সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:১০ পি.এম
ভারতীয় ভূখণ্ডে নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক ও দণ্ডপ্রাপ্ত নেতাদের বৈঠকের সুযোগ দিয়ে দেশটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, এমন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, “বাংলাদেশে আত্মগোপনে থাকা আওয়ামী অপরাধীদের চাঙ্গা করতে 'শেখ হাসিনার ফেরানোর পথ খুঁজতে পশ্চিমবঙ্গের পেট্রাপল সীমান্তে নানক-নাছিমের বৈঠক' শীর্ষক সংবাদ ভারতীয় মিডিয়ার বরাতে প্রচারের উদ্যোগ নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ।”
বিষয়টির সমালোচনা করে তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী একজন পলাতক আসামিকে ফেরাতে আরেকটি পলাতক গ্রুপের বৈঠক করার নজির নেই। তিনি আরও বলেন, ভারত আওয়ামী দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।
গণহত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থানের কথা তুলে ধরে রাশেদ খাঁন জানান, বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী তাঁকে ফেরত নিতে সরকার ইতোমধ্যে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। তিনি মন্তব্য করেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই গণহত্যার দায়ে তাঁর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। তবে ভারত সরকার বন্দী বিনিময় চুক্তির আওতায় তাঁকে ফেরত পাঠাবে কি না, সে বিষয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন।
এ ছাড়া দেশের বর্তমান পরিস্থিতি ও সীমান্ত নিরাপত্তা নিয়েও পোস্টে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী। তিনি দাবি করেন, বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য বহুমুখী আন্তর্জাতিক চক্রান্ত চলছে, যে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে রাশেদ খাঁন সতর্ক করে বলেন, দেশে অস্থিরতা তৈরি করে নাগরিকত্ব বাতিল হওয়া ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ‘পুশ-ইন’ করার একটি অপচেষ্টা চলছে। অতীতের মতো এই অপচেষ্টা রুখে দিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশাপাশি সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষকেও সজাগ থেকে সীমান্ত পাহারা দেওয়ার অনুরোধ জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার নেতা।
সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আখতার হোসেন এবং রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হুসাইন উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেন যে, ভারত বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে এবং এ কারণে জনগণ ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
তিনি উল্লেখ করেন, ‘ভারত একজন খুনিকে স্পেস দিচ্ছে, একটি দলকে বাংলাদেশের বিরুদ্ধে ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে। আমাদের এখন যে লড়াই সেটি আওয়ামী লীগের সাথে নয়। এটি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই। আমরা ৫ই অগাস্টেই আওয়ামী লীগকে পরাজিত করেছি। ইন্ডিয়া বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এজন্য জনগণ ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশে যা কিছু ঘটছে তার সাথে ভারত সরাসরি জড়িত বলে আমরা মনে করি। গঙ্গার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন চুক্তির সময়ে ভারতকে কঠোর বার্তা দেওয়া উচিত এবং ন্যায্য হিস্যা নিশ্চিত করা প্রয়োজন।’
নাহিদ ইসলাম আরও বলেন, বৈঠকে তারা শেখ হাসিনার রায় কার্যকর করার, ‘জুলাই যোদ্ধাদের’ নিরাপত্তা নিশ্চিত করার এবং গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেছেন।
তিনি বলেন, ‘যে লড়াই জুলাইয়ে করেছিলাম সেটি এখনো করতে হচ্ছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক করতে না পারলে জনগণের আস্থা অর্জন করা সম্ভব নয়। পাশাপাশি জুলাইয়ের ভিকটিমদের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি। সরকার ঐক্যের কথা বলেছে। আমরা ঐক্যের জন্য আমাদের সুপারিশগুলো বাংলাদেশকে এগিয়ে নেওয়ার বিষয়ে তুলে ধরেছি।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
দুপুর সোয়া ১টার দিকে এনসিপি একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে। নাহিদ ইসলাম ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। সচিবালয়ে তাদের সঙ্গে যান দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইনও।
বৈঠকে আলোচনা প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, গঙ্গা চুক্তি নতুন করে হলে ভারতের কাছে বাংলাদেশের কঠোর বার্তা দিতে হবে এবং পানির হিস্যা ন্যায্য রাখতে হবে— তা নিশ্চিত করতে হবে। ভারতের আধিপত্যবাদ মোকাবিলায় সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
এনসিপি আহ্বায়ক উল্লেখ করেন, তারা সরকারকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া, সংবিধান সংশোধন সম্পর্কিত একদলীয় কমিটি জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে, তাই তারা সেই কমিটি বাতিলের সুপারিশ করেছেন।
তিনি আরও বলেন, এই লড়াই আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, তাদের ৫ আগস্টেই পরাজিত করা হয়েছে। বর্তমানে লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে নানা বাজে প্রচারণা চালাচ্ছে। গতকালও হিন্দুত্ববাদী সংগঠন সীমান্তের কাছে বাংলাদেশবিরোধী সমাবেশ করেছে, যেখানে পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিছু নেতাও যুক্ত ছিল। অথচ, আওয়ামী লীগ আমলে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। এনসিপি আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে।
বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সরকারের পক্ষ থেকে ঐক্যের আহ্বান জানানো হয়েছে। তবে আলোচনা যেন শুধুমাত্র আলোচনা না হয়, তা ফলপ্রসূ হতে হবে। ডিসেম্বরকে কেন্দ্র করে নয়, জুলাইয়ের সব শক্তিকে নিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য প্রয়োজন।
উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানও সেদিন দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে আলোচনা করেন। সেই ধারাবাহিকতায় আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হয়েছে।
প্রথম দল হিসেবে এনসিপির নেতারা দুপুরে সরকারপ্রধানের সঙ্গে সংলাপে বসছেন। জাতীয় ঐক্যের লক্ষ্যে জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে প্রধানমন্ত্রীর পর্যায়ক্রমে আলোচনা হওয়ার কথা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগকে ৫ আগস্টেই পরাজিত করা হয়েছে এবং এখনকার লড়াইটি সরাসরি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। তিনি উল্লেখ করেন, ভারত আওয়ামী লীগ ও তার দেশীয় সহযোগীদের ব্যবহার করে সীমান্তের ওপার ও ভেতর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
সোমবার, এনসিপির প্রতিনিধিদলের প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
ব্রিফিংয়ে তিনি বলেন, বিষয়টি এখন আর শুধু আওয়ামী লীগ বনাম বিএনপি বা এনসিপির মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি একটি ভূ-রাজনৈতিক জায়গায় চলে গেছে। নাহিদ ইসলাম পরিষ্কারভাবে জানান, “এখনকার লড়াইটা আওয়ামী লীগের সাথে কোনো লড়াই না—আওয়ামী লীগকে আমরা ৫ আগস্টই পরাজিত করেছি। এই লড়াইটা এখন ভারতীয় আধিপত্যবাদের সাথে লড়াই।” তিনি ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় দেশের জনগণ ও রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এনসিপির আহ্বায়ক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আলোচ্য বিষয় তুলে ধরে জানান, দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ফ্যাসিবাদী শক্তির সন্ত্রাস-অগ্নিসংযোগ এবং রাজনৈতিক ঐক্যের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
এনসিপির পক্ষ থেকে জবাবে বলা হয়েছে, নির্বাচনের পর গত সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার বিষয়ে আপসকামিতা, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো স্পষ্ট না করার কারণেই আজকের এই সংকট তৈরি হয়েছে।
জাতীয় ঐক্যের শর্ত তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, যেকোনো ঐক্যের প্রক্রিয়ায় সংস্কার, বিচার এবং দেশের সার্বভৌমত্বকে প্রধান এজেন্ডা হিসেবে রাখতে হবে। বৈঠকে এনসিপির পক্ষ থেকে কয়েকটি সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরা হয়েছে:
• সংবিধান সংশোধন কমিটি বাতিল: একদলীয় সংবিধান সংশোধন কমিটি গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নকে বাধাগ্রস্ত করছে উল্লেখ করে তা অবিলম্বে বাতিল করে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করা।
• বিচার ত্বরান্বিত করা: ট্রাইব্যুনালের সক্ষমতা বৃদ্ধি এবং জেলা পর্যায়ে দায়ের করা মামলাগুলোর তদন্ত ও চার্জশিট দ্রুত সম্পন্ন করে জুলাই ভিকটিমদের ন্যায়বিচার নিশ্চিত করা।
• ফাঁসির রায় কার্যকর: গণহত্যাকারী শেখ হাসিনা এবং ওসমান হাদির খুনিদের ভারত থেকে দেশে ফিরিয়ে এনে ঘোষিত বিচারের রায় কার্যকর করা।
• গঙ্গা পানি বণ্টন চুক্তি: আগামী ১২ ফেব্রুয়ারি গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে; নতুন চুক্তিতে কোনো ধরনের আপস না করে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করা।
এ ছাড়া সীমান্তের ওপারে বিজেপির বাংলাদেশবিরোধী সমাবেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের যুক্ত হওয়া এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের নামে ভারতের ‘ভুল তথ্য প্রচারণার’ (মিস-ইনফরমেশন ক্যাম্পেইন) তীব্র সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, ভারতে সংখ্যালঘু মুসলিম ও দলিতদের ওপরই সবচেয়ে বেশি নির্যাতন চলছে। দেশের সংখ্যালঘু সম্প্রদায়, আলেম-ওলামা, সুফি ও সামাজিক শক্তিগুলোকে সঙ্গে নিয়ে ভারতের এই অপপ্রচারের বিরুদ্ধে সরকারকে শক্ত জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।
সবশেষে, এনসিপির এই শীর্ষ নেতা দলীয় পররাষ্ট্রনীতির পরিবর্তে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি অভিন্ন ‘জাতীয় পররাষ্ট্রনীতি’ প্রণয়ন এবং শুধু ডিসেম্বরকেন্দ্রিক না হয়ে দীর্ঘমেয়াদী রোডম্যাপ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ