০৭:৪২ পি.এম
কুমিল্লার চান্দিনা পৌরসভার দুটি গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সড়ক দুটি সম্প্রসারণ ও নির্মাণের কাজ শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য (এমপি) মো. আতিকুল আলম শাওন নিজের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে সড়কের জন্য জায়গা ছেড়ে দিয়েছেন।
সড়ক দুটি হলো— চান্দিনা ডাকঘর থেকে শ্রীমন্তপুর ব্রিজ এবং হাজী সাহেবের মোড় থেকে কাঠেরপুল পর্যন্ত।
রোববার (৮ নভেম্বর) বিকালে স্থানীয় সংসদ সদস্য মো. আতিকুল আলম শাওন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দিনা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক।
আরও পড়ুন: রিজভী: হাসিনা তার আশ্রয়দাতাকে নিয়ে দেশে ফিরবেন কিনা প্রশ্ন উঠেছে
জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আরইউটিডিপি প্রকল্পের আওতায় সড়ক দুটির নির্মাণ ব্যয় ১৫ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার টাকা ধরা হয়েছে।
এদিকে, নিজে দাঁড়িয়ে থেকে এক্সকেভেটর (ভেকু) দিয়ে নিজের বাড়ির নিরাপত্তা প্রাচীর ভাঙতে সহযোগিতা করেন মো. আতিকুল আলম শাওন এমপি।
তিনি জানান, সড়কটি ১৮ ফুট প্রস্থ এবং ৪ ফুট বক্স ড্রেন মিলিয়ে ২২ ফুট প্রশস্ত হবে। এই সড়কের পাশে যাদের বাড়িঘর বা দোকান রয়েছে, তাদের তিনি সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা পৌরসভার সহকারী প্রকৌশলী মো. সাজ্জাদ হাছান, চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সহিদুজ্জামান সরকার, পৌর বিএনপি নেতা মো. নাছির উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক খান, যুবদল নেতা ফরহাদ করিম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শরীফ খান, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাহাবুব আলম দোলন প্রমুখ।
আরও পড়ুন: শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন না: রাশেদ খান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন