বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং
০৩:৪৭ পি.এম
ঢালিউডের সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’ নিয়ে বিনোদন জগতে শুরু হয়েছে আলোচনা। ছবিতে শাকিবের বিপরীতে পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমিকে দেখা যেতে পারে বলে গুঞ্জন উঠেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে ২০২৭ সালের পবিত্র ঈদুল আজহায় মুক্তি পেতে পারে সিনেমাটি। তবে শাকিবের নায়িকা হিসেবে কিনজার অভিনয়ের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
কিনজা হাশমি পাকিস্তানের টেলিভিশন নাটকে অভিনয় করে পরিচিতি অর্জন করেছেন। তিনি ২০১৪ সালে অভিনয়জগতে প্রবেশ করেন। এর আগে টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন এই অভিনেত্রী। মাত্র ১৭ বছর বয়সে তিনি মডেলিংয়ের পাশাপাশি বেতারের অনুষ্ঠান উপস্থাপনার কাজেও যুক্ত হন। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তাঁর আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই তিনি ধীরে ধীরে বিনোদনজগতে নিজের অবস্থান তৈরি করেছেন।
কিনজার ক্যারিয়ারে উল্লেখযোগ্য সাফল্য আসে ২০১৮ সালে প্রচারিত ‘ইশক তামাশা’ ধারাবাহিকের মাধ্যমে। এতে রুশনা চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের নজর কাড়েন। নেতিবাচক চরিত্রে অভিনয় করেও প্রশংসা পান কিনজা। এই কাজের জন্য পাকিস্তানের হুম অ্যাওয়ার্ডে নেতিবাচক চরিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়নও পেয়েছিলেন তিনি।
এরপর একের পর এক টেলিভিশন নাটকে অভিনয় করে নিজের পরিচিতি বৃদ্ধি করেছেন কিনজা। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘গুল-ও-গুলজার’, ‘দিওয়ার-ই-শাব’, ‘সংসার’, ‘মোহাব্বত তুম সে নাফরাত হ্যায়’, ‘ফারায়েব’, ‘দলদল’, ‘সিরাত’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’ ও ‘হুক’। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন।
পাকিস্তানের লাহোরে বেড়ে ওঠা কিনজার পরিবারের সঙ্গে বিনোদনজগতের আগে থেকে কোনো সংশ্লিষ্টতা ছিল না। নিজের আগ্রহ, পরিশ্রম ও নিয়মিত কাজের মধ্য দিয়ে তিনি পরিচিত মুখ হয়ে উঠেছেন। টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই অভিনেত্রী। তাঁর অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘কাট্টার করাচি’ ও ‘শারোজ’।
এবার শাকিব খানের সঙ্গে জুটি বাঁধার গুঞ্জন কিনজার ক্যারিয়ারে নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে ‘মহব্বত’ সিনেমায় তাঁর অভিনয়ের বিষয়টি এখনো চূড়ান্ত নয়। নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত শাকিবের সম্ভাব্য নায়িকা হিসেবে কিনজা হাশমির নামটি গুঞ্জন হিসেবেই রয়ে যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বাস থেকে ১৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার জোরারগঞ্জ থানাধীন মস্তাননগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাহার ফিড মিলের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তাদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন—কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকার মৃত নুরুল হাসানের ছেলে মো. আমিন (৩৭) এবং মৃত সুলতানের ছেলে দ্বীন মোহাম্মদ (২৭)।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল জানতে পারে যে, কয়েকজন মাদক কারবারি যাত্রীবেশে নোয়াখালীর সোনাপুর থেকে কক্সবাজারগামী ‘নীলাচল পরিবহন’-এর একটি বাসে গাঁজা নিয়ে যাচ্ছেন। এই তথ্যের ভিত্তিতে মস্তাননগরে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।
যখন চেকপোস্টের কাছে বাসটি পৌঁছায়, তখন দুই যাত্রী তাদের সঙ্গে থাকা ব্যাগ নিয়ে তড়িঘড়ি করে নেমে পালানোর চেষ্টা করেন। এ সময় অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা তাদের হাতেনাতে আটক করতে সক্ষম হন। পরে তাদের কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটক দুজন এবং উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের জোরারগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম জানান, আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে চালান দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয় যতক্ষণ না প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্ত সম্পন্ন হয়। তিনি উল্লেখ করেন, “আমি এই বিষয়ে এখনই কোনো কথা বলতে চাচ্ছি না। প্রাথমিক তদন্ত ও পোস্টমর্টেমের পরে আমরা সব বিষয় জেনে বলতে পারব।”
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে, বুধবার বিকেলে রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ী এলাকার তুরাগ নদের ঘাট থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। জানা যায়, সৌরি উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন।
নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন মরদেহ উদ্ধারের বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদায় চাকরি ফিরে পাওয়া ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের প্রশিক্ষণ কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণ করেন।
কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণের পর তাহসিফ সৌরির মৃত্যু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমন কোনো ঘটনা নেই, যা সংঘটিত হওয়ার পর অপরাধীদের শনাক্ত করা, গ্রেপ্তার করা, তদন্ত করা এবং বিচার সম্পন্ন করার কাজ সফলভাবে করা হয়নি; দু-একটির ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে।
শেখ হাসিনার দেশে আসার ঘোষণা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কে কখন আসতে চাচ্ছে না চাচ্ছে, তা নিয়ে আমরা মোটেও বিচলিত নই। আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর; যে-ই আসুক না কেন, তাদের আইন অনুযায়ী হেফাজতে নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ হচ্ছে এখন একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল। তারা একটি স্বৈরতান্ত্রিক ও মাফিয়া শক্তি ছিল এবং অরাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রমাণিত করে গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা বাংলাদেশে ১৪০০-এর বেশি (জাতিসংঘের হিসাব মতে) এবং আমাদের হিসাব মতে, ২০০০-এরও বেশি মানুষ হত্যা ও গণহত্যা চালিয়েছে। তারা এখন পর্যন্ত কোনো ক্ষমা প্রার্থনা বা দুঃখ প্রকাশ করেনি। উল্টো তারা ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে জঙ্গিবাদী তকমা দিতে চেয়েছিল। তারা যে আবার গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে আসতে চায়, এ দেশের জনগণ কখনো তা গ্রহণ করবে না এবং সে সুযোগ দেবে না।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতা নেওয়ার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বোমার ঘটনা বা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছে বসুন্ধরা শুভসংঘ। বুধবার (২৮ অক্টোবর) সকালে বরগুনার পাথরঘাটা উপজেলা শাখার উদ্যোগে একটি র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সকালে পাথরঘাটা গোলচত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়, যা স্থানীয় জনগণের মধ্যে ডেঙ্গু প্রতিরোধের গুরুত্ব তুলে ধরে। এরপর পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম খোকন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক এরফান আহমেদ সোয়েন, পাথরঘাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজমুল হক সেলিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পাথরঘাটা উপজেলার সহসভাপতি মাওলানা মনিরুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা মির্জা শহিদুল ইসলাম খালেদ, উন্নয়নকর্মী মনিরুজ্জামান মনির প্রমুখ।
সভায় আলোচনা করা হয় ডেঙ্গু প্রতিরোধের জন্য বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার গুরুত্বের ওপর। এছাড়াও, ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে সামাজিক সংগঠন, স্বাস্থ্য বিভাগ ও সাধারণ মানুষের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘদিনের জনবল সংকট পূরণের দাবি জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন হামলার পরিকল্পনা করছেন। এই প্রেক্ষাপটে পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারী লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে পদ থেকে সরিয়ে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বুধবার (২৮ অক্টোবর) এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
সিলভিয়া যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতিবিষয়ক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সামরিক বাহিনীতে এই পদটি ‘জে৫’ নামে পরিচিত। গত অক্টোবরে তার পূর্বসূরি লেফটেন্যান্ট জেনারেল জোসেফ ম্যাকগিকেও অবসরে যেতে বাধ্য করা হয়েছিল।
সিলভিয়াকে অপসারণের কারণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তার স্থলাভিষিক্ত হিসেবে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
জয়েন্ট স্টাফের একজন মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের জন্য ৩২ বছর সেবা দেওয়ার জন্য সিলভিয়া এবং তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। সাধারণত, ‘জে৫’ বিভাগের প্রধান এবং তার কর্মীরা জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ও প্রেসিডেন্টের সঙ্গে সমন্বয় করে সামরিক পরিকল্পনা তৈরি করেন।
ট্রাম্প যখন ইরানে নতুন সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিচ্ছেন, তখন সিলভিয়াকে সরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। তবে তার অপসারণের সঙ্গে ইরানবিষয়ক পরিকল্পনার কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা পরিষ্কার নয়।
ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর আট মাস পর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চূড়ান্ত লক্ষ্য অর্জনের প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন হামলা চালানোর বিষয়টিও বিবেচনায় রেখেছেন তিনি। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
বিষয়টি সম্পর্কে অবগত দুই কূটনীতিক জানিয়েছেন, মার্কিন কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ও আঞ্চলিক মিত্রকে সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত থাকতে সতর্ক করেছেন। একই সঙ্গে, ইরান পাল্টা হামলা চালাতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্রের তৃতীয় একটি বিমানবাহী রণতরি ও কয়েক হাজার অতিরিক্ত সেনা মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে।
জয়েন্ট স্টাফে যোগ দেওয়ার আগে, লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়া কেনটাকির ফোর্ট ক্যাম্পবেলে ১০১তম এয়ারবোর্ন ডিভিশনের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের মে পর্যন্ত তিনি ওই পদে ছিলেন। এর আগে তিনি জয়েন্ট চিফস অব স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতিবিষয়ক বিভাগের (জে৫) উপপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের দায়িত্বকালে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে প্রায় দুই ডজন জেনারেল, অ্যাডমিরাল ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, অবসরে যেতে বাধ্য করা হয়েছে অথবা অন্যভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এসব কর্মকর্তাকে সরানোর কারণ সম্পর্কে পেন্টাগন প্রকাশ্যে তেমন কোনো ব্যাখ্যা দেয়নি।
দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া কর্মকর্তাদের মধ্যে সেনাবাহিনী ও নৌবাহিনীর কয়েকজন বেসামরিক সচিব এবং সামরিক বাহিনীর একাধিক শীর্ষ ইউনিফর্মধারী কর্মকর্তাও রয়েছেন। এ বিষয়ে বুধবার গভীর রাতে মন্তব্য জানতে চাওয়া হলে পেন্টাগন তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
গত মাসে, হেগসেথ জানান, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সংখ্যা ২০ শতাংশ পর্যন্ত কমানোর নির্দেশ দিয়েছেন তিনি। ২০২৭ সালের ১ জানুয়ারির মধ্যে এই লক্ষ্য পূরণ করতে হবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ফ্ল্যাগ অফিসার ও জেনারেল পদমর্যাদার প্রায় ৮০০টি পদ রয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর, মেরিন কোরের কোয়ান্টিকো ঘাঁটিতে জুনিয়র কর্মকর্তা ও তালিকাভুক্ত সামরিক সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এ সময় তিনি বলেন, ‘আমি একে জবাবদিহি বলছি, যা অনেক আগেই হওয়া উচিত ছিল।’ তবে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সংখ্যা কমানোর উদ্যোগের সমালোচনা করেছেন কংগ্রেসের কয়েকজন সদস্য।
তাদের মতে, এটি একধরনের ‘শুদ্ধি অভিযান’। এর ফলে সামরিক বাহিনীর যে ক্ষতি হবে, তা কাটিয়ে উঠতে কয়েক বছর লেগে যেতে পারে। অ্যারিজোনার ডেমোক্র্যাটিক সিনেটর মার্ক কেলিও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নৌবাহিনীর সাবেক এই যুদ্ধবিমানচালক হেগসেথের সমালোচক হিসেবে পরিচিত।
গত মাসে তিনি বলেন, ‘সামরিক নেতৃত্বের প্রতি তার (হেগসেথের) গভীর ক্ষোভ রয়েছে। তিনি সামরিক বাহিনীর এক প্রজন্মের সেরা নেতাদের সরিয়ে দিচ্ছেন। এই ক্ষতি কাটিয়ে উঠতে পুরো একটি প্রজন্মের সময় লেগে যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ