০৫:২৬ পি.এম
ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের। আজ সকালে এই বৈঠকটি নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বৈঠকের সময় চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপ পায়রা বন্দরে সৌরবিদ্যুৎভিত্তিক পাওয়ার প্ল্যান্ট স্থাপনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে। প্রতিনিধি দলের সদস্যরা জানান, প্রতিষ্ঠানটির রয়েছে চীনের বৃহৎ জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণে দীর্ঘ অভিজ্ঞতা। তারা চীনের পাশাপাশি বিভিন্ন দেশে এই খাতে কাজ করছে এবং বাংলাদেশেও তাদের কার্যক্রম রয়েছে।
প্রতিমন্ত্রী চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপের বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, পায়রা বন্দর ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। বন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জ্বালানি চাহিদা পূরণে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে। সরকার দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে বিদেশি বিনিয়োগকে সবসময় উৎসাহিত করে আসছে এবং এ ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক।
আরও পড়ুন: আলমগীর হোসেনকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ বায়োজেনের
তিনি আরও বলেন, পায়রা বন্দর দেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা। তাই বন্দরের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। যেকোনো বিনিয়োগ ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় স্বার্থ, নিরাপত্তা এবং প্রয়োজনীয় নীতিমালা যথাযথভাবে অনুসরণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বৈঠকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন