ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

নতুন সিনেমায় দুই নায়িকার সাথে জায়েদ খান


নতুন সিনেমায় দুই নায়িকার সাথে জায়েদ খান

কদিন আগেই খবর আসে নতুন সিনেমায় নাম লিখিয়েছেন  ঢাকাই চলচ্চিত্রের নায়ক জায়েদ খান। তার সঙ্গে আছেন অধরা খান ও শিরিন শিলা। এবার দুই নায়িকাকে নিয়ে সামাজিক মাধ্যমে ধরা দিলেন জায়েদ খান।

সিনেমাটির নাম ‌‘ভায়োলেন্স’। সম্প্রতি কানাডায় সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এতে পরিচালক ও অভিনয়শিল্পীরা উপস্থিত ছিলেন।

শুটিং শুরুর আগে অধরা খান ও শিরিন শিলার সঙ্গে ফটোশুটেও অংশ নেন জায়েদ খান। নতুন সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘সিনেমাটি নিয়ে আমি খুবই এক্সাইটেড। কারণ কানাডায় এই প্রথম এভাবে পূর্ণাঙ্গভাবে বাংলা সিনেমার শুটিং হতে যাচ্ছে। এটা অনেক বড় ব্যাপার। আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজটি করব। আশা করছি দারুণ কিছুই হবে।’

আরও পড়ুন: সামান্তা শারমিন এনসিপি থেকে পদত্যাগ, জামায়াতের সঙ্গে সম্পর্কের অভিযোগ

সিনেমাটি পরিচালনা করবেন কামাল হোসেন। উত্তর আমেরিকায় বসবাসরত বাঙালিদের কথা মাথায় রেখে ‘ভায়োলেন্স’ নির্মাণ করা হবে বলে জানা গেছে।

গত ২৭ আগস্ট ঢাকাই সিনেমার এই অভিনেতা নিউইয়র্ক থেকে কানাডার অন্টারিওর উদ্দেশে রওনা হন। বিজনেস ক্লাসে বসে ছবিও তুলেছিলেন তিনি। কিন্তু আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত উড়োজাহাজটি উড়াল দিতে পারেনি। বজ্রপাতের কারণে ৯ ঘণ্টা অপেক্ষা করে জায়েদ খান ফিরে আসেন। এদিকে কানাডায় তার জন্য অপেক্ষা করছিলেন চিত্রনায়িকা অধরা খান ও শিরিন শিলা।

সর্বশেষ ‘সোনার চর’ সিনেমায় দেখা যায় জায়েদ খানকে। ছবিটি পরিচালনা, কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লেখেন জাহিদ হাসান। জায়েদ খানের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা জান্নাতুল স্নিগ্ধা।

আরও পড়ুন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুহিত পেলেন আরও দুই গুরুত্বপূর্ণ দায়িত্ব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিনিয়োগ বাড়াতে জ্ঞানভিত্তিক অর্থনীতির ওপর জোর চট্টগ্রাম চেম্বারের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


বিনিয়োগ বাড়াতে জ্ঞানভিত্তিক অর্থনীতির ওপর জোর চট্টগ্রাম চেম্বারের

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক মন্তব্য করেছেন যে, দেশের অর্থনীতিকে শক্তিশালী ও বিনিয়োগবান্ধব করতে জ্ঞানভিত্তিক অর্থনীতির বিকল্প নেই। তিনি উল্লেখ করেন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কারিগরি সহায়তায় সরকার আগামী ২০ বছরে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যে ৮০ বিলিয়ন ডলারের উন্নয়ন প্রকল্প প্রণয়ন করছে, সেখানে বেসরকারি খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের চাহিদা ও পরামর্শ অনুযায়ী প্রকল্পটি বাস্তবায়ন করা হলে দেশের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে।

সোমবার (৩১ আগস্ট) চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে চট্টগ্রাম চেম্বার ও এডিবির যৌথ আয়োজনে ‘স্টেকহোল্ডার কনসালটেশন মিটিং অন দ্য ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট (আইজিএনডি)’ শীর্ষক অংশীজন পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন।

চেম্বার সভাপতি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করার পাশাপাশি ভূ-কৌশলগত ঝুঁকি বিবেচনায় উপকূলীয় বেল্টের পাশ দিয়ে চট্টগ্রাম-নোয়াখালী-চাঁদপুর-নারায়ণগঞ্জ-ঢাকা বিকল্প সড়ক নির্মাণ করা অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একাধিক বিকল্প সড়ক যোগাযোগব্যবস্থা প্রয়োজন।

একই সঙ্গে মাল্টিমোডাল যোগাযোগব্যবস্থার অংশ হিসেবে রেল ও নৌপথকেও গতিশীল করতে হবে।

তিনি চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং সোনাদিয়া-মহেশখালী-চট্টগ্রাম বন্দর-মিরসরাই অর্থনৈতিক অঞ্চলকে অর্থনৈতিক করিডরে রূপান্তরের মাধ্যমে শিল্পায়ন ত্বরান্বিত করার ওপর গুরুত্ব দেন।

এছাড়া, চট্টগ্রাম বিমানবন্দরকে কার্গো হাবে পরিণত করা, ঢাকা বিমানবন্দরের তুলনায় এর ট্যারিফ কমিয়ে কার্যক্রম আরো গতিশীল করা এবং বড় অবকাঠামো প্রকল্পে দেশীয় ও বিদেশি কোম্পানির যৌথ অংশীদারত্ব নিশ্চিত করার প্রস্তাবও তিনি দেন।

শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরির ওপরও গুরুত্বারোপ করেন মোহাম্মদ আমিরুল হক।

এডিবির প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট এক্সপার্ট তাহসিন এইচ. চৌধুরী বলেন, বাংলাদেশের ৭০ থেকে ৮০ শতাংশ উন্নয়ন বেসরকারি খাতের মাধ্যমে হচ্ছে। সরকার বগুড়া-ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজারকে নিয়ে একটি সমন্বিত অর্থনৈতিক করিডোর গড়ে তুলতে চায়। এই উদ্যোগটি বেসরকারি খাতের সঙ্গে যৌথভাবে বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, আইজিএনডি প্রকল্পের মাধ্যমে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক ভারসাম্যপূর্ণ উন্নয়নকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার লক্ষ্যে বেসরকারি খাতের চাহিদা ও মতামত নেওয়া হচ্ছে।

সভায় বক্তারা উল্লেখ করেন, শিল্পায়নের জন্য পর্যাপ্ত ইউটিলিটি সুবিধা, দক্ষ মানবসম্পদ এবং ভৌগোলিক অবস্থান অনুযায়ী উপযুক্ত শিল্প স্থাপনের বিকল্প নেই।

দেশীয় বেসরকারি খাতকে গুরুত্ব দেওয়া এবং তাদের মতামত গ্রহণের পাশাপাশি মাল্টিমোডাল যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা এবং সরকারি নীতি ও পলিসির ধারাবাহিকতা বজায় রাখা জরুরি।

তারা কক্সবাজার অঞ্চলে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন এবং পেপারলেস ও ফেসলেস কাস্টমস-পোর্টসহ সরকারি সেবা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন।

সভায় চেম্বারের সাবেক সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, চেম্বার পরিচালক ইঞ্জিনিয়ার মো. গোলাম সরওয়ার, বিজিএমইএর সহসভাপতি মো. রফিক চৌধুরীসহ ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বোলিং শুরু করলেন রানা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


বোলিং শুরু করলেন রানা

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬ : ইনজুরির কারণে প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকার পর আবারও বোলিং শুরু করেছেন বাংলাদেশ পেসার নাহিদ রানা। 

আজ মিরপুর একাডেমি মাঠে জাতীয় দলের পেস বোলিং কোচ তালহা জুবায়ের ও দলের ফিজিও বায়েজিদুল ইসলামের তত্ত্বাবধানে ছোট রান-আপ নিয়ে বোলিং করেন রানা।

গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ চলাকালীন ইনজুরিতে পড়েন ২৩ বছর বয়সী রানা। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারেননি তিনি।

জাপানের নাগোয়াতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ক্রিকেট ইভেন্টে রানার খেলার সম্ভাবনা কম। অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগে রানা পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরবেন বলে আশাবাদী নির্বাচকরা। 

আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার সূচি রয়েছে বাংলাদেশের। জিম্বাবুয়ে যদি অংশগ্রহণে সম্মত হয়, তাহলে ওয়ানডে সিরিজের পরিবর্তে ত্রিদেশীয় টুর্নামেন্ট হতে পারে।

ধারণা করা হচ্ছে, ফিটনেস ও দলের প্রয়োজনের ওপর ভিত্তি করে আফগানিস্তান সিরিজে যেকোনো ফরম্যাটে রানাকে বিবেচনা করা হতে পারে। 

রানাকে মাঠে ফেরাতে তাড়াহুড়ো করতে চায় না বিসিবি। অক্টোবরের আগেই রানা পূর্ণাঙ্গ ম্যাচ ফিটনেস ফিরে পাবেন বলে আশা করছে বোর্ড। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অটোরিকশাচালক জুয়েল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


অটোরিকশাচালক জুয়েল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

ঢাকার কেরানীগঞ্জে অটোরিকশা চালক জুয়েলকে শ্বাসরোধ করে হত্যা করার পর তার যানটি ছিনতাইয়ের ঘটনায় তিনজন আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছে আদালত। একই সঙ্গে, আসামিদের ছিনতাইয়ের অপরাধে পাঁচ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে।

 

সোমবার (৩১ আগস্ট) ঢাকার ৮ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ মুনির হোসাইন এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— আলী হোসেন, লুৎফর রহমান এবং হাসান। এছাড়া, ছিনতাই করা অটোরিকশা জেনেও কম দামে কেনার অপরাধে গ্যারেজ মালিক আহমদুর রহমানকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালতের সংশ্লিষ্ট বেঞ্চের সহকারী রিয়াজুল ইসলাম সজিব এই তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানিয়েছেন, মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক প্রত্যেক আসামিকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করেছেন, যা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত নিহতের পরিবার ও এতিম সন্তানদের ক্ষতিপূরণ হিসেবে ১৫ লাখ টাকা জরিমানা আদায় সাপেক্ষে দেওয়ার নির্দেশ দিয়েছে।

রিয়াজুল ইসলাম আরও জানান, ছিনতাইয়ের দায়ে তিন আসামিকে পাঁচ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে, গ্যারেজ মালিক আহমদুর রহমানকে তিন বছরের কারাদণ্ড ছাড়াও ৩০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

আজ রায় ঘোষণার আগে কারাগারে থাকা আসামি আলী হোসেন, লুৎফর রহমান এবং হাসানকে আদালতে হাজির করা হয়। রায় পড়া শেষে সাজা পরোয়ানাসহ তাদের আবারো কারাগারে পাঠানো হয়। সাজাপ্রাপ্ত গ্যারেজ মালিক আহমদুর রহমান পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১৫ অক্টোবর বিকেলে অটোরিকশা নিয়ে গ্যারেজ থেকে বের হন জুয়েল। পূর্বপরিকল্পনা অনুযায়ী, ওই দিন সন্ধ্যা সাতটার দিকে আসামি আলী ও লুৎফর যাত্রীবেশে রুহিতপুর বাজার থেকে জুয়েলের অটোরিকশা ভাড়া নেন।

 

তারা জুয়েলকে ভাষানচর কাঠবাগানের দিকে নিয়ে যান। সেখানে আগে থেকেই ওঁত পেতে থাকা হাসান ও এনামুল নামের এক কিশোর তাদের সঙ্গে যোগ দেয়। চারজন মিলে জুয়েলের হাত-পা ও মুখ চেপে ধরে ধইঞ্চা ক্ষেতে নিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে তার কাছে থাকা মোবাইল, নগদ টাকা ও অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়।

পরদিন ধইঞ্চা ক্ষেত থেকে জুয়েলের মরদেহ উদ্ধার করা হলে তার বোন সাবিনা কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক মাহমুদ আলম চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র এবং কিশোর এনামুলের বিরুদ্ধে দোষীপত্র দাখিল করেন। ২০২২ সালের ২৮ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারকাজ শুরু হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় আদালত ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। আসামিপক্ষে একজন সাফাই সাক্ষ্য দেন। যুক্তিতর্ক শুনানি শেষে আজ এ রায়ের দিন ধার্য ছিল।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কয়েক ঘণ্টায় কোম্পানি নিবন্ধনের লক্ষ্য, বদলে যাচ্ছে আরজেএসসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


কয়েক ঘণ্টায় কোম্পানি নিবন্ধনের লক্ষ্য, বদলে যাচ্ছে আরজেএসসি

কোম্পানি নিবন্ধনে দীর্ঘসূত্রতা ও দাপ্তরিক নির্ভরতা কমিয়ে পুরো প্রক্রিয়া অনলাইনভিত্তিক করার উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় ‘সিঙ্গাপুরের দ্রুত ও কার্যকর ব্যবসা নিবন্ধন’ ব্যবস্থার আদলে যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) চালু করতে যাচ্ছে ‘ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম’(ইবিআরএস)।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আরজেএসসির কার্যক্রম আধুনিকায়নসংক্রান্ত এক সভায় নতুন ব্যবস্থার অগ্রগতি তুলে ধরা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ব্যবস্থা পুরোপুরি কার্যকর হলে উদ্যোক্তারা কোম্পানির নাম ছাড়পত্র থেকে চূড়ান্ত নিবন্ধন পর্যন্ত সব কার্যক্রম ঘরে বসেই সম্পন্ন করতে পারবেন।

প্রাথমিক পর্যায়ে কর্মকর্তাদের দ্রুত যাচাইয়ের মাধ্যমে কয়েক ঘণ্টার মধ্যে নতুন কোম্পানি নিবন্ধন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘কোম্পানি নিবন্ধনের জন্য গ্রাহককে আর আরজেএসসি কার্যালয়ে যেতে হবে না। ঘরে বসেই স্বল্প সময়ে নিবন্ধন সম্পন্ন করার সুযোগ দিতে প্রতিষ্ঠানটির কার্যক্রম পুরোপুরি অটোমেটেড করা হবে।’

নতুন ইবিআরএস ব্যবস্থায় উদ্যোক্তারা যে কোনো সময় অনলাইনে কোম্পানি নিবন্ধনের আবেদন করতে পারবেন। আবেদনের তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা এবং জালিয়াতি প্রতিরোধে জাতীয় পরিচয়পত্র, ই-টিআইএন ও মোবাইল নম্বর রিয়েল-টাইমে প্রাক-যাচাইয়ের ব্যবস্থা রাখা হচ্ছে।

এর ফলে আবেদনে ভুল বা অসংগত তথ্য দ্রুত শনাক্ত করা সম্ভব হবে বলে সভায় তুলে ধরা হয়।

কোম্পানি গঠনের আইনি প্রক্রিয়াও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে প্রয়োজনীয় সংযোগ স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে সভায় জানানো হয়।

সরকারের লক্ষ্য, প্রথম ছয় মাসের মধ্যেই কোম্পানি নিবন্ধনের সময় কমিয়ে কয়েক ঘণ্টায় নামিয়ে আনা।

শতভাগ স্বয়ংক্রিয় নাম ছাড়পত্র বা ‘অটো নেম ক্লিয়ারেন্স’ ব্যবস্থা আরও নির্ভুল করতে সিস্টেমের কিছু উন্নয়নের কাজ চলছে। পুরো অটোমেশন চালু না হওয়া পর্যন্ত উদ্যোক্তাদের সেবা যাতে ব্যাহত না হয়, সেজন্য অন্তর্বর্তী ব্যবস্থা নিয়েছে আরজেএসসি।

পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক ছয় মাস আবেদন জমা পড়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে নাম ছাড়পত্র পুনঃযাচাই করবেন। প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সঠিক থাকলে কয়েক ঘণ্টার মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আইআইটি) ও আরজেএসসির নিবন্ধক শিবির বিচিত্র বড়ুয়া সভায় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%