১২:৫০ পি.এম
বক্স অফিসে ঝড় তুলতে নতুন প্রস্তুতি নিচ্ছে ‘রামায়ণ’ সিনেমার প্রযোজকরা, যিনি পরিচালনা করেছেন নীতীশ তিওয়ারি। আন্তর্জাতিক বাজারের পরিসর বাড়াতে বিগ বাজেটের আলোচিত ভারতীয় সিনেমাটি এবার বিশ্বব্যাপী মুক্তির পাশাপাশি চীনেও বড় আকারে মুক্তি দেয়ার পরিকল্পনা চলছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চীনে ‘রামায়ণ’ সিনেমার মুক্তির সম্ভাবনা রয়েছে প্রায় ২০ থেকে ২৫ হাজার পর্দায়। সিনেমাটির পরিবেশক অক্ষয় রাঠি জানান, চীনে সিনেমাটি ‘রামায়ণ: দ্য লিজেন্ড অব দ্য প্রিন্স’ নামে মুক্তি দেয়ার প্রস্তুতি চলছে। সিনেমাটির পরিবেশনার দায়িত্ব পালন করবে সনি পিকচার্স।
অক্ষয় রাঠি সংবাদমাধ্যমে বলেন, "ভারতীয় একটি গল্পকে বিশ্ব দরবারে পৌঁছে দেয়ার সুযোগ এটি। সিনেমাটি সফল হলে এর ব্যবসা ভারতীয় সিনেমার প্রচলিত আন্তর্জাতিক বাজারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।"
আরও পড়ুন: ৩৫ বছর বয়সে মারা গেলেন গায়িকা নিকোল টেলর
বিশ্ববাজারে সিনেমাটির মুক্তির লক্ষ্যমাত্রা ৫০ হাজারের বেশি পর্দা। সব মিলিয়ে সিনেমাটির পর্দাসংখ্যা ৫৯ হাজার ছাড়িয়ে যেতে পারে। তাই বাণিজ্য বিশ্লেষক তরন আদর্শ সিনেমাটির ওপেনিংয়ের আয় নিয়ে আশাবাদী।
‘রামায়ণ’ সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে ভবিষ্যদ্বাণী করে তরন আদর্শ বলেন, "রাম, সীতা, হনুমান ও লক্ষ্মণের সঙ্গে দর্শকের যে আবেগের সম্পর্ক, সে কারণে সিনেমাটি মুক্তির প্রথম দিনের আয়ের সব রেকর্ড ভেঙে ইতিহাস গড়তে পারে।"
নীতীশ তিওয়ারির পরিচালনায় এই চলচ্চিত্রে ‘রাম’ চরিত্রে রণবীর কাপুর, ‘সীতা’ চরিত্রে সাই পল্লবী এবং ‘রাবণ’ চরিত্রে যশ অভিনয় করেছেন। সিনেমায় আরও রয়েছেন সানি দেওল, লারা দত্ত, অরুণ গোভিলসহ আরও অনেকে।
প্রায় ৪ হাজার কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘রামায়ণ’-এর দুইটি পর্ব রয়েছে। বাল্মীকির মহাকাব্য অবলম্বনে নির্মিত সিনেমাটির প্রথম পর্ব আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে আগামী ৬ নভেম্বর। ভারতে আগামী ৮ নভেম্বর দীপাবলি উৎসবে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। প্রথম পর্ব মুক্তির এক বছর পর ‘রামায়ণ’ সিনেমার দ্বিতীয় পর্ব মুক্তির কথা রয়েছে ২০২৭ সালের আগামী দীপাবলিতে।
আরও পড়ুন: ফের বিচ্ছেদের ঘোষণা করলেন ‘বেবি ডল’ গায়িকা কনিকা কাপুর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন