ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

বকেয়া টাকা চাওয়ায় জামায়াত নেতার বিরুদ্ধে রেস্টুরেন্টে তালা দেয়ার অভিযোগ


বকেয়া টাকা চাওয়ায় জামায়াত নেতার বিরুদ্ধে রেস্টুরেন্টে তালা দেয়ার অভিযোগ

লক্ষ্মীপুরের রায়পুরে একটি মিনি চাইনিজ রেস্টুরেন্টে তালা লাগানোর অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। খাবারের বকেয়া ২০ হাজার টাকা চাওয়ার কারণে এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ব্যবসায়ী দাবি করেছেন, তিনদিন ধরে রেস্টুরেন্টটি বন্ধ থাকায় সেখানে থাকা কাঁচা মালামাল নষ্ট হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী ব্যবসায়ী শাহাদাত সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার (২৮ অক্টোবর) তিনি রায়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

শাহাদাত উপজেলার হায়দরগঞ্জ বাজারের ঘরোয়া ফুড অ্যান্ড কাবাব ঘরের মালিক। অভিযুক্ত সাইয়্যেদ জাহেদ ইজ্জুদ্দীন তাহের জাবিরী আল মাদানী জামায়াত মনোনীত উত্তর চরআবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এবং হায়দারগঞ্জ বাজার বড় মসজিদের খতিব।

আরও পড়ুন: কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় যুবকের হাত বিচ্ছিন্ন, ১৩ মহিষ ও ৩০ মণ পাট লুটের অভিযোগ

অভিযোগ সূত্রে জানা গেছে, মাওলানা জাহেদ বিভিন্ন সময় ঘরোয়া ফুড অ্যান্ড কাবাব ঘরে খাবার খেয়েছেন এবং বেশ কয়েকবার মেহমান নিয়ে এসেছেন। অধিকাংশ সময় তিনি বাকিতে খাবার খেয়েছেন, যার ফলে প্রায় ৫ মাস আগে তার ২০ হাজার টাকা বকেয়া হয়। দীর্ঘ সময় পার হলেও তিনি টাকা পরিশোধ করছেন না।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ পাওনা টাকা চাওয়ায় গত ২৭ অক্টোবর ১২-১৩ জন নিয়ে রেস্টুরেন্টে এসে তিনি উত্তেজিত হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি রেস্টুরেন্টে তালা দেন এবং কর্মচারীদের প্রতিষ্ঠান থেকে বের করে দেন। ঘটনার কিছু দৃশ্য সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে বলে দাবি করেছেন রেস্টুরেন্ট মালিকপক্ষ।

রেস্টুরেন্টের কর্মচারী মো. রবিন বলেন, ঘটনার দিন সকালে মাওলানা জাহেদ লোকজন নিয়ে এসে রান্নার কক্ষে তালা দেন। রাতে রেস্টুরেন্টের মূল দরজায় তালা দিয়ে আমাদের বের করে দেয়া হয়।

রেস্টুরেন্টের স্বত্বাধিকারী শাহাদাত হোসেন বলেন, পাওনা ২০ হাজার টাকা চাওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের হুমকি দেন। তিনদিন ধরে আমার প্রতিষ্ঠান বন্ধ। আমার কাঁচামালগুলো পচে যাচ্ছে এবং উপার্জনও বন্ধ হয়ে গেছে। এই ঘটনার জন্য আমি সুষ্ঠু বিচার চাই।

আরও পড়ুন: কুমারখালী থানায় গ্রাহকদের ভিড়, আমানত ফেরতের আশায় পুলিশের কাছে নিরাপত্তা চাইলেন বটোকৃষ্ণ পাল

অভিযোগ অস্বীকার করে সাইয়্যেদ জাহেদ ইজ্জুদ্দীন তাহের জাবিরী আল মাদানী বলেন, আমি রেস্টুরেন্টে তালা দিইনি। শাহাদাত নিজেই তার রেস্টুরেন্টে তালা দিয়ে এখন মিথ্যা অভিযোগ দিচ্ছে। আমার কাছ থেকে তিনি কোন টাকা পাবেন না। বরং আমি তার কাছ থেকে টাকা পাবো।

ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ প্রতিবেদকের কাছে রয়েছে, তবে তিনি অভিযোগ নিয়ে সদুত্তর দিতে পারেননি।

হায়দারগঞ্জ বাজার কমিটির সদস্য মো. মিস্টার বলেন, জাহেদ ও শাহাদাতের মধ্যে টাকা লেনদেনের বিষয় রয়েছে বলে শুনেছি। এ কারণেই হয়তো দোকানে তালা দেয়া হয়েছে, তবে বিস্তারিত জানা নেই।

রায়পুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নির্মল ত্রিপুরা বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয়পক্ষকে শনিবার (৩১ অক্টোবর) থানায় ডাকা হয়েছে।

আরও পড়ুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী: বর্তমান সরকারের প্রতি বিশ্বের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে জ্বালানি স্থাপনায় হামলার আশঙ্কায় তেলের দাম ১১৫ ডলার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৯ এম


সৌদি আরবে জ্বালানি স্থাপনায় হামলার আশঙ্কায় তেলের দাম ১১৫ ডলার ছাড়াল

সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হামলা এবং উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলের ঝুঁকি বৃদ্ধি পাওয়ার ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। শুক্রবার, প্রতি ব্যারেল ব্রেন্ট তেলের দাম ১১৫ ডলার ছাড়িয়ে গেছে। এই ঘটনার ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে, টানা চতুর্থ মাসের মতো তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দামও এপ্রিলে প্রথমবারের মতো ১০০ ডলারের ওপরে উঠতে পারে।

টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১টা ২২ মিনিটে ব্রেন্ট তেলের ভবিষ্যৎ সরবরাহ চুক্তির দাম ব্যারেলপ্রতি ৮৬ সেন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ বেড়ে ১১৫ ডলার ৭৪ সেন্টে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৭২ সেন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ বেড়ে ১০২ ডলার ৭২ সেন্ট হয়।

অক্টোবর মাসে ব্রেন্ট তেলের দাম প্রায় ১৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পেতে পারে। জুলাইয়ের পর এক মাসে এই দুই ধরনের তেলের দাম সবচেয়ে বেশি বাড়তে যাচ্ছে। বৃহস্পতিবার নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। ওই দিন ইরানের ঘনিষ্ঠ মিত্র ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলার দাবি করে। হামলার মধ্যে রয়েছে রাস তানুরা ও রাবিগ তেল শোধনাগার এবং আবকাইক এলাকায় সৌদি আরামকোর একটি স্থাপনা।

একই দিনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট জানায়, দেশটির পশ্চিমাঞ্চলের দিকে ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। এসব ঘটনার কারণে জ্বালানি স্থাপনা ও গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়ে গেছে। অন্যদিকে, কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের সম্ভাবনা এখনো অনিশ্চিত। জ্বালানিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান এমএসটি মার্কির প্রধান গবেষক শৌল কাভোনিক বলেন, হরমুজ প্রণালির আশপাশে সামরিক হামলা অব্যাহত রয়েছে। একই সঙ্গে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়েও সন্দেহ রয়েছে। আগামী কয়েক সপ্তাহে সংঘাত আরো বাড়তে পারে—এমন আশঙ্কায় তেলের দাম বেশি থাকছে।

বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জলপথে জাহাজ চলাচল ব্যাহত হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ কমে যেতে পারে। এতে তেলের দাম আরো বাড়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ আবার শুরু করার চেষ্টা হলেও তা এখনো বাজারের উদ্বেগ কমাতে পারেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জানান, ইরানকে চিকিৎসাসামগ্রী পেতে সহায়তা করার জন্য দেশটির সঙ্গে যোগাযোগ করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

এর আগে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানায়, শান্তি আলোচনা আবার শুরু করার উদ্যোগ হিসেবে ভ্যান্স ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার কাছে একটি চিঠি পাঠিয়েছেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, তেহরান ওই চিঠি পেয়েছে। তবে এখনো কোনো জবাব দেয়নি। যুক্তরাষ্ট্রকে নিজেদের শর্ত মেনে নেওয়ার দাবি জানিয়েছে ইরান। তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দেওয়া শর্তের সঙ্গে সাংঘর্ষিক কোনো অবস্থান তারা মেনে নেবে না।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, প্রণালির দক্ষিণে অনুমোদনহীন একটি পথ ব্যবহার করার সময় তিনটি তেলবাহী জাহাজ সমুদ্রের মাইনে আঘাত করে। এতে জাহাজগুলোতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। এ ঘটনায় ওই অঞ্চলে জাহাজ চলাচলের ঝুঁকি আরো বেড়েছে।

নিরাপত্তাঝুঁকির কারণে বিভিন্ন জ্বালানি কম্পানি তাদের কর্মকর্তাদের সফর পরিকল্পনাও বাতিল করছে। এ বিষয়ে জানেন, এমন দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জ্বালানি কম্পানি এক্সনমোবিল ও শেভরন আগামী সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় দেশটির সবচেয়ে বড় তেলবিষয়ক প্রদর্শনীতে তাদের শীর্ষ কর্মকর্তাদের পাঠানোর পরিকল্পনা বাতিল করেছে। এক মাসে বিশ্ববাজারে তেলের দাম এরই মধ্যে উল্লেখযোগ্য হারে বেড়েছে। এখন সংঘাতের কারণে তেল উৎপাদন ও পরিবহনে নতুন করে বাধা তৈরি হয় কি না, তা পর্যবেক্ষণ করছেন ব্যবসায়ীরা।

বিশেষ করে কূটনৈতিক আলোচনায় অগ্রগতি এবং গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথের নিরাপত্তার ওপর নির্ভর করছে আগামী দিনে তেলের বাজারের পরিস্থিতি। সংঘাত আরো বাড়লে বিশ্ববাজারে তেলের সরবরাহ কমে দাম আরো বাড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট নিয়ে বিআরটিএ’র নতুন সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৯ এম


মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট নিয়ে বিআরটিএ’র নতুন সিদ্ধান্ত

মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর জন্য সময়সীমা সম্প্রসারণ করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ১৫ নভেম্বরের মধ্যে নম্বরপ্লেট লাগানোর নির্ধারিত সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করার প্রস্তাব দিয়েছে।

এটি জানা গেছে যে, বিপুলসংখ্যক মোটরসাইকেলে নির্দিষ্ট সময়ের মধ্যে নম্বরপ্লেট যুক্ত করার বাস্তব পরিস্থিতি বিবেচনা করে এই সময় বাড়ানোর আবেদন করা হয়েছে।

বিআরটিএ চেয়ারম্যানের পাঠানো বিবেচ্যপত্র অনুযায়ী, দেশে বর্তমানে নিবন্ধিত মোটরযানের সংখ্যা প্রায় ৬৮ লাখ, যার মধ্যে প্রায় ৭৪ শতাংশ বা প্রায় ৫০ লাখ মোটরসাইকেল। এত বিশাল পরিমাণ মোটরসাইকেলের সামনে স্বল্প সময়ের মধ্যে নম্বরপ্লেট সংযোজন করা প্রায় অসম্ভব একটি কাজ।

বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটরসাইকেল চালক ও মালিকদের বিভিন্ন মতামত ও আলোচনা উঠে এসেছে। এসব দিক বিবেচনায় নিয়েই সময়সীমা বাড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে বিআরটিএ-এর পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে, ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট যুক্ত করে প্রদর্শন করতে হবে।

সড়ক পরিবহন আইন-২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা-২০২২ অনুযায়ী, বাইকের পেছনে আগেই আরএফআইডি সংবলিত উন্নতমানের রেট্রো-রিফ্লেক্টিভ ধাতব প্লেটে নম্বর প্রদর্শনের নিয়ম রয়েছে। এর ধারাবাহিকতায় এখন সামনেও নম্বরপ্লেট লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী—

স্কুটারের নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার।

অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার।

উভয় ক্ষেত্রেই অক্ষর ও সংখ্যার উচ্চতা অন্তত ২০ মিলিমিটার হতে হবে।

নম্বরপ্লেট হতে হবে স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের তৈরি।

সাদা ব্যাকগ্রাউন্ডের ওপর কালো রঙে বাংলা হরফ ও সংখ্যা লিখতে হবে, যাতে কোনো ধরনের অতিরিক্ত নকশা বা শোভাবর্ধক উপাদান ব্যবহার করা যাবে না।

স্কুটার বাদে সাধারণ বাইকের ক্ষেত্রে নম্বরটি সোজাসুজি এক লাইনে বসানোর সুযোগ রাখা হয়েছে।

প্রাথমিক অবস্থায় বাইক মালিকদের নিজ দায়িত্বে এসব শর্ত মেনে সামনের নম্বরপ্লেট লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ে এই কাজ সম্পন্ন না করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছিল। তবে বর্তমান বাস্তবতায় সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশকে এলডিসি উত্তরণের জন্য তিন বছরের অতিরিক্ত সময় দিল জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১০:০০ এম


বাংলাদেশকে এলডিসি উত্তরণের জন্য তিন বছরের অতিরিক্ত সময় দিল জাতিসংঘ

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ) বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতির জন্য অতিরিক্ত তিন বছরের সময় প্রদান করেছে। ফলে এলডিসি থেকে উত্তরণের নতুন সময়সীমা ২০২৯ সালের ২৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছে, যা পূর্বে ২০২৬ সালের ২৪ নভেম্বর ছিল।

গতকাল বৃহস্পতিবার উরুগুয়ের উত্থাপিত প্রস্তাবের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এই বাড়তি সময় বাংলাদেশকে কাঠামোগত দুর্বলতা দূরীকরণ, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য সুবিধার পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ প্রদান করবে। জাতিসংঘ একই সঙ্গে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া এবং প্রতিবছর অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।

বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা, জ্বালানি ও সরবরাহব্যবস্থার ঝুঁকি এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রেক্ষিতে গত ১৮ ফেব্রুয়ারি সরকার ইউএন-সিডিপির কাছে সময় বাড়ানোর আবেদন করে। পরে ইউএন-সিডিপি আবেদনটি ইতিবাচকভাবে বিবেচনার সুপারিশ করে। গত ২১ জুলাই জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক) এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুপারিশ পাঠায়।

বাংলাদেশ ১৯৭৫ সালের ডিসেম্বরে এলডিসি তালিকাভুক্ত হয়। ২০১৮ ও ২০২১ সালের পর পর দুটি পর্যালোচনায় মাথাপিছু জাতীয় আয়, মানবসম্পদ সূচক এবং অর্থনৈতিক ও পরিবেশগত ভঙ্গুরতা—এই তিনটি মানদণ্ড পূরণ করে দেশটি। ২০২১ সালে উত্তরণের সুপারিশ অনুমোদনের পর কোভিডের প্রভাবের কারণে বাংলাদেশকে পাঁচ বছরের প্রস্তুতির সময় দেওয়া হয়েছিল।

এলডিসি থেকে উত্তরণের পর ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা ও জাপানসহ বিভিন্ন বাজারে অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা পরিবর্তিত হতে পারে। এতে বিশেষ করে তৈরি পোশাক খাতের রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা কমার আশঙ্কা রয়েছে।

বাণিজ্য ও উন্নয়নবিষয়ক জাতিসংঘ সম্মেলনের (আঙ্কটাড) ২০২৫ সালের এক বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে, বাণিজ্য সুবিধা হারালে বাংলাদেশের মোট রপ্তানি প্রায় ৩২ শতাংশ পর্যন্ত কমতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার আকাশ নিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাস জানালো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

১০:০০ এম


ঢাকার আকাশ নিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাস জানালো

ঢাকা ও এর পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বজ্রপাত বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য তুলে ধরা হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

এছাড়া, দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ৬৬ শতাংশ রেকর্ড করা হয়েছে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত হবে ৫টা ২১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ৬টা ৩ মিনিটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%