০৩:৪৬ পি.এম
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীরের হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে নিহতের স্ত্রী তসলিমা আক্তার চৌধুরী মিঠামইন থানায় মামলাটি করেন।
আরও পড়ুন: চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আটক
মামলার তিনজন আসামি হলেন- বরগুনা জেলার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মৃত সুলতান মীরনের ছেলে হেলাল (২৪), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্রামের নূর হোসেনের ছেলে মহিন উদ্দিন (৩২) এবং একই উপজেলার মধ্যপাড়া গ্রামের রহমত উল্লাহ খোকনের ছেলে শাকিল হোসেন, যিনি শাহীন নামেও পরিচিত (২৫)।
হত্যাকাণ্ডের পরপরই তাদের আটক করা হয়। বর্তমানে তারা জেলহাজতে রয়েছেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং জানিয়েছেন, তাদেরকে ভাড়া করে আনা হয়েছিল।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে মিঠামইন উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকায় নিজ বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীর এবং তার সঙ্গে থাকা বিএনপি কর্মী হাদিস মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করেন দুর্বৃত্তরা। এ ঘটনার সময় স্থানীয়রা চাপাতিসহ হেলালকে আটক করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে করিমগঞ্জের বালিখোলা থেকে অন্য দু’জনকে আটক করে। আশঙ্কাজনক অবস্থায় জাহাঙ্গীর ও হাদিস মিয়াকে শহীদ সৈয়্দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।
মিঠামইন থানার ওসি মনোয়ার হোসেন লিখিত এজাহার পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের মূল কারণ উদঘাটনসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধ ধসে মানুষের চরম দুর্ভোগ
হত্যাকাণ্ডের নেপথ্যে কারা এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তা তদন্ত করা হচ্ছে বলে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন