মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:২৩ পি.এম
নরসিংদীর পলাশে মাসুম মিয়া (২৪) নামের এক যুবকের মরদেহ পুলিশ উদ্ধার করেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার গড়পাড়া গ্রামের রিজেন্ট পাওয়ার প্লান্টের সামনে থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক খুঁটি থেকে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, ওই যুবকের বিরুদ্ধে পূর্বে চুরির অভিযোগ রয়েছে।
মাসুম মিয়া গড়পাড়া গ্রামের জাকির হোসেনের পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বৈদ্যুতিক খুঁটির নিচে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
পলাশ থানার এসআই মোজাম্মেল হোসেন জানান, যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালীতে বিদ্যালয়ের ভেতরে পঞ্চম শ্রেণির এক ছাত্রী এবং এক সহকারী শিক্ষিকাকে যৌন নিপীড়নের পৃথক অভিযোগে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
বরখাস্ত হওয়া দুই শিক্ষক হলেন উপজেলার ৩৪ নম্বর সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন চন্দ্র পাল এবং ৫০ নম্বর পশ্চিম জিবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জুবায়ের রহমান।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর দুপুরে টিফিনের বিরতির সময় সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ১২ বছর বয়সী এক ছাত্রীকে বিদ্যালয়ের লাইব্রেরিতে ডেকে নিয়ে শারীরিকভাবে হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে শিক্ষক লিটন চন্দ্র পালের বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, লাইব্রেরিতে নিয়ে ওই শিক্ষক ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং জড়িয়ে ধরে আটকে রাখেন।
এ ঘটনায় শিক্ষার্থীর মা গত ৮ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত করে একই দিন প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে সরকারি চাকরির বিধিবিধান অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এর আগেও তার বিরুদ্ধে বিদ্যালয়ে অনিয়ম ও প্রধান শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছিল।
অন্যদিকে, উপজেলার ৫০ নম্বর পশ্চিম জিবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জুবায়ের রহমানের বিরুদ্ধে একই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে যৌন হয়রানি ও অনৈতিক আচরণের অভিযোগ ওঠে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এবং বিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির বিষয়টি বিবেচনায় নিয়ে তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান জানান, পৃথক দুটি অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে অফিস আদেশ জারির মাধ্যমে অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক ৩১তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। চৌদ্দগ্রাম মাদ্রাসা-ই হোসাইনিয়া দারুল উলুমের মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রায় ৩০টি মাদ্রাসার পাঁচ শতাধিক ছাত্র অংশগ্রহণ করে। প্রতিযোগিতার ফলস্বরূপ ৩৫ জন ছাত্র জেলা পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। বিজয়ীরা পরবর্তীতে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ক্বারী শায়েখ আব্দুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি ও চৌদ্দগ্রাম মাদ্রাসা-ই হোসাইনিয়া দারুল উলুমের মুহতামিম শাহ সাইয়েদ মুহাম্মদ যাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ উল্লাহ, মোশারফ হোসেন জিপু। মুফতি সাইয়েদ আবদুল আউয়ালের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম, গুনবতী জামিয়া ফারুকীয়ার পরিচালক মাওলানা ইসমাইল, মিয়াবাজার জামিয়া রহমানিয়া মাদরাসার মুহতামিম মুফতি জালাল উদ্দিন, কনকাপৈত জামিয়া ইসলামিয়ার মুহতামিম মুফতি মাহমুদ হাসান, বাঘারপুস্করণী মাদরাসায়ে ইসলামিয়ার মুহাতামিম মাওলানা খলিলুর রহমান, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন চৌদ্দগ্রাম উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ আব্দুল আউয়াল সুমন, সহ-সেক্রেটারি জাকারিয়া আমিনী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক হাফেজ ইমদাদুল হক, সদস্য হাফেজ আব্দুল মান্নান, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা রবিউল ইসলাম, হাফেজ ইকবাল, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আব্দুল হালিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে সনদ, ক্রেস্টসহ উপহার সামগ্রী ও সকল প্রতিযোগীকে শান্তনা পুরস্কার প্রদান করেন অতিথিগণ।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা সাইয়েদ মোহাম্মদ জাকারিয়া বলেন, "কোমলমতি শিশুদের প্রতি যত্মসহকারে কোরআনে কারিম ও ধর্মীয় শিক্ষার প্রসারে শিক্ষকদের ভুমিকা রাখতে হবে।" তিনি আরও বলেন, "বিশেষ করে প্রহারমুক্ত ও নির্যাতনমুক্ত পরিবেশ সৃষ্টি করে কোরআনের খাদেম তৈরিতে উদ্বুদ্ধ করতে হবে।" তিনি উল্লেখ করেন, "চৌদ্দগ্রাম উপজেলার সকল মাদরাসায় যেন পড়ালেখা আন্তর্জাতিক মানের হয়, এজন্য প্রতিযোগিতার বিকল্প নেই।"
এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের মারাত্মক বিরূপ প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। সমুদ্রপৃষ্ঠ ও পৃথিবীর সার্বিক তাপমাত্রা বাড়ছে, হিমবাহ গলছে এবং বিশ্বজুড়ে ভয়াবহ দাবানল, আকস্মিক বন্যা ও প্রাণঘাতী তাপপ্রবাহ আঘাত হানছে। এই মহাবিপর্যয়ের পেছনে বায়ুমণ্ডলে ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ক্ষেত্রে সবচেয়ে বড় দায় বহন করছে বিশ্বের কয়েকটি শীর্ষ অর্থনৈতিক শক্তি।
সর্বশেষ বৈশ্বিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বজুড়ে মোট ৫৪ দশমিক ১ বিলিয়ন টন গ্রিনহাউস গ্যাস নিঃসৃত হয়েছে, যা ১৯৯০ সালের তুলনায় ৬৮ দশমিক ৫ শতাংশ বেশি। এই গ্যাসের ৭৩ শতাংশই কার্বন ডাই-অক্সাইড, যা মূলত কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে তৈরি হয়।
বর্তমানে সবচেয়ে বেশি গ্যাস নিঃসরণ করছে কোন দেশ? সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বর্তমান বিশ্বে এককভাবে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করছে চীন। দেশটি বছরে প্রায় ১৬ বিলিয়ন টন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে, যা মোট বৈশ্বিক নিঃসরণের ২৯ দশমিক ৫ শতাংশ।
এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি প্রকৃতিতে বার্ষিক ৬ দশমিক শূন্য ২ বিলিয়ন টন গ্যাস নিঃসরণ করে, যা বৈশ্বিক হারের ১১ দশমিক ১ শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছে ভারত; দেশটির বার্ষিক নিঃসরণের পরিমাণ প্রায় ৪ দশমিক ৫১ বিলিয়ন টন। শীর্ষ এই তিন দেশ মিলেই বৈশ্বিক নিঃসরণের অর্ধেকের কাছাকাছি গ্যাস প্রকৃতিতে ছাড়ছে।
ঐতিহাসিক দায়ে এগিয়ে কারা?
বর্তমানে বার্ষিক নিঃসরণে চীন সবার ওপরে থাকলেও অষ্টাদশ শতকের মাঝামাঝি অর্থাৎ শিল্পবিপ্লবের সূচনা থেকে ঐতিহাসিক সামগ্রিক দায় বিবেচনা করলে চিত্রটি ভিন্ন। ১৮ শতকের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত বিশ্বজুড়ে মোট কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এককভাবে ২৩ দশমিক ৫ শতাংশের জন্য দায়ী। বিপরীতে এই ঐতিহাসিক হিসাবে চীনের অবদান ১৫ দশমিক ৪ শতাংশ।
যেসব খাত থেকে সবচেয়ে বেশি দূষণ ছড়ায়, বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাসের প্রায় দুই-তৃতীয়াংশ নির্গত হয় মাত্র তিনটি প্রধান খাত থেকে।
• বিদ্যুৎ উৎপাদন খাত: মোট নিঃসরণের প্রায় ৩০ শতাংশই আসে বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে। ১৯৭০ সালের পর থেকে এ খাতে নিঃসরণ প্রায় চার গুণ বেড়েছে।
• শিল্প ও কারখানা খাত: সিমেন্ট, ধাতু ও রাসায়নিক পণ্য উৎপাদনকারী বিভিন্ন কারখানা থেকে আসে মোট নিঃসরণের ২১ শতাংশ।
• পরিবহন খাত: সড়ক পরিবহন, জাহাজ ও উড়োজাহাজ থেকে নির্গত হয় প্রায় ১৬ শতাংশ গ্যাস।
এর বাইরে কৃষি খাত থেকে ১২ শতাংশ এবং জীবাশ্ম জ্বালানি উত্তোলন থেকে ১১ শতাংশ গ্যাস নিঃসৃত হয়।
গুটি কয়েক দেশের লাগামহীন নিঃসরণের কারণে ২০২৫ সালে এসে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ইতিহাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। ইউরোপের তাপপ্রবাহ ও খরা থেকে শুরু করে এশিয়ায় টাইফুন এবং হিমালয়ের হিমবাহ ধসে প্রাণহানির ঘটনা বেড়েই চলেছে। জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপরই এখন নির্ভর করছে প্রকৃতির এই বৈষম্যমূলক ক্ষতির লাগাম টেনে ধরা যাবে কি না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনায় হাসপাতালের ওপর হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনার বিরুদ্ধে চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা চিকিৎসাসেবা বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন। তারা ‘নো সিকিউরিটি, নো সার্ভিস’ ঘোষণা করেছেন।
মঙ্গলবার বেলা ১১টায় নগরীর সাতরাস্তা মোড়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।
সাম্প্রতিক সময়ে খুলনা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক সেন্টার, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এই কর্মসূচির আয়োজন করেন।
সমাবেশে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা কামাল বলেন, যেসব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলার ঘটনা ঘটেছে, সেসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের অভিযোগ, ৯৯৯-এ ফোন করার পরও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়নি। কিছু ক্ষেত্রে হামলার প্রায় দুই ঘণ্টা পর পুলিশ এসে পৌঁছেছে। অথচ খবর পাওয়ার পর পুলিশের ঘটনাস্থলে পৌঁছাতে সাধারণত সর্বোচ্চ ১৫ থেকে ২০ মিনিট সময় লাগার কথা। তিনি প্রশ্ন তোলেন, কেন এত দেরি হচ্ছে, এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না।
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্প পরিচালক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডা. আবু জাফর মো. ছালেহ বলেন, সাম্প্রতিক সময়ে খুলনা মহানগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক সেন্টার, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। এসব ঘটনার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন। পুলিশ প্রশাসন জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবেন।
সমাবেশে বক্তারা উল্লেখ করেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তাহীনতার মধ্যে দায়িত্ব পালন করতে পারেন না। তাদের নিরাপত্তা নিশ্চিত করা হলে তারা চিকিৎসাসেবা দেবেন। অন্যথায় চিকিৎসাসেবা চালিয়ে যাওয়া সম্ভব হবে না। তিনি বলেন, ‘নো সিকিউরিটি, নো সার্ভিস।’
বক্তারা অভিযোগ করেন, নগরীর বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদা না দিলে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
তারা বলেন, আগামী সাত দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে খুলনার সব চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীকে নিয়ে পূর্ণ কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল ও আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ