১০:১২ পি.এম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আওয়ামী লীগকে ‘সন্ত্রাসবাদী সংগঠন’ আখ্যা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে। তারা পতিত ফ্যাসিস্টদের ধারাবাহিক অগ্নিসন্ত্রাস, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, মানুষ হত্যা এবং গ্রামীণ ব্যাংকের ওপর সিরিজ হামলার কঠোর দমন দাবি করেছে। দলটি আইনানুগ পন্থায় দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সন্ত্রাসবাদ প্রতিরোধের কথাও উল্লেখ করেছে। বুধবার এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে দেশজুড়ে পতিত ও পলাতক ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগের ধারাবাহিক পেট্রোল বোমা নিক্ষেপ, আগুন সন্ত্রাস, নিরীহ মানুষ পুড়িয়ে হত্যা, থানায় অগ্নিসংযোগ, একজন সংসদ সদস্যের বাড়িতে আগুন এবং অসংখ্য রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এনসিপি।
দলটি দাবি করেছে, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার কাছে পরাজিত হয়ে আওয়ামী লীগ এখন দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, এই পুরো সন্ত্রাসবাদী ও নাশকতামূলক কার্যক্রমের পরিকল্পনা, অর্থায়ন এবং পরিচালনা সরাসরি ভারতে অবস্থানের মাধ্যমে সম্ভব হচ্ছে। ভারতে আশ্রয়প্রাপ্ত আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতাদের অনলাইনে দেওয়া নির্দেশেই দেশের ভেতরে এই নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও হত্যাযজ্ঞ চালানো হচ্ছে।
আরও পড়ুন: এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে অগ্নিসংযোগের নিন্দা জানালো জামায়াত
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সন্ত্রাসীদের এই ধ্বংসযজ্ঞ থেকে দেশের একমাত্র নোবেল পুরস্কার জয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকও রেহাই পাচ্ছে না। প্রতিষ্ঠানটির অন্তত ৩৭ শাখায় সিরিজ সন্ত্রাসবাদী হামলা চালিয়ে দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তিকে ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র চলছে। দরিদ্র নারীদের ক্ষুদ্রঋণ প্রদানকারী এই সংস্থাটি বাংলাদেশের সম্পদ। এ ধরনের হামলা ও আগুন দেয়ার ঘটনায় দেশের দরিদ্র পরিবারগুলো সরাসরি ভুক্তভোগী হচ্ছে। পাশাপাশি বৈশ্বিক দাতা সংস্থা ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর কাছে বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নেই— এমন অশুভ বার্তা যাচ্ছে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপি বলেছে, দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান সাংবিধানিক দায়িত্ব। চলমান এই আগুন সন্ত্রাস ও নাশকতা কঠোর হস্তে দমন করে অবিলম্বে জনমনে স্বস্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে। একই সাথে বিদেশের মাটিতে বসে যারা বাংলাদেশের বিরুদ্ধে এই সন্ত্রাস পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে কূটনৈতিক ও আইনগত কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং মাঠ পর্যায়ের আওয়ামী নাশকতাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
বিবৃতিতে বলা হয়েছে, দেশের মানুষের জানমাল ও সরকারি-বেসরকারি স্থাপনা যখন আক্রান্ত হওয়ার এই বাস্তবতায় সরকার হাত গুটিয়ে বসে থাকতে পারে না। জাতীয় সংসদের সরকারি ও বিরোধী দলের অন্তত দুইজন সংসদ সদস্যের বাড়ি আগুন সন্ত্রাসের শিকার হয়েছে। এই সন্ত্রাসী কর্মকাণ্ডটি জাতীয় সংসদ ও বাংলাদেশের সার্বভৌম অস্তিত্বকে অস্বীকার করে সংঘটিত হচ্ছে।
আরও পড়ুন: ভোটের রায় বাস্তবায়নে লং মার্চ করেছি, সরকার বাধ্য করলে হরতাল-অবরোধ করবো: ছাত্রশিবির সভাপতি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন