ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাঙামাটিতে জমি বিরোধের জেরে পেঁপের বাগান ধ্বংসের অভিযোগ


রাঙামাটিতে জমি বিরোধের জেরে পেঁপের বাগান ধ্বংসের অভিযোগ

রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকার ১ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর পোস্টের পাশে একই জমি নিয়ে আবু সাহেদ ও ফজিলাতুন্নেছা পরিবারের মধ্যে পাল্টাপাল্টি দাবির কারণে উত্তেজনা বিরাজ করছে। জমি নিয়ে দীর্ঘদিন ধরে হামলা-মামলা, বসতবাড়ি ও ফসল-বাগান ধ্বংসের অভিযোগ উঠেছে। তবে স্থানীয় ইউপি সদস্য জানিয়েছেন, বিক্রেতা জমি পরিমাপ করে বুঝিয়ে না দেওয়ায় এই জটিলতা প্রকট আকার ধারণ করেছে।

সরেজমিনে ঘুরে এবং উভয় পক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, আবু সাহেদ ওয়াজ উদ্দীনের কাছ থেকে জমি কিনেছেন, এটি যেমন সত্য, তেমনি ওই এলাকায় ফজিলাতুন্নেছারও রেকর্ডীয় জমি রয়েছে, তা সঠিক। কিন্তু আবু সাহেদের কাছে জমি বিক্রি করা ওয়াজ উদ্দীন এখন পর্যন্ত জায়গাটি পরিমাপ করে বুঝিয়ে দিতে পারেননি।

অভিযোগ তুলে আবু সাহেদ বলেন, "আমি ২০২৫ সালে ওয়াজ উদ্দীনের কাছ থেকে ৯৫ শতাংশ জমি কিনি এবং তা নামজারিও করে দেওয়া হয়। তখন থেকেই সেখানে ঘর তুলে বসবাস করছি এবং বিভিন্ন ফসল আবাদ করছি। কিন্তু কয়েক দিন ধরে মোস্তফা জায়গাটি তার মায়ের দাবি করে আমাদের ওপর হামলা চালাচ্ছে। আমরা সেখানে পেঁপে বাগান ও আগর গাছ লাগিয়েছিলাম; মোস্তফা ও তার লোকজন পুরো বাগান কেটে ধ্বংস করে দিয়েছে। আমরা এই হামলা ও হয়রানির দ্রুত প্রতিকার চাই।"

আরও পড়ুন: দিরাইয়ে বিশুদ্ধ পানির সংকটের মধ্যেই সরকারি নলকূপ ঘরের ভেতরে, ব্যক্তিগত সম্পত্তি দাবি আবু তালিবের

জমি বিক্রেতা ওয়াজ উদ্দীন বলেন, "আমি ২০২৫ সালে আবু সাহেদের কাছে আমার রেকর্ডীয় জমি থেকে ৯৫ শতাংশ ধানের জমি বিক্রি করেছি এবং নামজারি করে দিয়েছি। কিন্তু এখন তারা টিলা জমি দাবি করছে।"

অন্যদিকে ফজিলাতুন্নেছার স্বামী মোহাম্মদ আলী সরদার বলেন, "আমার স্ত্রীর নামে ১৯৭৯-৮০ সালের রেকর্ডীয় জমি রয়েছে। কয়েক যুগ ধরে আমরা এই জায়গায় বসবাস করে আসছি। কিন্তু আবু সাহেদ ওয়াজ উদ্দীনের কাছ থেকে জমি কিনে আমাদের লাগানো জলপাই বাগানসহ জায়গা দখল করতে চাইছেন এবং উল্টো আমাদের নামেই মিথ্যা মামলা দিয়েছেন। স্থানীয়ভাবে বিচার-সালিশ হলেও তারা কোনো বিচার মানতে রাজি নন। আমরা এই মিথ্যা হয়রানি থেকে মুক্তি চাই।"

বগাচতর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জহিরুল হক বলেন, "আবু সাহেদ যে জায়গা কিনেছেন, তা সত্য। কিন্তু ওয়াজ উদ্দীন এখনও জমিটি সঠিকভাবে পরিমাপ করে বুঝিয়ে দেননি। একই জমি নিয়ে দীর্ঘদিন ধরে হামলা-মামলা চলছে, কোনো সুরাহা হয়নি। দ্রুত ভূমি জরিপ ও সীমানা নির্ধারণের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন: ‎কুলাউড়ায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতা গ্রে*প্তা*র

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশ প্রশাসনে ১৭ কর্মকর্তার বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


পুলিশ প্রশাসনে ১৭ কর্মকর্তার বদলি, নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ

পুলিশ প্রশাসনে ১৭ জন কর্মকর্তার বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাদের মধ্যে উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা অন্তর্ভুক্ত। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথক একটি প্রজ্ঞাপনে এই তথ্য প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গণিকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। একই বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে রংপুর পিটিসির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ টেলিকম, রাজারবাগের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ টেলিকমের পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

সিআইডির পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। টিডিএসের অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে রংপুর পিটিসির অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার শেখ শরীফুল ইসলামকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া, রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।

স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ সুপার মো. আশরাফুজ্জামানকে কেএমপির উপপুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার কবীর আহম্মেদকেও একই ইউনিটে উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. জাহিদুল ইসলামকে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৪ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। যদি তা না করা হয়, তাহলে ২৫ নভেম্বর থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শামা ওবায়েদ: আইসিজের রায় বাংলাদেশের জন্য পজিটিভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


শামা ওবায়েদ: আইসিজের রায় বাংলাদেশের জন্য পজিটিভ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মন্তব্য করেছেন যে, দীর্ঘকাল ধরে বাস্তুচ্যুত রোহিঙ্গারা বাংলাদেশে অবস্থান করছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিজে) আজকের রায় রোহিঙ্গা জনগণের জন্য এবং বাংলাদেশের জন্য পজিটিভ হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আইসিজের রায় সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এই কথা বলেন।

তিনি উল্লেখ করেন, গাম্বিয়াসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানাচ্ছি। এই রায়ে স্পষ্টভাবে প্রতিস্থাপন হয়েছে যে, মিয়ানমার গণহত্যার কার্যক্রম চালিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) একটি সংবাদ সম্মেলন আয়োজন করবে।

তিনি আরও জানান, বাংলাদেশ সরকার মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। ইউএন অ্যাসেম্বলিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এখন মিয়ানমার সরকারকে চাপ দেয়ার জন্য একটি বড় ক্ষেত্র তৈরি হয়েছে।

শামা ওবায়েদ বলেন, এই রায়ের পর যদি গণহত্যা এবং অত্যাচার আবার শুরু হয়, সে বিষয়ে বাংলাদেশ সতর্ক থাকবে। আমরা চাই না রোহিঙ্গাদের ওপর নির্যাতন নেমে আসুক এবং আমরা এর প্রতিবাদ জানাই। রোহিঙ্গা জনগণ তাদের নিজ দেশে ফিরে যেতে চায়।

বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরে রোহিঙ্গা সমস্যার গুরুত্ব তুলে ধরেছেন। তারা বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এই রায় আমাদের শক্তভাবে দাবি উত্থাপনের সুযোগ করে দিয়েছে। আশা করি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে, যোগ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হ্যামস্ট্রিং চোটে দ্বিতীয় টেস্টের বাকি অংশে খেলা হচ্ছেনা সাকিবের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


হ্যামস্ট্রিং চোটে দ্বিতীয় টেস্টের বাকি অংশে খেলা হচ্ছেনা সাকিবের

ঢাকা, ১৯ নভেম্বর ২০২৬ : হ্যামস্ট্রিং চোটের কারণে চলমান দ্বিতীয় টেস্টের বাকি অংশে খেলতে পারবেন না পাকিস্তানের পেসার সাকিব খান, যিনি শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে খেলছেন।

দ্বিতীয় দিনের শুরুতেই মাঠ ছাড়তে বাধ্য হন সাকিব। তিনি নিজের দ্বিতীয় ওভারে মাত্র দুই বল করার পর মাঠ থেকে উঠে যান। রাতের দিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, চোটের ধরন এবং এই টেস্টে তিনি আর বোলিং করতে পারবেন কি না, তা মূল্যায়নের জন্য তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তৃতীয় দিনে সাকিব আর মাঠে নামেননি। এর কিছুক্ষণ পর পিসিবি এক বিবৃতিতে জানায়, তাঁর বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে।

পাকিস্তানের জন্য এই চোট একটি বড় ধাক্কা। কারণ, চার পেসার নিয়ে মাঠে নেমেছিল দলটি। ফলে শ্রীলঙ্কার দৃঢ় প্রতিরোধের বিপক্ষে বাকি তিন পেসারকেই বাড়তি দায়িত্ব সামলাতে হচ্ছে।

সাকিবের চোটের কারণে অন্য বোলারদের ওপর কাজের চাপ বেড়ে গেছে। খন্ডকালীন স্পিনার সালমান আগাকে খুব বেশি ব্যবহার করেনি পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে প্রথম ৭৪ ওভারের মধ্যে তিনি বোলিং করেছেন মাত্র পাঁচ ওভার। তবে সোনাল দিনুশা ও কুশল মেন্ডিসের ৮১ রানের ষষ্ঠ উইকেট জুটি ভাঙতে সক্ষম হন তিনি।

৩১ বছর বয়সী সাকিব টেস্ট ক্রিকেটে দারুণ সূচনা করেছেন। চলতি সিরিজে এখন পর্যন্ত তিনিই সর্বোচ্চ উইকেটশিকারি। প্রথম টেস্টের প্রথম ইনিংসে সাত উইকেট নেওয়ার পর দ্বিতীয় টেস্টেও আরও দুটি উইকেট পেয়েছেন তিনি।

সাকিবের চোট আবারও মনে করিয়ে দেয়, দীর্ঘ সময় ধরে পাকিস্তানের পেসারদের ফিট রাখা কতটা কঠিন। তবে চলতি টেস্ট মৌসুমে পাকিস্তানের ম্যাচের চাপ তুলনামূলক কম। আগামী দুই মাস তাদের কোনো ম্যাচ নেই।

আগামী বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট খেলবে পাকিস্তান। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রের বাকি সময়ে তাদের আর কোনো টেস্ট ম্যাচ নির্ধারিত নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়ালটন নতুন প্রিমিয়াম গিজার, কেটলি ও রুম হিটার বাজারে উন্মোচন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


ওয়ালটন নতুন প্রিমিয়াম গিজার, কেটলি ও রুম হিটার বাজারে উন্মোচন

শীতের মৌসুমকে সামনে রেখে দেশের সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার বাজারে নিয়ে এসেছে। এই নতুন পণ্যগুলো সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারসমৃদ্ধ।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এসব হোম অ্যাপ্লায়েন্সেসের উন্মোচন করা হয়। জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল এই নতুন মডেলগুলো উদ্বোধন করেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন প্রিমিয়াম মডেলের গিজারের মধ্যে রয়েছে আইওটি (ইন্টারনেট অব থিংস) বেজড ওয়াই-ফাই কানেক্টেড ৪৫ লিটার ধারণক্ষমতার ‘অ্যাকুয়াওয়ার্ম’ স্মার্ট গিজার, ডুয়েল মাউন্টিং ইনস্টলেশন সুবিধা ও দুই স্তরের নিরাপত্তা ফিচারসহ ৪০ লিটারের ‘ক্রিস্টাল ফ্লেক্স’ মডেল এবং উচ্চ তাপ ও চাপ সহনশীল প্লাস্টিক বডির ৩০ লিটারের ‘সুপ্রিম’ মডেল। অ্যাকুয়াওয়ার্ম স্মার্ট গিজারটি অ্যালেক্সা ও গুগল হোমের মাধ্যমে ভয়েস কমান্ডের সাহায্যে নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়া ওয়ালটন স্মার্ট হোম অ্যাপের মাধ্যমে মোবাইল ফোনের সাহায্যে যেকোনো স্থান থেকে এটি পরিচালনা করা সম্ভব। বর্তমানে ওয়ালটন গিজারে গ্রাহকদের ৭ বছরের ওয়ারেন্টি সুবিধা প্রদান করা হচ্ছে।

এছাড়া ওয়ালটন নতুন মডেলের ইলেকট্রিক কেটলি বাজারে এনেছে, যার মধ্যে রয়েছে ট্রিপল লেয়ার সিরিজ, ডাবল লেয়ার সিরিজ, গ্লাস সিরিজ, ডিজিটাল ডিসপ্লে ও রেট্রো ক্লাসিক। ঘর গরম রাখার জন্য কম্বো মডেলের রুম হিটারও আনা হয়েছে, যাতে এয়ার কুলার ও এয়ার হিউমিডিটির সুবিধা রয়েছে। ফলে এটি তীব্র শীতে ঘর গরম রাখার পাশাপাশি অতিরিক্ত গরমের সময়েও ঘরের বাতাস শীতল রাখতে সহায়তা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%