ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

বাংলাদেশ টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে


বাংলাদেশ টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে টেস্ট সিরিজের পরাজয়ের ফলে বাংলাদেশ আইসিসি টেস্ট দলীয় র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে গিয়ে অষ্টম স্থানে নেমে এসেছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বুধবার প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশের রেটিং পয়েন্ট চার কমে ৭৩ এ দাঁড়িয়েছে। অন্যদিকে, বাংলাদেশকে অতিক্রম করে ৭৮ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ষষ্ঠ স্থানে উঠে এসেছে।

এর আগে, ডারউইনে টেস্টে অস্ট্রেলিয়াকে পরাজিত করে বাংলাদেশ ইতিহাসে প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে পৌঁছেছিল। কিন্তু এরপর থেকে দলের পারফরম্যান্সে অবনতি ঘটতে শুরু করে। ম্যাকেতে পরাজয়, আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ড্র এবং সর্বশেষ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হার এই ধারাবাহিকতার প্রতিফলন।

আরও পড়ুন: ফারহানের অসাধারণ গোল, বাংলাদেশ ৩-০ ব্যবধানে শ্রীলংকাকে পিছনে ফেলেছে

ক্যারিবীয়দের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে বাংলাদেশও লড়াই চালিয়ে গেছে। সিরিজটি ১-০ ব্যবধানে সফরকারী দলের পক্ষে শেষ হয়েছে। মিরপুর টেস্টে আট উইকেটে পরাজয়ের পর সিলেটে দ্বিতীয় ম্যাচটি ড্র হয়েছে।

এদিকে, সিলেট টেস্টে রেকর্ড গড়া দ্বিশতকের সুবাদে বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয়ের ব্যক্তিগত র‌্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি ১১৫ ধাপ এগিয়ে ৬০তম স্থানে উঠে এসেছেন। এর ফলে, তিনি প্রথমবারের মতো সেরা ১০০ ব্যাটারের তালিকায় স্থান করে নিয়েছেন।

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে ফর্মহীনতায় ভুগতে থাকা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ পিছিয়ে ২৮তম স্থানে নেমে গেছেন।

সূত্র: বাসস

আরও পড়ুন: জাতীয় নারী ফুটবল দল চট্টগ্রামের কেইপিজেড মাঠে অনুশীলন ক্যাম্পে ব্যস্ত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত

ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন। এ সম্মাননা অর্জন তাঁর মেধা, সততা, পেশাদারিত্ব ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

মোহাম্মদ কামরুল হাসান ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা। দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন। রাজধানীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে তিনি ময়মনসিংহ জেলা পুলিশের নেতৃত্ব গ্রহণ করেন।

২০২৬ সালের মার্চ মাসে তাঁকে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।

পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান পেশাদারিত্ব, নিষ্ঠা ও জনবান্ধব মনোভাবের মাধ্যমে জেলা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছেন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের দায়িত্বশীল ভূমিকা পালনে তিনি গুরুত্ব দিচ্ছেন।

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে তাঁর এ অর্জন জেলা পুলিশের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। এ খবরে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, এ সম্মাননা তাঁকে ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেঁতুলিয়ায় সড়কের পাশে বালু-পাথর রাখার বিরুদ্ধে ইউএনও’র কঠোর অবস্থান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


তেঁতুলিয়ায় সড়কের পাশে বালু-পাথর রাখার বিরুদ্ধে ইউএনও’র কঠোর অবস্থান

পঞ্চগড়, ১১ নভেম্বর, ২০২৬ : তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন স্থানে সড়কের দুই পাশে অবৈধভাবে বালু, পাথর ও ইটের খোয়া রেখে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

সড়কের পাশে থাকা এসব পাথর-বালু আগামী তিন দিনের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সরানো না হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জব্দ করা মালামাল প্রকাশ্যে নিলামে বিক্রি করার কথাও উল্লেখ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তেঁতুলিয়া-বাংলাবান্ধা, তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কসহ বিভিন্ন অভ্যন্তরীণ পাকা সড়কের উভয়পাশে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে বালু, পাথর ও ইটের খোয়া স্তূপ করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে।

এতে পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি সৃষ্টি হচ্ছে। পাশাপাশি প্রায়ই ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটছে।

এই পরিস্থিতির মধ্যে সড়কের পাশে অবৈধভাবে রাখা বালু, পাথর ও ইটের খোয়া তিন দিনের মধ্যে সরিয়ে নিতে বলা হয়েছে। একই সঙ্গে সড়কের ঢাল থেকে কমপক্ষে ১৫ ফুট দূরত্ব বজায় রেখে এসব মালামাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই সড়কের ঢালের ১৫ ফুটের মধ্যে মালামাল রাখা যাবে না।

এছাড়া পরিবেশ দূষণ রোধে মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়ক দিয়ে বালু ও পাথর পরিবহনের সময় ট্রাকে বাধ্যতামূলকভাবে ত্রিপল ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি সড়কের পাশে অবৈধভাবে স্তুপ করে রাখা মালামাল জব্দ করে নিলামে বিক্রি করা হবে।

সড়কে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এই নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইন বাসসকে বলেন, "তেঁতুলিয়ার মহাসড়কসহ বিভিন্ন অভ্যন্তরীণ সড়কের ওপর বালি-পাথরের স্তুপের কারণে পরিবেশ দূষণের পাশাপাশি প্রায় সড়ক দুর্ঘটনা ঘটছে।"

তিনি আরও বলেন, "এতে পথচারীসহ স্থানীয় অনেক মানুষের সমস্যা সৃষ্টি হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় সচেতনতা ও অভিযান পরিচালনা করা হয়েছে। পর্যটন সম্ভাবনাময় তেঁতুলিয়া উপজেলা গড়তে ও পরিবেশ রক্ষায় সবার সহযোগিতা কামনা করছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হলেন বিএনপি নেতা বাবুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হলেন বিএনপি নেতা বাবুল

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা কাজী সাহেদুল আলম বাবুল। বুধবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলামের সই করা একটি প্রজ্ঞাপনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

কাজী সাহেদুল আলম বাবুল বিএনপির কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, তিনি যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

এছাড়াও, প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০-এর ৭(১) ধারা অনুসারে এই নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে অন্য কোনো পেশা, ব্যবসা অথবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করার শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বোমা হামলার ভুয়া হুমকিতে ইতালিতে ৩০০ স্কুল খালি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


বোমা হামলার ভুয়া হুমকিতে ইতালিতে ৩০০ স্কুল খালি

ইমেইলে বোমা হামলার ভুয়া হুমকি পাওয়ার পর ইতালির অন্তত ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠান খালি করা হয়েছে। স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কর্তৃপক্ষও একই ধরনের হুমকি পাওয়ার খবর জানিয়েছে।

বুধবার (১১ নভেম্বর) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রকৃত কোনো হামলার আশঙ্কার ইঙ্গিত পাওয়া যায়নি। তবে এ ঘটনায় তদন্ত চলছে। পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সরকারের মন্ত্রীদের একটি বৈঠকও ডাকা হয়েছে।

ইউরোপজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠানে হাইব্রিড যুদ্ধের হুমকি নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যে বুধবার এ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।

এর আগে ইউরোপের বিভিন্ন দেশে সুপারমার্কেট, রক্তের ব্যাংক, বিমান চলাচল ব্যবস্থা ও টেলিভিশন সম্প্রচারমাধ্যমকে লক্ষ্য করে এ ধরনের হুমকি দেওয়া হয়েছে।

ইতালির শিক্ষামন্ত্রী জিউসেপ্পে ভালদিতারা লা সেভেন টেলিভিশন চ্যানেলকে বলেন, অন্তত ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠান বোমা হামলার হুমকির শিকার হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি বলেন, ‘স্পষ্টতই এর পেছনে একটি কৌশল কাজ করছে। কারা এর পেছনে থাকতে পারে, তা এখনই বলা কঠিন। গোয়েন্দা সংস্থাগুলো অবশ্যই তাদের শনাক্ত করতে কাজ করছে।’

তবে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ইমেইলের বিষয়বস্তু থেকেই স্পষ্ট, বাস্তব কোনো ঝুঁকির আশঙ্কা প্রায় নেই বললেই চলে। সম্ভবত এটি প্রকৃত হামলার হুমকি নয়, বরং সাইবার হামলা।’

উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডেও ভুয়া হুমকি

এদিকে বুধবার স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের বিপুলসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানেও হুমকিমূলক ইমেইল পাঠানো হয়েছে। উত্তর আয়ারল্যান্ডের শিক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ হুমকিগুলোকে বিশ্বাসযোগ্য মনে না করায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে খোলা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

শিক্ষা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘বার্তাটির সঙ্গে গত মাসে পাঠানো একটি ভুয়া হুমকির মিল রয়েছে। উত্তর আয়ারল্যান্ডের পুলিশ সার্ভিস (পিএসএনআই) তখন সেটিকে প্রতারণামূলক বলে ঘোষণা করেছিল।’

স্কটল্যান্ডের পুলিশ জানিয়েছে, দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠানো বার্তাগুলো বিশ্বাসযোগ্য হুমকি নয় এবং সেগুলোকে ভুয়া হিসেবে বিবেচনা করা হচ্ছে। বার্তাগুলোর উৎস শনাক্ত করতে পুলিশের সাইবার ও জালিয়াতি বিভাগ কাজ করছে। এ ক্ষেত্রে যুক্তরাজ্য ও আন্তর্জাতিক পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

এর আগে গত ১৯ অক্টোবর স্কটল্যান্ডের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একই ধরনের গণহারে বোমা হামলার ভুয়া ইমেইল পাঠানো হয়েছিল।

চলতি মাসে ইউরোপজুড়ে একের পর এক বোমা হামলার হুমকির ঘটনায় বিভিন্ন ফ্লাইটের গতিপথ পরিবর্তন, উড্ডয়ন বন্ধ এবং যুদ্ধবিমান দিয়ে উড়োজাহাজ পাহারা দেওয়ার ঘটনা ঘটেছে।

এ ছাড়া ইউরোপের কয়েকটি শহরের সুপারমার্কেটে সাইবার হামলার ঘটনাও ঘটেছে। হ্যাকাররা এসব প্রতিষ্ঠানের হিমায়ন ব্যবস্থার তাপমাত্রা পরিবর্তন করে খাবার নষ্ট করার চেষ্টা করেছে বলে ধারণা করা হচ্ছে।

গত সপ্তাহে জার্মানি, রোমানিয়া ও যুক্তরাজ্যের সুপারমার্কেটগুলোর হিমায়ন ব্যবস্থার তাপমাত্রা বাড়িয়ে দেয় হ্যাকাররা।

গত অক্টোবরে ফ্রান্সের শত শত সুপারমার্কেটে চালানো একই ধরনের সাইবার হামলার সঙ্গে এসব হামলার মিল রয়েছে। ওই হামলায় দেশটির বহু সুপারমার্কেটের কার্যক্রম ব্যাহত হয় এবং বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হয়। সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%