ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

উত্তীর্ণ সাড়ে ৬ লাখ শিক্ষার্থীর বিপরীতে ১৫ লাখ আসন, উচ্চশিক্ষায় সংকট নেই


উত্তীর্ণ সাড়ে ৬ লাখ শিক্ষার্থীর বিপরীতে ১৫ লাখ আসন, উচ্চশিক্ষায় সংকট নেই

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : সদ্য প্রকাশিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কোনো আসন সংকটের সম্ভাবনা নেই।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজসমূহের সমন্বয়ে প্রায় ১৫ লাখ শিক্ষার্থীর জন্য ভর্তির সুযোগ রয়েছে, যা এইচএসসিতে উত্তীর্ণ মোট শিক্ষার্থীর সংখ্যা থেকে দ্বিগুণেরও বেশি।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হালনাগাদ তথ্য অনুযায়ী, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, এর মধ্যে ৪০ হাজার ৮৪ জন জিপিএ-৫ পেয়েছেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার প্রতিষ্ঠিত জবিকে মূল্যায়ন করা হয়নি: উপাচার্য

অন্যদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তির জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়, অধিভুক্ত প্রতিষ্ঠান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে মোট আসন সংখ্যা ১৪ লাখ ৯২ হাজার ২৮৮টি।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বাসস’কে জানিয়েছেন, এ বছর পাস করা শিক্ষার্থীর তুলনায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পর্যাপ্ত আসন রয়েছে। তিনি বলেন, উচ্চশিক্ষার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৫ লাখ আসন রয়েছে, যেখানে এ বছর পাস করেছে প্রায় সাড়ে ৬ লাখ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব মানদণ্ড ও নীতিমালা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করবে।

তিনি আরও যোগ করেন, ‘উচ্চশিক্ষার জন্য আসন সংকট থাকবে না। শিক্ষার্থীরা তাদের পছন্দের ক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী ভর্তির সুযোগ পাবে।’

ইউজিসি জানিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ৬১টি সরকারি (পাবলিক) বিশ্ববিদ্যালয় ও তাদের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং ১০৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মোট ১৪ লাখ ৯২ হাজার ২৮৮টি আসনের মধ্যে ৬১টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং এগুলোর অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটে মোট আসন রয়েছে ১০ লাখ ৮২ হাজার ২৮৮টি।

আরও পড়ুন: গভর্নিং বডির সভাপতির জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিল

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মূল ক্যাম্পাসে সরাসরি আসন সংখ্যা ৬৩ হাজার ৬৫৬টি। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬,১২৫টি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩,৯৫৬টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪,০৩৩টি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১,৮৪৮টি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২,৫১৫টি এবং অন্যান্য সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য আসন রয়েছে।

এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ১,৩০৯টি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ৯৩১টি, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ১,২৩৫টি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ১,১০৫টি এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ৭৮০টি আসন রয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১,০৩৪টি এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি আসন রয়েছে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানে সিংহভাগ আসন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজসমূহে রয়েছে, যেখানে আসন সংখ্যা ৯ লাখ ৪৬ হাজার ৯৫টি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৪২ হাজার ৪৩৪টি এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদ্রাসাগুলোতে ১১ হাজার ৫৫টি আসন রয়েছে। অন্যদিকে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মোট আসন রয়েছে ১১ হাজার ২৯০টি।

ইউজিসি জানিয়েছে, দেশের ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে ৫,১০০টি, ৭২টি বেসরকারি মেডিক্যাল কলেজে ৬,০০১টি, ৯টি সরকারি ডেন্টাল কলেজে ৫৪৫টি, ২৮টি বেসরকারি ডেন্টাল কলেজে ১,৪৯০টি এবং আর্মড ফোর্সেস মেডিকেলে মোট ৩৭৫টি আসন রয়েছে।

আরও পড়ুন: এইচএসসির পুনঃপরীক্ষা ও ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ

শিক্ষা সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন, সার্বিকভাবে দেশে বিপুল পরিমাণ আসন উদ্বৃত্ত থাকলেও শিক্ষার্থীদের মধ্যে তুমুল প্রতিযোগিতা হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের ৬৩ হাজার ৬৫৬টি আসন এবং সরকারি মেডিক্যাল কলেজগুলোর জন্য। এ বছর মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ায় তারা মূলত প্রথম সারির পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিশেষায়িত ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল কলেজে ভর্তির জন্য প্রতিযোগিতায় অংশ নেবে।

তবে জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও দেশের ১০৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কিছুটা শিক্ষার্থী সংকট দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তাদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী উচ্চশিক্ষায় ভর্তি হতে পারবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরদিন লক্ষ্মীপুরে বাসচাপায় প্রাণ গেল সাকিবের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরদিন লক্ষ্মীপুরে বাসচাপায় প্রাণ গেল সাকিবের

লক্ষ্মীপুরের রামগঞ্জে বাসের চাপায় নিহত হয়েছেন সাকিব বেপারী (২১) নামে এক মোটরসাইকেল চালক। রবিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার পদ্মা বাজার এলাকায় লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

নিহত সাকিব রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের এনায়েতপুর এলাকার বক্স আলী ব্যাপারি বাড়ির আনিছুর রহমানের ছেলে। তিনি রামগঞ্জ উপজেলার সিটি প্লাজার লাইফ সাপোর্ট আইটি ইনস্টিটিউট নামক একটি কম্পিউটার প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত আলিম পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। তিনি রায়পুরের লামচর রায়পুর কারমতিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কর্মস্থল থেকে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পদ্মা বাজার এলাকায় বাসের চাপায় সাকিব গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। তার মৃত্যুর খবর পেয়ে স্থানীয়রা লক্ষ্মীপুর-রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কে অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করা হয়েছিল। নিহতের পরিবারকে থানায় মামলা করতে বলেছি, কিন্তু তারা আসেননি। তারা মামলা করবেন না। পরে মরদেহ বাড়িতে নিয়ে যান স্বজনরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাজিনাজ হাসপাতাল ও রেডিসনের মধ্যে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সমঝোতা স্মারক স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


সাজিনাজ হাসপাতাল ও রেডিসনের মধ্যে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সমঝোতা স্মারক স্বাক্ষর

চট্টগ্রামে করপোরেট স্বাস্থ্যসেবা কার্যক্রমের সম্প্রসারণ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সাজিনাজ হাসপাতাল লিমিটেড এবং রেডিসন ব্লু চট্টগ্রাম বেভিউয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর) হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বেভিউয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারকের আওতায়, রেডিসন ব্লু চট্টগ্রাম বেভিউয়ের কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত শর্ত ও সুযোগ-সুবিধা অনুযায়ী সাজিনাজ হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। এর ফলে হোটেলের কর্মীদের স্বাস্থ্যসেবা সহজলভ্য হবে এবং তাদের সুস্বাস্থ্য ও কল্যাণে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে রেডিসন ব্লু চট্টগ্রাম বেভিউয়ের সিইও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু সাঈদ মুহাম্মদ আলী মন্তব্য করেন, "মানুষের মৌলিক চাহিদার একটি স্বাস্থ্যসেবা। রেডিসন ব্লু তার কর্মীদের মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে বদ্ধপরিকর। এ ক্ষেত্রে সাজিনাজ হাসপাতাল সর্বাত্মক সহযোগিতা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।" তিনি আরও বলেন, উভয় প্রতিষ্ঠান নিজস্ব স্বকীয়তা বজায় রেখে এগিয়ে যাবে।

সাজিনাজ হাসপাতালের চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন, "আধুনিক চিকিৎসা সরঞ্জাম, অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক, প্রশিক্ষিত নার্সিং টিম এবং জবাবদিহিমূলক ব্যবস্থাপনার সমন্বয়ে সাজিনাজ হাসপাতাল মানসম্মত, নিরাপদ, সাশ্রয়ী ও রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।" বর্তমানে হাসপাতালে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, অত্যাধুনিক ল্যাবরেটরি, আইসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ব্লাড ব্যাংক ও বিশেষায়িত থ্যালাসেমিয়া চিকিৎসাসহ বিভিন্ন সেবা চালু রয়েছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, "সার্টিফিকেশন অর্জনের মাধ্যমে হাসপাতালের সেবার গুণগত মান, প্রাতিষ্ঠানিক দক্ষতা ও আন্তর্জাতিক মানসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করার অঙ্গীকার আরও সুদৃঢ় হয়েছে।" তিনি জানান, অবকাঠামোগত সম্প্রসারণের মাধ্যমে ১০০ শয্যার আধুনিক হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যা হাসপাতালের স্বাস্থ্যসেবা প্রদানের সক্ষমতা আরও বাড়াবে।

অনুষ্ঠানে সাজিনাজ হাসপাতাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক মমিনুল ইসলাম, পরিচালক (এইচআর অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) হাসান মাহমুদ চৌধুরী, ব্যবস্থাপক (এইচআর) মো. সাখাওয়াত হোসেন, ব্যবস্থাপক (করপোরেট অ্যাফেয়ার্স) মো. আরেফিন ও আইটি অ্যাডমিনিস্ট্রেটর রাসেল কান্তি রনি।

রেডিসন ব্লু চট্টগ্রাম বেভিউয়ের পক্ষে উপস্থিত ছিলেন ডা. মেজর (অব.) আমিনুল হক, মেজর (অব.) গৌতম রায়, মো. রায়হান চৌধুরী ও জমীর উদ্দিন কোরেশীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহেশখালী পুটিবিলা মাদরাসার অধ্যক্ষের এমপিও বাতিল, ৭৮ লাখ টাকা ফেরত দিতে নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


মহেশখালী পুটিবিলা মাদরাসার অধ্যক্ষের এমপিও বাতিল, ৭৮ লাখ টাকা ফেরত দিতে নির্দেশ

কক্সবাজারের মহেশখালী উপজেলার পুটিবিলা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মো. আমীর হোসেনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাঁর নাম এমপিও শিট থেকে স্থায়ীভাবে বাতিল করা হয়েছে এবং বিধিবহির্ভূতভাবে উত্তোলিত ৭৮ লাখ ১২ হাজার ৭৫৭ টাকা সরকারি কোষাগারে ফেরত নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এমপিও শাখা থেকে ১৩ অক্টোবর ২০২৬ তারিখে একটি চিঠির মাধ্যমে এ নির্দেশনা প্রদান করা হয়। চিঠিতে অধ্যক্ষ আমীর হোসেনের ইনডেক্স নম্বর C315268 উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী, ২০১০ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত মোট ১৫ বছর ৮ মাসের মধ্যে তিনি সরকারি কোষাগার থেকে ৭৮ লাখ ১২ হাজার ৭৫৭ টাকা বিধিবহির্ভূতভাবে উত্তোলন করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যে, এ অর্থ সরকারি কোষাগারে ফেরত গ্রহণ এবং অধ্যক্ষের বেতন-ভাতা স্থায়ীভাবে বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরীদের একটি পত্র এবং পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) অডিট প্রতিবেদনসহ সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রশাসনিক কার্যক্রম ও অধ্যক্ষের ভূমিকা নিয়ে স্থানীয়ভাবে নানা অভিযোগ ও আলোচনা চলছিল। শিক্ষা মন্ত্রণালয়ের এই নির্দেশনা মাদরাসাটির আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে স্থানীয় সচেতন মহলের কাছে।

তাদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়মের অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে মন্ত্রণালয়ের নির্দেশনা দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মানহানির মামলা খারিজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


ট্রাম্পের ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মানহানির মামলা খারিজ

মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন একজন ফেডারেল বিচারক। শনিবার, ইউএস ডিস্ট্রিক্ট জাজ ড্যারিন পি. গেইলস এ বছর দ্বিতীয়বারের মতো মামলাটি খারিজ করেছেন। এবার মামলাটি স্থায়ীভাবে খারিজ করা হয়েছে। ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ২০ বিলিয়ন ডলারের মানহানির মামলা করেছিলেন, যা কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে লেখা তার নাম সংবলিত একটি কুরুচিপূর্ণ জন্মদিনের চিঠি সংক্রান্ত প্রতিবেদনের কারণে দায়ের করা হয়েছিল।

বিচারক ড্যারিন পি. গেইলস শনিবার তার রায়ে উল্লেখ করেন, রুপার্ট মারডকের মালিকানাধীন সংবাদপত্রটি যখন এই খবরটি প্রকাশ করে, তখন তারা প্রকৃত বিদ্বেষ নিয়ে কাজ করেছিল; ট্রাম্প তা যুক্তিসঙ্গতভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। ট্রাম্প চিঠিটি লেখার বিষয়টি অস্বীকার করার পর ওয়াল স্ট্রিট জার্নালের উচিত ছিল প্রতিবেদনটি প্রকাশ না করা—এমন যুক্তি খারিজ করে গেইলস বলেন, এই ধরনের বাধ্যবাধকতা মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীকে লঙ্ঘন করবে। বিচারক লিখেছেন, ‘যদি এটিই আইন হতো, তবে যেকোনো জনপরিচিত ব্যক্তি বা তার দল কোনো অভিযোগ অস্বীকার করলেই সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে নেতিবাচক বা বিপরীতমুখী সংবাদ প্রকাশ করা থেকে অবরুদ্ধ হয়ে যেতেন।’

এই রায়টি আমেরিকার সংবাদমাধ্যমের বিরুদ্ধে প্রেসিডেন্টের আইনি লড়াইয়ে আরেকটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে এবং ট্রাম্পের এই মামলার নিন্দা জানানো গণমাধ্যমের স্বাধীনতা রক্ষাকারী সংগঠনগুলোর কাছে এটি উদযাপনের একটি বিষয়। এর আগে, এপ্রিল মাসে বিচারক গেইলস ২০ বিলিয়ন ডলারের মামলাটি খারিজ করেছিলেন। তখন তিনি রায় দিয়েছিলেন যে, ট্রাম্পের মূল অভিযোগে বিদ্বেষের যে দাবি করা হয়েছিল তা ছিল ‘প্রথাসিদ্ধ’ এবং কোনো জনপরিচিত ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য আইনি মানদণ্ডের আশেপাশেও ছিল না।

তবে সে সময় বিচারক মামলাটি ব্যক্তিগত অধিকার ক্ষুণ্ন না করে খারিজ করেছিলেন, যা ট্রাম্পকে সেই ত্রুটিগুলো সংশোধন করে একটি সংশোধিত অভিযোগ দায়ের করার সুযোগ দিয়েছিল। শনিবারের রায়ে গেইলস দেখতে পান যে, ট্রাম্পের সংশোধিত অভিযোগটি এখনও সেই সমস্যাগুলো সমাধান করতে পারেনি এবং এবার তিনি মামলাটি স্থায়ীভাবে খারিজ করে দেন।

ওয়াল স্ট্রিট জার্নালের মূল প্রতিষ্ঠান ডাউন জোন্সের একজন মুখপাত্র সিএনএন-কে জানান, ‘আদালতের সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট।’ তবে ট্রাম্পের আইনি দল ইঙ্গিত দিয়েছে যে তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে। একজন মুখপাত্র বলেন, ‘ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নাল এবং অন্যান্য সমস্ত বিবাদীদের বিরুদ্ধে তার এই শক্তিশালী মামলা নিয়ে এগিয়ে যাওয়া অব্যাহত রাখবেন।’

যৌন ইঙ্গিতপূর্ণ চিঠিটি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর, ২০২৫ সালের জুলাই মাসে ট্রাম্প দ্য জার্নাল, এর মূল সংস্থাগুলো, মারডক এবং দুজন প্রতিবেদকের বিরুদ্ধে মামলা করেছিলেন। ট্রাম্প চিঠিটি লেখার কথা অস্বীকার করেন এবং জার্নালের বিরুদ্ধে জেনেশুনে একটি মিথ্যা গল্প প্রকাশের অভিযোগ তোলেন। মামলাটি বিশেষভাবে অস্বাভাবিক ছিল কারণ ট্রাম্প প্রেসিডেন্ট পদে থাকা অবস্থায় এটি দায়ের করেছিলেন। সিএনএন-এর সাথে কথা বলা আইনি বিশ্লেষকরা জানিয়েছেন, কোনো দায়িত্বরত প্রেসিডেন্ট তার বিরুদ্ধে হওয়া প্রতিবেদনের জন্য কোনো সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা করেছেন; এমন অন্য কোনো ঘটনা তারা মনে করতে পারছেন না। তবে এটি ট্রাম্পের একটি পরিচিত এবং দীর্ঘদিনের আচরণের অংশ; তার সম্পর্কে অপ্রীতিকর খবর প্রকাশের জন্য সংবাদ সংস্থাগুলোর ওপর চাপ সৃষ্টি করতে আদালতের ব্যবহার করা।

ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে, ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সংবাদ প্রকাশের জেরে দ্য নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে একটি ১৫ বিলিয়ন ডলারের মানহানির মামলাও দায়ের করেছেন। গত বছর একজন বিচারক মূল অভিযোগটি খারিজ করে দিলেও ট্রাম্পকে আবার তা দায়ের করার অনুমতি দেন। জুলাই মাসে বিচারক টাইমসের মামলা খারিজের আবেদনের ওপর সিদ্ধান্ত স্থগিত করেন এবং ট্রাম্পকে তার অভিযোগটি আবার সংশোধন করার নির্দেশ দেন, যা তিনি আগস্টে করেছিলেন।

গত বছরের শেষের দিকে, ক্যাপিটল হিলে হামলার বিষয়ে একটি তথ্যচিত্রে ২০২১ সালের ৬ জানুয়ারির ভাষণের সম্পাদনার জেরে ট্রাম্প বিবিসির বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মামলা করেন। ব্রিটিশ এই সংবাদমাধ্যমটি আদালতে মামলার বিরুদ্ধে লড়াই করার কথা জানিয়েছে। দায়িত্ব নেওয়ার এক মাস আগে, ২০২৪ সালের নির্বাচনের কয়েকদিন আগে প্রকাশিত একটি জরিপের জেরে ট্রাম্প আইওয়ার ভোট গণনাকারী জে. অ্যান সেলজার, তার পোলিং কোম্পানি, দ্য ডেস মইনেস রেজিস্টার এবং এর মূল সংস্থার বিরুদ্ধে মামলা করেছিলেন। সেই জরিপে দেখা গিয়েছিল যে তিনি আইওয়াতে ডেমোক্র্যাট মনোনীত প্রার্থী কমলা হ্যারিসের চেয়ে পিছিয়ে আছেন। একজন বিচারক গত সেপ্টেম্বরে সেই মামলাটি স্থায়ীভাবে খারিজ করে দেন।

আইনি বিশেষজ্ঞরা এই মামলাগুলোকে ভিত্তিহীন এবং ত্রুটিযুক্ত বলে মনে করছেন। তবে তারা সতর্ক করে দিয়েছেন যে জয়লাভ করা হয়তো ট্রাম্পের মূল লক্ষ্য নয়; মামলার প্রচার এবং দীর্ঘমেয়াদী আইনি লড়াইয়ের হুমকি সংবাদমাধ্যমগুলোর ওপর চাপ সৃষ্টি করতে পারে এবং তাদের আক্রমণাত্মক সাংবাদিকতাকে স্তিমিত করে দিতে পারে। সূত্র : সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%