ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

চৌদ্দগ্রামে ৩১তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


চৌদ্দগ্রামে ৩১তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক ৩১তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। চৌদ্দগ্রাম মাদ্রাসা-ই হোসাইনিয়া দারুল উলুমের মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রায় ৩০টি মাদ্রাসার পাঁচ শতাধিক ছাত্র অংশগ্রহণ করে। প্রতিযোগিতার ফলস্বরূপ ৩৫ জন ছাত্র জেলা পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। বিজয়ীরা পরবর্তীতে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ক্বারী শায়েখ আব্দুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি ও চৌদ্দগ্রাম মাদ্রাসা-ই হোসাইনিয়া দারুল উলুমের মুহতামিম শাহ সাইয়েদ মুহাম্মদ যাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ উল্লাহ, মোশারফ হোসেন জিপু। মুফতি সাইয়েদ আবদুল আউয়ালের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম, গুনবতী জামিয়া ফারুকীয়ার পরিচালক মাওলানা ইসমাইল, মিয়াবাজার জামিয়া রহমানিয়া মাদরাসার মুহতামিম মুফতি জালাল উদ্দিন, কনকাপৈত জামিয়া ইসলামিয়ার মুহতামিম মুফতি মাহমুদ হাসান, বাঘারপুস্করণী মাদরাসায়ে ইসলামিয়ার মুহাতামিম মাওলানা খলিলুর রহমান, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন চৌদ্দগ্রাম উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ আব্দুল আউয়াল সুমন, সহ-সেক্রেটারি জাকারিয়া আমিনী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক হাফেজ ইমদাদুল হক, সদস্য হাফেজ আব্দুল মান্নান, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা রবিউল ইসলাম, হাফেজ ইকবাল, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আব্দুল হালিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে সনদ, ক্রেস্টসহ উপহার সামগ্রী ও সকল প্রতিযোগীকে শান্তনা পুরস্কার প্রদান করেন অতিথিগণ।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা সাইয়েদ মোহাম্মদ জাকারিয়া বলেন, "কোমলমতি শিশুদের প্রতি যত্মসহকারে কোরআনে কারিম ও ধর্মীয় শিক্ষার প্রসারে শিক্ষকদের ভুমিকা রাখতে হবে।" তিনি আরও বলেন, "বিশেষ করে প্রহারমুক্ত ও নির্যাতনমুক্ত পরিবেশ সৃষ্টি করে কোরআনের খাদেম তৈরিতে উদ্বুদ্ধ করতে হবে।" তিনি উল্লেখ করেন, "চৌদ্দগ্রাম উপজেলার সকল মাদরাসায় যেন পড়ালেখা আন্তর্জাতিক মানের হয়, এজন্য প্রতিযোগিতার বিকল্প নেই।"

আরও পড়ুন: কষ্টের মাধ্যমে আল্লাহর রহমত ও প্রতিদানের সুযোগ সৃষ্টি

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু পরিবর্তনের জন্য বেশি দায়ী দেশগুলো কোন কোন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


জলবায়ু পরিবর্তনের জন্য বেশি দায়ী দেশগুলো কোন কোন

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের মারাত্মক বিরূপ প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। সমুদ্রপৃষ্ঠ ও পৃথিবীর সার্বিক তাপমাত্রা বাড়ছে, হিমবাহ গলছে এবং বিশ্বজুড়ে ভয়াবহ দাবানল, আকস্মিক বন্যা ও প্রাণঘাতী তাপপ্রবাহ আঘাত হানছে। এই মহাবিপর্যয়ের পেছনে বায়ুমণ্ডলে ক্ষতিকর গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ক্ষেত্রে সবচেয়ে বড় দায় বহন করছে বিশ্বের কয়েকটি শীর্ষ অর্থনৈতিক শক্তি।

সর্বশেষ বৈশ্বিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বজুড়ে মোট ৫৪ দশমিক ১ বিলিয়ন টন গ্রিনহাউস গ্যাস নিঃসৃত হয়েছে, যা ১৯৯০ সালের তুলনায় ৬৮ দশমিক ৫ শতাংশ বেশি। এই গ্যাসের ৭৩ শতাংশই কার্বন ডাই-অক্সাইড, যা মূলত কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে তৈরি হয়।

বর্তমানে সবচেয়ে বেশি গ্যাস নিঃসরণ করছে কোন দেশ? সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বর্তমান বিশ্বে এককভাবে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করছে চীন। দেশটি বছরে প্রায় ১৬ বিলিয়ন টন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে, যা মোট বৈশ্বিক নিঃসরণের ২৯ দশমিক ৫ শতাংশ।

এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি প্রকৃতিতে বার্ষিক ৬ দশমিক শূন্য ২ বিলিয়ন টন গ্যাস নিঃসরণ করে, যা বৈশ্বিক হারের ১১ দশমিক ১ শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছে ভারত; দেশটির বার্ষিক নিঃসরণের পরিমাণ প্রায় ৪ দশমিক ৫১ বিলিয়ন টন। শীর্ষ এই তিন দেশ মিলেই বৈশ্বিক নিঃসরণের অর্ধেকের কাছাকাছি গ্যাস প্রকৃতিতে ছাড়ছে।

ঐতিহাসিক দায়ে এগিয়ে কারা?

বর্তমানে বার্ষিক নিঃসরণে চীন সবার ওপরে থাকলেও অষ্টাদশ শতকের মাঝামাঝি অর্থাৎ শিল্পবিপ্লবের সূচনা থেকে ঐতিহাসিক সামগ্রিক দায় বিবেচনা করলে চিত্রটি ভিন্ন। ১৮ শতকের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত বিশ্বজুড়ে মোট কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এককভাবে ২৩ দশমিক ৫ শতাংশের জন্য দায়ী। বিপরীতে এই ঐতিহাসিক হিসাবে চীনের অবদান ১৫ দশমিক ৪ শতাংশ।

যেসব খাত থেকে সবচেয়ে বেশি দূষণ ছড়ায়, বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাসের প্রায় দুই-তৃতীয়াংশ নির্গত হয় মাত্র তিনটি প্রধান খাত থেকে।

• বিদ্যুৎ উৎপাদন খাত: মোট নিঃসরণের প্রায় ৩০ শতাংশই আসে বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে। ১৯৭০ সালের পর থেকে এ খাতে নিঃসরণ প্রায় চার গুণ বেড়েছে।

• শিল্প ও কারখানা খাত: সিমেন্ট, ধাতু ও রাসায়নিক পণ্য উৎপাদনকারী বিভিন্ন কারখানা থেকে আসে মোট নিঃসরণের ২১ শতাংশ।

• পরিবহন খাত: সড়ক পরিবহন, জাহাজ ও উড়োজাহাজ থেকে নির্গত হয় প্রায় ১৬ শতাংশ গ্যাস।

এর বাইরে কৃষি খাত থেকে ১২ শতাংশ এবং জীবাশ্ম জ্বালানি উত্তোলন থেকে ১১ শতাংশ গ্যাস নিঃসৃত হয়।

গুটি কয়েক দেশের লাগামহীন নিঃসরণের কারণে ২০২৫ সালে এসে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ইতিহাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। ইউরোপের তাপপ্রবাহ ও খরা থেকে শুরু করে এশিয়ায় টাইফুন এবং হিমালয়ের হিমবাহ ধসে প্রাণহানির ঘটনা বেড়েই চলেছে। জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপরই এখন নির্ভর করছে প্রকৃতির এই বৈষম্যমূলক ক্ষতির লাগাম টেনে ধরা যাবে কি না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় চিকিৎসকদের ‘নো সিকিউরিটি, নো সার্ভিস’ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


খুলনায় চিকিৎসকদের ‘নো সিকিউরিটি, নো সার্ভিস’ ঘোষণা

খুলনায় হাসপাতালের ওপর হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনার বিরুদ্ধে চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা চিকিৎসাসেবা বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন। তারা ‘নো সিকিউরিটি, নো সার্ভিস’ ঘোষণা করেছেন।

মঙ্গলবার বেলা ১১টায় নগরীর সাতরাস্তা মোড়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।

সাম্প্রতিক সময়ে খুলনা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক সেন্টার, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির প্রতিবাদে জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এই কর্মসূচির আয়োজন করেন।

সমাবেশে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা কামাল বলেন, যেসব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলার ঘটনা ঘটেছে, সেসব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের অভিযোগ, ৯৯৯-এ ফোন করার পরও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়নি। কিছু ক্ষেত্রে হামলার প্রায় দুই ঘণ্টা পর পুলিশ এসে পৌঁছেছে। অথচ খবর পাওয়ার পর পুলিশের ঘটনাস্থলে পৌঁছাতে সাধারণত সর্বোচ্চ ১৫ থেকে ২০ মিনিট সময় লাগার কথা। তিনি প্রশ্ন তোলেন, কেন এত দেরি হচ্ছে, এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না।

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রকল্প পরিচালক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডা. আবু জাফর মো. ছালেহ বলেন, সাম্প্রতিক সময়ে খুলনা মহানগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক সেন্টার, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। এসব ঘটনার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন। পুলিশ প্রশাসন জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবেন।

সমাবেশে বক্তারা উল্লেখ করেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তাহীনতার মধ্যে দায়িত্ব পালন করতে পারেন না। তাদের নিরাপত্তা নিশ্চিত করা হলে তারা চিকিৎসাসেবা দেবেন। অন্যথায় চিকিৎসাসেবা চালিয়ে যাওয়া সম্ভব হবে না। তিনি বলেন, ‘নো সিকিউরিটি, নো সার্ভিস।’

বক্তারা অভিযোগ করেন, নগরীর বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদা না দিলে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

তারা বলেন, আগামী সাত দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে খুলনার সব চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীকে নিয়ে পূর্ণ কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল, গাজী মেডিকেল কলেজ হাসপাতাল ও আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা ১ হাজার ২৮৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


হাম উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা ১ হাজার ২৮৫

হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে পাঁচজন শিশুর মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪৪ জন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৫ জনে পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৮০ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে চট্টগ্রাম বিভাগে তিনজন এবং ঢাকা ও সিলেট বিভাগে একজন করে রোগী রয়েছে।

অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জনে পৌঁছেছে এবং নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৪ হাজার ৬১০ জন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ১ হাজার ৪১৬ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ২ লাখ ৬ হাজার ৭৯৯ জনে দাঁড়িয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাভাবিপ্রবি ও এআইটির মধ্যে নতুন সমঝোতা স্মারক স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


মাভাবিপ্রবি ও এআইটির মধ্যে নতুন সমঝোতা স্মারক স্বাক্ষর

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) এবং এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) মধ্যে শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণের উদ্দেশ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের সভাকক্ষে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম এবং এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) প্রেসিডেন্ট অধ্যাপক Pai-Chi Li সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই সমঝোতা স্মারকের আওতায় মাভাবিপ্রবির শিক্ষকদের জন্য পিএইচডি পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ, বৃত্তি ও ফেলোশিপ, যৌথ তত্ত্বাবধানে গবেষণা এবং যৌথ প্রকাশনার উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে। এছাড়া, যৌথ ব্যাচেলর-মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম, শিক্ষার্থী বিনিময় এবং ক্রেডিট ট্রান্সফার ব্যবস্থার সুযোগও থাকবে।

এছাড়া, উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি যৌথ গবেষণা কেন্দ্র (Joint Research Centre) প্রতিষ্ঠার সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে যৌথ গবেষণা, আন্তর্জাতিক গবেষণা অনুদান আহরণ, আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের সুযোগ তৈরি হবে।

বিশেষ গুরুত্ব দেওয়া হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence), রোবোটিক্স, ইন্টারনেট অব থিংস (IoT), সাইবার নিরাপত্তা, ডেটা সায়েন্স, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারিং এবং আধুনিক প্রকৌশল প্রযুক্তির মতো সম্ভাবনাময় গবেষণা ক্ষেত্রে।

সমঝোতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অফিস অব দ‍্যা ইন্টারন‍্যাশনাল এফেয়ার্স এর ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম (শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক) এবং এআইটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর পরিচালক ড. সুমনা শ্রেষ্ঠা কার্যক্রম পরিচালনা করবেন।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে AIT Extension-এর নির্বাহী পরিচালক Mr. Voravate Chonlasin এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার Mr. SK. Shahin Hossain, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, গবেষণা সেলের পরিচালকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (AIT) এশিয়ার একটি আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার ফলে দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ এবং বৈশ্বিক শিক্ষা-গবেষণা নেটওয়ার্কে সম্পৃক্ততা আরও জোরদার হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%