ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

ভারতের ভিসা ব্যবস্থায় ১৩ শ্রেণি থেকে ৯ শ্রেণিতে পরিবর্তন


ভারতের ভিসা ব্যবস্থায় ১৩ শ্রেণি থেকে ৯ শ্রেণিতে পরিবর্তন

ভারতের ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন করেছে দেশটির সরকার। ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি করা হয়েছে এবং উপশ্রেণি ৪৯টি থেকে ২৩টিতে নামিয়ে আনা হয়েছে। আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যের ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ কমানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নতুন কাঠামোয় ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ—এই ৯ শ্রেণিতে ভিসা প্রদান করা হবে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই পদক্ষেপের ফলে পর্যটক, রোগী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা বিশেষ সুবিধা লাভ করবেন।

নতুন কাঠামো অনুযায়ী, ভারতের পূর্ববর্তী ১৩টি প্রধান ভিসা ক্যাটাগরি কমিয়ে ৯টিতে এবং ৪৯টি উপশ্রেণি কমিয়ে ২৩টিতে নামিয়ে আনা হয়েছে। নতুন ৯টি প্রধান ক্যাটাগরি হলো—ভিজিটর, চিকিৎসা, শিক্ষার্থী, ব্যবসায়িক, কর্মসংস্থান, সাংবাদিক, কূটনৈতিক, সরকারি এবং বিবিধ ভিসা।

আরও পড়ুন: ইয়েমেনে হুথিদের অস্ত্রভাণ্ডারে সরকারি বাহিনীর বিমান হামলা

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ২৩টি উপশ্রেণির আবেদন ফরম থেকে অপ্রয়োজনীয় তথ্যের কলাম বা ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত বাদ দেওয়া হয়েছে।

নতুন নিয়মে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন পর্যটন খাতে এসেছে। প্রচলিত ‘ট্যুরিস্ট ভিসা’র নাম পরিবর্তন করে এখন থেকে এটি ‘ভিজিটর ভিসা’ নামে পরিচিত হবে। এই ভিসার আওতায় শুধু ভ্রমণই নয়, বরং স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ গ্রহণ, ওয়েলনেস কার্যক্রম এবং ভারতীয় ভাষা, সংগীত ও কারুশিল্পের স্বল্পমেয়াদি কোর্সে অংশ নেওয়া যাবে।

ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন, যাতে একাধিকবার ভারতে প্রবেশের (মাল্টিপল এন্ট্রি) সুযোগ থাকবে।

ভি-২ ভিসা আবেদনকারীর প্রয়োজন ও যোগ্যতা সাপেক্ষে ১, ৫ অথবা ১০ বছর মেয়াদি এই ভিসা দেওয়া হবে। এটি দীর্ঘমেয়াদি ভ্রমণ ও পর্বতারোহণের ক্ষেত্রেও কার্যকর হবে।

আরও পড়ুন: ফিলিপাইন ও অস্ট্রেলিয়া প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি সই করল

চিকিৎসা ও শিক্ষার্থী ভিসায় নতুন বিন্যাস এসেছে। চিকিৎসাসেবা নিতে ভারতে গমনেচ্ছু বিদেশিদের জন্য সাধারণ চিকিৎসায় এম-১ এবং আয়ুশ পদ্ধতির চিকিৎসায় এম-৩ ভিসা চালু করা হয়েছে। এক বছর মেয়াদি এই দুটি ভিসাতেই একাধিকবার যাতায়াতের সুযোগ থাকবে। রোগীর সঙ্গে থাকা স্বজন বা সহকারীদের জন্য যথাক্রমে এম-২ ও এম-৪ ভিসার ব্যবস্থা রাখা হয়েছে, যা বারবার ভিসা আবেদনের ঝক্কি কমাবে।

অন্যদিকে, শিক্ষার্থীদের জন্য স্কুল থেকে স্নাতকোত্তর পর্যায়ে এস-১ এবং পিএইচডি, গবেষণা, ভিজিটিং শিক্ষক ও ইন্টার্নশিপের জন্য এস-২ ভিসা নির্ধারণ করা হয়েছে। ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছর বা কোর্সের মেয়াদ পর্যন্ত মাল্টিপল এন্ট্রিসহ ই-এস১ ভিসা পাবেন।

ব্যবসায়িক ও কারিগরি ভিসায় পরিবর্তন

ব্যবসায়িক ভিসাকে বি-১ ও বি-২-এই দুই ভাগে বিভক্ত করা হয়েছে। ভারতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে বি-১ ভিসা এবং স্বল্পমেয়াদি চুক্তি, সম্মেলন, খেলাধুলা বা সাংস্কৃতিক কাজে বি-২ ভিসা দেওয়া হবে। ভারতীয় প্রতিষ্ঠানে যন্ত্রপাতি স্থাপন ও কারিগরি সহায়তা দিতে যাওয়া বিদেশি প্রকৌশলীদের জন্য ই-ভিসার মাধ্যমে বি-২ শ্রেণির আওতায় ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’র সুবিধা রাখা হয়েছে।

আরও পড়ুন: রোহিঙ্গা গণহত্যার রায় ইসরাইলের ওপর প্রভাব ফেলবে

এছাড়া কূটনীতিক, সাংবাদিক, জাতিসংঘের কর্মকর্তা ও ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের জন্য প্রচলিত বিশেষ ভিসা সুবিধাগুলো আগের মতোই বহাল থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে অফিসের দরজা বন্ধ করে কিশোরীকে ধর্ষণ, গার্মেন্টস মালিক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


মুন্সীগঞ্জে অফিসের দরজা বন্ধ করে কিশোরীকে ধর্ষণ, গার্মেন্টস মালিক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি পোশাক কারখানার মালিক আনোয়ার মাঝিকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার ইসলামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে আনোয়ার মাঝিকে গ্রেপ্তার করার তথ্য জানিয়েছে পুলিশ।

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ১২ নভেম্বর দুপুর আড়াইটার দিকে সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী এলাকার ‘ইন্ডিয়ান টেক্সটাইল’ নামের পোশাক কারখানার মালিকের ব্যক্তিগত অফিসকক্ষে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরীর মা অভিযোগ করেছেন যে, অফিসকক্ষের দরজা বন্ধ করে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন আনোয়ার মাঝি। পরে তাকে ওই কক্ষের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয়।

ভুক্তভোগী কিশোরীর মা হালিমা খাতুন (৪৯) প্রায় দুই মাস ধরে ওই কারখানায় কাজ করছিলেন। তার পরিচয়ের সূত্র ধরে মালিকের ব্যক্তিগত অফিসে দাপ্তরিক কাজে সহযোগিতার জন্য মেয়েকে রাখা হয়েছিল। মেয়েকে আটকে রাখার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গত ১৩ নভেম্বর কিশোরীর মা সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।

এদিকে, ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার প্রধান আসামি আনোয়ার মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে গভীর রাতে আগুন, পুড়ল গাড়ি ও নথিপত্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


সিলেটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে গভীর রাতে আগুন, পুড়ল গাড়ি ও নথিপত্র

সিলেট নগরীর উপশহর এলাকায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের ফলে ব্যাংকের গুরুত্বপূর্ণ নথিপত্র এবং একজন কর্মকর্তার ব্যবহৃত একটি গাড়ি পুড়ে গেছে। এ ঘটনার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ৩টা ৫০ মিনিটের সময় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের সিলেট জোনাল কার্যালয়ের জোনাল অফিসার আবুল হোসেন।

আবুল হোসেন বলেন, ভোররাতে কার্যালয়ের পাহারাদার ফোন করে আগুন লাগার খবর দেন। তিনি জানান, খবর পেয়ে তিনি আরো তিনজনকে নিয়ে ঘটনাস্থলে যান এবং পরে তারা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

তিনি আরো বলেন, আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও একজন কর্মকর্তার ব্যবহৃত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার সকালে শাহপরাণ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং পুলিশ আশপাশের কয়েকটি প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে।

গ্রামীণ ব্যাংকের এই কর্মকর্তা আরও জানান, দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কার্যালয়ে আগুন দেওয়ার খবর ছড়িয়ে পড়েছিল, যা ছিল একটি গুজব। কিন্তু রবিবার রাতে অজ্ঞাত ব্যক্তিরা সত্যিই কার্যালয়ে আগুন দিয়েছে।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমদ বলেন, এ ঘটনায় থানায় জিডি হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ফায়ার সার্ভিস সিলেট সদরের লিডার ক্ষিতিশ কুমার দাস বলেন, আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। কিন্তু সেখানে পৌঁছে দেখেন, ব্যাংক কর্তৃপক্ষ নিজেরাই আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবি শিক্ষার্থীর ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসা সহায়তার আকুতি

আন্তর্জাতিক ডেস্ক

​ইবি প্রতিনিধি

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


ইবি শিক্ষার্থীর ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসা সহায়তার আকুতি

মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিজয় মজুমদারের মা। মায়ের জীবন বাঁচাতে এবং চিকিৎসাক্রম চালিয়ে যেতে সমাজের বিত্তবান ও সহৃদয়বান মানুষের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন এই শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্রেস্ট ক্যানসারে ভুগছেন বিজয়ের মা। মায়ের চিকিৎসার জন্য ইতোমধ্যে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ৬টি কেমোথেরাপি, একটি সার্জারি এবং ১৯টি রেডিওথেরাপি সম্পন্ন করা হয়েছে। এ পর্যন্ত চিকিৎসার পেছনে পরিবারের প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকা ব্যয় হয়েছে। দীর্ঘ এই লড়াইয়ে পরিবারের আর্থিক সামর্থ্য এখন সম্পূর্ণ নিঃশেষ। এখন অর্থ অভাবে চিকিৎসা ব্যবস্থা থমকে গেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, মায়ের সুস্থতা নিশ্চিত করতে বর্তমানে আরও ১১টি টার্গেটেড থেরাপি দেওয়া প্রয়োজন, যার আনুমানিক খরচ প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকা। কিন্তু চরম আর্থিক সংকটের কারণে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া পরিবারটির পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

অসহায় শিক্ষার্থী বিজয় মজুমদার বলেন, ‘অর্থের অভাবে যেন আমার মায়ের চিকিৎসাসেবা বন্ধ হয়ে না যায়। একজন সন্তান হিসেবে মাকে সুস্থভাবে ফিরে পাওয়ার চেয়ে বড় কোনো প্রাপ্তি হতে পারে না। সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে হয়তো আমার মা আবার সুস্থ জীবনে ফিরে আসতে পারবেন।’

সহযোগিতা পাঠানোর মাধ্যম:
মায়ের চিকিৎসায় সহায়তা করতে সরাসরি আর্থিক অনুদান পাঠানো যাবে নিচের মাধ্যমগুলোতে—
বিকাশ/নগদ/রকেট: ০১৯৬৮৪০২১৩১
ব্যাংক হিসাব (Dutch Bangla Bank):
A/C Number: 1171030815230 (জয় মজুমদার)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিপাইন ও অস্ট্রেলিয়া প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি সই করল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


ফিলিপাইন ও অস্ট্রেলিয়া প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি সই করল

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক নিরাপত্তা শক্তিশালী করার উদ্দেশ্যে নতুন একটি প্রতিরক্ষা চুক্তি সই করেছে ফিলিপাইন ও অস্ট্রেলিয়া।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় চীনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির প্রেক্ষাপটে রোববার এই চুক্তিটি সম্পন্ন হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

দুই দেশের মধ্যে পূর্বে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারককে হালনাগাদ করে নতুন চুক্তিটি করা হয়েছে। ম্যানিলায় দুই দেশের নেতাদের বৈঠকের সময় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক বছরগুলোতে ফিলিপাইন ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগরে যৌথ নৌ টহল এবং স্থলভিত্তিক সামরিক মহড়াও এই সহযোগিতার অন্তর্ভুক্ত।

যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে ফিলিপাইন দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ জলসীমা নিয়ে কয়েক বছর ধরে চীনের সঙ্গে বিরোধ ও উত্তেজনার মধ্যে রয়েছে।

চীন এই সমুদ্রাঞ্চলের প্রায় পুরোটাই নিজেদের বলে দাবি করে। তবে আন্তর্জাতিক সালিশি আদালতের এক রায়ে চীনের এ দাবির কোনো আইনি ভিত্তি নেই বলে উল্লেখ করা হয়েছে।

রোববার চুক্তি স্বাক্ষরের পর ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওদোরো সাংবাদিকদের জানান, ‘এই চুক্তির ফলে আমাদের কার্যক্রম আরও দ্রুত ও গতিশীল হবে। দুই দেশের মধ্যে সমন্বয়ের প্রক্রিয়াও সহজ হবে।’

দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এলাকার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের এখতিয়ারভুক্ত এলাকায় বিশ্বাসযোগ্য প্রতিরোধক্ষমতা আরও জোরদার করবে এই চুক্তি।’

তেওদোরো আরও জানান, হালনাগাদ চুক্তির ফলে ফিলিপাইনের সেনারা অস্ট্রেলিয়ার সামরিক সরঞ্জাম ও অস্ত্র সম্পর্কে আরও ভালোভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। এতে দুই দেশের যৌথ সামরিক প্রশিক্ষণের প্রক্রিয়াও সহজ হবে।

২০১২ সাল থেকে অস্ট্রেলিয়া ও ফিলিপাইনের মধ্যে একটি ‘ভিজিটিং ফোর্সেস অ্যাগ্রিমেন্ট’ কার্যকর রয়েছে। এর আওতায় দুই দেশের সেনারা পরস্পরের ভূখণ্ডে সামরিক প্রশিক্ষণ নিতে পারেন।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস পরে এক বিবৃতিতে বলেন, নতুন চুক্তিটি দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও গভীর করবে। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে একসঙ্গে কাজ করার নতুন সুযোগ তৈরি করবে।

বিবৃতিতে নতুন চুক্তির গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে সমুদ্রপথে নিরাপত্তা কার্যক্রম জোরদার, তথ্য আদান-প্রদান এবং প্রতিরক্ষা অবকাঠামোর উন্নয়নের কথা উল্লেখ করা হয়েছে।

গত মাসে ফিলিপিনে অনুষ্ঠিত আসিয়ান প্রতিরক্ষাপ্রধানদের সম্মেলনে মার্লেস বলেছিলেন, চীনের সামরিক শক্তি বৃদ্ধির কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ায় এক ধরনের চাপের পরিস্থিতি তৈরি হচ্ছে। এ অবস্থায় মিত্র ও অংশীদার দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%