প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
দুপুর সোয়া ১টার দিকে এনসিপি একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে। নাহিদ ইসলাম ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন দলের সদস্যসচিব আখতার হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। সচিবালয়ে তাদের সঙ্গে যান দলের যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইনও।
বৈঠকে আলোচনা প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, গঙ্গা চুক্তি নতুন করে হলে ভারতের কাছে বাংলাদেশের কঠোর বার্তা দিতে হবে এবং পানির হিস্যা ন্যায্য রাখতে হবে— তা নিশ্চিত করতে হবে। ভারতের আধিপত্যবাদ মোকাবিলায় সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
এনসিপি আহ্বায়ক উল্লেখ করেন, তারা সরকারকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া, সংবিধান সংশোধন সম্পর্কিত একদলীয় কমিটি জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে, তাই তারা সেই কমিটি বাতিলের সুপারিশ করেছেন।
তিনি আরও বলেন, এই লড়াই আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, তাদের ৫ আগস্টেই পরাজিত করা হয়েছে। বর্তমানে লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে নানা বাজে প্রচারণা চালাচ্ছে। গতকালও হিন্দুত্ববাদী সংগঠন সীমান্তের কাছে বাংলাদেশবিরোধী সমাবেশ করেছে, যেখানে পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিছু নেতাও যুক্ত ছিল। অথচ, আওয়ামী লীগ আমলে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। এনসিপি আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে।
বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সরকারের পক্ষ থেকে ঐক্যের আহ্বান জানানো হয়েছে। তবে আলোচনা যেন শুধুমাত্র আলোচনা না হয়, তা ফলপ্রসূ হতে হবে। ডিসেম্বরকে কেন্দ্র করে নয়, জুলাইয়ের সব শক্তিকে নিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য প্রয়োজন।
উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানও সেদিন দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে আলোচনা করেন। সেই ধারাবাহিকতায় আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হয়েছে।
প্রথম দল হিসেবে এনসিপির নেতারা দুপুরে সরকারপ্রধানের সঙ্গে সংলাপে বসছেন। জাতীয় ঐক্যের লক্ষ্যে জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে প্রধানমন্ত্রীর পর্যায়ক্রমে আলোচনা হওয়ার কথা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন