০৪:২৩ পি.এম
কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে সিমরান নামে এক শিশু, যার বয়স ৬ মাস, মারা গেছে। এ নিয়ে সার্বিকভাবে জেলায় ১১ শিশুর মৃত্যু ঘটেছে।
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ রবিবার (৭ জুন) দুপুরে এই তথ্যটি নিশ্চিত করেছেন। নিহত শিশুটি কুমিল্লা মহানগরীর নুরপুর এলাকার মো. শিমুল মিয়ার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৪ জুন হামের উপসর্গ নিয়ে সিমরানকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
আরও পড়ুন: কুমিল্লার ধানক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল ৯ বছরের শিশুর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৩০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে জেলায় মোট ২ হাজার ১৩৭ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে যথাযথ চিকিৎসা শেষে সুস্থ হয়ে ইতিমধ্যে বাড়ি ফিরে গেছে ১ হাজার ৫৮৭ জন। বাকিরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ বলেন, ‘শিশুদের নিয়মিত ও সময়মতো টিকা গ্রহণ না করানো এবং অভিভাবকদের অসচেতনতার কারণেই মূলত হামে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। তবে আশার কথা হলো, আগের তুলনায় বর্তমানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীর সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে।’
কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ বলেন, ‘শিশুদের সময়মতো হাম-রুবেলা (এমআর) টিকার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে’। তিনি আরও জানান, শিশুদের শরীরে তীব্র জ্বর, ফুসকুড়ি বা র্যাশ, কাশি কিংবা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স বা চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর রাকীন রহমান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন