০৫:৪২ এম
পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাদী হিসেবে থাকা মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহে গার্ড অব অনার প্রদান এবং নিজ এলাকায় দাফন করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াত নেতাদের বিরুদ্ধে।
পরিবারের অভিযোগ, প্রায় পাঁচ ঘণ্টা অপেক্ষার পর বিকালে পুলিশ লাইনসের ভেতরে গোপনে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে মানিক পশারীর মরদেহ পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়। সেখানে গার্ড অব অনার প্রদান ও পিরোজপুরে দাফনের বিষয়ে বাধা দেওয়ার অভিযোগ পরিবারের পক্ষ থেকে করা হয়েছে। পরে বিকাল ৫টার দিকে পুলিশ লাইনসের ভেতরে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
আরও পড়ুন: চাকরি নিরাপত্তা ও নতুন প্রকল্পের দাবিতে এসডিএফের কর্মীদের আন্দোলন
মানিক পশারী (৮৭) পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ছিলেন এবং একজন গেজেটেড মুক্তিযোদ্ধা।
পরিবার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর মানিক পশারী পলাতক ছিলেন। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়ের জামাতার কাছে আশ্রয় নেন। গত দুই মাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। শনিবার সকাল ১০টার দিকে টুঙ্গিপাড়ায় তার মৃত্যু হয়। পরে মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা পিরোজপুর সদর উপজেলা পরিষদে যান।
মানিক পশারীর মেয়ের জামাতা ফারুক হোসেন অভিযোগ করেন, সকাল ১০টায় তার শ্বশুরের মৃত্যু হয়। দুপুর ১২টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গেলে গার্ড অব অনারের বিষয়টি জানানো হয়। এরপর বিকাল ৫টা পর্যন্ত তাদের অপেক্ষা করতে হয়।
তিনি বলেন, একজন গেজেটেড মুক্তিযোদ্ধার মরদেহ সাধারণ অ্যাম্বুলেন্সে বরফ ছাড়াই চার থেকে পাঁচ ঘণ্টা রাখা হয়। পরে গোপনে কোনোমতে গার্ড অব অনার দেওয়া হয়েছে। মরদেহ দাফনের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কোনো দায়িত্ব নেননি বলেও অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন: পঞ্চগড়ে থ্রি-হুইলারের ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-সন্তানসহ ৩ নিহত
অন্যদিকে, পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক মন্তব্য করেন, মানিক পশারী একজন ভুয়া মুক্তিযোদ্ধা। তাকে কোনোভাবেই গার্ড অব অনার দিতে দেওয়া হবে না। পিরোজপুরের মাটিতে তার মরদেহ দাফন করতে দেওয়া হবে না বলেও তিনি জানান।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, মানিক পশারীকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইফতেখারুল ইসলাম শামীম জানান, মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নেত্রকোনায় নাশকতার অভিযোগে আ.লীগের ১৫ নেতা-কর্মী গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন