ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

টেকনাফে ইয়াবা চালান নিয়ে বিরোধে দুজনকে পিটিয়ে হত্যা


টেকনাফে ইয়াবা চালান নিয়ে বিরোধে দুজনকে পিটিয়ে হত্যা

কক্সবাজারের টেকনাফে ইয়াবার চালান আত্মসাতের অভিযোগে চারজনকে ধরে নিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুজন নিহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) সকালে হ্নীলা ইউনিয়নের পানখালী পাহাড়ের পশ্চিম পানখালী বন বিট অফিসের পাশে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে পাশের পাহাড় থেকে উদ্ধার করা হয় নিখোঁজ আরেক ব্যক্তির মরদেহ।

নিহতদের মধ্যে রয়েছেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ডেংগ্যাকাটা এলাকার আবদুস সালামের ছেলে মোক্তার কামাল (৪০) এবং একই ইউনিয়নের আমতলীঘোনা এলাকার কালু ফকিরের ছেলে মোহাম্মদ আকবর, যিনি আব্বুইয়া নামেও পরিচিত। তাঁদের সঙ্গে হোয়াইক্যং ইউনিয়নের তুলাতুলী এলাকার আবুল হোসনের ছেলে ইলিয়াস এবং একই এলাকার বাসিন্দা আলী আহমদকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: বেরোবি উপাচার্যের কার্যালয়ে কর্মকর্তাকে মারধরের অভিযোগ

স্থানীয় লোকজনের বক্তব্য অনুযায়ী, বুধবার সকালে পানখালী বন বিট অফিসের পাশে কয়েকজনকে পড়ে থাকতে দেখা যায়। উদ্ধারকালে মোক্তার কামালকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ সময় আহত অবস্থায় উদ্ধার করা হয় ইলিয়াস ও আলী আহমদকে। পরে নিখোঁজ মোহাম্মদ আকবরের মরদেহ পাশের পাহাড় থেকে উদ্ধার করা হয়। নিহতদের শরীরে আঘাতের চিহ্ন বিদ্যমান।

আহত ইলিয়াসের দাবি, একটি ইয়াবার চালান চেকপোস্ট পার করে হোয়াইক্যংয়ের ডেংগ্যাকাটা পাহাড়ে অন্য একটি দলের কাছে হস্তান্তরের জন্য নেওয়া হচ্ছিল। পথে ডাকাত দলের সদস্যরা চালানটি ছিনিয়ে নেয়। যদিও ছিনিয়ে নেওয়া চালানের ৭০ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হলেও বাকি ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ওঠে ডাকাত দলের বিরুদ্ধে।

ইলিয়াস জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ তুলে হোয়াইক্যংয়ের তুলাতুলী এলাকার মিজান সোমবার রাতে তাঁদের চারজনকে বিচারের কথা বলে হ্নীলার একটি দলের হাতে তুলে দেন। পরে তাঁদের পাহাড়ে নিয়ে মারধর করা হয়, যার ফলে মোক্তার কামালের মৃত্যু ঘটে। বাকি দুজন আহত হন এবং মোহাম্মদ আকবর নিখোঁজ ছিলেন, পরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ইয়াবার চালানটির মালিক হ্নীলার একজন মাদক কারবারি বলেও দাবি করেন ইলিয়াস।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনাটি ইয়াবা-সংক্রান্ত। ইয়াবা আত্মসাতের অভিযোগে চালানের মালিকপক্ষ সংশ্লিষ্ট ব্যক্তিদের মারধর করে। অতিরিক্ত মারধরের কারণে দুজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।

আরও পড়ুন: মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তিরা অন্য ইউনিয়নের হলেও ইয়াবার চালানটির মালিক হ্নীলা ইউনিয়নের কেউ হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পানখালী এলাকা থেকে প্রথমে একজনের মরদেহ উদ্ধার করা হয়। একই স্থান থেকে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়েছে। পরে পাশের পাহাড় থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজারের এসআরবি-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. মাহমুদুর রহমান বলেন, কক্সবাজার অঞ্চলে সংঘটিত বিভিন্ন অপরাধের সঙ্গে কোনো না কোনোভাবে ইয়াবার সংশ্লিষ্টতা পাওয়া যায়। অপহরণ ও হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রেও ইয়াবাকেন্দ্রিক বিরোধের বিষয়টি সামনে আসে। টেকনাফের এ ঘটনাটিও তদন্তাধীন রয়েছে।

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনার জন্য ৬ সদস্যের কমিটি গঠন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক হতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক হতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

ঝালকাঠি, ৪ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার মন্তব্য করেছেন যে, শিক্ষার্থীদের শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হওয়া যথেষ্ট নয়, বরং তাদের দক্ষতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য কেবল সার্টিফিকেট অর্জন নয়; বরং শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা কতটা জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারছে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকার শিক্ষাব্যবস্থাকে সনদনির্ভরতা থেকে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী করার লক্ষ্যে কাজ করছে, যাতে শিক্ষাজীবন শেষে শিক্ষার্থীরা বেকার না থাকে।

আজ ঝালকাঠি সরকারি কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

ড. জিয়াউদ্দিন হায়দার শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পরিধি বৃদ্ধি করার ওপর জোর দেন। তিনি বলেন, পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা চলবে না; শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের বই পড়ার পাশাপাশি বিশ্ব ও সমসাময়িক নানা বিষয়ে জানতে হবে। চিন্তার জগৎকে প্রসারিত করতে হবে জ্ঞান অর্জনের জন্য। এ ক্ষেত্রে সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশও গুরুত্বপূর্ণ।

মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের মাদককে না বলতে হবে। যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

পরিবেশ পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বর্জ্যের কারণে পরিবেশ দূষিত হচ্ছে এবং বিভিন্ন রোগের বিস্তার ঘটছে। এ পরিস্থিতি পরিবর্তনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে অন্তত এক দিন নিজেদের ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে একটি পরিচ্ছন্ন ঝালকাঠি গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, বড়দের শ্রদ্ধা ও শিক্ষকদের সম্মান করতে হবে। ভালো ফলাফল করাই জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না; শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে। মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ শিক্ষার্থীদের মধ্যে গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা ও উন্নয়ন ভাবনার প্রসঙ্গ উল্লেখ করে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, রাষ্ট্রের দায়িত্ব গ্রহণের আগেই প্রধানমন্ত্রী দেশের মানুষের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নের বিষয় নিয়ে ভাবছেন। শিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী ও দক্ষতাভিত্তিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনা শেষে নিজেদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ পায়।

কলেজের শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে তিনি জানান, কলেজের জন্য একটি স্কুলবাসের ব্যবস্থা করার চেষ্টা করা হবে। ইনডোর গেমসের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর ওপরও তিনি গুরুত্ব দেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আশা করি, তোমরা আমাদের বয়সে পৌঁছানোর আগেই অনেক দূর এগিয়ে যাবে। তোমাদের হাত ধরেই ঝালকাঠি আরও সাফল্য অর্জন করবে। তোমাদের মেধা, জ্ঞান ও কর্মের মাধ্যমে দেশ এগিয়ে যাবে।’

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইলিয়াস বেপারী এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) স্নেহলতা রায়।

এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ৪৫০ জন নবীন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেন্ট মার্টিনে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের যৌথ অগ্নিনির্বাপণ মহড়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


সেন্ট মার্টিনে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের যৌথ অগ্নিনির্বাপণ মহড়া

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে যৌথ অগ্নিনির্বাপণ মহড়া ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস। পর্যটন মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবেলা এবং পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দ্বীপের বিভিন্ন হোটেল, রিসোর্ট ও পর্যটনকেন্দ্রিক স্থাপনায় এ মহড়া অনুষ্ঠিত হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

সাব্বির আলম সুজন বলেন, "উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে কোস্ট গার্ড।" তিনি উল্লেখ করেন, ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে এ মহড়ার আয়োজন করা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার সক্ষমতা যাচাই করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

মহড়ায় সেন্টমার্টিনের বিভিন্ন হোটেল ও রিসোর্টের কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের অগ্নিকাণ্ডের কারণ, আগুন নেভানোর প্রাথমিক কৌশল ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের সঠিক ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরো বলেন, সেন্ট মার্টিন দ্বীপের পর্যটন পরিবেশ নিরাপদ রাখা এবং পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালদ্বীপে প্রবাসীদের কল্যাণ ও নিয়মিতকরণের ওপর বাংলাদেশ হাইকমিশনারের গুরুত্বারোপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


মালদ্বীপে প্রবাসীদের কল্যাণ ও নিয়মিতকরণের ওপর বাংলাদেশ হাইকমিশনারের গুরুত্বারোপ

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৬ : মালদ্বীপে কর্মরত ও বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, অনথিভুক্ত প্রবাসীদের নিয়মিতকরণ, কর্মপরিবেশ নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবা এবং ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর সুযোগ সম্প্রসারণের বিষয়গুলো নিয়ে মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশের হাইকমিশনার।

আজ বুধবার, হাইকমিশনের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম সম্প্রতি দেশটির স্বরাষ্ট্র, শ্রম ও প্রযুক্তিমন্ত্রী আলী ইহুসানের সাথে তার অফিসে বৈঠক করেন।

বৈঠকে প্রবাসী কর্মীদের সার্বিক জীবনমান উন্নয়ন এবং আইনগত সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে জানান, দেশটিতে কর্মরত বিদেশি নাগরিকদের প্রায় ৯৮ শতাংশের বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হয়েছে। এই অগ্রগতির জন্য হাইকমিশনার মালদ্বীপ সরকারকে অভিনন্দন জানান এবং বলেন, "বায়োমেট্রিক তথ্য যাচাই প্রবাসীদের নিয়মিতকরণ ও সরকারি সেবাপ্রাপ্তি সহজ করতে ইতিবাচক ভূমিকা রাখবে।"

অনথিভুক্ত প্রবাসীদের নিয়মিতকরণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, আনুষ্ঠানিক সময়সীমা পার হলেও বর্তমানে কর্মরত কর্মীদের জন্য প্রয়োজনীয় নথিপত্র অসম্পূর্ণ থাকলে নিয়োগকর্তার মাধ্যমে ইমিগ্রেশন, লেবার রিলেশনস অথরিটি বা সিটি কাউন্সিলে আবেদনের সুযোগ রয়েছে। এসময় ভুয়া নিয়োগ এবং কর্মী নিখোঁজের ক্ষেত্রে নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা ও আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে হাইকমিশনার প্রবাসী কর্মীদের বেতন-ভাতা নিয়োগচুক্তি অনুযায়ী প্রদান, নতুন ব্যাংক হিসাব খোলার সুবিধা বৃদ্ধি এবং অনুমোদিত ব্যাংকিং চ্যানেলে দ্রুত ও সাশ্রয়ী খরচে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর ব্যবস্থা সহজ করার ওপর বিশেষ গুরুত্ব দেন।

প্রবাসী কর্মীদের সমস্যা দ্রুত সমাধান ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন এবং মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক সমন্বয় ব্যবস্থা গঠন এবং দ্বীপাঞ্চলগুলোতে যৌথ সচেতনতামূলক কর্মসূচি চালুর বিষয়ে দুই পক্ষ একমত পোষণ করে।

বাংলাদেশ হাইকমিশন প্রবাসীদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিত করতে মালদ্বীপের সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সাথে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, শিরোপা জিতেছে শারীরিক শিক্ষা বিভাগ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, শিরোপা জিতেছে শারীরিক শিক্ষা বিভাগ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জমকালো আয়োজন ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ শেষ হয়েছে। শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান (পিইএসএস) বিভাগ ৪-০ গোলে পরাজিত করে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগকে রোমাঞ্চকর ফাইনাল খেলায় শিরোপা অর্জন করেছে।

ফাইনাল ম্যাচটি মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, যিনি খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “নিয়মিত একাডেমিক চাপের মধ্যে খেলাধুলা শিক্ষার্থীদের অন্য রকম আনন্দ দেয়। এটি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের বিকাশ ঘটাতে এবং পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে সাহায্য করে।” তিনি টুর্নামেন্ট চলাকালে খেলোয়াড় ও দর্শক উভয়ের মধ্যে পড়াশোনায় কিছুটা উদাসীনতা লক্ষ করার পর সবাইকে পুনরায় মূল একাডেমিক পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, “বিশ্ববিদ্যালয়ের মাঠে এ ধরনের সুস্থ ও সুন্দর সহশিক্ষামূলক কার্যক্রমের প্রসার শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।” তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের আয়োজন সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভা অন্বেষণ, প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের প্রস্তুত করা এবং পরবর্তী সময়ে জাতীয় দলের খেলোয়াড় হিসেবে দেশের প্রতিনিধিত্ব করতে সহায়তা করে।

আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণের পূর্বে আন্তঃহল (ছাত্রী) প্রতিযোগিতা-২০২৬-এর চ্যাম্পিয়ন তাপসী রাবেয়া হল ও রানারআপ বীর প্রতীক তারামন বিবি হলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এ ছাড়া বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন (নারী) প্রতিযোগিতায় এককে চ্যাম্পিয়ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিকা পদ্দার এবং আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (নারী) প্রতিযোগিতা-২০২৬-এর রানারআপ হওয়ায় যবিপ্রবির নারী ফুটবল দলকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুল হাসান, প্রক্টর ড. মো. হামিদুর রহমান, পিইএসএস বিভাগের অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক উজ্জ্বল চন্দ্র সূত্রধর, ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. জাহাঙ্গীর আলম, মো. রায়হান রাকিবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

অনুষ্ঠান পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ। মাঠে উপস্থিত বিপুলসংখ্যক দর্শকের করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%