ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রাহুলের সিইসি জ্ঞানেশকে ভোট চুরির ‘রাজসাক্ষী’ হওয়ার পরামর্শ


রাহুলের সিইসি জ্ঞানেশকে ভোট চুরির ‘রাজসাক্ষী’ হওয়ার পরামর্শ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ভোট চুরির রাজসাক্ষী হওয়ার পরামর্শ দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কংগ্রেস নেতা দাবি করেছেন যে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের প্রায় ২০০ কর্মকর্তা নিয়মিতভাবে তার সঙ্গে যোগাযোগ রাখেন। তিনি উল্লেখ করেছেন, এই কর্মকর্তাদের মধ্যে কেন্দ্রীয় তদন্ত সংস্থা, গোয়েন্দা বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও রয়েছেন। তবে এসব দাবির পক্ষে বিস্তারিত তথ্য বা প্রমাণ প্রকাশ্যে আসেনি।

সোমবার (১১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী জানিয়েছেন, তিনি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছ থেকে নিয়মিত বার্তা পান। জ্ঞানেশ কুমারকে কী বার্তা দিয়েছেন- সে প্রসঙ্গে রাহুল বলেন, তাকে রাজসাক্ষী হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি দাবি করেছেন যে, জ্ঞানেশ কুমার তার সংবাদ সম্মেলনও দেখছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ তুলে রাহুল বলেন, নির্বাচন কমিশনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনারকে সামনে রেখে অন্যরা নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করছেন বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ার দাবানলে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়া

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে নিজের যোগাযোগের বিষয়টি তুলে ধরে রাহুল বলেন, তদন্ত সংস্থা, গোয়েন্দা বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের প্রায় ২০০ কর্মকর্তা তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। তাদের কাছ থেকেই সরকারের ভেতরের নানা তথ্য জানতে পারেন বলে দাবি করেন তিনি। তবে ওই কর্মকর্তাদের পরিচয় বা যোগাযোগের ধরন সম্পর্কে বিস্তারিত জানাননি কংগ্রেস নেতা।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরোধের মধ্যে রাহুলের এ বক্তব্য সামনে এল। ভোট চুরির অভিযোগ তুলে কংগ্রেসসহ বিরোধী দলগুলো আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিতে হবে।

রাহুল গান্ধী জানিয়েছেন, এ আন্দোলন এখনই থামছে না। বিভিন্ন ধরনের চাপ ও বাধা এলেও বিরোধীরা আন্দোলনের পথ ছাড়বেন না বলে জানান তিনি। কংগ্রেসের সংবাদ সম্মেলনের পর বিরোধী জোটের নেতাদের দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসার কথা রয়েছে। সেখান থেকে সুপ্রিম কোর্টের উদ্দেশে মিছিল করার কর্মসূচিও রয়েছে বলে জানানো হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনারকে সরানোর দাবিতে বিরোধীদের আন্দোলনের পাশাপাশি ককরোচ জনতা পার্টিও বিষয়টি নিয়ে সক্রিয় হয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকা ও ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হচ্ছে।

আরও পড়ুন: স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যায় ৪ জনের মৃত্যু

রাহুল গান্ধীর সাম্প্রতিক বক্তব্যের পর এখন কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের প্রতিক্রিয়ার দিকে নজর রয়েছে। তাঁর অভিযোগের বিষয়ে সরকার বা প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে বক্তব্য এলে তা রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলের হুমকিতে অবস্থান বদলাবে না তুরস্ক, ফিলিস্তিনিদের পক্ষে দৃঢ় সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


ইসরাইলের হুমকিতে অবস্থান বদলাবে না তুরস্ক, ফিলিস্তিনিদের পক্ষে দৃঢ় সমর্থন

ইসরাইল সরকারের উসকানি, হুমকি ও অপপ্রচার সত্ত্বেও তুরস্কের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না, এমনটি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের যোগাযোগবিষয়ক অধিদপ্তরের প্রধান বুরহানেত্তিন দুরান।

তিনি রোববার তুরস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এনসোশ্যাল-এ একটি পোস্টে এ কথা বলেন। এই প্রতিক্রিয়া তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান এবং ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের মন্তব্যের প্রেক্ষাপটে এসেছে।

দুরান মন্তব্য করেন, কাৎজের ‘ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য’ ইসরাইল সরকারের রাজনৈতিক হতাশার প্রতিফলন। তিনি বলেন, অক্টোবরের শেষের দিকে অনুষ্ঠেয় ইসরাইলের নির্বাচনের আগে এমন বক্তব্য দেওয়া হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, গাজায় ইসরাইল সরকারের কর্মকাণ্ড এবং তাদের অব্যাহত আগ্রাসী নীতি আড়াল করতে তুরস্কের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা যাবে না। গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে তিনি গণহত্যামূলক যুদ্ধ হিসেবে অভিহিত করেন।

শান্তি ও যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের উদ্দেশ্যে কাৎজের প্রকাশ্য মৃত্যুর হুমকির প্রসঙ্গ টেনে দুরান বলেন, এ ধরনের বক্তব্য আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করার মানসিকতার প্রকাশ।

তিনি আরও বলেন, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ আন্তর্জাতিক জনমতের প্রতি প্রকাশ্য অবজ্ঞা। প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার, ন্যায়বিচার এবং স্থায়ী শান্তির পক্ষে অবস্থান অব্যাহত রাখবে।

দুরান পুনর্ব্যক্ত করেন, ইসরাইল সরকারের হুমকি, উসকানি ও অপপ্রচার তুরস্ককে ন্যায়বিচারের পক্ষে অবস্থান থেকে সরাতে পারবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবির ১৮ বছর পূর্তিতে ১৮টি নিমগাছ রোপণ ছাত্রদলের

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিনিধি

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


বেরোবির ১৮ বছর পূর্তিতে ১৮টি নিমগাছ রোপণ ছাত্রদলের

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে ১৮টি নিমগাছ রোপণ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মাসুদ রানা।

সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার ইলাহী হলসংলগ্ন বিভিন্ন স্থানে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখা এবং ক্যাম্পাসের সবুজ পরিবেশ সমৃদ্ধ করার ভাবনা থেকে এ উদ্যোগ নেওয়া হয় বলে জানান আয়োজক মাসুদ রানা। কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা হলসংলগ্ন বিভিন্ন স্থানে নিমগাছের চারা রোপণ করেন।

এ বিষয়ে বেরোবি শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মাসুদ রানা বলেন, ‘বেরোবির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করে রাখতে মুসলিম বিশ্বে জিয়া ট্রি খ্যাত নিমগাছ রোপণের কর্মসূচি পালন করেছি। বিগত চার বছর ধরে এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছি। কিছুদিন পর হয়তো শিক্ষাজীবন শেষ হবে, কিন্তু ক্যাম্পাসের স্মৃতিগুলো রয়ে যাবে। সেই স্মৃতিকে আরও সমৃদ্ধ করতেই মূলত আজকের এই বৃক্ষরোপণ।’

তিনি আরও বলেন, ‘কয়েক বছর পর যখন আবার ক্যাম্পাসে আসব, তখন এই গাছগুলোর সামনে দাঁড়ালে মনে পড়ে যাবে বিশ্ববিদ্যালয়জীবনের দিনগুলোর কথা। আমাদের রোপণ করা গাছগুলো বড় হবে, আর এর সঙ্গে জড়িয়ে থাকবে ক্যাম্পাসজীবনের অসংখ্য স্মৃতি।’

২০০৮ সালের ১২ অক্টোবর প্রতিষ্ঠিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এ বছর প্রতিষ্ঠার ১৮ বছর পূর্ণ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


নকলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে ধারন করে শেরপুর নকলায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এউপলক্ষ্যে সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এসব অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম-এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. জাহাঙ্গীর আলম-এর সভাপতিত্বে আলোচনা সভা করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হক (চাঁন মিয়া তালুকদার) ও পৌর বিএনপির সাবেক আহবায়ক কামরুল আলম লিটন প্রমুখ।

বক্তারা বলেন, “বাল্যবিবাহ সামাজিক অবক্ষয়ের একটি নমুনা তথা আইনি বিবেচনায় দন্ডনীয় অপরাধ বটে। কন্যা সন্তানরা পরিবারের বোঝা নয়, বরং সঠিক দিকনির্দেশনা ও সার্বিক সুযোগ-সুবিধা পেলে তারা দেশের সম্পদ হয়ে উঠে। কন্যাশিশুদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের এগিয়ে নিতে বাল্যবিবাহ রোধ করা আবশ্যক। তাই বাল্যবিবাহ বন্ধের ক্ষেত্রে কেবল আইনের প্রয়োগ নয়, এটি প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। গ্রাম-গঞ্জে ব্যাপকভাবে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। তবেই বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ গুলো প্রতিরোধ করা সম্ভব।”

র‌্যালি ও আলোচান সভার পরে দিবসটি উপলক্ষে কন্যাশিশুদের মধ্য আয়োজিত চিত্রাঅঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ পুরষ্কার ও সনদপত্র তুলেদেন।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আনোয়ার হোসেন শামীম, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা সাইমুন শাহানাজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নকলা উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর শরিফুল ইসলাম ও উপজেলা মহিলা বিএনপির আহবায়ক আসমা আক্তারসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্তরের রাজনৈতিক ব্যক্তিবর্গ, পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব ডিম দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ডিম বিতরণ করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) পশুপালন অনুষদের পোল্ট্রি সায়েন্স বিভাগ ও ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখার (ডব্লিউপিএসএ-বিবি) যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

ডিম বিতরণ শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ‘প্রোটিন যা শক্তি জোগায় ও সুরক্ষা দেয়’ প্রতিপাদ্যে সেমিনার অনুষ্ঠিত হয়।

পোল্ট্রি সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান ও ডব্লিউপিএসএ-বাংলাদেশ শাখার সহসভাপতি অধ্যাপক ড. মো. শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. বাপন দে।

মূল প্রবন্ধে অধ্যাপক বাপন দে বলেন, দেশে ২০১৪ সাল থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত ডিমের উৎপাদন বেড়ে ৫০৯ কোটিতে দাঁড়িয়েছে। তবে দৈনিক চাহিদা প্রায় ৬ কোটি ডিমের বিপরীতে উৎপাদন এখনো পর্যাপ্ত নয়। ডিম উচ্চমানের প্রোটিন, প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড, কোলিন, ভিটামিন ও খনিজ উপাদানের সহজলভ্য উৎস। এসব পুষ্টি উপাদান শরীরের স্বাভাবিক বৃদ্ধি, মস্তিষ্কের বিকাশ, দৃষ্টিশক্তি রক্ষা এবং হাড় ও দাঁতের সুস্থতায় ভূমিকা রাখে। কোলেস্টেরলের ভয়ে অনেকে ডিমের কুসুম এড়িয়ে চললেও এতে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে। তাই ব্যক্তির স্বাস্থ্যগত অবস্থা ও খাদ্যাভ্যাস বিবেচনায় ডিমের সাদা অংশের পাশাপাশি কুসুমের পুষ্টিগুণ সম্পর্কেও সচেতনতা বাড়াতে হবে।

ডব্লিউপিএসএ-বাংলাদেশ শাখার সহ সভাপতি অধ্যাপক ড. মো. শওকত আলী বলেন, ডিমের প্রোটিনের গুণগত মান ভালো এবং তুলনামূলক কম খরচে তা পাওয়া যায়। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় খামারিদের প্রতি ডিমে ১০ টাকার বেশি ব্যয় হচ্ছে। এ খাতের উৎপাদকদের সহায়তায় সরকারের ভর্তুকি দেওয়া প্রয়োজন।

প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম খান বলেন, ডিমের গ্রহণযোগ্যতা বাড়াতে খাবার তৈরিতে বৈচিত্র্য আনতে হবে। পাশাপাশি উৎপাদন বাড়ানোর সঙ্গে মধ্যবর্তী পর্যায়ের খরচ কমানো গেলে ডিমের দামও কমানো সম্ভব।

প্রধান অতিথি অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান বলেন, ডিমের উৎপাদন বাড়ানো ও দাম কমাতে উদ্যোক্তা তৈরি করা প্রয়োজন। উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ডিমের সহজলভ্যতা নিশ্চিত করা গেলে মানুষের ডিম গ্রহণের পরিমাণও বাড়বে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%