ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ছয় দফা দাবি উত্থাপন


প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ছয় দফা দাবি উত্থাপন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও বিচারপ্রক্রিয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে। সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে এনসিপির পক্ষ থেকে ছয় দফা দাবি উপস্থাপন করা হয়েছে। এনসিপির দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে রাজনৈতিক ঐক্য, জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কার ও বিচারপ্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে।

এনসিপির পক্ষ থেকে উত্থাপিত ছয় দফা দাবিগুলো হলো—

১. সংবিধান সংশোধন কমিটি বাতিল: একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। একই সঙ্গে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

আরও পড়ুন: স্কুলে ভর্তিতে অতিরিক্ত ফি আদায় বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা আসছে

২. আওয়ামী লীগ ও জুলাই গণহত্যার বিচার: ফ্যাসিবাদী সংগঠন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং জুলাই গণহত্যার বিচারপ্রক্রিয়া দ্রুত করতে ট্রাইব্যুনালের সক্ষমতা ও কার্যক্রম বাড়াতে হবে। জেলা পর্যায়ে দায়ের করা মামলাগুলোর তদন্ত ও অভিযোগপত্র দ্রুত সম্পন্ন করে জুলাইয়ের শহীদ ও আহত ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

৩. শেখ হাসিনার রায় কার্যকর: শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় দ্রুত কার্যকর করতে হবে। পাশাপাশি ভারতে অবস্থানরত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। ওসমান হাদির হত্যাকারীদেরও দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।

৪. গঙ্গা চুক্তি নবায়ন: গঙ্গার পানিবণ্টন চুক্তি নতুন করে নবায়নের ক্ষেত্রে কোনো ধরনের আপস না করে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করতে হবে।

৫. জুলাইয়ের শহীদ পরিবারের সদস্য ও আহতদের পুনর্বাসন: জুলাই গণহত্যায় শহীদদের পরিবার এবং আহত ব্যক্তিদের পুনর্বাসনে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুন: নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা দিল ভারত, সই হলো ৮ চুক্তি

৬. আওয়ামী লীগকে পুনর্বাসনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: সরকারের একটি অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে এনসিপি। এ কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ৫ আগস্টেই পরাজিত করা হয়েছে। দেশের বর্তমান লড়াই এখন আর আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, বরং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারত আওয়ামী লীগ ও তাদের দেশীয় সহযোগীদের ব্যবহার করে সীমান্তের ওপার থেকে এবং দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, বিষয়টি এখন আর শুধু আওয়ামী লীগ বনাম বিএনপি বা এনসিপির মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি ভূরাজনৈতিক বাস্তবতায় পৌঁছেছে। আওয়ামী লীগকে ৫ আগস্টই পরাজিত করা হয়েছে। এখনকার লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এই আধিপত্যবাদ মোকাবিলায় দেশের জনগণ ও রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আলোচনার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ফ্যাসিবাদী শক্তির সন্ত্রাস ও অগ্নিসংযোগ এবং রাজনৈতিক ঐক্যের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: মত-পথ-আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে: মাহদী আমিন

এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের পর গত সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারপ্রক্রিয়ায় আপসকামিতা, আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে স্পষ্ট অবস্থান তুলে না ধরার কারণেই বর্তমান সংকট তৈরি হয়েছে।

জাতীয় ঐক্যের শর্ত তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, যেকোনো ঐক্যপ্রক্রিয়ায় সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রধান এজেন্ডা হিসেবে রাখতে হবে। শুধু রাজনৈতিক ঐক্যের কথা বললেই হবে না, এসব বিষয়ে সুনির্দিষ্ট অবস্থান ও কার্যকর পদক্ষেপ থাকতে হবে।

এ সময় সীমান্তের ওপারে বিজেপির বাংলাদেশবিরোধী সমাবেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের নামে ভারতের ভুল তথ্য প্রচারেরও সমালোচনা করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের নামে ভারত থেকে অপপ্রচার চালানো হচ্ছে। অথচ ভারতে সংখ্যালঘু মুসলিম ও দলিতদের ওপরই সবচেয়ে বেশি নির্যাতন চলছে বলে দাবি করেন তিনি। দেশের সংখ্যালঘু সম্প্রদায়, আলেম-ওলামা, সুফি ও বিভিন্ন সামাজিক শক্তিকে সঙ্গে নিয়ে ভারতের এই অপপ্রচারের জবাব দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের প্রতিবাদে ড. ইউনূসের শাস্তির দাবি

তিনি আরো বলেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি অভিন্ন জাতীয় পররাষ্ট্রনীতি প্রণয়ন করা প্রয়োজন। পাশাপাশি শুধু ডিসেম্বরকে কেন্দ্র করে পরিকল্পনা না করে দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরি করতে হবে।

বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির শীর্ষ নেতারা অংশ নেন। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, ফ্যাসিবাদবিরোধী ঐক্য এবং জুলাই সনদ বাস্তবায়নের পথনকশা নিয়েই মূলত আলোচনা হয়।

এআরবি

আরও পড়ুন: বিদেশি বিনিয়োগ সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা দিল ভারত, সই হলো ৮ চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


নেপালকে ১৫ হাজার কোটি রুপি সহায়তা দিল ভারত, সই হলো ৮ চুক্তি

ভারত ২৪ হাজার কোটি রুপির একটি অর্থনৈতিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে, যা নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠন এবং দেশের উন্নয়ন কার্যক্রমে সহায়তা করবে। এই ঘোষণা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে নয়াদিল্লিতে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকের পর দেন।

এছাড়া, ভারত ও নেপালের মধ্যে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ, মহাকাশ গবেষণা, স্বাস্থ্য, নগর উন্নয়ন এবং ঐতিহ্যবাহী চিকিৎসা সহ বিভিন্ন বিষয়ে আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মোদি নেপালের ৩৫ বছর বয়সী প্রধানমন্ত্রী শাহের উন্নয়ন পরিকল্পনা এবং নেতৃত্বের প্রশংসা করেন।

মোদি বৈঠকে বলেন, "নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের প্রথম দ্বিপক্ষীয় সফরে তাকে ভারতে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত।" তিনি উল্লেখ করেন, কয়েক মাস আগে জাতিসংঘে শাহের বক্তব্যে তার দূরদর্শিতার পরিচয় পাওয়া গিয়েছিল। গত কয়েক ঘণ্টার আলোচনার সময় শাহের সুস্পষ্ট চিন্তাভাবনা এবং দেশের উন্নয়নে তার অঙ্গীকারের বিষয়টি তিনি উপলব্ধি করেছেন।

মোদি বলেন, "এ বছর নেপালের জনগণ শাহকে যে ঐতিহাসিক জনসমর্থন দিয়েছেন, তা দেশটির নতুন প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। ভারত ও নেপাল শুধু প্রতিবেশী দেশ নয়, বরং দুই দেশ গভীর আস্থা, বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ।"

তিনি আরো বলেন, "ভারত ও নেপালের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও চ্যালেঞ্জ অনেকটা একই রকম। কঠিন সময়ে দুই দেশ একে অপরের পাশে দাঁড়ায়।" মোদি নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান। তিনি বলেন, "নেপালের পুনর্গঠন ও উন্নয়নে সহায়তা করতে ভারত ২৪ হাজার কোটি নেপালি রুপির একটি উন্নয়ন সহযোগিতা প্যাকেজ ঘোষণা করেছে।"

মোদি জানান, এই অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ, বিভিন্ন জনপদ পুনর্গঠন এবং বন্যায় ঘরবাড়ি ও জীবিকা হারানো মানুষের পাশে দাঁড়ানো হবে। গত ২৬ আগস্টের আকস্মিক বন্যায় নেপালে ১ হাজার ৫০০ জনের মৃত্যু হয় এবং ৫ হাজার ২০০ জনের বেশি মানুষ নিখোঁজ হন।

ভারতের প্রধানমন্ত্রী আরো বলেন, দীর্ঘদিন ধরে ভারত নেপালে পেট্রোলিয়াম পণ্যসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে কাজ করছে। ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতির ধারাবাহিকতায় এ বছর জ্বালানি সরবরাহ নিয়ে গুরুতর সংকট থাকা সত্ত্বেও নেপালে জ্বালানি, সার ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রাখা হয়েছে।

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ তার দুই দিনের ভারত সফরে উষ্ণ আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান এবং তাকে নেপাল সফরের আমন্ত্রণ জানান। শাহ বলেন, "ভারত ও নেপালের সম্পর্ক হিমালয়ের মতোই দৃঢ় এবং মহাসাগরের মতোই বিস্তৃত।" তিনি প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সংকটের সময় ভারতের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দুই দেশের পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরো জোরদার করার ওপর গুরুত্ব দেন।

ভারত ও নেপালের মধ্যে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ, মহাকাশ গবেষণা, স্বাস্থ্য, নগর উন্নয়ন এবং ঐতিহ্যবাহী চিকিৎসাব্যবস্থা নিয়ে আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি দুই দেশের নেতারা কয়েকটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ও জ্বালানি প্রকল্প উদ্বোধন এবং নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

নেপাল ও ভারতের মধ্যে উন্মুক্ত সীমান্ত থাকায় দুই দেশের নাগরিকেরা পাসপোর্ট বা ভিসা ছাড়াই যাতায়াত করতে পারেন। ঐতিহাসিকভাবে নেপালে ভারতের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। তবে আঞ্চলিক বিরোধ ও নেপালের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের অভিযোগকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে মাঝে মাঝে টানাপোড়েন দেখা দিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে নেপালে চীনের প্রভাব বেড়েছে। দেশটি নেপালের বিমানবন্দর, মহাসড়ক ও জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করছে। তবে চীনের প্রভাব বাড়লেও জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য নেপাল এখনও ভারতের ওপর অনেকটাই নির্ভরশীল। দুই দেশের জ্বালানি সহযোগিতাও বাড়ছে। বর্তমানে ভারত নেপাল থেকে প্রায় ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুলে ভর্তিতে অতিরিক্ত ফি আদায় বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা আসছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


স্কুলে ভর্তিতে অতিরিক্ত ফি আদায় বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা আসছে

শিক্ষার্থী ভর্তির সময় অতিরিক্ত ফি আদায় বন্ধে দেশের স্কুলগুলোকে নির্দেশনা দিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় আগামী শিক্ষাবর্ষে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার (২৩ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তির সময় অতিরিক্ত ফি আদায় করে থাকে। সভা থেকে এ ধরনের ফি আদায় বন্ধে কঠোর নির্দেশনা জারি করা হতে পারে। পুনঃভর্তি ফি নেওয়া বন্ধ করা যায় কি না, সে বিষয়েও আলোচনা হতে পারে।

মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, বেলা ১২টায় সভা শুরু হওয়ার কথা রয়েছে। সভা শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো যাবে।

এদিকে, ২০২৭ শিক্ষাবর্ষে সারা দেশের মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের বেসরকারি স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির নির্দেশিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশিকার অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।

রবিবার (২২ নভেম্বর) মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি সকল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপপরিচালকদের কাছে পাঠানো হয়েছে। এর আগে গত ১৭ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, ঢাকা মহানগরীসহ সারা দেশের বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক এবং সংযুক্ত প্রাথমিক স্তরে ২০২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। এ আবেদনপ্রক্রিয়া ১ ডিসেম্বর শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশ অংশগ্রহণ করছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


পাকিস্তানের আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশ অংশগ্রহণ করছে

পাকিস্তানের করাচিতে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘৪র্থ আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনী ২০২৬’। এ প্রদর্শনীর আয়োজন পাকিস্তানের বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষের (টিডিএপি) উদ্যোগে করাচি এক্সপো সেন্টারে করা হয়েছে। বাংলাদেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ও রপ্তানিমুখী পণ্যের অংশগ্রহণ দেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন বাজার সৃষ্টির সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাকিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত প্রধানমন্ত্রীর সমন্বয়কারী রানা ইহসান আফজাল খান। এরপর বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন করাচিতে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার মুহাম্মদ সাকিব সাদাকাত।

‘হারভেস্টিং ইনোভেশন, কাল্টিভেটিং সাসটেইনেবিলিটি’ এই প্রতিপাদ্যে আয়োজিত প্রদর্শনী আগামী ২৬ নভেম্বর পর্যন্ত চলবে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা ও করাচির বাংলাদেশ উপহাইকমিশনের ব্যবস্থাপনায় এতে অংশ নিচ্ছে বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ কৃষি প্রক্রিয়াজাত খাদ্য সমিতি এবং শিল্পপ্রতিষ্ঠান প্রাণ।

বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মানসম্পন্ন চা প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীতে চা বোর্ডের নিজস্ব চা ছাড়াও ইস্পাহানি টি, আবুল খায়ের লিমিটেড, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, ফিনলে, কাজী অ্যান্ড কাজী এবং হালদা ভ্যালির চা অন্তর্ভুক্ত রয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতা ও ব্যবসায়িক প্রতিনিধিদের কাছে বাংলাদেশের চা শিল্পের বৈচিত্র্য, গুণগত মান ও রপ্তানি সক্ষমতা তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মেহেদী হাসান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপপরিচালক মাহমুদা খাতুন, বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব মো. মনজুর হোসেন, পাকিস্তানের সরকারি কর্মকর্তা ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এবারের প্রদর্শনীতে বিশ্বের ৫০টিরও বেশি দেশ থেকে ৫০০-এর বেশি আন্তর্জাতিক ক্রেতা, ব্যবসায়িক প্রতিনিধি ও প্রদর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। প্রদর্শনীতে কৃষিজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, দুগ্ধজাত পণ্য, মৎস্য, মসলা, ফলমূল, শাকসবজি, ভোজ্যতেল এবং আধুনিক কৃষিপ্রযুক্তিসহ মোট ২০টি প্রধান খাতের পণ্য ও সেবা প্রদর্শিত হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, এ প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণের ফলে পাকিস্তানসহ অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার সুযোগ তৈরি হবে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের পরিচিতি বৃদ্ধি, নতুন রপ্তানি বাজার অনুসন্ধান, বিদেশি উৎপাদক ও রপ্তানিকারকদের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ স্থাপন এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সরাসরি বিজনেস-টু-বিজনেস (B2B) বৈঠকে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে। এসব কার্যক্রমের মাধ্যমে সম্ভাব্য ব্যবসায়িক চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের পথও উন্মুক্ত হতে পারে।

প্রদর্শনীর প্রথম তিন দিন (২৩-২৫ নভেম্বর) কেবল ব্যবসায়িক প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিদের জন্য নির্ধারিত। শেষ দিন ২৬ নভেম্বর প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘শী-স্কিলস’ কর্মসূচির উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


নারীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘শী-স্কিলস’ কর্মসূচির উদ্বোধন

নারীদের দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরশীলতা এবং বৈশ্বিক কর্মক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে ‘শী-স্কিলস’ (SheSkills) কর্মসূচির উদ্বোধন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।

২৩ নভেম্বর সোমবার, রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচির মূল প্রতিপাদ্য হলো ‘এমপাওয়ারিং উইমেন উইথ স্কিলস ফর এ গ্লোবাল ফিউচার’।

অনুষ্ঠানে উপাচার্য মন্তব্য করেন, বর্তমান যুগে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়, বরং কর্মক্ষেত্রে প্রবেশের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করাও অত্যাবশ্যক। বিশেষ করে নারীদের দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি হলে তারা কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম হবেন।

তিনি আরও বলেন, শী-স্কিলস কর্মসূচির আওতায় নারীরা ফ্রিল্যান্সিং, যোগাযোগ দক্ষতা সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। এর ফলে প্রচলিত কর্মক্ষেত্রের পাশাপাশি অনলাইন ও বৈশ্বিক শ্রমবাজারে নারীদের কাজের সুযোগ সৃষ্টি হবে।

উপাচার্য আরো উল্লেখ করেন, নারীদের দক্ষতা অর্জন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। এতে করে নারীরা নিজেদের সক্ষমতা উন্নয়নের পাশাপাশি পরিবার, সমাজ এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন।

অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের সমন্বয়ক মো. সাইফুল ইসলাম শাহীন, উপায়ের মানবসম্পদ বিভাগের প্রধান আলেয়া ফেরদৌসী এবং এডফিনিক্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা লুৎফি চৌধুরী।

লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুলতানা মাহমুদা ইয়াসমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%