ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময়সীমা বেঁধে দিল মন্ত্রণালয়


হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময়সীমা বেঁধে দিল মন্ত্রণালয়

ধর্মবিষয়ক মন্ত্রণালয় আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ২০২৭ সালের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার জন্য হজযাত্রীদের অনুরোধ জানিয়েছে। সরকারি এবং বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের তাদের নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে এই নিবন্ধন সম্পন্ন করতে হবে।

রোববার (২২ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭-এর ৫ অনুচ্ছেদের ৬ নম্বর নির্দেশনা অনুযায়ী, প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন না হলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।

আরও পড়ুন: কুরআন হাত থেকে পড়ে গেলে ওজন করে সদকা দেয়া কি জরুরি?

এই পরিস্থিতিতে, সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা সব হজযাত্রীকে মন্ত্রণালয় নির্ধারিত সময়ের মধ্যে তাদের নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনে আন্তর্জাতিক সম্মেলনে বিপন্ন শকুন রক্ষার আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


সুন্দরবনে আন্তর্জাতিক সম্মেলনে বিপন্ন শকুন রক্ষার আলোচনা

গত তিন দশক ধরে বিশেষ করে বাংলাদেশ তথা দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে প্রাকৃতিক পরিচ্ছন্নতাকর্মী শকুনের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে আসছে। নিরাপদ আবাসস্থল ও খাদ্য সংকটসহ বিভিন্ন কারণে এই পাখিটি বর্তমানে মহাবিপন্ন প্রজাতির তালিকায় রয়েছে। পরিবেশবিদ ও বন্যপ্রাণী সংরক্ষণকর্মীদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। তাই এই বিপন্ন পাখির অস্তিত্ব রক্ষা, বংশবৃদ্ধি এবং নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার লক্ষ্যে এবার সুন্দরবনে জাহাজে বসছে শকুন সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন।

বাংলাদেশ বনবিভাগ আগামী ২৪ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত এ সম্মেলনের আয়োজন করছে, যা আইইউসিএন বাংলাদেশ, স্কোপ ফাউন্ডেশন, বার্ড লাইফ ইন্টারন্যাশনাল, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব বার্ডস এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হবে।

এই তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলনের উদ্বোধন করবেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব ড. ফাহমিদা খানম। সভাপতিত্ব করবেন বাংলাদেশ বন বিভাগের প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মো. আমীর হোসাইন চৌধুরী। বন বিভাগ ও আইইউসিএন সূত্রে জানা গেছে, সভায় সরকার ও বন বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বন বিভাগ জানায়, সম্মেলনে বাংলাদেশ সরকারের প্রতিনিধিসহ বিশ্বের ১০টি দেশের ৩০ জন বিশেষজ্ঞ, গবেষক ও সংরক্ষণকর্মী অংশগ্রহণ করবেন। ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার, কম্বোডিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও কানাডা এই দেশগুলোর মধ্যে রয়েছে। এশিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধে কাজ করা আন্তর্জাতিক জোট ‘সেভ’র বার্ষিক সম্মেলন এবারই প্রথম সুন্দরবনে জাহাজে আয়োজন করা হচ্ছে।

সম্মেলনে শকুনের বর্তমান অবস্থা, মৃত্যুর কারণ, সংরক্ষণ উদ্যোগ, গবেষণা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি শকুন সংরক্ষণে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদার করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

বন বিভাগ আরও জানায়, ২০২৩ সালে বন বিভাগ ও আইইউসিএনর যৌথ শুমারিতে বাংলাদেশে ২৬৭টি শকুনের অস্তিত্ব পাওয়া গেছে। আইইউসিএনর সর্বশেষ তথ্যানুযায়ী দেশে বর্তমানে শকুনের সংখ্যা ২৪৮টি। চার থেকে পাঁচ দশক আগে দেশে শকুনের সংখ্যা ছিল প্রায় ৫০ হাজার। তবে সুন্দরবনের ঢাংমারী, ঘাগড়ামারী, লাউডোবসহ সুন্দরবনের বিভিন্ন স্থান এবং সিলেট অঞ্চলে শকুনের দেখা মেলে। ‘সেভ’র উদ্যোগে প্রাণীটিকে চিরতরে বিলুপ্তির হাত থেকে রক্ষা করে সংখ্যা বৃদ্ধি করা এবং দেশের আকাশে আবারও ডানা মেলে অবাধ বিচরণের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

আইইউসিএন সূত্র জানায়, এশিয়া মহাদেশে শকুনের বিলুপ্তি প্রতিরোধ ও শকুনের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় ‘এশিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ জোট’ (সেভ)। এই সংস্থাটি বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার ও কম্বোডিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ ও সংখ্যা পুনরুদ্ধারে কাজ করছে।

আইইউসিএনর প্রোগ্রাম ম্যানেজার সারওয়ার আলম দিপু জানান, মহাবিপন্ন পাখি শকুনের বিলুপ্তি ঠেকাতে এশিয়া অঞ্চলে ‘সেভ’ ২০১১ সাল থেকে কাজ করে আসছে। ২০১৪ ও ২০১৭ সালে বাংলাদেশে এবং ২০২৫ সালে কম্বোডিয়ায় সংস্থাটির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছিল। এ বছর এই প্রথম বাংলাদেশের সুন্দরবনে জাহাজে বসে ‘সেভ’র বার্ষিক সভা অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, বিশেষ করে শকুনের জন্য ক্ষতিকর ভেটেরিনারি ওষুধ নিয়ন্ত্রণ, শকুন নিরাপদ অঞ্চল গড়ে তোলা, নিরাপদ খাদ্য সরবরাহ, চিকিৎসা, শকুনের সংখ্যা পর্যবেক্ষণ, কৃত্রিম প্রজনন, প্রকৃতিতে অবমুক্তকরণ এবং আন্তর্দেশীয় সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে এই সম্মেলনে।

সুন্দরবন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ বলেন, ‘সেভিং এশিয়া’স ভলচার্স ফ্রম এক্সটিংশন (সেভ) শকুন রক্ষায় কার্যকর ভূমিকা পালন করছে। সংস্থাটির আন্তর্জাতিক বার্ষিক সভা এই প্রথমবার এ বছর সুন্দরবনে অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আরও বলেন, সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনকে শকুন সংরক্ষণে বাংলাদেশের উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের একত্র করে সংরক্ষণের অভিজ্ঞতা, গবেষণা ও প্রযুক্তিগত কৌশল বিনিময়ের মাধ্যমে বিপন্ন শকুনের সংখ্যা পুনরুদ্ধারে তৈরি হতে পারে এক নতুন সম্ভাবনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনায় ১৫ বছরের চুক্তি জাপানি কোম্পানির সাথে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনায় ১৫ বছরের চুক্তি জাপানি কোম্পানির সাথে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপের (এসডব্লিউজি) হাতে অর্পণ করা হচ্ছে। এই উদ্দেশ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কোম্পানিটির সঙ্গে ১৫ বছরের মেয়াদি একটি কনসেশন চুক্তি করার পরিকল্পনা করছে।

চুক্তির শর্ত অনুযায়ী, জাপানি কোম্পানির কাছ থেকে সরকার অগ্রিম ৮১ লাখ মার্কিন ডলার পাবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকার সমান। পাশাপাশি, যাত্রী ও কার্গো পরিবহন থেকে অর্জিত রাজস্বের একটি অংশও সরকারের কাছে আসবে।

সোমবার (২৩ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রস্তাবটি সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের আওতায় এই উদ্যোগটি নেওয়া হয়েছে।

থার্ড টার্মিনাল নির্মাণের পর এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করে জাপানি কোম্পানিটি আর্থিক প্রস্তাব জমা দেয়। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ প্রস্তাবটি যাচাই-বাছাই করে দর-কষাকষি সম্পন্ন করে। পরে প্রস্তাবিত কনসেশন চুক্তিটি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের মাধ্যমে ভেটিং করা হয়। ভেটিংয়ের পর অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের মতামত নিয়ে চুক্তিটি চূড়ান্ত করা হয়।

চুক্তির শর্ত অনুযায়ী, টার্মিনাল-৩ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য কনসেশন পিরিয়ড ১৫ বছর হবে। এজন্য জাপানি কোম্পানিকে অগ্রিম ৮১ লাখ মার্কিন ডলার দিতে হবে।

চুক্তিতে যাত্রী ও কার্গো পরিবহন থেকে রাজস্ব ভাগাভাগির শর্তও অন্তর্ভুক্ত রয়েছে। যাত্রী পরিবহনের ক্ষেত্রে মোট রাজস্বের ২৭ শতাংশ অথবা যাত্রীপ্রতি ২ দশমিক ১ মার্কিন ডলার এবং কার্গো পরিবহনের ক্ষেত্রে মোট রাজস্বের ২৭ শতাংশ অথবা প্রতি মেট্রিক টনে ১১ দশমিক ৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, এমবারকেশন ফি বাবদ ১২ দশমিক ৫ মার্কিন ডলারের বিষয়টি চুক্তিতে উল্লেখ রয়েছে। বর্তমানে স্থানীয় মুদ্রায় ৫০০ টাকা নেওয়া হয় এই খাতে।

গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ক্ষেত্রেও চুক্তিতে শর্ত রাখা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত সম্পন্ন করবে।

প্রকল্প হস্তান্তরের তারিখ থেকে ১৪ মাসের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের পূর্ণাঙ্গ পরিচালন কার্যক্রম চালু করতে হবে বলেও চুক্তিতে শর্ত রাখা হয়েছে।

এদিকে, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের উদ্বোধন হতে যাচ্ছে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আগামী ১৬ ডিসেম্বর প্রথমে চারটি ফ্লাইট দিয়ে থার্ড টার্মিনালের কার্যক্রম শুরু হবে। আস্তে আস্তে ফ্লাইট সংখ্যা বাড়তে থাকবে। বিমান বাংলাদেশ, সিঙ্গাপুর এয়ারলাইনসসহ অন্যান্য ফ্লাইট দিয়ে এটি শুরু হবে।

এর আগে আগামী ৩০ নভেম্বরের মধ্যে চুক্তি সই হবে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আ.লীগের দালাল’ বলে যুবদল নেতার ফেসবুক পোস্টে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


‘আ.লীগের দালাল’ বলে যুবদল নেতার ফেসবুক পোস্টে তোলপাড়

কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া-বুড়িচং) আসনের বিএনপির সংসদ সদস্য জসিম উদ্দিনকে ‘আওয়ামী লীগের দালাল’ হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রনি।

রোববার (২২ নভেম্বর) তার ফেসবুকে করা এই পোস্টটি জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সোমবার এটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

সাইফুল ইসলাম রনির পোস্টের নিচে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মন্তব্য করেছেন। সাইমন নামের একজন মন্তব্যে লিখেছেন, ‘ওনাকে কোনোরকম কালীরবাজারে নিয়ে আসেন, হেতে নাকি কলীরবাজারকে নিয়ে কংকশনগর উপজেলা করব।’

মো. আব্দুস সালাম নামের একজন মন্তব্য করেন, ‘দু-একটা ছবি দিয়ে কি দালাল নির্ধারণ করা যায় ভাইয়া? কারণ, দোসর আওয়ামী লীগ তো মানুষকে জিম্মি করেও ছবি তুলছে। রাজপথ কী বলে, তা-ও দেখতে হবে।’

জুয়েল রানা নামের আরেকজন মন্তব্য করেন, ‘তার সঙ্গে জেলা ও শহরের আওয়ামী লীগের বড় নেতাদের যোগসাজশ আছে, তারা আবার মুরুব্বির সঙ্গে থাকে। আওয়ামী লীগের দালাল জসিম।’

নিলয় রাজ নামের একজন মন্তব্য করেন, ‘মাদকের টাকা সিস্টেমে খাই, আবার শুনি ডিলারও। এখন তো দেখি দালাল ৪২০। এই লোক কীভাবে এমপি হলো, আল্লাহ ভালো জানেন।’

এ বিষয়ে সোমবার (২৩ নভেম্বর) সকালে সাইফুল ইসলাম রনি বলেন, ‘সে আওয়ামী লীগের দালাল। তার পিএসও আওয়ামী লীগ করত। সে আজীবন আওয়ামী লীগের দালালি করেছে। নির্বাচনের পর এখন দলের কর্মীদের মূল্যায়ন করে না।’

সম্পর্কিত পুরো ঘটনাটিকে দুঃখজনক আখ্যা দিয়ে সংসদ সদস্য জসিম উদ্দিন বলেন, ‘সরকার ও জনগণ যে কাজ দিয়েছে, তা নিয়ে ব্যস্ত থাকতে হয়। নেতাদের প্রতি একটু ইয়ে থাকলে যা হয়। আমি তার কল ধরিনি বলে হয়তো এমন পোস্ট করেছে। আমি প্রতিহিংসার রাজনীতি করি না। আমি কী করি, সব আল্লাহ দেখেন।’

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে জয়লাভ করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন জসিম উদ্দিন। দীর্ঘ সময় ধরে তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলায় মেঘনায় স্পিডবোট থেকে ৩১ কেজি গাঁজা ও ১০ বোতল হুইস্কি সহ কারবারি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


ভোলায় মেঘনায় স্পিডবোট থেকে ৩১ কেজি গাঁজা ও ১০ বোতল হুইস্কি সহ কারবারি আটক

ভোলায় কোস্ট গার্ডের একটি অভিযানে মো. সেলিম (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ৩১ কেজি গাঁজা এবং ১০ বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এই তথ্য নিশ্চিত করেছেন। আটক ব্যক্তি চৌদ্দগ্রাম থানার কালিকাপর এলাকার বাসিন্দা।

লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, "বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।" তিনি আরো বলেন, "এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা ১১টার দিকে ভোলার সদর উপজেলার ইলিশার মাঝের চর সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।"

তিনি উল্লেখ করেন যে, "এ সময় সন্দেহজনক একটি স্পিডবোট তল্লাশি চালিয়ে প্রায় ১২ লক্ষ ৮৫ হাজার টাকা মূল্যের ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস রয়্যাল স্ট্যাগ হুইস্কিসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।"

জব্দকৃত গাঁজা, হুইস্কি এবং আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও ভয়াবহ মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%