০৬:৫৮ পি.এম
যুদ্ধের ভয়াবহতা জাহেরের দুই পা কেড়ে নিয়েছিল এবং তার শৈশবকে থমকে দিয়েছিল। কিন্তু ১৩ বছর বয়সী সুদানি শিশু জাহের স্বপ্ন দেখতে ভুলে যায়নি। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র এবার তার সেই স্বপ্নের পথে নতুন অনুপ্রেরণা হয়ে এসেছেন।
২০২৪ সালে সুদানের রাজধানী খার্তুমে মায়ের সঙ্গে কাজ করার সময় ড্রোন হামলায় জাহের তার দুই পা হারায়। গৃহযুদ্ধের কারণে খাবার ও চিকিৎসার ব্যাপক সংকটে থাকা জাহেরের পরিবারের পক্ষে দেশে তার উন্নত চিকিৎসা করানো সম্ভব ছিল না। একসময় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলায় মগ্ন থাকা জাহেরের জীবন আটকে যায় হুইলচেয়ারে।
জাহেরের এই করুণ গল্পটি বিশ্বের অসংখ্য মানুষের হৃদয়কে স্পর্শ করেছে। বিবিসিতে জাহেরের কাহিনি প্রকাশিত হওয়ার পর সুদানিজ বংশোদ্ভূত ব্রিটিশ আইনজীবী ডেনা লতিফের উদ্যোগে অনলাইন তহবিল সংগ্রহ করা হয়। সেখানে প্রায় ৪৫ হাজার পাউন্ড (৬০ হাজার ডলার) জমা পড়ে। সেই অর্থে চিকিৎসার জন্য মা হাবিবার সঙ্গে মিসরের কায়রোতে পাড়ি জমায় জাহের।
আরও পড়ুন: ৪ গোলের জয়ে শ্রীলঙ্কার বিদায় ঘণ্টা বাজাল বাংলাদেশ
মিসরে অস্ত্রোপচার, দীর্ঘদিনের ফিজিওথেরাপি ও পুনর্বাসনের পর জাহের কৃত্রিম পায়ে আবার হাঁটতে শিখেছে। নতুন করে আবার স্বপ্নের জাল বুনছে সে। এখন ফুটবলও খেলতে পারে। শারীরিক এই পরিবর্তনের পাশাপাশি আত্মবিশ্বাসও ফিরে পেয়েছে ছোট্ট জাহের।
২০২৫ সালে বিবিসির সঙ্গে আলাপকালে জাহের জানিয়েছিল, তার প্রিয় ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। বিষয়টি ব্রাজিলিয়ান তারকার কাছে পৌঁছালে তিনি জাহেরের জন্য একটি ব্যক্তিগত ভিডিও বার্তা পাঠান।
সেই ভিডিওতে ভিনিসিয়ুস বলেন, ‘জাহের, হ্যালো! তোমার গল্পের কথা আমি জানতে পেরেছি। গত কয়েক মাস তোমার জন্য কতটা কঠিন ছিল, তা আমি বুঝতে পারছি।’
এই রিয়াল মাদ্রিদ তারকা আরও বলেন, ‘তুমি একজন পরিশ্রমী কৃষ্ণাঙ্গ তরুণ। আমি সত্যিই আশা করি, তুমি তোমার নতুন কৃত্রিম পায়ের সর্বোচ্চ ব্যবহার করবে, আবার ফুটবল খেলায় ফিরবে এবং জীবনে সুখ খুঁজে পাবে। তুমি সেটার যোগ্য।’
আরও পড়ুন: ফারহানের অসাধারণ গোল, বাংলাদেশ ৩-০ ব্যবধানে শ্রীলংকাকে পিছনে ফেলেছে
জাহেরকে রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখার আমন্ত্রণও জানান ভিনিসিয়ুস, ‘আমি তোমাকে মাদ্রিদের একটি ম্যাচ দেখতে আসার আমন্ত্রণ জানাতে চাই। আমরা একসঙ্গে দিনটি কাটাতে পারি।’
প্রিয় তারকার এমন বার্তায় আবেগাপ্লুত হয়ে পড়ে জাহের। পরে ভিনিসিয়ুসের জার্সি পরে ক্যামেরার সামনে এসে বলে, ‘ভিনিসিয়ুসকে বলবেন, আমি তাকে ভালোবাসি। তার বার্তা আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে।’
জাহেরের মা হাবিবার ভাষায়, মনে হচ্ছে পুরো বিশ্বই তার ছেলের সাফল্যের জন্য উল্লাস করছে।
এখন জাহেরের স্বপ্ন আরও বড়। ফুটবলের পাশাপাশি ঘোড়ায় চড়া ও সাইকেল চালানোর মতো নতুন অভিজ্ঞতা নিতে চায় সে। ভবিষ্যতে হতে চায় উড়োজাহাজের পাইলট। একদিন বন্ধুদের সঙ্গে আবার ফুটবল খেলার অপেক্ষাতেও রয়েছে।
আরও পড়ুন: জাতীয় নারী ফুটবল দল চট্টগ্রামের কেইপিজেড মাঠে অনুশীলন ক্যাম্পে ব্যস্ত
বর্তমানে মা-ছেলে আবার খার্তুমে ফিরেছে। তবে সুদানে এখনো নিরাপত্তা ও খাদ্যসংকট বড় উদ্বেগের বিষয়। জাহেরের চিকিৎসায় সহায়তাকারীরা চান, তার এই গল্প যুদ্ধের কারণে জীবন বদলে যাওয়া হাজারো সুদানি শিশুর প্রতিও বিশ্বের দৃষ্টি আকর্ষণ করুক।
একসময় যে শিশুটির স্বপ্ন ছিল শুধু বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা, আজ সেই শিশুই নতুন করে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছে। ভিনিসিয়ুসের ছোট্ট একটি বার্তা তার সেই স্বপ্নে যোগ করেছে নতুন সাহস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন