ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বিগত অর্থবছরে ভ্যাট বাবদ ১,৪১,৫৮৬ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে : মন্ত্রী


বিগত অর্থবছরে ভ্যাট বাবদ ১,৪১,৫৮৬ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে : মন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান যে, বিগত ২০২৪-২৫ অর্থবছরে মূল্য সংযোজন কর বা ভ্যাট বাবদ রাজস্ব আয়ের পরিমাণ ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা। তিনি এই তথ্য আজ সংসদে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সদস্য সেলিনা সুলতানার টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে উল্লেখ করেন। অর্থমন্ত্রী আরও বলেন, কতিপয় ব্যবসায়িক খাতকে ২০২৬-২৭ অর্থবছরে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা সরকারের রয়েছে। এসব খাতের মধ্যে রয়েছে- মুদির দোকান, তৈরী পোশাক বা কাপড়ের বিক্রেতা, কনফেকশনারি, কসমেটিক্স এর দোকান, প্লাস্টিকের ও সিরামিকের গৃহস্থালী পণ্য, জুতার দোকান, হার্ডওয়্যার পণ্যের বিক্রেতা, ডেকোরেটরস, মোবাইল ফোন, এসি, ফ্রিজ, ওভেন ও অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যের বিক্রেতা, পেইন্ট ও হার্ডওয়্যার এবং সেনিটারি ও ফিটিংস, টাইলস এর দোকান, ঢেউটিনের দোকান, রড ও সিমেন্ট, ফার্ণিচার, বিউটি পার্লার, মিষ্টান্ন ভাণ্ডার ও রেস্টুরেন্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য থ্রি-আর কৌশল বাস্তবায়ন করছে সরকার : অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য থ্রি-আর কৌশল বাস্তবায়ন করছে সরকার : অর্থমন্ত্রী

বর্তমান সরকার বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করাকে মধ্যমেয়াদি অর্থনৈতিক কৌশলের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি জানান, এ লক্ষ্য অর্জনে সরকার থ্রি-আর স্ট্র্যাটেজি (রিকাভারি অ্যান্ড স্ট্যাবিলাইজেশন, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন ফর অ্যাক্সেলারেশন) বাস্তবায়ন করছে। এই কৌশলের আওতায় ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে দেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ৫ শতাংশে উন্নীত করা, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) জিডিপির ২ দশমিক ৭ শতাংশে উন্নীত করা এবং মোট বিনিয়োগকে জিডিপির ৪০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অর্থমন্ত্রী আজ সংসদে নেত্রকোনা-৩ আসনের সরকারি দলের সদস্য রফিকুল ইসলাম হিলালীর টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান।

তিনি বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার ব্যবসার ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিত করে আইনগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে। এসব উদ্যোগের মাধ্যমে ব্যবসায়িক অনিশ্চয়তা ও ব্যয় কমিয়ে ‘ইজ অব ডুইং বিজনেস’ উন্নত করা এবং বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

এভাবে, অর্থনীতিতে বিনিয়ন্ত্রণকরণ (ডিরেগুলেশন) প্রক্রিয়াকে গুরুত্ব দিয়ে একটি কার্যকর, স্বচ্ছ ও সাশ্রয়ী ব্যবসায়িক পরিবেশ গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে দেশীয় ও বিদেশি উভয় ধরনের বিনিয়োগ উৎসাহিত হয়।

অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, বিনিয়োগ আকর্ষণে সরকার বেশ কয়েকটি প্রত্যক্ষ পদক্ষেপ বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে- একক ডিজিটাল প্ল্যাটফর্ম বাংলাবিজ চালু, ১৯টি সম্ভাবনাময় খাতে এফডিআই আকর্ষণে হিট ম্যাপ প্রকাশ, পটুয়াখালী ও যশোরে নতুন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের কাজ এবং কুড়িগ্রাম, নীলফামারী, চাঁদপুর ও কুষ্টিয়ায় নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ।

এসব প্রকল্পের মাধ্যমে প্রায় আড়াই লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে সম্ভাবনাময় দেশগুলোর সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ), প্রেফারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) এবং ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ)-সহ বিভিন্ন চুক্তি সম্পাদনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অর্থমন্ত্রী আরও জানান, একক পণ্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে রপ্তানি বহুমুখীকরণের জন্য খাদ্য প্রক্রিয়াজাতকরণ, লাইট ইঞ্জিনিয়ারিং, ফার্নিচার, ইলেকট্রনিক্স, স্টিলজাত পণ্য, প্লাস্টিক ও চামড়াজাত শিল্পসহ বিভিন্ন খাতে ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্তভাবে কাঁচামাল ও উপকরণ আমদানির সুবিধা দেওয়া হয়েছে।

এছাড়া, সম্ভাবনাময় রপ্তানিমুখী খাতে কাস্টমস বন্ডেড ও অনুরূপ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, বৈদেশিক বিনিয়োগের সহায়ক আর্থিক অবকাঠামো শক্তিশালী করতে সরকার বিনিয়োগভিত্তিক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে পুঁজিবাজার, করপোরেট বন্ড মার্কেট, মিউচুয়াল ফান্ড, গ্রিন বন্ড, সুকুক এবং অন্যান্য দীর্ঘমেয়াদি অর্থায়ন ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে।

একই সঙ্গে যোগ্য কোম্পানির তালিকাভুক্তি সহজ করা, তথ্য প্রকাশের শর্তাবলী বাস্তবসম্মত করা এবং বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, এসব সমন্বিত উদ্যোগ দেশের বিনিয়োগ পরিবেশকে আরও শক্তিশালী করবে এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একসাথে তিন কিংবদন্তিকে দেখা যাবে একফ্রেমে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


একসাথে তিন কিংবদন্তিকে দেখা যাবে একফ্রেমে

দেশের অভিনয় অঙ্গনে তিন কিংবদন্তি শিল্পী, দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুর একত্রে আসতে চলেছেন। এবার তারা এক ফ্রেমে ধরা পড়বেন।

‘দাদি ভয়ংকর’ নামের নাটকে এই তিনজন একসঙ্গে অভিনয় করেছেন।

এই নাটকটিকে রচনা ও পরিচালনা করেছেন রাহাত কবির। নাটকের গল্প প্রযুক্তি ও ইন্টারনেটের ইতিবাচক এবং নেতিবাচক প্রভাবকে কেন্দ্র করে তৈরি হয়েছে। নাটকটির শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

নির্মাতা জানান, ইন্টারনেটের ভালো দিক যেমন রয়েছে, তেমনি খারাপ দিকগুলিও আছে। আমরা চাইলে ভালো দিকটি ব্যবহার করতে পারি আবার খারাপ দিকটিও ব্যবহার করা সম্ভব। নাটকটিতে ভালো ও খারাপ, দুই দিকই দেখানো হয়েছে। তবে গল্পে ভালো দিকের প্রতি উৎসাহ দেয়া হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাটকটি নিয়ে আবুল হায়াত মন্তব্য করেন, ‘ভীষণ ভালো লেগেছে নাটকটিতে কাজ করে। কারণ, সিনিয়র কয়েকজন শিল্পীকে একত্রে নিয়ে নাটক নির্মাণ করা খুব কঠিন একটি কাজ। নির্মাতা সেটি করতে সক্ষম হয়েছেন।’

দিলারা জামান বলেন, “প্রযুক্তি আমাদের যতোটা স্বচ্ছন্দতা দিচ্ছে ঠিক ততোটা বিপদও ডেকে আনছে। সেই প্রসঙ্গে মূলত নাটকের মধ্য দিয়ে আমরা সবাইকে সাবধান করে দেয়ার চেষ্টা করেছি। একই নাটকে একসঙ্গে অভিনয় করে খুব ভালো লেগেছে। আমার মনে পড়ছে বারবার সেই ‘শেষ পত্র’-এর দিনগুলোর কথা।”

ডলি জহুর বলেন, ‘অনেক বছর আগে আবুল হায়াত ভাইয়ের পরিচালনায় আমরা চারজন একসাথে অভিনয় করেছিলাম, তার মধ্যে শর্মিলী আপা আমাদের মাঝে নেই। আসলে দিলারা আপা ও হায়াত ভাইয়ের সঙ্গে এক নাটকে কাজ করাটা যে কতো ভালো লাগার বিষয়, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’

এই নাটকে তিন কিংবদন্তির সঙ্গে আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, করভী মিজান, আরশ খান ও প্রিয়ন্তী উর্বী। নাটকটি শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সর্বজনীন পেনশন স্কিম জনপ্রিয় করতে সচেতনতা ক্যাম্পেইন চলমান : অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


সর্বজনীন পেনশন স্কিম জনপ্রিয় করতে সচেতনতা ক্যাম্পেইন চলমান : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ‘সর্বজনীন পেনশন স্কিম’ গ্রামীণ পর্যায়ে জনপ্রিয় করতে জাতীয় পেনশন কর্তৃপক্ষের মাধ্যমে বিশেষ মেলা এবং সচেতনতা ক্যাম্পেইন চলমান রয়েছে।

আজ জাতীয় সংসদে নড়াইল-১ আসনের সরকারি দলের সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ইতোমধ্যে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে র‌্যালি, পেনশন মেলা, কর্মশালা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়া পাবনা, বগুড়া, নওগাঁ, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও গাইবান্ধা জেলায় কর্মশালা এবং সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত হয়েছে।

তিনি জানান, ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি)-এর মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিম জনপ্রিয় করার উদ্যোগ অব্যাহত রয়েছে।

একই সাথে দেশের সব তফসিলি ব্যাংক ও ডাকঘর ফ্রন্ট অফিস হিসেবে কাজ করছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সর্বজনীন পেনশন স্কিমকে আরো জনপ্রিয় করার লক্ষ্যে আগামী জুলাই মাসে সুবিধাজনক সময়ে নড়াইল জেলায় র‌্যালি, কর্মশালা, পেনশন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কোস্ট গার্ডের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কোস্ট গার্ডের

মোংলার জয়মনিতে কোস্ট গার্ড বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে।

আজ বুধবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানিয়ে বলেন।

তিনি জানান, বাংলাদেশ কোস্ট গার্ড তার সূচনালগ্ন থেকে উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুঃস্থ ও নি¤্ম আয়ের মানুষদের বিভিন্ন সময়ে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোস্ট গার্ড।

এরই ধারাবাহিকতায়, আজ সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় বাগেরহাটের মোংলা থানাধীন জয়মনি উচ্চ বিদ্যালয়ে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এই মেডিক্যাল ক্যাম্পেইনে ২২১ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%