প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ দেশের মানুষের বাস্তব সমস্যা চিহ্নিত ও সমাধানে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তির সক্ষমতা কার্যকরভাবে কাজে লাগানোর জন্য আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, "গবেষণায় সরকার ও ইউজিসির বরাদ্দ যথাযথভাবে ব্যবহার এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে দেশের অনেক সমস্যার সমাধান নিজস্ব সক্ষমতাতেই করা সম্ভব।"
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইন-এ অনুষ্ঠিত কমিউনিটিনির্ভর প্ল্যানেটারি হেলথ এডুকেশন বিষয়ক আন্তর্জাতিক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, দেশের মানুষ বিশ্ববিদ্যালয়গুলোর কাছ থেকে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নিজেদের প্রয়োজন পূরণ এবং জাতীয় নানা সমস্যার কার্যকর সমাধান প্রত্যাশা করে। সাধারণ জনগণ আশা করে, বিশ্ববিদ্যালয়গুলো দেশের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করবে এবং গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে কার্যকর সমাধান উদ্ভাবন করবে। তিনি সতর্ক করে বলেন, "এ প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের কাছে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এবং দেশবাসীর কাছে জবাবদিহি করতে হবে।"
গবেষণায় অর্থায়নের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের গবেষণা বাজেট খুব বেশি না হলেও একেবারে অপ্রতুল নয়। তিনি উল্লেখ করেছেন, বিদ্যমান বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি দেশের অগ্রাধিকারভিত্তিক সমস্যাগুলো সমাধানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সংস্থার সমন্বয়ে যৌথ গবেষণা প্রকল্প গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে।
প্রযুক্তিগত সক্ষমতা অর্জনে বিদেশের ওপর নির্ভরশীলতার বিষয়টি তুলে ধরে অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, সফটওয়্যার থেকে শুরু করে গবেষণাগারের প্রয়োজনীয় প্রযুক্তি ও বৈজ্ঞানিক সরঞ্জাম—প্রায় সব ক্ষেত্রেই বাংলাদেশকে বিদেশের ওপর নির্ভর করতে হয়। তিনি বলেন, "দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণাগার ও গবেষণা কার্যক্রম পরিচালিত হলেও দেশের নিজস্ব সমস্যার কার্যকর প্রযুক্তিগত সমাধান উদ্ভাবনে প্রত্যাশিত অগ্রগতি অর্জিত হয়নি।" তিনি এ পরিস্থিতি থেকে উত্তরণে গবেষণার বিষয়ে মানসিকতা, দৃষ্টিভঙ্গি ও কর্মপদ্ধতির পরিবর্তনের প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
প্ল্যানেটারি হেলথের গুরুত্ব তুলে ধরে ইউজিসি চেয়ারম্যান বলেন, মানুষের স্বাস্থ্য ও সুস্থতা প্রাকৃতিক পরিবেশ এবং বাস্তুতন্ত্রের ভারসাম্যের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। তিনি বলেন, "বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, লবণাক্ততা ও অতিরিক্ত তাপমাত্রার মতো পরিবেশগত পরিবর্তন মানুষের জীবন ও জীবিকাকে নানাভাবে প্রভাবিত করছে।"
এছাড়া, তিনি স্থানীয় জনগণের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে বলেন, পরিবেশগত পরিবর্তন ও জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জনগণের নিজস্ব অভিজ্ঞতা ও জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণার বিষয় নির্ধারণ, বাস্তবসম্মত সমাধান উদ্ভাবন এবং গবেষণালব্ধ জ্ঞান মানুষের কল্যাণে কাজে লাগানোর ক্ষেত্রে তাঁদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। তিনি দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক সংস্থা ও স্থানীয় জনগণের সমন্বয়ে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা নিয়ে যৌথ গবেষণা উদ্যোগ গ্রহণকে আশাব্যঞ্জক বলে উল্লেখ করেন।
কেটা-আর্থ প্রকল্পের কার্যক্রম তুলে ধরে ইউজিসি চেয়ারম্যান বলেন, এ প্রকল্পের আওতায় বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রম সমন্বয়, প্ল্যানেটারি হেলথ এডুকেশন কাঠামো ও টুলকিট প্রণয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত অনলাইন কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এসব কার্যক্রম স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং গবেষণাকে পাঠদান কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, প্রকল্পের অর্থায়ন শেষ হওয়ার পরও এর কার্যক্রম অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব প্রাতিষ্ঠানিক মালিকানা, দায়িত্বশীলতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকা জরুরি। এ লক্ষ্যে শিক্ষকদের প্রশিক্ষণ, স্থানীয় জনগণের সঙ্গে কার্যকর যোগাযোগ এবং প্রকল্পের অর্জন ও কার্যক্রমকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, গুণগত মান নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক উন্নয়ন পরিকল্পনার অংশ করতে হবে। ইউজিসি এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
অনুষ্ঠানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান হাতিয়া দ্বীপের ওপর একটি ভিডিওচিত্র উপস্থাপন করেন। কেটা-আর্থ প্রকল্পের প্রধান ড. জর্জ ডাউনওয়ার্ড প্রকল্পের সার্বিক কার্যক্রম ও উদ্দেশ্য তুলে ধরেন।
সিম্পোজিয়ামে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য অধ্যাপক ড. সংগীতা রামাঝি এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের হেড অব কো-অপারেশন ড. মিখাল ক্রেইজা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন