বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:৫৪ পি.এম
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ দেশের মানুষের বাস্তব সমস্যা চিহ্নিত ও সমাধানে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তির সক্ষমতা কার্যকরভাবে কাজে লাগানোর জন্য আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, "গবেষণায় সরকার ও ইউজিসির বরাদ্দ যথাযথভাবে ব্যবহার এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে দেশের অনেক সমস্যার সমাধান নিজস্ব সক্ষমতাতেই করা সম্ভব।"
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইন-এ অনুষ্ঠিত কমিউনিটিনির্ভর প্ল্যানেটারি হেলথ এডুকেশন বিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, দেশের মানুষ বিশ্ববিদ্যালয়গুলোর কাছ থেকে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নিজেদের প্রয়োজন পূরণ এবং জাতীয় নানা সমস্যার কার্যকর সমাধান প্রত্যাশা করে। সাধারণ জনগণ আশা করে, বিশ্ববিদ্যালয়গুলো দেশের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করবে এবং গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে কার্যকর সমাধান উদ্ভাবন করবে। তিনি সতর্ক করে বলেন, "এ প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের কাছে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এবং দেশবাসীর কাছে জবাবদিহি করতে হবে।"
গবেষণায় অর্থায়নের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের গবেষণা বাজেট খুব বেশি না হলেও একেবারে অপ্রতুল নয়। তিনি উল্লেখ করেছেন, বিদ্যমান বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি দেশের অগ্রাধিকারভিত্তিক সমস্যাগুলো সমাধানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সংস্থার সমন্বয়ে যৌথ গবেষণা প্রকল্প গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে।
প্রযুক্তিগত সক্ষমতা অর্জনে বিদেশের ওপর নির্ভরশীলতার বিষয়টি তুলে ধরে অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, সফটওয়্যার থেকে শুরু করে গবেষণাগারের প্রয়োজনীয় প্রযুক্তি ও বৈজ্ঞানিক সরঞ্জাম—প্রায় সব ক্ষেত্রেই বাংলাদেশকে বিদেশের ওপর নির্ভর করতে হয়। তিনি বলেন, "দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণাগার ও গবেষণা কার্যক্রম পরিচালিত হলেও দেশের নিজস্ব সমস্যার কার্যকর প্রযুক্তিগত সমাধান উদ্ভাবনে প্রত্যাশিত অগ্রগতি অর্জিত হয়নি।" তিনি এ পরিস্থিতি থেকে উত্তরণে গবেষণার বিষয়ে মানসিকতা, দৃষ্টিভঙ্গি ও কর্মপদ্ধতির পরিবর্তনের প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
প্ল্যানেটারি হেলথের গুরুত্ব তুলে ধরে ইউজিসি চেয়ারম্যান বলেন, মানুষের স্বাস্থ্য ও সুস্থতা প্রাকৃতিক পরিবেশ এবং বাস্তুতন্ত্রের ভারসাম্যের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। তিনি বলেন, "বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, লবণাক্ততা ও অতিরিক্ত তাপমাত্রার মতো পরিবেশগত পরিবর্তন মানুষের জীবন ও জীবিকাকে নানাভাবে প্রভাবিত করছে।"
এছাড়া, তিনি স্থানীয় জনগণের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে বলেন, পরিবেশগত পরিবর্তন ও জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জনগণের নিজস্ব অভিজ্ঞতা ও জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণার বিষয় নির্ধারণ, বাস্তবসম্মত সমাধান উদ্ভাবন এবং গবেষণালব্ধ জ্ঞান মানুষের কল্যাণে কাজে লাগানোর ক্ষেত্রে তাঁদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। তিনি দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক সংস্থা ও স্থানীয় জনগণের সমন্বয়ে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা নিয়ে যৌথ গবেষণা উদ্যোগ গ্রহণকে আশাব্যঞ্জক বলে উল্লেখ করেন।
কেটা-আর্থ প্রকল্পের কার্যক্রম তুলে ধরে ইউজিসি চেয়ারম্যান বলেন, এ প্রকল্পের আওতায় বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম সমন্বয়, প্ল্যানেটারি হেলথ এডুকেশন কাঠামো ও টুলকিট প্রণয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত অনলাইন কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এসব কার্যক্রম স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং গবেষণাকে পাঠদান কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, প্রকল্পের অর্থায়ন শেষ হওয়ার পরও এর কার্যক্রম অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব প্রাতিষ্ঠানিক মালিকানা, দায়িত্বশীলতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকা জরুরি। এ লক্ষ্যে শিক্ষকদের প্রশিক্ষণ, স্থানীয় জনগণের সঙ্গে কার্যকর যোগাযোগ এবং প্রকল্পের অর্জন ও কার্যক্রমকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, গুণগত মান নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক উন্নয়ন পরিকল্পনার অংশ করতে হবে। ইউজিসি এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
অনুষ্ঠানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান হাতিয়া দ্বীপের ওপর একটি ভিডিওচিত্র উপস্থাপন করেন। কেটা-আর্থ প্রকল্পের প্রধান ড. জর্জ ডাউনওয়ার্ড প্রকল্পের সার্বিক কার্যক্রম ও উদ্দেশ্য তুলে ধরেন।
সিম্পোজিয়ামে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য অধ্যাপক ড. সংগীতা রামাঝি এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের হেড অব কো-অপারেশন ড. মিখাল ক্রেইজা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন। এটি হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা (স্টে অর্ডার) আরও ছয় মাস বাড়ানোর একদিন পরের ঘটনা। তবে তাঁর কার্যালয় কোথায় হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
৩৭তম বিসিএস (প্রশাসন) ব্যাচের কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা এর আগে সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এবং দোহাজারী পৌরসভার প্রশাসক হিসেবেও কাজ করেছেন। তাঁর বাড়ি পার্বত্য জেলা রাঙামাটিতে।
নতুন ইউএনওর যোগদানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, সরাসরি ইউএনও নিয়োগের ফলে দীর্ঘদিনের প্রত্যাশিত এ উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত হবে।
হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, "এর আগে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব হিসেবে উত্তর উপজেলার দায়িত্ব পালন করতেন। এখন থেকে উত্তর উপজেলার জন্য সরাসরি একজন ইউএনও নিয়োগ দেওয়ায় প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। আশা করি, উত্তর উপজেলা বাস্তবায়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।"
স্থানীয় ব্যবসায়ী রাকিবুল আলম পিটু চৌধুরী মন্তব্য করেন, "উত্তর ফটিকছড়ির মানুষের সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হলো সদর দপ্তরের অবস্থান। একজন ইউএনওর যোগদান নিঃসন্দেহে সুখবর। এর মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। তবে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি সদর দপ্তর যৌক্তিক স্থান নারায়ণহাটে স্থাপনের দাবি আমাদের দীর্ঘদিনের।"
এদিকে ইউএনও যোগদান করলেও তাঁর কার্যালয় কোথায় স্থাপন করা হবে, তা নিয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি। ফলে প্রশাসনিক কার্যক্রম কোথা থেকে পরিচালিত হবে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল রয়েছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মুহাম্মদ ইব্রাহিম জানান, "ফটিকছড়ি উত্তর উপজেলায় প্রশাসনিক কর্মকর্তা (ইউএনও) ডিপ্লোমেসি চাকমা আজ যোগদান করেছেন। তিনি কোথায় অফিস করবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে তিনি কিছুদিন ছুটিতে থাকবেন বলে জানা গেছে।"
সংশ্লিষ্টদের মতে, নতুন ইউএনওর যোগদানের মধ্য দিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা তৈরি হয়েছে। তবে সদর দপ্তরের অবস্থান নির্ধারণসহ অবকাঠামোগত ও প্রশাসনিক নানা বিষয় এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
উল্লেখ্য, নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা নারায়ণহাট, দাঁতমারা, বাগানবাজার, ভূজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল-এই ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত। এতদিন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মুহাম্মদ ইব্রাহিম অতিরিক্ত দায়িত্ব হিসেবে উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম দেখভাল করছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স মন্তব্য করেছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছেন, তবে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট হাসিনা দেশের পরনির্ভরশীলতা প্রতিষ্ঠা করতে আধিপত্যবাদী শক্তির পুতুল হিসেবে কাজ করছেন। তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন, "বাংলাদেশে আর আধিপত্যবাদের খেলা চলবে না।"
এই বক্তব্য তিনি বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজারে অনুষ্ঠিত এক জনসমাবেশে প্রদান করেন।
প্রিন্স জনসমাবেশে উল্লেখ করেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশ বিজয় অর্জন করেছিল, এবং এটি অন্য কোনো শক্তির অধীনে থাকার জন্য নয়। তিনি বলেন, "যে জাতি বার বার রক্ত দিয়ে গোলামির শৃঙ্খল ভেঙেছে, সেই জাতি আর কখনো বিদেশি শক্তির আধিপত্য মেনে নেবে না।"
তিনি জনগণের প্রতি আহ্বান জানান যে, অপশক্তির দেশবিরোধী ষড়যন্ত্র নস্যাত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, প্রতিটি এলাকায় কঠোর নজরদারি বাড়াতে হবে, যাতে কেউ নাশকতা সৃষ্টির অপচেষ্টা করতে না পারে।
এর আগে, দিনব্যাপী ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের চেক হস্তান্তর এবং সরকারি কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে, দুপুরে উপজেলার ঘোষগাঁও ইউনিয়নে বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী কেশিয়া পাড়া গ্রামে সমিতির সদস্য ও গ্রামবাসীদের সাথে নিয়ে কোদাল দিয়ে মাটি কেটে এবং ভিত্তি ফলক উন্মোচন করে ১১ কিলোমিটারব্যাপী প্যাচাই খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
পরে তিনি পার্শ্ববর্তী এরশাদ বাজারে প্যাঁচাই খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির লিঃ আয়োজিত জনসমাবেশে যোগ দেন।
১১ কিলোমিটার দীর্ঘ প্যাচাই খাল পুনঃখননের জন্য ১ কোটি ৪৫ লাখ টাকা ব্যয় হচ্ছে। মূল খাল ৫ কিলোমিটার এবং ৫টি শাখা খাল ৬ কিলোমিটার পুনঃখনন করা হবে।
জাপান ভিত্তিক জাইকার অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)-এর তদারকিতে প্যাচাই খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এই খাল পুনঃখনন কাজ বাস্তবায়ন করছে।
প্যাচাই খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ শাহজাহান এর সভাপতিত্বে এরশাদ বাজারে অনুষ্ঠিত জনসমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক ফরহাদ রাব্বানী সুমন, মাহবুবুল আলম বাবুল, আবুল কাশেম ডলার, ফরহাদ আল রাজি, ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন এবং সমিতির সাধারণ সম্পাদক আদম আলী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর উত্তরা পশ্চিম থানার পুলিশ অভিযান চালিয়ে মোঃ সাইদুল ইসলাম, যিনি কালু নামে পরিচিত, তাকে গ্রেপ্তার করেছে। তার বয়স ৩৫ বছর এবং তার কাছে ১২ কেজি গাঁজা পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে কামারপাড়া চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মোঃ মাহবুবুল হক রনি তার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে কামারপাড়া চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় সন্দেহভাজন সাইদুল ইসলাম ওরফে কালুকে আটক করা হয় এবং তার সঙ্গে থাকা ব্যাগটি তল্লাশি করা হয়। তল্লাশির সময় ব্যাগের ভেতর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া সাইদুল ইসলাম নেত্রকোনা জেলার বাসিন্দা। পুলিশ জানায়, সিডিএমএস সফটওয়্যার পর্যালোচনার মাধ্যমে তার বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা রয়েছে। ওই মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় নিয়মিত মাদক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্যসচিব এবং উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক মোহন দে-কে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে তিনি জোরারগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর দুপুর আনুমানিক ১২টা ২৯ মিনিটে পূর্ব হিঙ্গুলী এলাকায় তার নিজ বাসায় অবস্থানকালে মোহন দে’র মুঠোফোনে একটি অজ্ঞাতনামা নম্বর থেকে কল আসে। কলদাতা তাকে অশালীন ভাষায় গালাগাল করে এবং তার ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়, এমনটি জিডিতে উল্লেখ রয়েছে।
মোহন দে আরও জানান, অজ্ঞাত ওই ব্যক্তি তাকে ও তার পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেছেন। তিনি এবং তার পরিবারের সদস্যরা এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।
মোহন দে বলেন, বিএনপি-ছাত্রদলের সঙ্গে জড়িত থাকার কারণে তাকে মুঠোফোনের অপর প্রান্ত থেকে অশালীন ভাষায় গালাগাল করা হয়। তাকে ডিসেম্বর মাসের পর কেটে টুকরো করে ফেনী নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম মন্তব্য করেন, "আমরা জিডি নিয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেব।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ