মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০২:১৯ পি.এম
সরকার অর্থনীতির চাকা সচল রাখতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর আশা প্রকাশ করেছেন যে, চলতি অর্থবছরে ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে রাজস্ব-সংক্রান্ত বৈঠক শেষে তিনি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেছেন, গত অর্থবছরে কাস্টমস হাউস ও আয়কর খাতে দেশের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আদায় হয়েছে। রাজস্ব আদায় বৃদ্ধি করতে আয়কর, শুল্ক ও ভ্যাট-এই তিনটি উইংয়ের জন্য পৃথক টাস্কফোর্স গঠন করা হয়েছে। রাজস্ব প্রশাসন সংস্কারের অংশ হিসেবে রাজস্ব আহরণ ও রাজস্ব নীতি-এই দুটি বিভাগ সম্পূর্ণ আলাদা করার সুপারিশ করে একটি প্রতিবেদন জমা দেয়া হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরের মাঝামাঝি সময়ে রাজস্ব প্রবৃদ্ধি ২ দশমিক ৫ শতাংশ ছিল জানিয়ে তিনি বলেন, সংস্কার উদ্যোগ ও টাস্কফোর্স গঠনের পর তা বেড়ে ১২ দশমিক ০৩ শতাংশে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য ও শিক্ষা খাতের বাজেট বরাদ্দ ধারাবাহিকভাবে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
ঋণের বিষয়ে উপদেষ্টা বলেন, পতিত সরকারের এক দশকে ঋণের পরিমাণ বেড়েছে ৩০০ শতাংশ। ২০০৭-০৮ অর্থবছর থেকে হিসাব করলে এ বৃদ্ধির হার ৩২৩ শতাংশ। ২০২৬ সালের জুন নাগাদ দেশের মোট ঋণের পরিমাণ প্রায় ১১৪ বিলিয়ন ডলারে দাঁড়াবে। এর মধ্যে সরকারি ঋণ ও সরকারের গ্যারান্টিযুক্ত ঋণ মিলিয়ে প্রায় ৯০ বিলিয়ন ডলার রয়েছে।
তিনি আরও জানান, ঋণের সুদ ও আসল পরিশোধে ইতোমধ্যে ৪ দশমিক ৪৯ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। ২০৩০ সাল নাগাদ এ ব্যয় বেড়ে ৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী এবং জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণ ও তার স্ত্রী আন্না কোনিডেলা ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তারা পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে আলাদা হওয়ার কথা ঘোষণা করেছেন। বিচ্ছেদের পরও তারা একে অপরের ভালো বন্ধু হিসেবে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন।
এনডিটিভির একটি প্রতিবেদনে জানানো হয়েছে, গত সোমবার রাতে পবন কল্যাণের ইনস্টাগ্রাম পেজে একটি যৌথ বিবৃতির মাধ্যমে তারা বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান। বিবৃতিতে তারা নিজেদের সিদ্ধান্তের পেছনে পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের বিষয়টি উল্লেখ করেন।
বিবৃতিতে পবন ও আন্না উল্লেখ করেন, ‘আমাদের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটলেও আমরা ভালো বন্ধু এবং আমাদের সন্তানদের প্রতি নিবেদিত অভিভাবক হিসেবে থাকব। সন্তানদের সুখ ও সুস্থতা সব সময় আমাদের উভয়ের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।’
এ সময় তারা সকলের কাছে নিজেদের ব্যক্তিগত জীবনের এই পরিবর্তনের মুহূর্তে গোপনীয়তা ও ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান জানানোর অনুরোধ করেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে তাদের পাশে থাকার জন্য শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২০১৩ সালে রাশিয়ান বংশোদ্ভূত আন্নাকে বিয়ে করেন পবন কল্যাণ। তাদের সংসারে পোলেনা অঞ্জনা পবনোভা ও মার্ক শঙ্কর পবনোভিচ নামে দুই সন্তান রয়েছে। এর আগে ১৯৯৭ সালে পবন নন্দিনীকে বিয়ে করেন, কিন্তু ১৯৯৯ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরে ২০০৯ সালে তিনি অভিনেত্রী রেণু দেশাইকে বিয়ে করেন। সেই সংসারে তাদের এক মেয়ে ও এক ছেলে রয়েছে এবং ২০১২ সালে সেই দাম্পত্যেরও অবসান ঘটে।
আন্নার সঙ্গে বিচ্ছেদের ঘোষণার মধ্য দিয়ে পবন কল্যাণের তৃতীয় দাম্পত্য জীবনেরও সমাপ্তি ঘটল।
১৯৯৬ সালে ‘আক্কাদা আম্মাই ইক্কাদা আব্বাই’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পবনের অভিষেক ঘটে। অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয়। ২০১৪ সালে তিনি জনসেনা পার্টি প্রতিষ্ঠা করেন। ২০২৪ সালের অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি ও তেলেগু দেশম পার্টির সঙ্গে জোট গঠন করে তার দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওই নির্বাচনে জোটের জয়ের পর ২০২৪ সালের ১৪ জুন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন পবন কল্যাণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ম্যানচেস্টার সিটি ছাড়ার সম্ভাবনা রয়েছে নরওয়েজিয়ান তারকা আর্লিং হলান্ডের। ইংলিশ ক্লাবটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং আর্থিক অনিয়মের অভিযোগের কারণে সম্ভাব্য শাস্তির শঙ্কা তৈরি হয়েছে, যা নতুন করে আলোচনায় এনেছে এই স্ট্রাইকারের দলবদলের বিষয়টি। সবকিছু বিবেচনায়, হলান্ডের সম্ভাব্য গন্তব্য হিসেবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ উঠে এসেছে।
ম্যানচেস্টার সিটির হয়ে হলান্ড নিজেকে ক্লাবটির অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি, গোলের পর গোল করে দলের আক্রমণভাগের প্রধান ভরসা হয়ে উঠেছেন এই নরওয়েজিয়ান। চলতি প্রিমিয়ার লিগে, প্রথম নয় ম্যাচে তিনি করেছেন নয় গোল।
হলান্ডের সিটির সঙ্গে চুক্তি রয়েছে ২০৩৪ সাল পর্যন্ত। তবে দীর্ঘমেয়াদি চুক্তি থাকা সত্ত্বেও, ক্লাব ছাড়ার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি তার বাবা আলফ-ইঙ্গে হলান্ড। তিনি মনে করেন, সিটির বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগের আপিলের রায়ের ওপর অনেক কিছু নির্ভর করছে।
এ বিষয়ে আলফ-ইঙ্গে বলেন, “আমার মনে হয়, আপিলের রায় আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত। দ্রুতই এর নিষ্পত্তি হতে পারে। তবে বর্তমানে সিটির বিরুদ্ধে সমর্থক, প্রতিদ্বন্দ্বী ক্লাব এবং বিশেষ করে সাংবাদিকদের একটি অংশ অবস্থান নিয়েছে। তাই আপিলের ফল কী হয়, সেটি দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।”
তিনি আরও বলেন, “সিটি বিশ্বাস করে, তাদের নির্দোষ প্রমাণ করার মতো শক্ত প্রমাণ রয়েছে। আমার মনে হয়, সিদ্ধান্ত না আসা পর্যন্ত অপেক্ষা করাই ভালো। আর্লিং এখন শুধু যত বেশি সম্ভব ফুটবল খেলার কথা ভাবছে এবং সেটিতেই মনোযোগ দিচ্ছে। মাঠের বাইরের বিষয়টি নিয়ে আমরাই হয়তো একটু বেশি ভাবছি।”
আর্থিক অনিয়মের অভিযোগে বড় ধরনের শাস্তির মুখে পড়লে, ম্যানচেস্টার সিটির ভবিষ্যৎ নিয়ে আরও অনিশ্চয়তা তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে ক্লাবটির শীর্ষ তারকাদের ভবিষ্যৎ নিয়েও নতুন করে ভাবতে হতে পারে। হলান্ডকে দলে ভেড়াতে তখন আগ্রহ দেখাতে পারে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো।
তবে হলান্ডের বিশাল ট্রান্সফার ফি ও আকাশছোঁয়া বেতন বহন করার সামর্থ্য সবার নেই। এদিক থেকে সম্ভাব্য গন্তব্য হিসেবে রিয়াল মাদ্রিদ এগিয়ে রয়েছে। দীর্ঘদিন ধরেই এই স্ট্রাইকারকে দলে নেওয়ার আগ্রহ রয়েছে স্প্যানিশ ক্লাবটির। পাশাপাশি, একজন স্বীকৃত নাম্বার নাইন স্ট্রাইকারের প্রয়োজনও রয়েছে তাদের।
কিলিয়ান এমবাপ্পের সঙ্গে হলান্ডের জুটি গড়ে উঠলে ইউরোপীয় ফুটবলে ভয়ংকর এক আক্রমণভাগ পেতে পারে রিয়াল। যদিও এখন পর্যন্ত দলবদলের বিষয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্ত আসেনি। তবে ম্যানচেস্টার সিটির ভবিষ্যৎ পরিস্থিতি হলান্ডের ক্যারিয়ারের পরবর্তী গন্তব্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আইনি জটিলতা ও দখলসংক্রান্ত সমস্যায় আটকে থাকার পর অবশেষে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক রাজধানীর মতিঝিলে নিজেদের জন্য কেনা নির্মাণাধীন ভবনের দখল বুঝে পেয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) মহানগর বাণিজ্যিক আদালত-২-এর প্রতিনিধিরা অভিযান চালিয়ে ভবনটি দখলমুক্ত করে ব্যাংক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এর ফলে ব্যাংকের প্রধান কার্যালয়ের কার্যক্রম চালুর জন্য দীর্ঘদিন ধরে আটকে থাকা ভবনটির নির্মাণকাজ শেষ করার পথ তৈরি হয়েছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, ২০১০ সালে বিজনেস রিসোর্সেস লিমিটেড নামের একটি ডেভেলপার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে বেসিক ব্যাংক নিজস্ব প্রধান কার্যালয় স্থাপনের লক্ষ্যে।
চুক্তি অনুযায়ী, ২০১৩ সালের সেপ্টেম্বরের মধ্যে ভবনটি সম্পূর্ণ নির্মাণ করে ব্যবহার উপযোগী অবস্থায় ব্যাংকের কাছে হস্তান্তরের কথা ছিল। তবে নির্ধারিত সময়ে নির্মাণকাজ শেষ না হওয়ায় ভবনটি অসমাপ্ত অবস্থায় পড়ে থাকে। পাশাপাশি ভবনের দখল বুঝে পাওয়ার বিষয়েও জটিলতা তৈরি হয়।
জানা গেছে, ভবনটি কেনার জন্য বেসিক ব্যাংক প্রায় ৮০ কোটি টাকার চুক্তি করে। এর মধ্যে প্রায় ৭৬ কোটি টাকা পরিশোধ করা হয়। কিন্তু বিপুল অঙ্কের অর্থ পরিশোধের পরও ব্যাংক চুক্তির শর্ত অনুযায়ী ভবনটির দখল বুঝে পায়নি। ফলে দীর্ঘদিন ধরে ব্যাংকের বিনিয়োগ করা অর্থের যথাযথ ব্যবহার সম্ভব হয়নি। নিজস্ব ভবনে প্রধান কার্যালয়ের কার্যক্রম স্থানান্তরের পরিকল্পনাও বাস্তবায়ন করা যায়নি।
এদিকে, ভবন কেনার প্রক্রিয়ায় অর্থ আত্মসাতের অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান ও আইনি কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে ভবনটির মালিকানা ও দখল নিয়ে বিরোধ আদালত পর্যন্ত গড়ায়। ব্যাংককে ভবনটির দখল ফিরে পেতে নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত আইনি লড়াই চালাতে হয়।
অবশেষে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে বেসিক ব্যাংক ভবনটির দখল বুঝে পায়। মঙ্গলবার সকালে মহানগর বাণিজ্যিক আদালত-২-এর প্রতিনিধিরা ভবনটিতে অভিযান পরিচালনা করেন। এ সময় ব্যাংকের পাওয়ার কথা এমন অংশ সম্পূর্ণ খালি অবস্থায় ব্যাংক কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়।
বেসিক ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জল বলেন, ২০১০ সালে বিজনেস রিসোর্সেস লিমিটেড নামের একটি ডেভেলপার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে বেসিক ব্যাংক। চুক্তি অনুযায়ী, ২০১৩ সালের সেপ্টেম্বরে ভবনটি সম্পূর্ণ ব্যবহার উপযোগী অবস্থায় হস্তান্তরের কথা ছিল। কিন্তু ডেভেলপার প্রতিষ্ঠানটি নির্মাণকাজ শেষ না করায় দীর্ঘদিন ভবনটি অসমাপ্ত অবস্থায় পড়ে থাকে।
তিনি আরও বলেন, একপর্যায়ে ব্যাংককে আদালতের শরণাপন্ন হতে হয় ভবনটির দখল বুঝে পেতে। নিম্ন আদালত থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত সব পর্যায়েই ব্যাংকের পক্ষে রায় পাওয়া গেছে। সর্বশেষ ১০ নভেম্বর মহানগর বাণিজ্যিক আদালত-২-এর মাধ্যমে ব্যাংক ভবনটি বুঝে পেয়েছে। ব্যাংকের প্রাপ্য অংশ সম্পূর্ণ খালি অবস্থায় বুঝিয়ে দেওয়া হয়েছে।
আবু মো. মোফাজ্জল আরও জানান, ভবনটির অসম্পূর্ণ নির্মাণকাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে। এরপর সেখানে বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ের কার্যক্রম চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্টরা বলছেন, মতিঝিলের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় নিজস্ব ভবন থাকা সত্ত্বেও দীর্ঘদিন তা ব্যবহার করতে না পারায় ব্যাংককে বিকল্প ব্যবস্থায় কার্যক্রম পরিচালনা করতে হয়েছে। এতে ব্যাংকের বড় অঙ্কের বিনিয়োগ আটকে ছিল, অন্যদিকে নিজস্ব অবকাঠামো ব্যবহারের পরিকল্পনাও বাস্তবায়িত হয়নি।
এখন ভবনটির দখল ফিরে পাওয়ায় অসমাপ্ত নির্মাণকাজ শেষ করার পাশাপাশি প্রধান কার্যালয়ের কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া সম্ভব হবে। তবে ভবনটি পুরোপুরি ব্যবহার উপযোগী করতে কত সময় লাগবে এবং নির্মাণকাজ শেষ করতে কত অর্থ ব্যয় হবে, সে বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পপসম্রাজ্ঞী ম্যাডোনার জীবন ও কর্মজীবন নিয়ে বায়োপিক তৈরির পরিকল্পনা কয়েক বছর আগে প্রকাশ করা হয়েছিল। ছবিতে ম্যাডোনার চরিত্রে অভিনয়ের জন্য অভিনেত্রী জুলিয়া গার্নারকে নিজেই বেছে নিয়েছিলেন ম্যাডোনা। তবে ছবিটি আদৌ তৈরি হবে কি না, সে বিষয়ে এখনো অনিশ্চয়তা বিদ্যমান। সম্প্রতি এক সাক্ষাৎকারে গার্নারও এই বিষয়ে তার অনিশ্চয়তা প্রকাশ করেছেন।
‘ওয়েপনস’ ছবির এই অভিনেত্রীকে সম্প্রতি প্রশ্ন করা হয়, ম্যাডোনার বায়োপিকের কাজ এখনও চলছে কি না। গার্নার তার জবাবে বলেন, ‘আমি জানি না। এক অর্থে, প্রতি ঘণ্টায় পরিস্থিতি বদলাচ্ছে।’
২০২০ সালে প্রথমবারের মতো ম্যাডোনার বায়োপিক তৈরির ঘোষণা আসে। ছবিটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লেখার দায়িত্বও ছিল ম্যাডোনার। এই কাজে তার সহযোগী ছিলেন ডায়াবলো কোডি ও এরিন ক্রেসিডা উইলসন। তবে ২০২৩ সালের জানুয়ারিতে জানা যায়, ইউনিভার্সাল পিকচার্স ছবিটি বাতিল করেছে। পরে ২০২৪ সালের জুলাইয়ে ম্যাডোনা জানান, তিনি আবারও বায়োপিকের চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করেছেন।
এরপর ২০২৫ সালে ডেডলাইন জানায়, ম্যাডোনা ও পরিচালক শন লেভি নেটফ্লিক্সের জন্য তার জীবনভিত্তিক একটি টিভি সিরিজ তৈরির বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছেন।
বায়োপিক তৈরির ব্যাপারে গার্নার মন্তব্য করেন, ‘এটা আমার হাতে নেই। অবশ্যই আমি চাই ছবিটি তৈরি হোক। তবে যা-ই ঘটুক না কেন, আমার মনে হয় আমি একজন দারুণ বন্ধু পেয়েছি। আমি ম্যাডোনাকে ভালোবাসি। আমার মতে, তিনি অসাধারণ।’
ম্যাডোনার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে গার্নার বলেন, ‘তিনি কঠোর পরিশ্রম করেন। কিভাবে সঠিকভাবে কাজ করতে হয়, তা তিনি আমাকে শিখিয়েছেন।’
এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে ডব্লিউ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে গার্নার জানিয়েছিলেন, তখনো বায়োপিকটির কাজ চলছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ