সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:৩৬ পি.এম
পাকিস্তানের করাচিতে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘৪র্থ আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনী ২০২৬’। এ প্রদর্শনীর আয়োজন পাকিস্তানের বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষের (টিডিএপি) উদ্যোগে করাচি এক্সপো সেন্টারে করা হয়েছে। বাংলাদেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ও রপ্তানিমুখী পণ্যের অংশগ্রহণ দেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন বাজার সৃষ্টির সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাকিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত প্রধানমন্ত্রীর সমন্বয়কারী রানা ইহসান আফজাল খান। এরপর বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন করাচিতে নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার মুহাম্মদ সাকিব সাদাকাত।
‘হারভেস্টিং ইনোভেশন, কাল্টিভেটিং সাসটেইনেবিলিটি’ এই প্রতিপাদ্যে আয়োজিত প্রদর্শনী আগামী ২৬ নভেম্বর পর্যন্ত চলবে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা ও করাচির বাংলাদেশ উপহাইকমিশনের ব্যবস্থাপনায় এতে অংশ নিচ্ছে বাংলাদেশ চা বোর্ড, বাংলাদেশ কৃষি প্রক্রিয়াজাত খাদ্য সমিতি এবং শিল্পপ্রতিষ্ঠান প্রাণ।
বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মানসম্পন্ন চা প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীতে চা বোর্ডের নিজস্ব চা ছাড়াও ইস্পাহানি টি, আবুল খায়ের লিমিটেড, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, ফিনলে, কাজী অ্যান্ড কাজী এবং হালদা ভ্যালির চা অন্তর্ভুক্ত রয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতা ও ব্যবসায়িক প্রতিনিধিদের কাছে বাংলাদেশের চা শিল্পের বৈচিত্র্য, গুণগত মান ও রপ্তানি সক্ষমতা তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মেহেদী হাসান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপপরিচালক মাহমুদা খাতুন, বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব মো. মনজুর হোসেন, পাকিস্তানের সরকারি কর্মকর্তা ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এবারের প্রদর্শনীতে বিশ্বের ৫০টিরও বেশি দেশ থেকে ৫০০-এর বেশি আন্তর্জাতিক ক্রেতা, ব্যবসায়িক প্রতিনিধি ও প্রদর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। প্রদর্শনীতে কৃষিজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, দুগ্ধজাত পণ্য, মৎস্য, মসলা, ফলমূল, শাকসবজি, ভোজ্যতেল এবং আধুনিক কৃষিপ্রযুক্তিসহ মোট ২০টি প্রধান খাতের পণ্য ও সেবা প্রদর্শিত হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, এ প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণের ফলে পাকিস্তানসহ অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার সুযোগ তৈরি হবে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের পরিচিতি বৃদ্ধি, নতুন রপ্তানি বাজার অনুসন্ধান, বিদেশি উৎপাদক ও রপ্তানিকারকদের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ স্থাপন এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সরাসরি বিজনেস-টু-বিজনেস (B2B) বৈঠকে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে। এসব কার্যক্রমের মাধ্যমে সম্ভাব্য ব্যবসায়িক চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের পথও উন্মুক্ত হতে পারে।
প্রদর্শনীর প্রথম তিন দিন (২৩-২৫ নভেম্বর) কেবল ব্যবসায়িক প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিদের জন্য নির্ধারিত। শেষ দিন ২৬ নভেম্বর প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারীদের দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরশীলতা এবং বৈশ্বিক কর্মক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে ‘শী-স্কিলস’ (SheSkills) কর্মসূচির উদ্বোধন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।
২৩ নভেম্বর সোমবার, রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচির মূল প্রতিপাদ্য হলো ‘এমপাওয়ারিং উইমেন উইথ স্কিলস ফর এ গ্লোবাল ফিউচার’।
অনুষ্ঠানে উপাচার্য মন্তব্য করেন, বর্তমান যুগে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা যথেষ্ট নয়, বরং কর্মক্ষেত্রে প্রবেশের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করাও অত্যাবশ্যক। বিশেষ করে নারীদের দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি হলে তারা কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম হবেন।
তিনি আরও বলেন, শী-স্কিলস কর্মসূচির আওতায় নারীরা ফ্রিল্যান্সিং, যোগাযোগ দক্ষতা সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। এর ফলে প্রচলিত কর্মক্ষেত্রের পাশাপাশি অনলাইন ও বৈশ্বিক শ্রমবাজারে নারীদের কাজের সুযোগ সৃষ্টি হবে।
উপাচার্য আরো উল্লেখ করেন, নারীদের দক্ষতা অর্জন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। এতে করে নারীরা নিজেদের সক্ষমতা উন্নয়নের পাশাপাশি পরিবার, সমাজ এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন।
অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের সমন্বয়ক মো. সাইফুল ইসলাম শাহীন, উপায়ের মানবসম্পদ বিভাগের প্রধান আলেয়া ফেরদৌসী এবং এডফিনিক্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা লুৎফি চৌধুরী।
লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুলতানা মাহমুদা ইয়াসমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হবিগঞ্জের মাধবপুরে স্বামী আল মামুন মিয়াকে (৩২) পাথরের শিল দিয়ে মাথা ও মুখমণ্ডলে আঘাত করার ঘটনায় ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর তিনি মারা যান। সোমবার (২৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় তাঁর স্ত্রী মমতা বেগম (২৫) গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।
এর আগে শনিবার বিকালে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগে জবানবন্দি দেন মমতা বেগম। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস তাঁকে প্রথম শ্রেণির বিচারিক হাকিম তামান্না রহমান তানিয়ার আদালতে হাজির করেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জবানবন্দিতে মমতা স্বীকার করেন যে, স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি পাথরের শিল দিয়ে আল মামুনের শরীরের বিভিন্ন স্থানে চারটি আঘাত করেন। তাঁর দাবি, বিয়ের পর থেকেই আল মামুন তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। প্রতিবাদ করলে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিতেন। এমনকি তাঁদের শিশুসন্তানকেও হত্যার হুমকি দিতেন বলে অভিযোগ করেন তিনি।
গত বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এই ঘটনা ঘটে। আল মামুনের পরিবারের অভিযোগ, ঘটনার দিন খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানোর পর তিনি ঘুমিয়ে পড়লে মমতা পাথরের শিল দিয়ে তাঁর মাথার পেছনে ও মুখমণ্ডলে উপর্যুপরি আঘাত করেন। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান।
গুরুতর আহত আল মামুনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ছয় দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।
আল মামুন ওই গ্রামের কাউছার আহমেদের ছেলে। তাঁর স্ত্রী মমতা বেগম উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে। প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তাঁদের বিয়ে হয়। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা জানান, এ ঘটনায় আল মামুনের মা তাসলিমা বেগম বাদী হয়ে মামুনের স্ত্রী মমতা বেগমকে আসামী করে ২০ নভেম্বর থানায় মামলা করেন। আল মামুনের স্ত্রীকে একই দিন গ্রেফতার করা হয়। আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় ঘটনার বিবরণ দিয়ে জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। মাধবপুর থানার ওসি মোঃ সোহেল রানা বলেন, মামলাটির ধারা পরিবর্তন হয়ে হত্যা মামলা হবে। দম্পতির দুটি শিশু সন্তান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লায় পিকআপের ধাক্কায় সিএনজির চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার কালিশ্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের সফিক মিয়ার ছেলে সিএনজিচালক মো. আব্দুল মতিন (৩৫) এবং একই উপজেলার হিঙ্গুলা গ্রামের আহসান উল্লাহর ছেলে মো. আরিফ (৩০)।
মিয়াবাজার হাইওয়ে থানার ওসি নিরঞ্জন কুমার জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালিশ্বর এলাকায় ঢাকামুখী লেন দিয়ে একটি সিএনজি মিয়ারবাজারের দিকে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগামী একটি পিকআপ ওই সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালকসহ পাঁচজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় নিহতদের মরদেহ হাসপাতাল থেকে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন যে, ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, একই হামলায় অস্ত্র পরিবহনে ব্যবহৃত আরেকটি রুশ জাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলেনস্কি জানান, গত রবিবার লিবিয়ার একটি বন্দরে ওই হামলা পরিচালিত হয়।
পূর্ব লিবিয়া নিয়ন্ত্রণকারী সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে যে, রাশিয়ার একটি জাহাজ ‘জ্বালানি ও রসদ সংগ্রহের জন্য’ বেনগাজি বন্দরে নোঙর করার পর সেখানে বিস্ফোরণ ঘটেছে।
তবে, এটি নিশ্চিত হওয়া যায়নি যে, ওই জাহাজটি ইউক্রেনের হামলার শিকার হয়েছে কিনা। মস্কো ইউক্রেনের দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ