০১:২৪ এম
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠন ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে।
মন্ত্রী বলেন, আমরা কাজ করতে চাই, দেশ গড়তে চাই, পৃথিবীর মানচিত্রে আমাদের দেশকে তুলে ধরতে চাই।
মন্ত্রী আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে পুলিশ কনভেনশন হলে রোটারি ক্লাব অব গুলশান অ্যাভিনিউ কর্তৃক ‘ডিডিসি সন্ধানী’কে একটি অত্যাধুনিক বৈজ্ঞানিক ব্লাড স্টোরেজ রেফ্রিজারেটর এবং মেডিকেল সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
সমাজকল্যাণমন্ত্রী বলেন, এই উদ্যোগের মাধ্যমে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রক্তের নিরাপদ সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। বিশেষ করে থ্যালাসেমিয়া, ডেঙ্গু, দুর্ঘটনা ও জরুরি অস্ত্রোপচারে রক্তের প্রয়োজন মেটাতে এই রেফ্রিজারেটর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্ত্রী বলেন, রক্ত একটি জীবনদায়ী উপাদান। এর সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থা যত শক্তিশালী হবে, তত বেশি মানুষের জীবন বাঁচানো সম্ভব।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। নারী নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এডুকেশন স্কিল, কেয়ার গিভার, ভাষাশিক্ষা প্রশিক্ষণের ওপরে জোর দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সমাজ থেকে মাদকাসক্ত দূর করতে, জুয়াখেলা নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে, রামিসার মত অনাকাক্সিক্ষত ঘটনা যাতে না ঘটে এসব বিষয়ে জনগণকে সচেতন করে তুলতে হবে। এই লক্ষ্যে জুন মাসের পর অ্যাডভোকেসি কার্যক্রম প্রথম ঢাকাতে শুরু করতে চাই। এরপর পুরো দেশে অ্যাডভোকেসি কার্যক্রম শুরু হবে।
আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের
তিনি সরকারের পাশাপাশি প্রচার, প্রচারণায় জনগণকে সচেতন করতে মিডিয়ার ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসাইন এবং পিডিজি ড. ইশতিয়াক এ. জামান, রোটারি ক্লাব অব গুলশান অ্যাভিনিউর প্রোগ্রাম চেয়ারম্যান ও ক্লাব ডিরেক্টর রোটারিয়ান মো. সালাহ উদ্দিন, রোটারি ক্লাব অব গুলশান অ্যাভিনিউর সভাপতি রোটারিয়ান ডাক্তার লুবনা শারমিন।
আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, জরুরি মুহূর্তে রক্তের প্রাপ্যতা জীবন-মৃত্যুর প্রশ্ন। এই রেফ্রিজারেটর ডিডিসি সন্ধানীর সক্ষমতা বাড়াবে এবং সারাদেশে রক্ত সরবরাহে সহায়তা করবে।
রোটারি ক্লাব অব গুলশান অ্যাভিনিউয়ের সভাপতি আরটিএন ড. লুবনা শারমিন পিএইচএফ বলেন, রোটারির মূলমন্ত্র ‘সার্ভিস অ্যাবভ সেল্ফ’। আমরা বিশ্বাস করি, ছোট ছোট উদ্যোগের মাধ্যমে বড় পরিবর্তন আনা সম্ভব। এই ব্লাড স্টোরেজ রেফ্রিজারেটর ডিডিসি সন্ধানীর মাধ্যমে প্রতিদিন অনেক মুমূর্ষু রোগীর জীবন বাঁচাবে।
আরও পড়ুন: হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন শফিকুল আলম
ক্লাবের ডিরেক্টর ও প্রোগ্রাম চেয়ার মো. সালাহ উদ্দিন পিএইচএফ জানান, ‘এই প্রকল্প বাস্তবায়নে ক্লাবের সদস্যরা একযোগে কাজ করেছেন। আমরা ডিডিসি সন্ধানীর সঙ্গে ভবিষ্যতেও দীর্ঘমেয়াদি সহযোগিতা চালিয়ে যাব।
ডিডিসি সন্ধানী দীর্ঘদিন ধরে রক্তদান কর্মসূচি, থ্যালাসেমিয়া রোগীদের সহায়তা ও রক্ত সরবরাহে কাজ করে আসছে। নতুন এই আধুনিক রেফ্রিজারেটর সংস্থাটির সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে এবং রক্তের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করবে। রোটারি ক্লাব অব গুলশান অ্যাভিনিউ (ক্লাব আইডি: ৮৪৭৩৩) বাংলাদেশে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ ও সমাজসেবামূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে।
অনুষ্ঠানে রোটারিয়ান, চিকিৎসক, সন্ধানীর কর্মী, সামাজিক কর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন সময়সীমা ১ নভেম্বর পর্যন্ত বাড়াল ইসি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন