০৩:০৮ পি.এম
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন লিমিটেডের প্রধান নির্বাহী ও সম্পাদক এম শামসুর রহমান এবং তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ প্রদান করেন।
এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) শামসুর রহমানের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার জন্য আবেদন করে।
আরও পড়ুন: বাকপ্রতিবন্ধী কিশোরকে নাস্তার লোভ দেখিয়ে বলাৎকার, অভিযুক্তকে গণধোলাই
আবেদনে উল্লেখ করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানসহ অন্যান্যদের বিরুদ্ধে প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া, অবৈধ প্রভাব খাটিয়ে সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে।
এই অভিযোগের পরবর্তী সময়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন লিমিটেডের প্রধান নির্বাহী ও সম্পাদক এম শামসুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ যুক্ত করা হয়।
দুদকের আবেদনে বলা হয়েছে, অনুসন্ধানের সময় অভিযোগসংশ্লিষ্ট এম শামসুর রহমানের নামে থাকা ব্যাংক হিসাবগুলোর তথ্য পাওয়া গেছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, তিনি এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা এসব ব্যাংক হিসাবের অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের চেষ্টা করছেন।
আরও পড়ুন: হবিগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের
আবেদনে আরো উল্লেখ করা হয়, এসব অর্থ সরিয়ে ফেলতে সক্ষম হলে অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা দায়ের, আদালতে অভিযোগপত্র দাখিল এবং বিচার শেষে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পদ সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করার উদ্দেশ্য ব্যর্থ হতে পারে।
এ কারণে সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে এম শামসুর রহমান ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন বলে আবেদন করে দুদক। শুনানি শেষে আদালত ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার আদেশ দেন।
এএম
আরও পড়ুন: মেজর আখতারুজ্জামানের জামিন বহাল, রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন