১১:৫৩ পি.এম
পাকিস্তানি ধারাবাহিক ‘দার–এ–নিজাত’ মাত্র ২৩ পর্ব প্রচারের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ১৭০ কোটির বেশি ভিউয়ের মাইলফলক অর্জন করেছে। এর ফলে পাকিস্তানের টেলিভিশন নাটকের ইতিহাসে নতুন একটি রেকর্ড প্রতিষ্ঠা করেছে এই ধারাবাহিক। প্রচারের সময় পাকিস্তানি নাটকগুলোর মধ্যে এটি দর্শকপ্রিয়তায় শীর্ষস্থান দখল করেছে।
থ্রিস এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই নাটকটি শুরু থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। শুধু পাকিস্তান নয়, দেশের বাইরেও এর উল্লেখযোগ্য দর্শকগোষ্ঠী তৈরি হয়েছে। সম্প্রতি নাটকটির সাফল্যের খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছে সম্প্রচারমাধ্যম এআরওয়াই ডিজিটাল। নাটকটির প্রধান অভিনেতা শেহরিয়ার মুনাওয়ারও আনন্দের খবরটি উদ্যাপন করেছেন।
এআরওয়াই ডিজিটালের ইনস্টাগ্রাম পোস্টে উল্লেখ করা হয়েছে, মাত্র ২৩ পর্বে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ১৭০ কোটির বেশি ভিউ পেয়েছে ‘দার–এ–নিজাত’। এটি পাকিস্তানের ইতিহাসে প্রচার চলাকালে সবচেয়ে বেশি দেখা নাটকের নতুন রেকর্ড গড়েছে। একই সঙ্গে দর্শকদের জন্য গল্পের নতুন অধ্যায়ের ইঙ্গিতও প্রদান করেছে চ্যানেলটি।
আরও পড়ুন: জেমস বন্ড হওয়ার দৌড়ে রবার্ট প্যাটিনসন, দিলেন পর্দার পরীক্ষা
শেহরিয়ার নাটকটির সেই পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’
এদিকে নাটকটির সাম্প্রতিক পর্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। বিশেষ করে আবু বকর ও জারিয়াবের একটি রোমান্টিক দৃশ্য দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই দৃশ্যটি নিয়ে ভক্তদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। পাকিস্তানের বাইরেও নেপাল, বাংলাদেশ ও ভারতে নাটকটি দর্শকদের নজর কেড়েছে বলে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন