টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: ফারুক হোসেন
০১:০৭ পি.এম
গার্মেন্টস শিল্পে চলমান নৈরাজ্য, অস্থিরতা ও শ্রমিক অসন্তোষের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে ৪ ঠা নভেম্বর বুধবার ঢাকা গাজীপুর মহাসড়কের আলহাজ্ব নুরুল ইসলাম সরকারের বাসভবনে সামনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকার শাহানুর ইসলাম রনির নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাখিব উদ্দিন সরকার পাপ্পু। কর্মসূচিতে নেতৃত্ব দেন সরকার শাহানুর ইসলাম রনি।
এ সময় বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন ও আলোচনা সভায় বক্তারা বলেন, গার্মেন্টস শিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এ শিল্পে কোনো ধরনের অস্থিরতা, বিশৃঙ্খলা কিংবা নৈরাজ্য সৃষ্টি হলে তার নেতিবাচক প্রভাব পড়বে শ্রমিক, মালিক, শিল্পপ্রতিষ্ঠান ও দেশের সামগ্রিক অর্থনীতির ওপর।
বক্তারা শ্রমিকদের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের আন্দোলনের প্রতি তাঁরা সংহতি প্রকাশ করেন। একই সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকদের যৌক্তিক সমস্যার সমাধান এবং শিল্পকারখানায় স্বাভাবিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তাঁরা আরও বলেন, শ্রমিক ও মালিক—উভয় পক্ষের স্বার্থ রক্ষা করে গার্মেন্টস শিল্পকে সচল রাখা জরুরি। কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলায় যেন দেশের গুরুত্বপূর্ণ এই শিল্পখাত ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মানববন্ধন শেষে শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সংহতি প্রকাশ এবং গার্মেন্টস শিল্পে শান্তিপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুনামগঞ্জের দিরাই উপজেলার ৫ নম্বর সরমঙ্গল ইউনিয়নের জারুলিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের ভয়াবহতায় নিঃস্ব হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। হারিয়েছেন নিজেদের শেষ আশ্রয়টুকুও।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন একজন অসহায় সনাতন ধর্মাবলম্বী নারী। নিজের কষ্টার্জিত অর্থ ও শেষ সম্বলটুকু দিয়ে তিনি যে ঘরটি নির্মাণ করেছিলেন, সেই ঘরটিও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
নিজের শেষ আশ্রয়টুকু হারিয়ে আজ তিনি দিশেহারা। ঘরবাড়ি পুড়ে যাওয়ার পর কান্নায় ভেঙে পড়েছেন এই অসহায় নারী। তাঁর চোখের পানি যেন থামছেই না। কোথায় থাকবেন, কীভাবে আবার একটি ঘর তৈরি করবেন—এই দুশ্চিন্তায় দিন কাটছে তাঁর।
একটি ঘর শুধু ইট, কাঠ ও টিনের তৈরি স্থাপনা নয়; এটি একজন মানুষের স্বপ্ন, নিরাপত্তা ও বেঁচে থাকার আশ্রয়। আগুনে সেই আশ্রয়টুকু হারিয়ে আজ তিনি চরম অসহায় অবস্থায় রয়েছেন।
🤲 মানবকল্যাণে এগিয়ে আসুন, দাঁড়ান অসহায় পরিবারের পাশে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বুধবার (৪ নভেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। বৈঠকে আলোচনা হয় বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার, অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর, রোহিঙ্গা সংকটের সমাধান এবং দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধির মতো বিভিন্ন বিষয় নিয়ে।
সাক্ষাৎকালে লিউ হাইশিং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দেন। প্রধানমন্ত্রীও জবাবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রিমিয়ার লি ছিয়াংকে শুভেচ্ছা জানান।
লিউ হাইশিং উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরের সময় দুই দেশের ভবিষ্যৎ দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন যুগের সূচনা নিয়ে একটি যৌথ ঘোষণা দেয়া হয়েছিল। ওই ঘোষণার আলোকে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রের আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে চীনের সমর্থন অব্যাহত থাকবে বলে লিউ হাইশিং জানান। তিনি বলেন, বাংলাদেশের প্রতি চীনের অঙ্গীকার অপরিবর্তিত রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের সম্ভাবনার প্রতি আস্থা প্রকাশ করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির ভরাডুবি ঘটেছে। প্রেসিডেন্ট ট্রাম্প পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছেন। ইতোমধ্যে ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র হামলার পরিকল্পনা করছে বলে যে খবর এসেছে, সে বিষয়ে তিনি কথা বলেছেন।
ফক্স নিউজের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমাদের বড় কিছু করতে হবে।’ তিনি উল্লেখ করেন, এতে ‘একটি বড় ধরনের আঘাত’ অন্তর্ভুক্ত থাকতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘তাদের কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না।’ এরপর তিনি স্বীকার করেন যে, জ্বালানির মূল্যবৃদ্ধি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য নেতিবাচক প্রভাব ফেলেছে। ট্রাম্পের ভাষায়, জ্বালানির জন্য বেশি অর্থ পরিশোধ করতে হওয়ায় মানুষ ‘এটি পছন্দ করেনি’।
সাক্ষাৎকারের এক পর্যায়ে ট্রাম্প জানান, তিনি এই ফলাফলকে তার প্রেসিডেন্ট পদের জন্য কোনো ধাক্কা বলে মনে করেন না। যদিও তার দল ইতোমধ্যে কংগ্রেসের উভয় কক্ষেই নিয়ন্ত্রণ হারিয়েছে।
তিনি বলেন, ডেমোক্র্যাটরা বহু বছর ধরে এমন একটি বড় জয়ের অপেক্ষায় ছিল এবং অবশেষে তারা তা অর্জন করেছে। এরপর তিনি তাদের ‘ভালো কাজ’ করার জন্য অভিনন্দন জানান।
এ সময় ট্রাম্প গত দুই বছরের অর্জনগুলোও তুলে ধরেন; বিশেষ করে অর্থনীতিকে শক্তিশালী করা এবং দক্ষিণ সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করাকে তিনি তার প্রধান সাফল্য হিসেবে উল্লেখ করেন।
সূত্র: বিবিসি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং মাদক নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখার জন্য সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. রাকিবুল হাসান টানা চারবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা লাভ করেছেন।
গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জ পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে অনুষ্ঠিত পুলিশের মাসিক কল্যাণ সভায় অক্টোবর মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
সভাটি সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, যেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরো সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সঠিক নেতৃত্বের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য অক্টোবর মাসের পারফরম্যান্সের ভিত্তিতে তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে মো. রাকিবুল হাসান চলতি বছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসেও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা অর্জন করেছিলেন।
টানা এই অর্জনের প্রতিক্রিয়ায় ওসি মো. রাকিবুল হাসান বলেন, "সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা, সিরাজগঞ্জের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা এবং সদর থানা পুলিশের চৌকস টিমের নিরলস পরিশ্রমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করে যাচ্ছি।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ