প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন। এটি হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা (স্টে অর্ডার) আরও ছয় মাস বাড়ানোর একদিন পরের ঘটনা। তবে তাঁর কার্যালয় কোথায় হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
৩৭তম বিসিএস (প্রশাসন) ব্যাচের কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা এর আগে সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এবং দোহাজারী পৌরসভার প্রশাসক হিসেবেও কাজ করেছেন। তাঁর বাড়ি পার্বত্য জেলা রাঙামাটিতে।
নতুন ইউএনওর যোগদানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, সরাসরি ইউএনও নিয়োগের ফলে দীর্ঘদিনের প্রত্যাশিত এ উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত হবে।
হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, "এর আগে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব হিসেবে উত্তর উপজেলার দায়িত্ব পালন করতেন। এখন থেকে উত্তর উপজেলার জন্য সরাসরি একজন ইউএনও নিয়োগ দেওয়ায় প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। আশা করি, উত্তর উপজেলা বাস্তবায়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।"
স্থানীয় ব্যবসায়ী রাকিবুল আলম পিটু চৌধুরী মন্তব্য করেন, "উত্তর ফটিকছড়ির মানুষের সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হলো সদর দপ্তরের অবস্থান। একজন ইউএনওর যোগদান নিঃসন্দেহে সুখবর। এর মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। তবে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি সদর দপ্তর যৌক্তিক স্থান নারায়ণহাটে স্থাপনের দাবি আমাদের দীর্ঘদিনের।"
এদিকে ইউএনও যোগদান করলেও তাঁর কার্যালয় কোথায় স্থাপন করা হবে, তা নিয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি। ফলে প্রশাসনিক কার্যক্রম কোথা থেকে পরিচালিত হবে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল রয়েছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মুহাম্মদ ইব্রাহিম জানান, "ফটিকছড়ি উত্তর উপজেলায় প্রশাসনিক কর্মকর্তা (ইউএনও) ডিপ্লোমেসি চাকমা আজ যোগদান করেছেন। তিনি কোথায় অফিস করবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে তিনি কিছুদিন ছুটিতে থাকবেন বলে জানা গেছে।"
সংশ্লিষ্টদের মতে, নতুন ইউএনওর যোগদানের মধ্য দিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা তৈরি হয়েছে। তবে সদর দপ্তরের অবস্থান নির্ধারণসহ অবকাঠামোগত ও প্রশাসনিক নানা বিষয় এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
উল্লেখ্য, নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা নারায়ণহাট, দাঁতমারা, বাগানবাজার, ভূজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল-এই ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত। এতদিন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মুহাম্মদ ইব্রাহিম অতিরিক্ত দায়িত্ব হিসেবে উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম দেখভাল করছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন