ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

৮ মাসে চাকরি হারিয়েছেন ৬২ হাজার মানুষ: সিপিডি


৮ মাসে চাকরি হারিয়েছেন ৬২ হাজার মানুষ: সিপিডি

সিপিডির সম্মাননীয় ফেলো ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশের তিন প্রধান শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। এর ফলে ৬১ হাজার ৮৮১ জন কর্মসংস্থান হারিয়েছে।

সিপিডির পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেছে, নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতিতে কিছু ইতিবাচক পরিবর্তন এলেও সামগ্রিকভাবে নেতিবাচক প্রবণতা বেশি হচ্ছে। অনুসারে, চলতি অর্থবছরে সরকারের রাজস্ব ঘাটতি ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার কোটি টাকা হতে পারে।

সোমবার ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ‘নতুন সরকারের প্রথম ছয় মাস: একটি অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া সংলাপে এই তথ্য তুলে ধরা হয়।

আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

সংলাপে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় অর্থনীতি কাঠামোগত সমস্যায় ছিল এবং বৈশ্বিক পরিস্থিতিও অনুকূলে ছিল না। তবে তিনি উল্লেখ করেন, সরকার দায়িত্ব নেওয়ার সময়কার পরিস্থিতি নিয়ে কোনো সমন্বিত দলিল না তৈরি করার কারণে বিভিন্ন পদক্ষেপ ও অর্থনৈতিক অগ্রগতি মূল্যায়ন করা কঠিন হচ্ছে।

তিনি বলেন, নতুন সরকারের কাছে দুটি বড় প্রত্যাশা ছিল- অর্থনৈতিক পুনরুদ্ধার এবং সুশাসন প্রতিষ্ঠা।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর প্রত্যাশা থাকলেও সেখানে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছে।

সংলাপে সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ

ড. দেবপ্রিয় ভট্টাচার্য জানান, সরকার উত্তরাধিকারসূত্রে কিছু কাঠামোগত সমস্যা পেয়েছে। সদ্য দায়িত্ব নেওয়ার সময় বৈশ্বিক পরিস্থিতি খুব ইতিবাচক ছিল না, ফলে অর্থনীতির উত্তরণের ধারা দুর্বল ছিল।

কিন্তু সরকারের একটি বড় দুর্বলতা হলো দায়িত্ব নেওয়ার সময়ের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো সমন্বিত দলিল তৈরি না করা।

নতুন সরকারের প্রতিশ্রুতি ও নেওয়া বিভিন্ন পদক্ষেপ মূল্যায়ন করতে সিপিডি করছে প্রায় ৩৬২টি পদক্ষেপের তালিকা। এগুলোকে নয়টি ভাগে বিভক্ত করে ‘রিফর্ম ট্র্যাকার’-এর আওতায় মূল্যায়ন করা হচ্ছে।

সুশাসনের ক্ষেত্রে ১০৫টি ঘটনা মূল্যায়নে রাখা হয়েছে। সরকারি এমপিদের প্লট ও গাড়ি না নেওয়ার সিদ্ধান্ত, রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনার উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন: সরকার ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে

অন্যদিকে, রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের উচ্চপদে নিয়োগের বিষয়টি উদ্বেগজনক মনে করছে সিপিডি। সরকারি প্রতিশ্রুতি মেনে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার বিষয়টিও ব্যত্যয় ঘটেছে বলে মন্তব্য করেন ড. দেবপ্রিয়।

সিপিডির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরে সরকারের মোট রাজস্ব লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এ লক্ষ্য অর্জনে আনুমানিক ৪২ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি প্রয়োজন। তবে বাস্তব পরিস্থিতি অনুযায়ী, রাজস্ব ঘাটতি ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৪০ হাজার কোটি টাকার মধ্যে হতে পারে বলে সিপিডি আশঙ্কা করছে। এটি সরকারের নির্ধারিত বার্ষিক রাজস্ব লক্ষ্যমাত্রার প্রায় ১৯-২০ শতাংশ।

এছাড়া এনবিআরের রাজস্ব প্রবৃদ্ধি ১২ দশমিক ৪ শতাংশ থেকে কমে ১১ দশমিক ১ শতাংশে নেমেছে। মোট কর রাজস্বের প্রবৃদ্ধি ১২ দশমিক ৩ শতাংশ থেকে কমে মাত্র ৪ দশমিক ৯ শতাংশে পৌঁছেছে। একই সময়ে ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার নির্ভরতা ৪৮ শতাংশ থেকে বেড়ে ৫৩ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। নিট বৈদেশিক সহায়তাও ৭৭১ দশমিক ৪ মিলিয়ন ডলার থেকে কমে ৭৩৪ দশমিক ৩ মিলিয়ন ডলারে এসেছে।

এ বিষয়ে শিল্প খাতে পরিস্থিতি আরও উদ্বেগজনক বলে সিপিডি জানিয়েছে। জানুয়ারি-আগস্ট ২০২৬ সময়ে গাজীপুর, সাভার-আশুলিয়া এবং নারায়ণগঞ্জ-নরসিংদী শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে। এসব কারখানা বন্ধ হওয়ার ফলে সরাসরি ৬১ হাজার ৮৮১ জন কর্মসংস্থান হারিয়ে ফেলেছেন।

আরও পড়ুন: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মো. আশিক সাঈদ দায়িত্ব গ্রহণ করেছেন

প্রতিবেদনে বলা হয়েছে, শিল্প উৎপাদন প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশ থেকে কমে শূন্যে নেমে এসেছে। উৎপাদন খাতের প্রবৃদ্ধিও ৩ দশমিক ৫ শতাংশ থেকে শূন্যে নেমেছে।

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৬ শতাংশ থেকে কমে ৪ দশমিক ৫ শতাংশ হয়েছে। নিট বিদেশি বিনিয়োগ ৬৬২ মিলিয়ন ডলার থেকে কমে ৫৯৪ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। মূলধনি যন্ত্রপাতি আমদানির এলসি খোলার প্রবৃদ্ধি ১৪ দশমিক ৬ শতাংশ থেকে ঋণাত্মক ১৩ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে।

এই পরিস্থিতির ফলে টেক্সটাইল, ইস্পাত, কাগজ, পার্টিকেলবোর্ড ও সিরামিকসহ গ্যাসনির্ভর শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। শিল্পে গ্যাসের ব্যবহার ১ হাজার ১৮৬ এমএমসি থেকে কমে ১ হাজার ১৪৮ এমএমসিতে নেমে গেছে।

বিদ্যুৎ উৎপাদন সূচকের প্রবৃদ্ধিও ৫ দশমিক ৬ শতাংশ থেকে কমে ঋণাত্মক শূন্য দশমিক ১ শতাংশ হয়ে গেছে।

আরও পড়ুন: মিরপুরে প্রাইভেট কারে ককটেল নিক্ষেপ, হামলাকারীদের শনাক্তের চেষ্টা

সিপিডির মূল্যায়নে সরকারের কিছু পদক্ষেপ ইতিবাচক হিসেবে উঠে এসেছে। এর মধ্যে রয়েছে ব্যক্তিগত করদাতাদের করমুক্ত আয়সীমা বাড়ানো, অপ্রকাশিত অর্থ বৈধ করার প্রস্তাব প্রত্যাহার, ই-রিটার্ন ও ডিজিটাল আয়কর ব্যবস্থার সম্প্রসারণ এবং আরএমজির বাইরে রফতানিমুখী শিল্পে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা সম্প্রসারণ।

এছাড়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে সিইপিএ স্বাক্ষর, বিডা-বেজা-পিপিপিএ একীকরণ করে ‘ইনভেস্ট বাংলাদেশ’ চালু, স্টার্টআপ ফান্ড গঠন, ৬৫ বছর বা তার বেশি বয়সীদের মেট্রো ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড়, কৃষিঋণের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ ও সুদ মওকুফ এবং নারী পরিচালিত ‘পিংক বাস সার্ভিস’ চালুকেও ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সিপিডি সরকারকে অক্টোবর ২০২৬ থেকে জুন ২০২৭ মেয়াদের একটি ‘কোর বাজেট’ তৈরির সুপারিশ করেছে। একই সঙ্গে জ্বালানি, ব্যাংক, এনবিআর, রাজস্ব-ব্যয়, এডিপি, লজিস্টিকস, ডিজিটালাইজেশন ও বেতন কমিশনসহ একটি সমন্বিত সংস্কার প্যাকেজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জ্বালানি নিরাপত্তায় দেশীয় অনুসন্ধান, কৌশলগত মজুত ও উৎস বহুমুখীকরণের পাশাপাশি সরকারের বিভিন্ন স্তরের মধ্যে সমন্বয় জোরদারের সুপারিশ করা হয়েছে।

সেপ্টেম্বর ২০২৬-এ সংসদে বেতন কাঠামো, ব্যাংকিং খাত, বিদ্যুৎ খাত ও প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা উপস্থাপনেরও পরামর্শ দিয়েছে গবেষণা সংস্থাটি।

আরও পড়ুন: সালমান-আনিসুলের মামলায় সাক্ষী সায়েমের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ট্রাইব্যুনালের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনের ড্রোন হামলায় জ্বলছে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান ওজনের ৬ ডিপো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


ইউক্রেনের ড্রোন হামলায় জ্বলছে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান ওজনের ৬ ডিপো

ইউক্রেনের অব্যাহত ড্রোন হামলায় রাশিয়ার দ্বিতীয় সর্ববৃহৎ অনলাইন খুচরা প্ল্যাটফর্ম ওজোন জ্বলছে। 

কয়েকদিন ধরেই ইউক্রেনীয় ড্রোন হামলা এই দ্বিতীয় বৃহত্তম অনলাইন প্ল্যাটফর্মটির মূল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। রাশিয়ার অর্থনীতি এবং সরবরাহ ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করতে কিয়েভ দূরপাল্লার ড্রোন অভিযান পরিচালনা করছে।

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওজোন জানিয়েছে, রাতভর ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার, দাগেস্তান, স্তাভরোপল এবং আদিগেয়ায় ডিপোগুলোতে আগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) পর্যন্ত ওজোনের মোট ৬টি লজিস্টিকস সেন্টারে হামলা চালানো হয়েছে।

এর আগে, ইউক্রেন দেশটির সবচেয়ে বড় অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের ডিপোগুলোতে হামলা চালিয়েছিল। এই হামলাকে বৈধ হিসেবে বর্ণনা করেছে কিয়েভ, কারণ প্রতিষ্ঠানটি রুশ সেনাবাহিনীর রসদ সরবরাহ করতে অভিযোগ রয়েছে। তবে, মস্কো এই অভিযোগকে অস্বীকার করে আসছে।

ড্রোন হামলার সতর্কতায় স্তাভরোপল এবং আদিগেয়া অঞ্চলের দুটি বড় ডিপো সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে কোম্পানিটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বঙ্গোপসাগরে ১৬ জেলেসহ ট্রলারডুবি, নিখোঁজ ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


বঙ্গোপসাগরে ১৬ জেলেসহ ট্রলারডুবি, নিখোঁজ ১

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে মাছ ধরতে গিয়ে ভোলার চরফ্যাশনের ১৬ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১৫ জনকে জীবিত উদ্ধারের মাঝে মো. নিরব (৫০) নামের এক জেলে নিখোঁজ রয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ নিরব চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তিনি ডুবে যাওয়া ট্রলারের ইঞ্জিনচালক ছিলেন।

স্থানীয় জেলে ও নিখোঁজ নিরবের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত ১৯ আগস্ট আছলামপুর ইউনিয়নের নতুন স্লুইসগেট এলাকা থেকে ট্রলার মালিক ইউসুফ মাল ১৬ জেলেকে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান।

তিন দিন মাছ ধরার পর বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল হয়ে ওঠে। এ সময় জেলেরা তীরের দিকে ফেরার পথে ঝড়ের কবলে পড়ে রবিবার সন্ধ্যায় ট্রলারটি উল্টে যায়।

উদ্ধার হওয়া জেলেদের মধ্যে ট্রলার মালিক ইউসুফ মাল, মাঝি মো. নুরনবী, জেলে ইয়াছিন ও মাসুদসহ অন্যান্য জেলেরা রয়েছেন। সাগরে থাকা অন্য একটি মাছ ধরার ট্রলারের জেলেরা ডুবে যাওয়া ট্রলারের ১৫ জনকে দেখতে পেয়ে তাঁদের উদ্ধার করেন।

কিন্তু ট্রলারের ইঞ্জিনচালক নিরবের কোনো সন্ধান পাওয়া যায়নি। ডুবে যাওয়া ট্রলার ও মাছ ধরার জালও উদ্ধার করা সম্ভব হয়নি।

নিখোঁজ নিরবের ভাই আব্দুর রহমান বলেন, ‘সাগরে ট্রলারডুবিতে আমার ছোট ভাই নিখোঁজ রয়েছে। ২৪ ঘণ্টা হলেও তার কোনো সন্ধান পাইনি। আমাদের পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছে। কোস্টগার্ডের কাছে আমার নিখোঁজ ভাইয়ের সন্ধানে উদ্ধার অভিযান চালানোর দাবি জানাই।’

চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, ‘বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় চরফ্যাশনের মো. নিখোঁজ রয়েছেন। বাকিরা উদ্ধার হয়েছেন। আমরা বিষয়টি কোস্টগার্ডকে অবহিত করেছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’। সোমবার তিনি এই মন্তব্যটি করেন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, ‘ইরান পুরোপুরি ধসে পড়ছে!!! প্রেসিডেন্ট ডিজেটি।’ তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। এর আগে ইরানের অর্থনৈতিক ও সামরিক পরিস্থিতি নিয়েও ট্রাম্পের একই ধরনের মন্তব্য শোনা গেছে।

রবিবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘অর্থনৈতিক ডি-ডে’তে প্রবেশ করছে বলে উল্লেখ করেন। তিনি দাবি করেছেন, ট্রাম্প প্রশাসন ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছে।

বেসেন্ট এক পোস্টে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করেছেন, দেশের প্রায় ১০০ শতাংশ সামরিক কারখানা ধ্বংস করেছেন এবং তাদের পারমাণবিক কর্মসূচি সমাধিস্থ করেছেন।

এদিকে শুক্রবার, ট্রাম্প বলেছিলেন, ওয়াশিংটনের সঙ্গে ‘সঠিক চুক্তি’ করতে ইরান এখনও প্রস্তুত নয় বলে তার মনে হচ্ছে।

সাংবাদিকদের বলেন, তারা চুক্তি করতে চায়, কিন্তু তার মতে তারা সঠিক চুক্তির জন্য প্রস্তুত নয়।

ট্রাম্প আরও দাবি করেন, ইরানের অর্থ নেই, নৌবাহিনী ও বিমানবাহিনী নেই এবং তারা সেনা ও পুলিশ সদস্যদের বেতন দিতে পারছে না। একই সঙ্গে তিনি ইরানে ৩৫০ শতাংশ মূল্যস্ফীতি রয়েছে বলেও মন্তব্য করলেন।

হরমুজ প্রণালির আশপাশের অঞ্চল সম্পর্কেও ট্রাম্প মন্তব্য করেন, গুরুত্বপূর্ণ এই নৌপথ এবং দক্ষিণ ইরানের এর আশপাশের স্থলভাগসহ পুরো অঞ্চল যুক্তরাষ্ট্রের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে।

জুনে ওয়াশিংটন ও তেহরান একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিল। ওই সমঝোতা অনুসারে সংঘাত বন্ধ ও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে সম্মতি দেওয়া হয়েছিল। তবে বাস্তবায়নের শর্ত এবং নৌপথে চলাচলের ভবিষ্যৎ সম্পর্কে মতবিরোধের কারণে সেই চুক্তি পরে ভেস্তে যায়। সূত্র: আনাদোলু এজেন্সি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা শুরু

ঢাকা, ২৪ আগস্ট ২০২৬ : আজ থেকে রাজধানী ঢাকার বসুন্ধরা স্পোর্টস সিটিতে শুরু হয়েছে উপমহাদেশের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা "বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬"।

প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনী করেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ মেজর জেনারেল মো: হাসান উজ জামান, যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রোমোটর ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম (অব:), বসুন্ধরা স্পোর্টস সিটির নির্বাহী কর্মকর্তা কর্নেল মোহাসিনুল করিম (অব:)।

এবারের আসরে পাঁচ দিন ব্যাপী স্বাগতিক বাংলাদেশসহ বিশ্বের মোট ১১টি দেশের ২৪ জন পেশাদার স্কোয়াশ খেলোয়াড় অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, হংকং, সিঙ্গাপুর, ইরান, কুয়েত, বাহরাইন, মিশর, জাপান ও জার্মানি।

আন্তর্জাতিক র‌্যাঙ্কধারী পেশাদারদের উপস্থিতি এবারের টুর্নামেন্টকে অত্যন্ত প্রতিদ্বন্দ্বীপূর্ণ ও আকর্ষণীয় করে তুলবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, এবার পাকিস্তান, আয়ারল্যান্ড ও মালয়েশিয়াসহ মোট ১৭ টি দেশের ৮৪ জন পেশাদার খেলোয়াড় অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করলেও পেশাদার স্কোয়াশ এসোসিয়েশনের বাধ্য-বাধকতা এবং প্রতিযোগিতার ড্র সাইজের জন্য প্রথমদিকে ২১ জন বিদেশি খেলোয়াড় অংশগ্রহণ করবে।

বর্তমানে বাংলাদেশে ১১ জন বিশ্ব র‌্যাঙ্কধারী পেশাদার স্কোয়াশ খেলোয়াড় রয়েছে। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ তরুণ প্রতিভা আমিনুল (৬৯৬ তম), সাইমন (৭৭৫ তম) ও পারভেজ (৮৭৫ তম) এর সঙ্গে আরও উপস্থিত রয়েছেন মিশরের মো: গহর (বিশ্বের ৯১ তম), জাপানের নওকি হারিস (১১৭ তম), রভিন্দ্র লক্ষীশ্র (১৪৮ তম), আয়ন ভিজালি (১৭৩ তম), সিঙ্গাপুরের জেরোম আও (১৮৫ তম), বাহরাইনের ইউসুফ থানি (২২৪ তম), হংকং-এর ইউলসন চেন (৩৩৭ তম), জার্মানীর ইউহোকম বিলিকভ (৩৪১ তম), কুয়েতের বদর আলমঘারাবি (৩৫৬ তম) এবং ইরানের সিপার এতিমাডপোর মতো তাঁবুর খেলার মহারথীরা।

বিগত ছয় বছরে, বিভিন্ন প্রতিকূলতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং চ্যালেঞ্জ মোকাবিলা করে ধারাবাহিক ও পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে স্কোয়াশ খেলায় নতুন জাগরণ আনা সম্ভব হয়েছে। এই আন্তর্জাতিক আসর বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশকে একটি সম্ভাবনাময় ও আদর্শ "স্কোয়াশ ডেস্টিনেশন" হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকদের মতে, স্কোয়াশকে নির্দিষ্ট গন্ডি থেকে বের করে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য "ক্লাসরুম স্কোয়াশ" এবং "স্কোয়াশ ও শিক্ষা বৃত্তি" এর মতো বৈপ্লবিক ও জনবান্ধব প্রকল্প চালু করা হয়েছে। এর ফলে স্কোয়াশ একসময় কেবল অভিজাতদের খেলা হিসেবে বিবেচিত হলেও এখন সাধারণ শিক্ষার্থীদের খেলার মাঠে জায়গা করে নিয়েছে। সীমিত সম্পদের দেশগুলোর জন্য বাংলাদেশের এই সাফল্য ও তৃণমূল উন্নয়ন কার্যক্রম একটি অনুসরণযোগ্য বৈশ্বিক মডেল হতে পারে।

আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতাটি আগামী ২৮ আগস্ট শেষ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%