০৬:২০ এম
সেন্টমার্টিনে জোয়ারের পানির উচ্চতা বেড়ে স্থানীয় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সম্প্রতি শুরু হওয়া টানা ভারী বর্ষণের কারণে দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে জোয়ারের উচ্চতা বেড়ে গেছে। এতে দ্বীপের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (৭ জুলাই) থেকে টানা তিন দিন ধরে কক্সবাজার, টেকনাফ এবং সেন্টমার্টিনে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একইসঙ্গে উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত দমকা হাওয়া সাগরকে আরও উত্তাল করেছে। মাঝে মাঝে বাতাসের দিক পরিবর্তনের কারণে পরিস্থিতি প্রত্যাশিতের চেয়েও অনিশ্চিত হয়ে পড়েছে।
স্থানীয়রা জানায়, যেহেতু জোয়ারের পানির উচ্চতা বেড়ে গেছে, তাই দ্বীপের নিচু এলাকার অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। এই বৈরী আবহাওয়ার কারণে অধিকাংশ মানুষ ঘরেই অবস্থান করছেন, জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। সাগর উত্তাল থাকায় মাছ ধরতে যাওয়া জেলেদের কাজও ব্যাহত হচ্ছে, ফলে তাদের জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আরও পড়ুন: মদনে বিদ্যালয় রক্ষার কাজে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
স্থানীয় বাসিন্দা আবু তালেব জানান, টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও উত্তাল সাগরের কারণে বঙ্গোপসাগরের পানির উচ্চতা আগের থেকে আনুমানিক ৪ থেকে ৫ ফুট বেড়ে গেছে। বড় বড় ঢেউ একের পর এক দ্বীপের চারপাশে আছড়ে পড়ছে। আশংকা প্রকাশ করে তিনি জানান, যদি বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া অব্যাহত থাকে, তাহলে দ্বীপের বাসিন্দাদের দুর্ভোগ বাড়বে।
সেন্টমার্টিন সাভিস ট্রলার সমবায় সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, বৃহস্পতিবার থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত ট্রলার চলাচল বন্ধ রয়েছে। সতর্ক সংকেত কেটে গেলে পুনরায় ট্রলার চলাচল শুরু হবে। সেন্টমার্টিনের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, দ্বীপে অনেক বাড়িঘর ডুবে গেছে এবং বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্য সংকটের সৃষ্টি হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী জানান, ট্রলার চলাচল বন্ধ রয়েছে এবং সেন্টমার্টিনে বঙ্গোপসাগরের পানির উচ্চতা বেড়ে গেছে। আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন