০৪:৪৬ পি.এম
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার নিকটবর্তী একটি কারাগারে কয়েদিদের বিলাসী জীবনযাপনের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযানের মাধ্যমে ভিআইপি বন্দিদের জন্য শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি), বড় পর্দার টেলিভিশন এবং সুইমিং পুলসহ অ্যাপার্টমেন্ট-ধাঁচের এলাকা খুঁজে পায়। এই ঘটনার পর পাঁচজন কারাগার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
ইন্দোনেশিয়ার সরকারি তদারকি সংস্থা ওম্বুডসম্যানের পক্ষ থেকে ‘সিবিনং ক্লাস টুএ’ কারাগারে এই আকস্মিক পরিদর্শন চালানো হয়। সেখানে অস্বাভাবিক বিলাসিতার বিষয়টি প্রকাশ পায়। খবরটি সামা টিভির মাধ্যমে জানা যায়।
এ ঘটনার ফলে ধনী বা প্রভাবশালী বন্দিদের বিশেষ সুবিধা পাওয়ার বিষয়টি নিয়ে জনমনে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের অবস্থান খুঁজে পাচ্ছে না জাতিসংঘ
জাকার্তার বাইরে অবস্থিত চার হেক্টর আয়তনের এই কারাগারটি মাঝারি থেকে উচ্চ-নিরাপত্তা ব্যবস্থার কেন্দ্র, যেখানে ‘হোয়াইট-কলার ক্রাইম’ বা দাপ্তরিক ও আর্থিক জালিয়াতিসহ গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তিদের রাখা হয়।
ওম্বুডসম্যানের দলটি সাংবাদিকদের নিয়ে সেখানে পৌঁছালে তারা কাঠের বেড়া দিয়ে ঘেরা একটি এলাকা দেখতে পান। প্রথমে কারারক্ষীরা পরিদর্শকদের ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়ার চেষ্টা করেন।
কারাগার প্রধানের বাসভবনের পেছনে বেড়া-ঘেরা ওই এলাকায় অন্তত ১০টি আবাসিক ইউনিট পাওয়া যায়; যেখানে এসি, সোফা, রেফ্রিজারেটর, খাবার জায়গা এবং বিভিন্ন গৃহস্থালি সরঞ্জাম ছিল।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তদন্তকারীরা সেখানে টয়োটা আলফার্ড ও টয়োটা ফরচুনার মতো দামি গাড়িও খুঁজে পান। এছাড়া ওই চত্বরের ভেতরে একটি সুইমিং পুল, জিম এবং নির্মাণাধীন একটি গলফ সিমুলেটরও পাওয়া গেছে।
আরও পড়ুন: কপ-৩১-এ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’
তদন্তকারীরা কাছের একটি বাঁশঝাড় ও আবর্জনা ফেলার জায়গার মধ্য দিয়ে পেছনের দিকে একটি গোপন পথ খুঁজে পান। ওই পথটি সরকারি তল্লাশি চৌকিগুলো এড়িয়ে ওই চত্বরে প্রবেশ বা বের হওয়ার জন্য ব্যবহার করা হতো।
ইন্দোনেশিয়ার ওম্বুডসম্যান অফিসের সদস্য সাফ্রিয়াদা রাচমাওয়াতি রাসাহান বলেন, "কিছু বন্দি এমন বিশেষ সুবিধা ভোগ করছিলেন যা সাধারণ বন্দিদের জন্য উপলব্ধ নয়।" আবাসিক চত্বরের ভেতরে বন্দিদের পাওয়া গেছে। সেখানকার আবাসন ব্যবস্থা সাধারণ কারাগারের কক্ষের মতো নয়, বরং বাড়ি, অ্যাপার্টমেন্ট বা ভিলার মতো ছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন