ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

শীর্ষ সন্ত্রাসী ইমনের লোক পরিচয়ে কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা-লুটপাট


শীর্ষ সন্ত্রাসী ইমনের লোক পরিচয়ে কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা-লুটপাট

রাজধানীর হাজারীবাগে অবস্থিত এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি গুদামে মুখোশধারী দুর্বৃত্তদের একটি দল হামলা ও ভাঙচুর চালিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বারইখালী এলাকায় সিকদার মেডিকেল কলেজের পাশে এই ঘটনা ঘটে।

হামলাকারীরা গুদামের আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে। হামলার সময় তারা সিসিটিভি ক্যামেরা এবং ল্যাপটপ নিয়ে যায়। আকস্মিক এই হামলায় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন আমার দেশকে জানান, ক্যাপ্টেন ইমনের (শীর্ষ সন্ত্রাসী ইমন) লোক পরিচয়ে এজেআর কুরিয়ার সার্ভিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বর্তমানে এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: মোহাম্মদপুরে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতা গ্রেফতার

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরা একদল দুর্বৃত্ত হঠাৎ গুদামে প্রবেশ করে তাণ্ডব শুরু করে। তারা কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে এবং একপর্যায়ে সিসিটিভি ক্যামেরা ও ল্যাপটপ নিয়ে পালিয়ে যায়। হামলার সময় কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলার আগে আশপাশের এলাকার কয়েকটি সিসিটিভি ক্যামেরা বন্ধ বা অকার্যকর করে দেওয়া হয়েছিল বলে জানা গেছে। হামলাকারীদের শনাক্ত করা কঠিন করতে পরিকল্পিতভাবে এমনটি করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

খবর পেয়ে হাজারীবাগ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের উদ্যোগও নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: ‘কাজের খোঁজে গিয়ে’ মোবাইল নিয়ে উধাও, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

হামলার পর বারইখালী ও সিকদার মেডিকেল কলেজসংলগ্ন এলাকায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে হামলার কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং লুট হওয়া মালামালের পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাদ্যমন্ত্রী ৩১ শ্রমিককে দুর্গাপূজার শুভেচ্ছা উপহার দিলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৪ এম


খাদ্যমন্ত্রী ৩১ শ্রমিককে দুর্গাপূজার শুভেচ্ছা উপহার দিলেন

দীর্ঘ কর্মজীবনের মধ্যে এই প্রথমবার দুর্গাপূজার উপহার গ্রহণ করলেন মানিকগঞ্জের ঘিওর খাদ্যগুদামের শ্রমিক সর্দার জিতেন। স্ট্রোকের ফলে দৃষ্টিশক্তি হারালেও, তিনি তার দায়িত্ব থেকে সরে যাননি। বর্তমানে তিনি একদল তরুণ শ্রমিককে নেতৃত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। পূজার উপহার পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন, তিন যুগেরও বেশি সময় ধরে খাদ্য বিভাগের সঙ্গে যুক্ত থাকা এই শ্রমিক।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা তার বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে শ্রমিকদের হাতে পূজার শুভেচ্ছা খাম তুলে দেন। মানিকগঞ্জের খাদ্য বিভাগের ৩১ জন সনাতন ধর্মাবলম্বী শ্রমিকের জন্য এই উপহারের ব্যবস্থা করা হয়। খাদ্যমন্ত্রী জিতেন সর্দার ও বলরাম সর্দারের হাতে শ্রমিকদের উপহার তুলে দেন।

জিতেন সর্দারের কর্মজীবনের একটি বড় অংশ খাদ্য বিভাগের কাজে কাটিয়েছে। স্ট্রোকের পর দৃষ্টিশক্তি হারালেও, তিনি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। খাদ্যগুদামের কার্যক্রম সচল রাখতে দীর্ঘদিন ধরে শ্রমিকদের অবদানের স্বীকৃতি হিসেবে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুস সাকিব, সদর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাল হোসেন এবং ঘিওর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা রইস উদ্দিন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুস সাকিব যুগান্তরকে বলেন, "যাদের শ্রমে-ঘামে দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত হয়, সেই শ্রমিকদের কথা বিশেষভাবে বিবেচনা করেছেন খাদ্যমন্ত্রী।" তিনি আরও জানান, খাদ্যগুদামে কর্মরত শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন খাদ্যমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান প্রিন্স হ্যারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৪ এম


রাজপরিবারের সঙ্গে দূরত্ব ঘোচাতে চান প্রিন্স হ্যারি

প্রিন্স হ্যারি ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে আবারও মিলেমিশে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি মনে করছেন, বিশ্বজুড়ে চলমান সংকটের মধ্যে পারিবারিক বিরোধ মিটিয়ে পুনর্মিলন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অতীতের বিরোধের ক্ষত থাকলেও, সেগুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত জিকিউ ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন প্রিন্স হ্যারি। সাক্ষাৎকারটি গত সেপ্টেম্বরে নিউইয়র্কে ধারণ করা হয়েছিল।

হ্যারি বলেন, "কিছু মানুষ চায় না বিষয়টি মিটে যাক। কিন্তু আমি চাই, সবকিছু ঠিক হয়ে যাক। বিশ্বে যা কিছু ঘটছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পুনর্মিলন।"

তিনি স্বীকার করেন যে, অতীতের বিরোধের প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। তবে তিনি মানুষের দৃষ্টিভঙ্গি ও মানসিকতা পরিবর্তনের ওপর গুরুত্ব আরোপ করেন।

হ্যারির ভাষায়, "ক্ষতচিহ্ন চিরকাল থেকে যায়। কিন্তু ঘটে যাওয়া ঘটনাগুলোকে আপনি কীভাবে দেখছেন, সেগুলো সম্পর্কে আপনার মানসিকতা কেমন এবং কীভাবে অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছেন, তা গুরুত্বপূর্ণ। আমি সবাইকে সেটিই করার আহ্বান জানাব।"

তিনি আরও বলেন, "পারিবারিক সমস্যাগুলো যখন প্রতিদিনের জীবনকে প্রভাবিত করতে থাকে, তখন সেগুলো কাটিয়ে ওঠা কঠিন হয়ে পড়ে। বিশ্বে এমনিতেই অনেক অস্থিরতা ও নাটকীয়তা রয়েছে। এর মধ্যে পারিবারিক বিরোধ ধরে রাখার কোনো প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি।"

২০১৬ সালে পরিচয়ের পর ২০১৮ সালে মার্কিন অভিনেত্রী মেগান মার্কলকে বিয়ে করেন হ্যারি। ২০২০ সালে রাজপরিবারের জ্যেষ্ঠ কর্মরত সদস্যের দায়িত্ব ছেড়ে স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নতুন জীবন শুরু করেন তারা।

গত আগস্টে ছয় বছর পর সন্তান প্রিন্স আর্চি ও প্রিন্সেস লিলিবেটকে নিয়ে যুক্তরাজ্যে ফিরেছিলেন হ্যারি ও মেগান। বর্তমানে আর্চির বয়স সাত বছর এবং লিলিবেটের পাঁচ বছর।

রাজপরিবারের সঙ্গে তাদের সম্পর্কের অবনতির পেছনে নানা ঘটনা রয়েছে। ২০২১ সালে মেগান অভিযোগ করেছিলেন, রাজপরিবারের সদস্যরা তাদের ছেলে আর্চির গায়ের রং কতটা গাঢ় হতে পারে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এ ঘটনা বাকিংহাম প্যালেসের সঙ্গে তাদের সম্পর্কে অপূরণীয় ক্ষতি করে বলে মনে করা হয়।

দীর্ঘদিনের এই টানাপোড়েনের মধ্যেও এবার পরিবারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইচ্ছা প্রকাশ করলেন তিনি।

সূত্র: আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের সুযোগ বাড়ানোর উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৫ এম


দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের সুযোগ বাড়ানোর উদ্যোগ

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ ও দক্ষতা উন্নয়নে দেশটির দুটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। সিউলে ন্যাশনাল এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যাসোসিয়েশন অব কোরিয়া (এনইএসএ) এবং কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন অব কোরিয়ার (সিএকে) প্রতিনিধিদের সঙ্গে পৃথক এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

এনইএসএর সঙ্গে বৈঠকে দক্ষিণ কোরিয়ার এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি মৌসুমি কর্মসংস্থান, কারিগরি দক্ষতা উন্নয়ন, কোরীয় ভাষা শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণে যৌথ সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও প্রশিক্ষিত কর্মী তৈরিতে বাংলাদেশ প্রস্তুত। এ সময় এনইএসএর প্রতিনিধিরা কোরীয় ভাষা শিক্ষা, পেশাভিত্তিক প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতায় বাংলাদেশি কর্মীদের অবদান ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

বৈঠকে কর্মীদের বিদেশযাত্রার আগে ব্যবহারিক কোরীয় ভাষা ও কর্মক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়, যাতে তারা দেশটির কর্মপরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে পারেন।

অন্যদিকে, সিএকের সঙ্গে বৈঠকে দক্ষিণ কোরিয়ার নির্মাণশিল্পে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন। আন্তর্জাতিক নির্মাণ খাতে বাংলাদেশি কর্মীদের অভিজ্ঞতার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী কারিগরি প্রশিক্ষণ ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারের কথা জানান।

সিএকে ও দেশটির শীর্ষস্থানীয় নির্মাণপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা কর্মক্ষেত্রে নিরাপত্তা, কার্যকর যোগাযোগ এবং কারিগরি দক্ষতার গুরুত্ব তুলে ধরেন। তারা ব্যবহারিক কোরীয় ভাষায় দক্ষ ও নির্মাণকাজে প্রশিক্ষিত বাংলাদেশি কর্মীদের এ খাতে যুক্ত করার সম্ভাবনাও উল্লেখ করেন।

বৈঠক দুটিতে কর্মীদের বিদেশযাত্রার আগে প্রয়োজনীয় প্রস্তুতি, নতুন কর্মসংস্থানের ক্ষেত্র অনুসন্ধান এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে দক্ষিণ কোরিয়ার সংশ্লিষ্ট দপ্তর ও সিউলে বাংলাদেশ দূতাবাসের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখার নির্দেশনা দেন।

এসব উদ্যোগের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বৈরাচারের গুলি দেখেনি কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিষ্টান: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৬ এম


স্বৈরাচারের গুলি দেখেনি কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিষ্টান: প্রধানমন্ত্রী

‘স্বৈরাচারের গুলি কিন্তু দেখেনি কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিষ্টান।’ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান এই মন্তব্য করেছেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক আন্দোলন ও গণঅভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ আত্মত্যাগ করেছেন। তাই নাগরিক হিসেবে সবার পরিচয় বাংলাদেশি এবং রাষ্ট্রের কাছে সবার অধিকার সমান।

মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের জেমসেন হলের পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ পূজা উৎসব পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীও বক্তব্য রাখেন। তাদের বক্তব্যে উঠে আসে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বৈষম্য দূর করা, সনাতন ধর্মাবলম্বীদের নাগরিক অধিকার, সম্পত্তি দখলের অভিযোগ এবং ধর্মীয় সম্প্রীতি নিয়ে রাজনৈতিক বিতর্কের প্রসঙ্গ।

প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় দেশের মানুষ জীবন বাজি রেখে স্বাধীনতা অর্জন করেছিলেন। তখন কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ কিংবা কে খ্রিষ্টান—তা বিবেচনা করে কেউ যুদ্ধে অংশ নেননি। একইভাবে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেও ছাত্র-জনতা, নারীসহ সর্বস্তরের মানুষ রাজপথে নেমেছিলেন।

তিনি বলেন, স্বৈরাচারের গুলিতে যারা আহত ও শহীদ হয়েছেন, তাদের ধর্মীয় পরিচয় বিবেচনা করা হয়নি। আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পথে কিংবা চিকিৎসার সময় কেউ তার ধর্ম জানতে চাননি। মানুষের জীবন রক্ষাই ছিল তখন প্রধান বিষয়।

তারেক রহমান বলেন, নাগরিকদের সংখ্যালঘু ও সংখ্যাগুরু পরিচয়ে আলাদা করে দেখার পরিবর্তে সবাইকে বাংলাদেশের নাগরিক হিসেবে বিবেচনা করা উচিত। রাজনৈতিক কারণে দীর্ঘ ১৭ বছর বিদেশে অবস্থানের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, লন্ডনে থাকার সময় তিনি এমন পরিবেশে ছিলেন, যেখানে অন্য ধর্মের মানুষের সংখ্যা বেশি ছিল। সেই অভিজ্ঞতা থেকে সংখ্যালঘু ও সংখ্যাগুরু পরিচয়ের ভিত্তিতে মানুষকে বিবেচনা করার সীমাবদ্ধতা তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই দেশের আইন আমার জন্য যেভাবে প্রযোজ্য, আপনার জন্যও একইভাবে প্রযোজ্য। এই দেশের ওপর আপনার যে অধিকার আছে, আমারও ঠিক সেই অধিকার রয়েছে।’

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন ও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানুষের আত্মত্যাগের অন্যতম লক্ষ্য ছিল একটি নিরাপদ, শান্তিময় ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্য বাস্তবায়নে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের সহযোগিতা প্রয়োজন।

‘আপনারা কারও ভোটব্যাংক হবেন না’

একই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের কারও ভোটব্যাংক হিসেবে বিবেচনা করার রাজনীতিতে তারা বিশ্বাস করেন না। বাংলাদেশের নাগরিক হিসেবে অন্য সবার মতো তাদেরও সমান সাংবিধানিক, গণতান্ত্রিক ও আইনি অধিকার রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা কারও ভোটব্যাংক হবেন না। আপনারা বাংলাদেশেরই নাগরিক। এই দেশের স্বাধীন সব অধিকার, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার এবং অন্যান্য আইনি অধিকার আপনারাও অন্য নাগরিকদের মতো ভোগ করবেন।’

তিনি বলেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো বিভাজন তারা চান না। রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান হওয়া উচিত। সব ধর্মের মানুষের ধর্মীয় আচার-অনুষ্ঠান, সংস্কৃতি ও উপাসনালয়ের সমান অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হলেও এর আনন্দ অন্য ধর্মের মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যে উৎসবের এই সর্বজনীনতা দীর্ঘদিনের। একে রাজনৈতিক স্বার্থে বিভাজনের মধ্যে ফেলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

অর্পিত সম্পত্তি দখল নিয়ে অভিযোগ

সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তি দখলের প্রসঙ্গও তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার অভিযোগ, ১৯৭২ সালের পর থেকে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের শাসনামলে তাদের সম্পত্তি দখল করা হয়েছে। চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় এ ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ১৯৯৬ সালে ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে কাজ করার সময় সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তি ফেরত দেওয়ার বিষয়ে খোঁজ নিয়েছিলেন তিনি। তার দাবি, তখন সম্পত্তি ফেরত দেওয়ার মতো পরিস্থিতি তাঁরা খুঁজে পাননি।

তিনি বলেন, অতীতে যাদের সম্পত্তি দখল হয়েছে, তাদের সে বিষয়ে কথা বলতে হবে এবং অধিকার আদায়ের দাবি তুলতে হবে। বিএনপির জন্মের আগের ঘটনাগুলোর দায় দলটির ওপর বর্তায় না বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সব ধর্মের মানুষের অধিকার, নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছেন। এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সব নাগরিকের আস্থা অর্জন করতে চায় সরকার।

‘বিএনপিকে জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে অপপ্রচার’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, গত ১৭ বছর বিএনপিকে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হয়েছে। তার অভিযোগ, রাজনৈতিক স্বার্থে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধন ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে।

রিজভী বলেন, বিএনপি অতীতেও একাধিকবার রাষ্ট্রক্ষমতায় ছিল। তখন দলটিকে জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে যেভাবে প্রচার চালানো হয়েছে, গত ১৭ বছরে তা আরও পরিকল্পিতভাবে করা হয়েছে বলে তিনি মনে করেন। তার ভাষায়, ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য অতিরঞ্জিত প্রচার এবং মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হয়।

দুর্গাপূজার সর্বজনীনতার কথা তুলে ধরে রিজভী বলেন, পূজা হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব হলেও এর আনন্দ অন্য ধর্মের মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে। নিজের শৈশবের স্মৃতিচারণা করে তিনি বলেন, বগুড়ায় তার বাড়ির সামনে দুর্গাপূজা উপলক্ষে বড় মেলা বসত। সারা বছর সেই মেলার জন্য অপেক্ষা করতেন তাঁরা। এ ধরনের অভিজ্ঞতা বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সামাজিক বন্ধনের পরিচয় দেয়।

ভারতীয় পর্যটকদের প্রশংসার কথা তুলে ধরলেন রিজভী

বাংলাদেশে দুর্গাপূজা দেখতে ভারত থেকে পর্যটকেরা এসেছেন উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিভিন্ন ভিডিও ও সাক্ষাৎকার দেখা যাচ্ছে। সেখানে বাংলাদেশে আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনের প্রশংসা করছেন অনেকে বলে দাবি করেন তিনি।

রিজভী বলেন, বাংলাদেশের পূজার পরিবেশ নিয়ে বিদেশি পর্যটকদের ইতিবাচক অভিজ্ঞতা দেশের ধর্মীয় সম্প্রীতি ও ঐতিহ্যের একটি দিক তুলে ধরে। অথচ অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশের অসাম্প্রদায়িক ঐতিহ্য ও আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বক্তব্যের শেষে রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন ধর্মের মানুষের পারস্পরিক বন্ধন, ভ্রাতৃত্ব ও সহাবস্থানের ঐতিহ্য রয়েছে। ভবিষ্যতে যেন বিভেদ সৃষ্টির সেই প্রচেষ্টার পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

এ সময় আরও বক্তব্য দেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%