ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মধুপুরে মহাসড়ক ও গ্রামীণ সড়কে বেপরোয়া ১০ চাকার ড্রাম ট্রাক ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক


মধুপুরে মহাসড়ক ও গ্রামীণ সড়কে বেপরোয়া ১০ চাকার ড্রাম ট্রাক ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক

টাঙ্গাইলের মধুপুরে মহাসড়ক থেকে শুরু করে গ্রামীণ সড়ক—সবখানেই দিন-রাত অবাধে চলাচল করছে ১০ চাকার ভারী ড্রাম ট্রাক। এসব ট্রাকে খোলামেলাভাবে মাটি ও বালু পরিবহনের কারণে একদিকে সড়কজুড়ে ধুলার বিস্তার ঘটছে, অন্যদিকে অতিরিক্ত ভারে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ সড়কগুলো। এতে জনসাধারণের মধ্যে বাড়ছে উদ্বেগ ও আতঙ্ক।
স্থানীয় সূত্রে জানা গেছে, মধুপুরের বিভিন্ন সড়কে দিন ও রাতের বিভিন্ন সময়ে এসব ভারী ড্রাম ট্রাকে মাটি ও বালু পরিবহন করা হচ্ছে। ট্রাকগুলোতে ঢেকে না রেখে খোলামেলাভাবে বালু বহনের ফলে চলন্ত অবস্থায় বাতাসে বালু ও ধুলাবালি ছড়িয়ে পড়ছে। এতে সড়কের আশপাশের পরিবেশ ধুলায় আচ্ছন্ন হয়ে পড়ছে। বিশেষ করে মোটরসাইকেলচালকদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ধুলার কারণে সামনের পথ স্পষ্ট দেখা না যাওয়ায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে।
অন্যদিকে, ধারণক্ষমতার অতিরিক্ত মাটি ও বালু বহনের ফলে গ্রামীণ সড়কগুলোতে পড়ছে বাড়তি চাপ। যে সড়কগুলো সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলের জন্য নির্মিত, সেগুলো দিয়ে ভারী ১০ চাকার ট্রাক চলাচলের কারণে দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক যাতায়াতও বিঘ্নিত হচ্ছে।
এ পরিস্থিতিতে সড়ক ব্যবহারকারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাঁদের আশঙ্কা, এভাবে ভারী যানবাহনের অবাধ চলাচল অব্যাহত থাকলে গ্রামীণ সড়কগুলো দ্রুত চলাচলের অনুপযোগী হয়ে পড়তে পারে। পাশাপাশি ধুলাবালি ও অনিরাপদ পরিবহনের কারণে বাড়তে পারে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি।
মধুপুরের সুধীমহল মনে করছেন, জনস্বার্থ ও সড়কের স্থায়িত্ব রক্ষায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। তাঁরা গ্রামীণ সড়কে এসব ভারী ড্রাম ট্রাকের চলাচল নিয়ন্ত্রণ, অতিরিক্ত মাটি-বালু পরিবহন বন্ধ এবং বালু-মাটি ঢেকে নিরাপদভাবে পরিবহন নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
তাঁদের দাবি, জননিরাপত্তা ও সড়ক রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়েতে অবৈধ আবাসন ও ব্যবসায় অভিযান, আটক ২৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


কুয়েতে অবৈধ আবাসন ও ব্যবসায় অভিযান, আটক ২৩

কুয়েতের আবাসিক অঞ্চলে অবৈধভাবে ব্যাচেলরদের আবাসন এবং অনুমোদনহীন ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আল-জাহরা ও রাজধানী গভর্নরেটের বিভিন্ন স্থানে পৃথকভাবে পরিচালিত দুই অভিযানে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২৩ জনকে আটক করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমসের তথ্য অনুযায়ী, রোববার (১৫ নভেম্বর) কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই খবর প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, নিরাপত্তা অধিদফতরের আওতাধীন আল-জাহরা ও ক্যাপিটাল গভর্নরেটের নিরাপত্তা বিভাগ এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতিবাচক কর্মকাণ্ড প্রতিরোধ কমিটি এবং অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়া, কুয়েত পৌরসভা, বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় এবং পাবলিক অথরিটি ফর ফুড অ্যান্ড নিউট্রিশনের কর্মকর্তারাও অভিযানে যুক্ত ছিলেন।

অভিযানের সময় অবৈধ কার্যক্রমে ব্যবহৃত পাঁচটি বাড়ি শনাক্ত করা হয়। এসব বাড়িতে অনুমোদনহীন মুদি দোকান এবং খাবার প্রস্তুত করার কার্যক্রম চলছিল। আটক ২৩ জনের মধ্যে ১২ জনের বিরুদ্ধে পলাতক থাকার অভিযোগ রয়েছে। চারজনের আকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং তিনজন বিভিন্ন ফৌজদারি মামলায় ওয়ান্টেড ছিলেন।

এছাড়া, ট্রাফিক আইন লঙ্ঘনের ১৯টি নথি শনাক্ত করা হয়েছে। পৌরসভার পক্ষ থেকে অভিযানে নয়টি লঙ্ঘনের নোটিশ এবং চারটি সতর্কবার্তা প্রদান করা হয়। পাশাপাশি আইন লঙ্ঘন ও নষ্ট খাবারের বিষয়ে ৩৮টি সতর্কবার্তা জারি করা হয়েছে।

অবৈধ কার্যক্রমে ব্যবহৃত চারটি আবাসিক স্থাপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একটি বাড়িতে বিদ্যুৎকর্মীকেও পাওয়া যায়। সংশ্লিষ্ট পাঁচটি বাড়ি সিলগালা করা হয়েছে। দুটি অভিযানে বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে মোট ১৮৭টি আইন প্রয়োগমূলক কার্যক্রম পরিচালিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে রনি হত্যা: স্ত্রীর মামলায় প্রধান আসামী আল-আমিন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


নারায়ণগঞ্জে রনি হত্যা: স্ত্রীর মামলায় প্রধান আসামী আল-আমিন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসচালক মো. রনি (৪১) হত্যার ঘটনায় প্রধান আসামি হিসেবে আল-আমিন (৩৫) বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী আফসানা আক্তার রবিবার (১৫ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে। পুলিশ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার আল-আমিনকে আদালতে পাঠিয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, প্রায় দুই মাস আগে আল-আমিনের বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় রনি ও তার স্ত্রী এক যুবককে কাঠের স্টাম্প দিয়ে মারধর করতে দেখেন। তখন তারা দাঁড়িয়ে ঘটনাটি দেখলে আল-আমিন তাদের অকথ্য ভাষায় গালাগাল করে মারধরের চেষ্টা করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেন। এই ঘটনার পর থেকেই আল-আমিনের সঙ্গে রনির মধ্যে পূর্ববিরোধ সৃষ্টি হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, রবিবার ভোর সাড়ে ৫টার দিকে রনি বাসা থেকে বের হয়ে চিটাগাং রোডের রেন্ট-এ-কার স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি তারা মার্কেট এলাকায় নিমাইয়ের বাড়ির সামনের পাকা সড়কে পৌঁছালে পূর্বশত্রুতার জেরে আল-আমিন ও অজ্ঞাতনামা কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আল-আমিনের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে রনির মুখ, মাথা, পেট, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই রনির মৃত্যু ঘটে।

খবর পেয়ে নিহতের স্ত্রী ও স্বজনরা ঘটনাস্থলে এসে রনির রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠায়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তার আল-আমিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। সোমবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাচার হওয়া অর্থ ফেরাতে ৫ থেকে ১০ বছর লাগতে পারে: ফরহানুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


পাচার হওয়া অর্থ ফেরাতে ৫ থেকে ১০ বছর লাগতে পারে: ফরহানুল

পাচারের অর্থ ফেরানোর মামলায় ফলাফল পেতে ৫ থেকে ১০ বছর সময় লাগতে পারে বলে মন্তব্য করেছেন স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গণি চৌধুরী। তিনি আরও জানান, বাংলাদেশসহ অন্যান্য দেশে পাচার হওয়া অর্থ ফেরাতে অপরাধ প্রমাণ করা প্রয়োজন।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকে স্টোলেন এসেট রিকভারি টাস্কফোর্সের সংবাদ সম্মেলনে উপদেষ্টা ফরহানুল এসব তথ্য তুলে ধরেন।

দেশ ও বিদেশে আদালতের আদেশে বর্তমানে জব্দ, ক্রোক বা ফ্রিজ করা হয়েছে ৭৬ হাজার ৯৮৪ কোটি টাকার সম্পদ। এর মধ্যে উল্লেখযোগ্য অংশই ব্যাংকের অর্থ বিদেশে পাচারের সঙ্গে সম্পর্কিত। এসব অর্থ উদ্ধার করার জন্য অগ্রাধিকার দেয়া ১১টি মামলায় দেওয়ানি ও ফৌজদারি উভয় ধরনের বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।

দেশের আদালতের নির্দেশে প্রায় ৫৮ হাজার কোটি টাকার সম্পদ জব্দ রয়েছে। বিদেশে পাচার হওয়া সম্পদের পরিমাণ ১ দশমিক ২ বিলিয়ন ডলার। তবে ফ্রিজকৃত অর্থ পুনরায় পাচার হওয়ার সম্ভাবনা উড়িয়ে না দিয়ে, এসব অর্থ দেশে ফেরাতে ৫ থেকে ১০ বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্সের উপদেষ্টা।

উপদেষ্টা ফরহানুল জানান, শুধু বাংলাদেশে অপরাধ প্রমাণ করলেই হবে না, যে দেশে সম্পদ রয়েছে, সেখানকার আইন অনুযায়ীও অপরাধ প্রমাণ করতে হবে, তবেই ফিরবে পাচার হওয়া অর্থ।

সম্পদের প্রকৃত মালিকানা ও অর্থের উৎস শনাক্ত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বয়ের মাধ্যমে কার্যক্রমে সহযোগিতা পাওয়া যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীতের ছুটিতে কম খরচে ঘুরে আসতে পারেন ৫ জায়গা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


শীতের ছুটিতে কম খরচে ঘুরে আসতে পারেন ৫ জায়গা

শীতকাল ভ্রমণের সময়। কুয়াশায় ঢাকা পাহাড়, শিশিরভেজা চা-বাগান, নদীর তীর অথবা সমুদ্রের ঢেউ—প্রকৃতির এমন রূপ দেখতে বছরের এই সময়টায় ঘুরতে বের হন অনেকেই। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে কয়েক দিনের ছুটি কাটানোর ইচ্ছা পোষণ করেন অনেকে। তবে ভ্রমণের পরিকল্পনার ক্ষেত্রে বাজেট সবচেয়ে বড় বিবেচ্য বিষয় হয়ে দাঁড়ায়। যাতায়াত, থাকা ও খাওয়ার খরচের কথা চিন্তা করে অনেকেই পছন্দের জায়গায় যাওয়ার পরিকল্পনা বাদ দেন। অথচ যদি একটু আগেভাগে পরিকল্পনা করা যায় এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা যায়, তাহলে সীমিত বাজেটেও দেশের বিভিন্ন দর্শনীয় স্থান উপভোগ করা সম্ভব।

এবার শীতের ছুটিতে প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি ইতিহাস ও ঐতিহ্য ঘেরা ৫ দর্শনীয় জায়গায় ঘুরে আসার সুযোগ রয়েছে।

১. শ্রীমঙ্গল, মৌলভীবাজার

শীতের সকালে কুয়াশায় ঢাকা চা-বাগানের সারি, সবুজ পাহাড় এবং শান্ত পরিবেশ—সব মিলিয়ে শ্রীমঙ্গল হতে পারে ছুটির দিনের একটি সুন্দর গন্তব্য। দেশের চায়ের রাজধানী হিসেবে পরিচিত এই জনপদে ঘুরে দেখার মতো স্থানগুলোর অভাব নেই। লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বাইক্কা বিল এবং বিভিন্ন চা-বাগান এখানে উল্লেখযোগ্য আকর্ষণ।

প্রকৃতিপ্রেমীদের জন্য লাউয়াছড়া জাতীয় উদ্যান বিশেষভাবে আকর্ষণীয়। সংরক্ষিত এই বনে রয়েছে নানা প্রজাতির উদ্ভিদ ও বন্য প্রাণী। ভাগ্য ভালো হলে উল্লুকের দেখা মিলতে পারে। অন্যদিকে, শীতকালে বাইক্কা বিলে অতিথি পাখির আনাগোনা বৃদ্ধি পায়। মাধবপুর লেকের চারপাশের চা-বাগান ও ছোট পাহাড়ও পর্যটকদের মুগ্ধ করে।

কিভাবে যাবেন : ঢাকা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন অথবা বিমানবন্দর স্টেশন থেকে শ্রীমঙ্গলগামী ট্রেনে যাওয়া সম্ভব। বাসেও সরাসরি যাওয়ার সুযোগ রয়েছে। স্থানীয় সিএনজিচালিত অটোরিকশা বা অন্যান্য যানবাহনে দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখা যায়। একাধিক জায়গা ঘুরতে চাইলে দুই দিন ও এক রাতের পরিকল্পনা করা যেতে পারে।

২. বিরিশিরি, নেত্রকোনা

পাহাড়, নদী এবং নীল পানির লেক দেখতে চাইলে নেত্রকোনার দুর্গাপুরের বিরিশিরিতে যেতে পারেন। শহরের কোলাহল থেকে দূরে শান্ত পরিবেশে সময় কাটানোর জন্য জায়গাটি বেশ উপযোগী। সোমেশ্বরী নদী, চীনামাটির পাহাড়, নীল পানির লেক এবং গারো পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের আকর্ষণ করে।

বিরিশিরির অন্যতম আকর্ষণ চীনামাটির পাহাড়। পাহাড়ের মাটির বিভিন্ন রং এবং আশপাশের জলাশয় মিলিয়ে তৈরি হয়েছে ব্যতিক্রমী প্রাকৃতিক দৃশ্য। নদীর তীরে বসে সময় কাটানো কিংবা স্থানীয় সংস্কৃতি ও জীবনযাত্রা কাছ থেকে দেখার সুযোগও রয়েছে। শীতকালে নদী ও পাহাড়ঘেরা এই এলাকায় ভ্রমণ বেশ আরামদায়ক হতে পারে।

কিভাবে যাবেন : ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে নেত্রকোনা বা দুর্গাপুরে যাওয়া সম্ভব। বাস ও ট্রেন—দুই মাধ্যমেই যাত্রার সুযোগ রয়েছে। দুর্গাপুর পৌঁছে স্থানীয় অটোরিকশা বা মোটরচালিত যানবাহনে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখা যাবে। নদী ও স্থানীয় পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে দিনের কিছুটা সময় হাতে রাখা ভালো।

৩. কুয়াকাটা, পটুয়াখালী

সমুদ্র ভালোবাসেন, কিন্তু ভ্রমণের তালিকায় নতুন কোনো জায়গা রাখতে চান? তাহলে পটুয়াখালীর কুয়াকাটায় যেতে পারেন। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই সমুদ্রসৈকতের বিশেষত্ব হলো একই জায়গা থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার সুযোগ। এ কারণে কুয়াকাটাকে সূর্যোদয় ও সূর্যাস্তের সৈকতও বলা হয়।

দীর্ঘ সমুদ্রসৈকতে হাঁটাহাঁটি, ঢেউয়ের শব্দ শোনা কিংবা সূর্য ডোবার দৃশ্য উপভোগ—এখানে সময় কাটানোর সুযোগ রয়েছে। মূল সৈকতের বাইরে গঙ্গামতি, ফাতরার চর, লেবুর চর এবং রাখাইন পল্লীও ঘুরে দেখা যেতে পারে। রাখাইনদের সংস্কৃতি, জীবনযাত্রা ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ রয়েছে সেখানে।

কিভাবে যাবেন : ঢাকা থেকে সরাসরি বাসে কুয়াকাটা যাওয়া সম্ভব। চাইলে লঞ্চে পটুয়াখালী বা বরিশাল গিয়ে সেখান থেকে সড়কপথেও গন্তব্যে পৌঁছানো সম্ভব। দলবদ্ধভাবে ভ্রমণ করলে হোটেল ও স্থানীয় যাতায়াতের খরচ ভাগ করে নেওয়া যায়।

৪. তেঁতুলিয়া, পঞ্চগড়

বাংলাদেশে বসেই হিমালয়ের বরফঢাকা পর্বতশৃঙ্গ দেখার অভিজ্ঞতা নিতে চাইলে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে ঘুরে আসতে পারেন। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বিশেষ করে ভোরের আলোয় দূরের বরফঢাকা পাহাড়ের দৃশ্য প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে।

তেঁতুলিয়া ডাকবাংলো এলাকা ও মহানন্দা নদীর তীর কাঞ্চনজঙ্ঘা দেখার পরিচিত স্থান। এ ছাড়া আশপাশের সমতলের চা-বাগান, বাংলাবান্ধা জিরো পয়েন্ট এবং পঞ্চগড়ের ঐতিহাসিক স্থাপনাও ঘুরে দেখা যেতে পারে।

কিভাবে যাবেন : ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তনগর ট্রেনে অথবা বাসে পঞ্চগড় যেতে পারবেন। সেখান থেকে স্থানীয় বাস, অটোরিকশা কিংবা অন্য যানবাহনে তেঁতুলিয়ায় পৌঁছানো যায়। ভোরে কাঞ্চনজঙ্ঘা দেখার পরিকল্পনা থাকলে আগের দিন তেঁতুলিয়ায় পৌঁছে রাতযাপন করা ভালো।

তবে একটি বিষয় মনে রাখতে হবে, কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য শুধু শীতকালই যথেষ্ট নয়। আকাশ পরিষ্কার থাকা জরুরি। কুয়াশা ও মেঘের কারণে অনেক সময় পর্বতশৃঙ্গটি দেখা যায় না। তাই ভ্রমণের আগে আবহাওয়ার পূর্বাভাস জেনে নেওয়া উচিত।

৫. পুঠিয়া, রাজশাহী

প্রকৃতির পাশাপাশি ইতিহাস ও স্থাপত্যের প্রতি আগ্রহ থাকলে রাজশাহীর পুঠিয়া হতে পারে কম খরচে ঘুরে আসার একটি ভালো জায়গা। এখানে রয়েছে প্রাচীন মন্দির, রাজবাড়ি, দিঘি ও ঐতিহাসিক স্থাপনা। বিশেষ করে পুঠিয়া রাজবাড়ি এবং গোবিন্দ মন্দিরের স্থাপত্যশৈলী ইতিহাসপ্রেমীদের আকর্ষণ করে।

পুঠিয়া মন্দির কমপ্লেক্সে বিভিন্ন সময়ের নির্মিত একাধিক মন্দির রয়েছে। এসব স্থাপনার দেয়ালে পোড়ামাটির কারুকাজ ও ঐতিহ্যবাহী নির্মাণশৈলী দেখা যায়। রাজবাড়ির আশপাশের পরিবেশ ও বড় দিঘিগুলোও ঘুরে দেখার মতো। অল্প সময়ে ইতিহাস ও স্থাপত্যের নানা নিদর্শন দেখতে চাইলে জায়গাটি ভালো পছন্দ হতে পারে।

কিভাবে যাবেন : ঢাকা থেকে ট্রেন বা বাসে রাজশাহী যেতে পারবেন। রাজশাহী শহর থেকে বাস, সিএনজিচালিত অটোরিকশা কিংবা অন্যান্য স্থানীয় যানবাহনে পুঠিয়া যাওয়া সম্ভব। চাইলে রাজশাহী শহরের অন্যান্য দর্শনীয় স্থানও ভ্রমণ পরিকল্পনায় রাখা যেতে পারে।

ভ্রমণের খরচ কমাবেন যেভাবে

কম বাজেটে ভ্রমণ করতে হলে শুধু গন্তব্য নির্বাচন করলেই হবে না, পরিকল্পনাও করতে হবে বুদ্ধিমত্তার সঙ্গে। প্রথমেই যাতায়াতের টিকিট আগেভাগে সংগ্রহ করুন। ছুটির মৌসুমে শেষ মুহূর্তে টিকিট কিনতে গেলে পছন্দের সময় ও আসন পাওয়া কঠিন হতে পারে।

দ্বিতীয়ত, একা ভ্রমণের পরিবর্তে বন্ধু বা পরিবারের সদস্যদের নিয়ে দলবদ্ধভাবে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। এতে হোটেল, স্থানীয় যানবাহন কিংবা নৌকা ভাড়ার মতো খরচ ভাগ করে নেওয়া সম্ভব। বিলাসবহুল আবাসনের পরিবর্তে পরিচ্ছন্ন ও নিরাপদ সাধারণ মানের হোটেল বা গেস্টহাউস বেছে নিন। পাশাপাশি পর্যটন এলাকার ব্যয়বহুল রেস্তোরাঁর পরিবর্তে স্থানীয় খাবারের দোকান থেকে খাবার খেলে খরচ নিয়ন্ত্রণে রাখা যায়।

ভ্রমণের আগে কোথায় যাবেন, কী কী দেখবেন এবং এক স্থান থেকে অন্য স্থানে যেতে কত সময় লাগবে, তা জেনে নিন। এতে অপ্রয়োজনীয় যাতায়াত ও বাড়তি খরচ এড়ানো সম্ভব হবে। পাহাড়, নদী কিংবা সমুদ্রের মতো প্রাকৃতিক এলাকায় ভ্রমণের সময় আবহাওয়া ও নিরাপত্তার বিষয়েও সতর্ক থাকতে হবে।

উল্লেখ্য, শীতের ছুটি উপভোগ করতে যে খুব বেশি অর্থ খরচ করতে হবে, এমন নয়। সঠিক গন্তব্য নির্বাচন, আগাম প্রস্তুতি এবং খরচের হিসাব রাখলেই সীমিত বাজেটে পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে কাটানো যেতে পারে আনন্দময় কিছু দিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%