০৮:০৭ পি.এম
রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম তার মাকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার আগমন উপলক্ষে স্বাগত মিছিলের আয়োজন করেছেন।
শনিবার (৭ নভেম্বর) ভোর ৬টার দিকে তিনি প্রায় অর্ধশত নেতাকর্মী নিয়ে এই মিছিলটি করেন। মিছিলের একাধিক ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ ঘটনার পর আজ (রোববার) ভোরে পুলিশ নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, পাংশার বাহাদুরপুর ইউনিয়নের বাগমারা গ্রামের সাইফুল ইসলাম প্রামাণিক (২০), ইরান প্রামাণিক (২২), রাব্বি হোসেন (২২) এবং মেঘনা উত্তরপাড়া গ্রামের নয়ন মোল্লা (২০) ও সুহান শেক ওরফে সোহান (২৩)।
আরও পড়ুন: ঢাকায় গ্রাম পুলিশের মহাসমাবেশে নিহত জামশেদের পরিবারকে ৩ লাখ টাকা সহায়তা
পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর থানায় দায়েরকৃত নাশকতা মামলায় পাঁচজনকে গ্রেফতার দেখিয়ে আজ (রোববার) দুপুরে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নজরুল ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে তার মাকে সঙ্গে নিয়ে মিছিলের ভিডিও ও ছবি পোস্ট করা হয়। এরপর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, সাবেক ছাত্রলীগ (নিষিদ্ধ) নেতা নজরুল ইসলাম ব্যানারের সামনে তার মাকে সঙ্গে নিয়ে মিছিলের স্লোগান দিচ্ছেন। তাদের পেছনে ব্যানার হাতে বেশ কিছু ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন।
ফেসবুকে ভিডিও ও ছবি পোস্ট করার সময় তিনি লেখেন, ‘এই জনপথ আমার নিজস্ব গ্রামের রাস্তা! বাম পাশে আমার মা, তার বাম পাশে আবার বাড়ি। এই পাংশা আমাদের, এই রাজবাড়ী আমাদের। এখানে বড় হয়েছি! এই আলো-বাতাসের কাছে অনেক ঋণ আছে। তাই এই ঘর থেকেই মুক্তির আন্দোলন শুরু করছি! এখানকার পথচলা ঢাকার রাজপথে বিপ্লবের জন্ম দিবে। অনেকদিন পর হাঁটতে পারছি। আমার ও আমার পরিবারকে মব করে ২০২৫ সালে জানুয়ারিতে পঙ্গু করা হয়, বিশেষ করে আমাকে। তারপরও শত থ্রেট, কয়েকবার হামলা আর চাঁদার টাকা। আমি নিজে হাঁটতে পারিনি প্রায় দেড় বছরের বেশি। এখনও আমার পা সুস্থ নয়। কিন্তু আমাদেরকে শেষ করা যাবে না। জানি আবার শুরু হবে বাসা লুটপাট আর ভাঙচুর। তবে মাথায় রাখিয়েন, জবাব একদিন দিতে হবে। পা কিছুটা ভালো হয়েছে। ট্রায়াল শুরু হয়েছে। বড় কিছু অপেক্ষা করছে। আমাকে দমানো যাবে না....’
তিনি আরও লেখেন, ৫ আগস্টের পর এখন পর্যন্ত আমাদের বাড়িতে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। আমার নামে ১৯টির মতো মিথ্যা মামলাও হয়েছে। আমি জানি আজকের মিছিলের পর আবার নতুন করে মামলা হবে। হামলা-মামলার ভয়ে বাড়িতে আমার বা-বাবা কেউ নেই। তারপরও এখন থেকে আর বসে থাকার সুযোগ নেই। যার যার জায়গা থেকে আন্দোলন চালিয়ে যাব আমরা।
আরও পড়ুন: দেবিদ্বারে বিএনপির পাল্টাপাল্টি সভা, এমপি রাশেদা বেগম হীরার গাড়িবহরে হামলা
পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান যুগান্তরকে জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের বিষয়টি সন্ধ্যার পর জানতে পেরে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। আমাদের হাতে আসা ভিডিও ও ছবি দেখে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। যারা এই রাষ্ট্রবিরোধী কাজে জড়িত আছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন