প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের মারাত্মক বিরূপ প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। সমুদ্রপৃষ্ঠ ও পৃথিবীর সার্বিক তাপমাত্রা বাড়ছে, হিমবাহ গলছে এবং বিশ্বজুড়ে ভয়াবহ দাবানল, আকস্মিক বন্যা ও প্রাণঘাতী তাপপ্রবাহ আঘাত হানছে। এই মহাবিপর্যয়ের পেছনে বায়ুমণ্ডলে ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ক্ষেত্রে সবচেয়ে বড় দায় বহন করছে বিশ্বের কয়েকটি শীর্ষ অর্থনৈতিক শক্তি।
সর্বশেষ বৈশ্বিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বজুড়ে মোট ৫৪ দশমিক ১ বিলিয়ন টন গ্রিনহাউস গ্যাস নিঃসৃত হয়েছে, যা ১৯৯০ সালের তুলনায় ৬৮ দশমিক ৫ শতাংশ বেশি। এই গ্যাসের ৭৩ শতাংশই কার্বন ডাই-অক্সাইড, যা মূলত কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে তৈরি হয়।
বর্তমানে সবচেয়ে বেশি গ্যাস নিঃসরণ করছে কোন দেশ? সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বর্তমান বিশ্বে এককভাবে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করছে চীন। দেশটি বছরে প্রায় ১৬ বিলিয়ন টন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে, যা মোট বৈশ্বিক নিঃসরণের ২৯ দশমিক ৫ শতাংশ।
এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি প্রকৃতিতে বার্ষিক ৬ দশমিক শূন্য ২ বিলিয়ন টন গ্যাস নিঃসরণ করে, যা বৈশ্বিক হারের ১১ দশমিক ১ শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছে ভারত; দেশটির বার্ষিক নিঃসরণের পরিমাণ প্রায় ৪ দশমিক ৫১ বিলিয়ন টন। শীর্ষ এই তিন দেশ মিলেই বৈশ্বিক নিঃসরণের অর্ধেকের কাছাকাছি গ্যাস প্রকৃতিতে ছাড়ছে।
ঐতিহাসিক দায়ে এগিয়ে কারা?
বর্তমানে বার্ষিক নিঃসরণে চীন সবার ওপরে থাকলেও অষ্টাদশ শতকের মাঝামাঝি অর্থাৎ শিল্পবিপ্লবের সূচনা থেকে ঐতিহাসিক সামগ্রিক দায় বিবেচনা করলে চিত্রটি ভিন্ন। ১৮ শতকের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত বিশ্বজুড়ে মোট কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এককভাবে ২৩ দশমিক ৫ শতাংশের জন্য দায়ী। বিপরীতে এই ঐতিহাসিক হিসাবে চীনের অবদান ১৫ দশমিক ৪ শতাংশ।
যেসব খাত থেকে সবচেয়ে বেশি দূষণ ছড়ায়, বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাসের প্রায় দুই-তৃতীয়াংশ নির্গত হয় মাত্র তিনটি প্রধান খাত থেকে।
• বিদ্যুৎ উৎপাদন খাত: মোট নিঃসরণের প্রায় ৩০ শতাংশই আসে বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে। ১৯৭০ সালের পর থেকে এ খাতে নিঃসরণ প্রায় চার গুণ বেড়েছে।
• শিল্প ও কারখানা খাত: সিমেন্ট, ধাতু ও রাসায়নিক পণ্য উৎপাদনকারী বিভিন্ন কারখানা থেকে আসে মোট নিঃসরণের ২১ শতাংশ।
• পরিবহন খাত: সড়ক পরিবহন, জাহাজ ও উড়োজাহাজ থেকে নির্গত হয় প্রায় ১৬ শতাংশ গ্যাস।
এর বাইরে কৃষি খাত থেকে ১২ শতাংশ এবং জীবাশ্ম জ্বালানি উত্তোলন থেকে ১১ শতাংশ গ্যাস নিঃসৃত হয়।
গুটি কয়েক দেশের লাগামহীন নিঃসরণের কারণে ২০২৫ সালে এসে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ইতিহাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। ইউরোপের তাপপ্রবাহ ও খরা থেকে শুরু করে এশিয়ায় টাইফুন এবং হিমালয়ের হিমবাহ ধসে প্রাণহানির ঘটনা বেড়েই চলেছে। জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপরই এখন নির্ভর করছে প্রকৃতির এই বৈষম্যমূলক ক্ষতির লাগাম টেনে ধরা যাবে কি না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন