১০:০৪ পি.এম
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার উদ্দেশ্যে দেশে গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে। তিনি সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে ওই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়েছেন।
স্পিকার বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা বলেন।
তিনি উল্লেখ করেন, ‘মাননীয় সদস্যবৃন্দ, একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে।’
আরও পড়ুন: এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে অগ্নিসংযোগের নিন্দা জানালো জামায়াত
স্পিকার আরও বলেন, ‘জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আপনারা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করবেন এবং নাগরিকদের নিরাপত্তা বিধান করবেন। এই মর্মে আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি।’
তিনি বলেন, ‘সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার উদ্দীপনামূলক বক্তব্যে দেশের প্রতিটি নাগরিক আজ অনুপ্রাণিত হয়েছেন।’ স্পিকার বলেন, ‘এ অধিবেশনে জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা, মতামত প্রদান এবং সংসদীয় কার্যক্রম পরিচালনায় আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
সংসদ পরিচালনায় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ ও বিরোধী দলের চিফ হুইপসহ সকল সংসদ সদস্যকে ধন্যবাদ জানান স্পিকার। তিনি বলেন, ‘মাননীয় ডেপুটি স্পিকার এবং সভাপতি মণ্ডলীর সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
বক্তব্যের শেষ পর্যায়ে স্পিকার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন।
আরও পড়ুন: ভোটের রায় বাস্তবায়নে লং মার্চ করেছি, সরকার বাধ্য করলে হরতাল-অবরোধ করবো: ছাত্রশিবির সভাপতি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন