০৪:০৬ পি.এম
বাংলাদেশের চারপাশে ছড়িয়ে থাকা পরিচিত কিছু ঔষধি গাছ ও উদ্ভিদ নানা রোগের চিকিৎসায় অসাধারণ ক্ষমতা প্রদর্শন করে। দেশের গবেষকদের মতে, বাংলাদেশে প্রায় ১ হাজার ৫০০ প্রজাতির উদ্ভিদের মধ্যে অন্তত ৮০০ প্রজাতির ঔষধি গুণাগুণ চিহ্নিত হয়েছে।
প্রাচীনকাল থেকে মানুষ আশপাশের গাছপালা, উদ্ভিদ এবং তরুলতা ঔষধি কাজে ব্যবহার করে আসছে। বিশেষ করে আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসায় এসব গাছের ব্যাপক ব্যবহার হয়ে আসছে। বাংলাদেশের গবেষকরা জানাচ্ছেন, আমাদের চারপাশে প্রচুর গাছের ঔষধি গুণ রয়েছে। গ্রামের মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে এগুলো ব্যবহার করে আসলেও, এখন গবেষণার মাধ্যমে এসব গাছের গুণাগুণের প্রমাণ পাওয়া যাচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেছেন, "পৃথিবীজুড়ে ৫০ হাজারের ওপর এমন গাছ ও উদ্ভিদ রয়েছে, যা মানুষ নানা কাজে ওষুধ হিসেবে ব্যবহার করে থাকে। এ রকম ১ হাজার ৫০০ প্রজাতির তথ্য রয়েছে। এর মধ্যে অন্তত ৮০০ প্রজাতির গাছ ও উদ্ভিদের ঔষধি ক্ষমতার প্রমাণ আমরা পেয়েছি।"
আরও পড়ুন: বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ার আলোচনা সভা
তিনি আরও বলেন, অনেক গাছ আমাদের ঘরের আশপাশে অযত্ন-অবহেলায় বেড়ে উঠছে। আবার সংরক্ষণের অভাবে অনেক গাছ ও উদ্ভিদ হারিয়ে যেতে বসেছে। বহু বছর ধরে গ্রামাঞ্চলের মানুষ এসব গাছকে ঔষধ হিসেবে ব্যবহার করে আসছে।
গাছপালা নিয়ে গবেষণা করা ড. তাহমিনা হক জানান, তিনি ৪৬৭ জনের ওপর গবেষণা করেছেন। ব্রাহ্মণবাড়িয়া মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে তিনি দেখেছেন— সেখানকার মানুষ অন্তত ২৪৭টি উদ্ভিদসহ বিভিন্ন ধরনের ঔষধি কাজে ব্যবহার করে আসছেন। বিশেষ করে ৭৩টির মতো শারীরিক সমস্যায় তারা এসব গাছের নিয়মিত ব্যবহার করেন। সব মিলিয়ে দেখা গেছে— এসব গাছপাতার ৪৮৫ ধরনের কাজে ব্যবহার করা হয়।
তিনি বলেন, গবেষণায় অনেক গাছের গুণাগুণের বিষয়টি প্রমাণিত হয়েছে। আবার কিছু উদ্ভিদ বা তরুলতার ব্যবহারকারীরা জানাচ্ছেন, তারা সেগুলো ব্যবহার করে উপকার পেয়েছেন।
গ্রামাঞ্চলে ঔষধি হিসেবে ব্যবহৃত গাছপালা, উদ্ভিদ বা তরুলতার মধ্যে কিছু উদাহরণ এখানে উল্লেখ করা হলো—
আরও পড়ুন: যেসব ভেষজ থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে সহায়ক
মেন্দা: বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চাপাইত্তা, কারজুকি, রতন, খারাজুরা নামেও পরিচিত। গ্রামাঞ্চলে পেটের পীড়া এবং রক্ত-আমাশার চিকিৎসায় পাতা বেটে পানিতে মিশিয়ে দুইবেলা খাওয়া হয়। ড. তাহমিনা হক জানান, গবেষণায় দেখা গেছে, এটি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর।
এ গাছের বাকল ও পাতা উভয়ই ব্যবহৃত হয়। এক সময় হাড় ভেঙে গেলে ছালের মিশ্রণ স্থানীয়ভাবে প্লাস্টারিংয়ে ব্যবহার করা হতো। বুকের ব্যথার জন্যও মালিশ করা হয়।
বনধনে: পেটের ব্যথা ও ডায়রিয়ার চিকিৎসায় কার্যকর। ঘা-পাঁচড়ার ক্ষেত্রে পাতার মিশ্রণ লাগানো হয়।
ভাট ফুল বা বনজুঁই: কৃমিনাশক এবং ডায়রিয়ার জন্য কার্যকর। কাঁচা হলুদের সঙ্গে পাতার রস মিশিয়ে খাওয়ানো হয়। চর্ম রোগের জন্য এই ফুলের রস মালিশ করে উপকার পাওয়া যায়।
আরও পড়ুন: লিভার ক্যানসারের লুকিয়ে থাকা ৫টি লক্ষণ
নিম: ডায়াবেটিসের রোগীরা নিমের পাতা শুকিয়ে ছোট ট্যাবলেট বানিয়ে সকাল-বিকেল খেয়ে থাকেন। চিকেন পক্স ও চামড়ার অ্যালার্জির মতো সমস্যায় নিমের পাতা গরম পানিতে মিশিয়ে ব্যবহার করা হয়। পোকা মাকড়ের কামড়ের ক্ষত হলে, সেখানে নিম ও হলুদের রস একসাথে মিশিয়ে লাগানো হয়। দাঁতের ব্যথার জন্য নিমের ডালের রস ব্যবহার করা হয়।
তুলসী: এটি বাংলাদেশের অনেকের কাছে পরিচিত। বিশেষ করে গ্রামের অনেক বাড়িতে দেখা যায়। সর্দিজনিত রোগে এই গাছটির পাতা খাওয়া হয়। অনেকে চায়ের সঙ্গেও ভিজিয়ে খান। বলা হয়ে থাকে, তুলসী পাতা ভেজে ঘি দিয়ে নিয়মিত খেলে মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়।
চিরতা: এটি কালমেঘ নামেও পরিচিত। ডায়াবেটিস রোগীরা এটি খেয়ে থাকেন। পাতাগুলো গুড়ো করে পানির সঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খাওয়া হয়। পেট খারাপ, ডায়রিয়া, জ্বর ও বাত ব্যথার ক্ষেত্রে সারারাত পানিতে ভিজিয়ে খাওয়া হয়।
পাথরকুচি: গ্রামে প্রচলিত ধারণা রয়েছে, পাথরকুচি কিডনির পাথর ভাঙতে সহায়তা করে, যদিও এর বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে ব্যবহারকারীরা গবেষকদের কাছে বলেছেন, জ্বর ও পেট ফাঁপার মতো সমস্যায় পাথরকুচির পাতা বেটে খেয়ে উপকার পেয়েছেন। চামড়ার অ্যালার্জির জন্যও এটি বেটে ব্যবহার করা হয়। ঠান্ডাজনিত সমস্যায় পাথরকুচির পাতার রস ব্যবহার করা হয়।
আরও পড়ুন: নারীর হৃদস্বাস্থ্য নিয়ে এত দিন যা জানা ছিল, তা বদলাচ্ছে
তকমা: হজমশক্তি বৃদ্ধিকারক ও ডায়াবেটিক নিয়ন্ত্রণে সহায়ক।
কেশরাজ বা কালোকেশী: ভারত উপমহাদেশে বহু বছর ধরে চুলের যত্নে এই গুল্মজাতীয় গাছটি ব্যবহার করা হচ্ছে। এটি চুল পড়া বন্ধ করতে সহায়তা করে বলে বিশ্বাস করা হয়। ড. তাহমিনা হক জানান, গবেষণার সময় অনেকেই বলেছেন, মেয়েদের মাসিকের সমস্যায় পাতার রস খেয়ে থাকেন। বৈজ্ঞানিকভাবে এটি ছত্রাকরোধী বা অ্যান্টিফাঙ্গাল হিসাবে প্রমাণিত হয়।
বাসক: ঠান্ডার জন্য এবং ফুসফুসের নানা সমস্যায় বাসক পাতার রস ফুটিয়ে সেই রস বা পানি খাওয়ানো হয়। শ্বাসনালীর সমস্যায় লালাগ্রন্থিকে বাসকের রস সক্রিয় করে বলে বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গেছে। তবে অধিক মাত্রায় খেলে বমি ভাব হতে পারে।
অর্জুন: এই গাছের মূল, ছাল, কাণ্ড, পাতা, ফল ও ফুল ঔষধি হিসাবে ব্যবহৃত হয়। হৃদরোগ এবং বুকে ব্যথার জন্য অর্জুনের ছাল গুড়ো করে খাওয়া হয়। অর্জুনের গুড়ো বাসক পাতার সঙ্গে মিশিয়ে খেলে যৌন ক্ষমতা বৃদ্ধি পায় বলে মনে করা হয়। মচকে গেলে বা হাড়ে চিড় ধরলে রসুনের সঙ্গে মিশিয়ে অর্জুনের ছাল বেটে লাগালে উপকার পাওয়া যায়।
আরও পড়ুন: রমেক হাসপাতালে যন্ত্রপাতি অচল, সংকটে চিকিৎসা সেবা
রিফিউজি লতা: এটি একেক অঞ্চলে একেক নামে পরিচিত। বাংলাদেশের প্রায় সর্বত্র এই লতা গাছটি দেখা যায়। কেটে গেলে রক্তপাত বন্ধ করতে সহায়তা করে।
জবা: পেট খারাপের জন্য জবা গাছের পাতা ও ফুল গরম ভাতের সঙ্গে মিশিয়ে খাওয়া হয়। জন্ডিসের জন্য পাতার জুস খাওয়া হয়। ফুলের রস নারীরা মাসিক ও স্রাবজনিত সমস্যার জন্য খেয়ে থাকেন।
লজ্জাবতী: অনেকে একে লাজুক লতা বা অঞ্জলিকারিকাও বলে থাকেন। এই গাছের শেকড় বেটে গুড়ো করে ডায়রিয়ার জন্য খাওয়া হয়। পাতা ঘা-পাঁচড়া নিরাময়ের জন্য ব্যবহার করা হয়। গাছের পাতা ও ফুল বেটে শরীরের ক্ষতের স্থানে ব্যবহার করা হয়। বাতজ্বর বা হাড়ের ব্যথায়ও এই গাছটি বেটে দিলে উপকার পাওয়া যায়। এছাড়া আমাশয়, হাত-পায় জলুনির জন্য অনেকে লজ্জাবতী গাছের মিশ্রণ ব্যবহার করেন।
দূর্বা ঘাস: মাঠে, ঘাটে, রাস্তার এই ঘাস অবাধে জন্মালেও অনেকেরই এর ঔষধি গুণের কথা জানা নেই। রক্তক্ষরণ, আঘাতজনিত কেটে যাওয়া, চর্ম রোগে এই ঘাসের রস অনেক উপকারী। কোথাও কেটে গেলে এই পাতার রস লাগালে রক্তপাত তাৎক্ষণিক বন্ধ হয়ে যায়। এতে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে বলে গবেষণায় প্রমাণিত হয়েছে।
আরও পড়ুন: ক্যানসার চিকিৎসা ৫ বছরে জনগণের কাছে পৌঁছে দিতে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ধুতুরা: এটি এখন বিলুপ্তির পথে। এটি অনেকে অ্যাজমার জন্য ব্যবহার করতেন। পাতা শুকিয়ে গুড়ো করে ধোয়া তৈরি করে সেটা শোকা হতো।
থানকুনি: এটি সম্ভবত বাংলাদেশে বহুল প্রচলিত একটি ঔষধি উদ্ভিদ। খুবই সাধারণ যেকোনো পেটের ওষুধের জন্য থানকুনি পাতা কার্যকরী। এটি পাতা বেটে রস বা ভর্তা করে খাওয়া হয়। এই পাতা হজম শক্তি বাড়ায়, কর্মক্ষমতা বৃদ্ধি করে, চুল পড়া কমায়, ক্ষত নিরাময়ে সহায়তা করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
স্বর্ণলতা: জন্ডিস নিরাময়, তলপেটের ব্যথা কমানো, ও ক্ষত উপশমে এই লতা কাজ করে বলে গবেষণায় দেখা গেছে। লতা সেদ্ধ করে পানি খাওয়া হয়। এই লতার পানি পিত্তনাশক ও কৃমি দমনে সহায়তা করে। ব্যাকটেরিয়া দমনেও এটি সহায়ক। তবে এই পাতার রস অনেক সময় গর্ভপাত, বা প্রজনন ক্ষমতা কমিয়ে দেয় বলেও ধারণা আছে।
শতমূলী: শতমূলী উচ্চমানের ফলিক এসিড ও পটাশিয়ামের প্রাকৃতিক উৎস। এতে ফাইবার, ভিটামিন এ ও ভিটামিন বি রয়েছে। এটি বন্ধ্যাত্ব নিরাময় ও শক্তিবর্ধক হিসাবে কাজ করে। সেই সঙ্গে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সহায়তা করে।
বিলিম্বি: কামরাঙ্গা গোত্রের একটি ফল হলেও এটি আলাদা ধরনের একটি ফল। এই ফল ডায়াবেটিক নিয়ন্ত্রণে প্রমাণিত। গবেষণায় দেখা গেছে, এর ভেতরে অ্যান্টি-অক্সিডেন্ট আছে। চুলকানি নিরাময়, মাম্পস, চামড়া ফাটা, যৌনরোগ চিকিৎসায় অনেক আয়ুর্বেদিক চিকিৎসক এই গাছের ফল ও পাতা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তবে যাদের কিডনির রোগ রয়েছে, তাদের জন্য এই ফল বা পাতা ক্ষতিকর।
সাজনা: উচ্চ রক্তচাপ ও লিভারের বিভিন্ন ওষুধে সাজনার পাতা ও ফল ব্যবহার হয়। মনে করা হয়, সাজনা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে। কাঁচা রসুনের সঙ্গে সাজনা গাছের পাতা একসঙ্গে মিলিয়ে খেয়ে বাতের ব্যথা উপশম হয়। এছাড়া এই গাছের পাতা ও ফল অনেক পুষ্টিকারক বলে গবেষণায় দেখা গেছে। রুচি বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বলে বহুকাল ধরে ভারতীয় উপমহাদেশে বিশ্বাস রয়েছে।
এছাড়া আমলকি, হরিতকী, বহেরার মতো ফলগুলো ঔষধি হিসাবে বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন