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় তার নিজের ও তার বাবা-মায়ের ফোন কেড়ে নেওয়া হয়। পরে তাকে এক থানা থেকে অন্য থানায় নিয়ে যাওয়া হয়। থানায় আইনজীবীর সঙ্গে কথা বলতে চাইলেও তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। এমনকি ফোন ব্যবহার করতেও দেওয়া হয়নি।

তিনি বলেন, তাকে বারবার বলা হচ্ছিল, এটি গ্রেফতার বা আটক নয়; তাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু দীর্ঘ ২২ থেকে ২৩ ঘণ্টা আটকে রাখার পর তিনি প্রশ্ন তোলেন, এ ঘটনাকে অপহরণ ছাড়া আর কী বলা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেলেদের চাল চুরি করার অভিযোগে বরখাস্ত ইউপি কর্মকর্তা গোলাম মোস্তফা শামীম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


জেলেদের চাল চুরি করার অভিযোগে বরখাস্ত ইউপি কর্মকর্তা গোলাম মোস্তফা শামীম

জেলেদের চাল চুরি করে বিক্রির অভিযোগে অভিযুক্ত চাঁদপুরের ইউপির প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীমকে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।

জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান সোমবার (১২ অক্টোবর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (১১ অক্টোবর) চাল জব্দের পর রাতেই ওই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এরপর থেকে তাকে তিন সদস্যের তদন্ত কমিটি জিজ্ঞাসাবাদ করছে। সাময়িক বরখাস্তের পাশাপাশি বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে ওই কর্মকর্তা শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দ ১১ দশমিক ২৫ টন চালের মধ্যে ৫ টন চাল চুরি করে বিক্রিতে জড়িত থাকার অভিযোগে গোলাম মোস্তফা শামীমকে রোববার রাতে আটক করা হয় এবং সোমবার তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়া চলছে।

এর আগে রোববার গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম অভিযান চালিয়ে সিএসডি গোডাউন থেকে চুরি হয়ে যাওয়া ৪৯৩০ কেজি অর্থাৎ প্রায় ৫ টন চাল মিনি ট্রাকসহ জব্দ করেন। পরবর্তীতে ওই চাল সিএসডি গোডাউনে সংরক্ষণ করা হয়।

চুরি করে বিক্রি করে দেওয়া চাল পরিবহন করে নিয়ে যাচ্ছিলেন পিকআপচালক শাহাদাত। তিনি জানান, চাঁদপুর কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) গোডাউন থেকে তিনি ওই চালের ভাড়া নিয়ে কুমিল্লার লাকসাম যাচ্ছিলেন। চালের মালিকের নাম প্রকাশ করা হয়নি। তবে বলা হয়েছে, লাকসাম পৌঁছালে ওই ব্যক্তির নাম জানানো হবে। কিন্তু পথিমধ্যে হাজীগঞ্জে আসার পর তার কাছে ফোন আসে চালগুলো ফেরত নিয়ে আসার জন্য। বিক্রিত টোকেনে চালের পরিমাণ লেখা ছিল ৪৯৩০ কেজি। চালের মালিকের নাম উল্লেখ করা হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২২ দিন মা ইলিশ রক্ষায় নিবন্ধিত জেলেদের মাঝে চাল বরাদ্দ দেয় সরকার। সেই আলোকে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৪ হাজার ৯৭০ জেলের জন্য বরাদ্দ হয় ১১ দশমিক ২৫ মেট্রিক টন। কিন্তু ওই চাল নির্দিষ্ট তারিখের মধ্যে বিতরণ হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লটারিতে প্রথম হলেও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি শাহী মুন্সী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


লটারিতে প্রথম হলেও সারের ডিলারশিপ পাননি কৃষক দল সভাপতি শাহী মুন্সী

ময়মনসিংহের গৌরীপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন পৌর কৃষক দলের সভাপতি মো. গোলাম কাজীয়েল হাজাত শাহী মুন্সী।

সোমবার (১২ অক্টোবর) গৌরীপুর প্রেস ক্লাব মিলনায়তনে তিনি এই সংবাদ সম্মেলনটি আয়োজন করেন। শাহী মুন্সী মেসার্স মুন্সী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।

সংবাদ সম্মেলনে শাহী মুন্সী অভিযোগ করেন যে, প্রতিটি সার ডিলার নিয়োগের ক্ষেত্রে ১৫ থেকে ২০ লাখ টাকার অলিখিত বাণিজ্য হয়েছে। তিনি লটারিতে প্রথম স্থান অর্জন করেও ডিলারশিপ পাননি। শুধু তিনি একাই নন, লটারিতে বিজয়ী সকলের নাম পরিবর্তন করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, এই ঘটনায় বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মী ও ব্যবসায়ীরা বঞ্চিত হয়েছেন। সংবাদ সম্মেলনে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন গৌরীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে লটারিতে প্রথম হয়েও বঞ্চিত মেসার্স আরিফ এন্টারপ্রাইজের মো. নুরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন পৌর কৃষক দলের সহসাধারণ সম্পাদক ফজলুল আল আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মদ আলী বাচ্চুসহ অন্যান্যরা।

অন্যদিকে, সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও ‘ফ্যাসিস্টদের পুনর্বাসনের’ অভিযোগ তুলে ডিলারশিপের তালিকা বাতিলের দাবিতে রোববার (১১ অক্টোবর) কৃষিমন্ত্রী বরাবর আবেদন করেছে উপজেলা ও পৌর বিএনপি।

আবেদনে স্বাক্ষর করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক মো. আলী আকবর আনিছ ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. রমজান হোসেন খান জুয়েল।

এ বিষয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদ বলেন, শাহী মুন্সী দলের নিবেদিত কর্মী। তার নাম লটারিতে উঠেছে এবং আমরাও তার নাম দিয়েছিলাম। আমাদের দেওয়া তালিকা বাদ দিয়ে জেলা প্রশাসক একটি তালিকা করে দিয়েছেন। এর বিরুদ্ধে আমরা লিখিত অভিযোগ দিয়েছি।

তিনি আরও বলেন, টাকাপয়সা লেনদেনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ক্ষুব্ধ হয়ে তিনি এসব অভিযোগ করছেন। কিন্তু আমাদের দেওয়া তালিকা যে পরিবর্তন করে ফেলা হয়েছে, তারা সেটা বুঝতে চাইছেন না।

এ বিষয়ে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাওছার আহম্মদ খান বলেন, ১০টি ইউনিয়ন ও পৌরসভায় ১৪১ জন ডিলারশিপের জন্য আবেদন করেন। এসব আবেদনের পরিপ্রেক্ষিতে ১১ জন কর্মকর্তা তদন্ত করেন। পরে ৩৩ জনের নামের তালিকা পাঠানো হয়। এ প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা দুর্নীতির সঙ্গে তিনি সম্পৃক্ত নন বলে দাবি করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা বলেন, ২৪ সেপ্টেম্বর যাচাই-বাছাই করা ডিলারদের নামের তালিকা অনুযায়ী লটারির শেষ পর্যায়ে ‘মব’ সৃষ্টির মাধ্যমে তা বাতিল করা হয়। পরে স্বচ্ছতার সঙ্গে ডিলারদের নামের তালিকা করা হয়। এ ক্ষেত্রে কোনো অনিয়ম বা দুর্নীতির সুযোগ নেই বলে তিনি দাবি করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কমিউনিটি ব্যাংক প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে ৫ লাখ টাকা অনুদান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


কমিউনিটি ব্যাংক প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে ৫ লাখ টাকা অনুদান

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬ : কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি আজ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে ৫ লাখ টাকা অনুদান প্রদান করেছে।

আজ দুপুরে সচিবালয়ে, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের হাতে, কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির অনুদানের ৫ লাখ টাকার চেক তুলে দেন।

এ অনুদানটি আগামী ২ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত বুলগেরিয়ায় অনুষ্ঠিতব্য ২৩ তম আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিতে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে প্রদান করা হয়।

অনুদান হস্তান্তরকালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন, কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলাম এবং অতিরিক্ত ডিআইজি (সেবা) আহম্মদ মুঈদ।

আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডটি বিশ্বের স্কুল শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানভিত্তিক দক্ষতা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় জানায়, এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ ও মেধার বিকাশে এমন সহায়তা জাতীয় পর্যায়ে বিজ্ঞানচর্চা ও প্রযুক্তি শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%