সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:১১ পি.এম
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার নেতা।
সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আখতার হোসেন এবং রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হুসাইন উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেন যে, ভারত বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে এবং এ কারণে জনগণ ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
তিনি উল্লেখ করেন, ‘ভারত একজন খুনিকে স্পেস দিচ্ছে, একটি দলকে বাংলাদেশের বিরুদ্ধে ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে। আমাদের এখন যে লড়াই সেটি আওয়ামী লীগের সাথে নয়। এটি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই। আমরা ৫ই অগাস্টেই আওয়ামী লীগকে পরাজিত করেছি। ইন্ডিয়া বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এজন্য জনগণ ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশে যা কিছু ঘটছে তার সাথে ভারত সরাসরি জড়িত বলে আমরা মনে করি। গঙ্গার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন চুক্তির সময়ে ভারতকে কঠোর বার্তা দেওয়া উচিত এবং ন্যায্য হিস্যা নিশ্চিত করা প্রয়োজন।’
নাহিদ ইসলাম আরও বলেন, বৈঠকে তারা শেখ হাসিনার রায় কার্যকর করার, ‘জুলাই যোদ্ধাদের’ নিরাপত্তা নিশ্চিত করার এবং গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেছেন।
তিনি বলেন, ‘যে লড়াই জুলাইয়ে করেছিলাম সেটি এখনো করতে হচ্ছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক করতে না পারলে জনগণের আস্থা অর্জন করা সম্ভব নয়। পাশাপাশি জুলাইয়ের ভিকটিমদের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি। সরকার ঐক্যের কথা বলেছে। আমরা ঐক্যের জন্য আমাদের সুপারিশগুলো বাংলাদেশকে এগিয়ে নেওয়ার বিষয়ে তুলে ধরেছি।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
দুপুর সোয়া ১টার দিকে এনসিপি একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে। নাহিদ ইসলাম ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। সচিবালয়ে তাদের সঙ্গে যান দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইনও।
বৈঠকে আলোচনা প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, গঙ্গা চুক্তি নতুন করে হলে ভারতের কাছে বাংলাদেশের কঠোর বার্তা দিতে হবে এবং পানির হিস্যা ন্যায্য রাখতে হবে— তা নিশ্চিত করতে হবে। ভারতের আধিপত্যবাদ মোকাবিলায় সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
এনসিপি আহ্বায়ক উল্লেখ করেন, তারা সরকারকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া, সংবিধান সংশোধন সম্পর্কিত একদলীয় কমিটি জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে, তাই তারা সেই কমিটি বাতিলের সুপারিশ করেছেন।
তিনি আরও বলেন, এই লড়াই আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, তাদের ৫ আগস্টেই পরাজিত করা হয়েছে। বর্তমানে লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে নানা বাজে প্রচারণা চালাচ্ছে। গতকালও হিন্দুত্ববাদী সংগঠন সীমান্তের কাছে বাংলাদেশবিরোধী সমাবেশ করেছে, যেখানে পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিছু নেতাও যুক্ত ছিল। অথচ, আওয়ামী লীগ আমলে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। এনসিপি আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে।
বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সরকারের পক্ষ থেকে ঐক্যের আহ্বান জানানো হয়েছে। তবে আলোচনা যেন শুধুমাত্র আলোচনা না হয়, তা ফলপ্রসূ হতে হবে। ডিসেম্বরকে কেন্দ্র করে নয়, জুলাইয়ের সব শক্তিকে নিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য প্রয়োজন।
উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানও সেদিন দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে আলোচনা করেন। সেই ধারাবাহিকতায় আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হয়েছে।
প্রথম দল হিসেবে এনসিপির নেতারা দুপুরে সরকারপ্রধানের সঙ্গে সংলাপে বসছেন। জাতীয় ঐক্যের লক্ষ্যে জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে প্রধানমন্ত্রীর পর্যায়ক্রমে আলোচনা হওয়ার কথা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগকে ৫ আগস্টেই পরাজিত করা হয়েছে এবং এখনকার লড়াইটি সরাসরি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। তিনি উল্লেখ করেন, ভারত আওয়ামী লীগ ও তার দেশীয় সহযোগীদের ব্যবহার করে সীমান্তের ওপার ও ভেতর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
সোমবার, এনসিপির প্রতিনিধিদলের প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
ব্রিফিংয়ে তিনি বলেন, বিষয়টি এখন আর শুধু আওয়ামী লীগ বনাম বিএনপি বা এনসিপির মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি একটি ভূ-রাজনৈতিক জায়গায় চলে গেছে। নাহিদ ইসলাম পরিষ্কারভাবে জানান, “এখনকার লড়াইটা আওয়ামী লীগের সাথে কোনো লড়াই না—আওয়ামী লীগকে আমরা ৫ আগস্টই পরাজিত করেছি। এই লড়াইটা এখন ভারতীয় আধিপত্যবাদের সাথে লড়াই।” তিনি ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় দেশের জনগণ ও রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এনসিপির আহ্বায়ক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আলোচ্য বিষয় তুলে ধরে জানান, দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ফ্যাসিবাদী শক্তির সন্ত্রাস-অগ্নিসংযোগ এবং রাজনৈতিক ঐক্যের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
এনসিপির পক্ষ থেকে জবাবে বলা হয়েছে, নির্বাচনের পর গত সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার বিষয়ে আপসকামিতা, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো স্পষ্ট না করার কারণেই আজকের এই সংকট তৈরি হয়েছে।
জাতীয় ঐক্যের শর্ত তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, যেকোনো ঐক্যের প্রক্রিয়ায় সংস্কার, বিচার এবং দেশের সার্বভৌমত্বকে প্রধান এজেন্ডা হিসেবে রাখতে হবে। বৈঠকে এনসিপির পক্ষ থেকে কয়েকটি সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরা হয়েছে:
• সংবিধান সংশোধন কমিটি বাতিল: একদলীয় সংবিধান সংশোধন কমিটি গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নকে বাধাগ্রস্ত করছে উল্লেখ করে তা অবিলম্বে বাতিল করে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করা।
• বিচার ত্বরান্বিত করা: ট্রাইব্যুনালের সক্ষমতা বৃদ্ধি এবং জেলা পর্যায়ে দায়ের করা মামলাগুলোর তদন্ত ও চার্জশিট দ্রুত সম্পন্ন করে জুলাই ভিকটিমদের ন্যায়বিচার নিশ্চিত করা।
• ফাঁসির রায় কার্যকর: গণহত্যাকারী শেখ হাসিনা এবং ওসমান হাদির খুনিদের ভারত থেকে দেশে ফিরিয়ে এনে ঘোষিত বিচারের রায় কার্যকর করা।
• গঙ্গা পানি বণ্টন চুক্তি: আগামী ১২ ফেব্রুয়ারি গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে; নতুন চুক্তিতে কোনো ধরনের আপস না করে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করা।
এ ছাড়া সীমান্তের ওপারে বিজেপির বাংলাদেশবিরোধী সমাবেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের যুক্ত হওয়া এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের নামে ভারতের ‘ভুল তথ্য প্রচারণার’ (মিস-ইনফরমেশন ক্যাম্পেইন) তীব্র সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, ভারতে সংখ্যালঘু মুসলিম ও দলিতদের ওপরই সবচেয়ে বেশি নির্যাতন চলছে। দেশের সংখ্যালঘু সম্প্রদায়, আলেম-ওলামা, সুফি ও সামাজিক শক্তিগুলোকে সঙ্গে নিয়ে ভারতের এই অপপ্রচারের বিরুদ্ধে সরকারকে শক্ত জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।
সবশেষে, এনসিপির এই শীর্ষ নেতা দলীয় পররাষ্ট্রনীতির পরিবর্তে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি অভিন্ন ‘জাতীয় পররাষ্ট্রনীতি’ প্রণয়ন এবং শুধু ডিসেম্বরকেন্দ্রিক না হয়ে দীর্ঘমেয়াদী রোডম্যাপ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আওয়ামী লীগের দেড় দশকের শাসনকালে শতাধিক মানুষের গুম ও হত্যা মামলায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে প্রসিকিউশন। বিটিভি এবং প্রসিকিউশনের পেইজ থেকে এই যুক্তিতর্কগুলো সম্প্রচার করা হবে। প্রসিকিউটর গাজী এমএইচ তামীম সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি "আমার দেশ"কে জানান, "আমরা যে স্বচ্ছতার সঙ্গে বিচার কাজ পরিচালনা করছি, সেটা দেশবাসীর সামনে তুলে ধরতে এই উদ্যোগ। দেশের মানুষ জানুক জিয়াউল আহসান গত ১৫ বছরে কী কী অপরাধ সংঘটিত করেছেন। কত ভয়াবহ অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, তা দেশের মানুষকে জানাতে চাই।"
গত ২২ নভেম্বর জিয়াউলের সাফাই সাক্ষ্য উপস্থাপনের মাধ্যমে এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ওই দিন যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২৪ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়। ১৯ নভেম্বর মামলায় ১৫তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরার মাধ্যমে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।
এর আগে, ৮ অক্টোবর রফিকুল ইসলামের জবানবন্দি নেওয়া হয়। ৩০ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শুরু হয়। প্রসিকিউশন এই মামলায় সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে। প্রথম অভিযোগ হলো ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা।
দ্বিতীয় অভিযোগে অপরাধের সময়কাল ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত উল্লেখ করা হয়েছে। এই সময়ের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালঘেঁষা বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যা করা হয়েছে।
তৃতীয় অভিযোগেও ৫০ হত্যার অভিযোগ রয়েছে। অর্থাৎ দ্বিতীয় অভিযোগে উল্লিখিত সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলার বিভিন্ন অঞ্চলে তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ ৫০ জনের প্রাণ নেওয়া হয়েছে।
এসব হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল-১। ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেওয়া হয়। একই দিন ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
"মানসম্মত স্বাস্থ্যসেবা ও ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া আমাদের অন্যতম অঙ্গীকার। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর স্থিতিশীল রাখা, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ে ও স্বচ্ছতার সঙ্গে শেষ করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক দায়িত্ব" এই মন্তব্য করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরীন।
সোমবার (২৩ নভেম্বর) তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আখতারের সভাপতিত্বে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে তাড়াইল উপজেলায় দিনব্যাপী সফরের সময় তিনি এ কথা বলেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সফরের প্রথম পর্বে সকালে ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, ক্রীড়া সামগ্রী ও গাছ বিতরণ করেন। তিনি অভিভাবক সমাবেশে যোগদান করেন, মাঠের মাটি ভরাট কার্যক্রম পরিদর্শন করেন এবং ওয়াশব্লক উদ্বোধন করেন।
জেলা প্রশাসক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম প্রসঙ্গে মন্তব্য করেন, “শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশে মানসম্মত শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই। ভাষা, তথ্যপ্রযুক্তি ও সংস্কৃতিচর্চার সুযোগ তৈরি হলে শিশুরা আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাসী হয়ে উঠবে। বিদ্যালয়ের পরিবেশ ও অবকাঠামো উন্নয়নে প্রশাসন সবসময় পাশে আছে।”
এরপর সকাল ১০টায় তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব উদ্বোধন করেন জেলা প্রশাসক। সকাল সাড়ে ১০টায় কল্পা ভাদেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইট ও বাউন্ডারিওয়াল উদ্বোধন, অভিভাবক সমাবেশে অংশগ্রহণ এবং স্কুলব্যাগ, ক্রীড়া সামগ্রী ও গাছ বিতরণ করেন। বেলা ১১টায় তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আইসিটি ক্লাব উদ্বোধন ও আইসিটি বিষয়ক বই বিতরণ করেন এবং ১১টা ২০ মিনিটে উপজেলা পরিষদ বিদ্যা নিকেতনে কালচারাল ক্লাব উদ্বোধন করেন।
বেলা ১১টা ৪০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ফুল দিয়ে বরণ ও চা বিরতির পর দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-২৭-এর বিজয়ী প্রতিযোগীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। এছাড়া বেলা ১১টা ৪৫ মিনিটের কর্মসূচির আওতায় রাউতি ও ধলা ইউনিয়নের বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সামগ্রী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডাস্টবিন, সদর ইউনিয়ন পরিষদে ফগার মেশিন এবং দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। একই পর্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্য এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিকেলে জেলা প্রশাসক তাড়াইল উপজেলার ধলা ইউনিয়ন ভূমি অফিস, ধলা ইউনিয়ন পরিষদ ও ধলা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। পর্যায়ক্রমে তিনি তাড়াইল উপজেলা ভূমি অফিস ও তাড়াইল উপজেলা কৃষি অফিস পরিদর্শন করেন, বাংলোতে দুপুরের খাবার গ্রহণ করেন এবং বিকেল ৩টায় ব্রাক এনজিও পরিদর্শনের মাধ্যমে দিনের কর্মসূচি সম্পন্ন করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ