০১:২০ পি.এম
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও আধুনিক ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সফিপুরে ১৪ দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার-ভিডিপি একাডেমিতে "কমান্ড, লিডারশিপ ও ম্যানেজমেন্ট" শীর্ষক এই কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই বিশেষায়িত প্রশিক্ষণ কার্যক্রম আগামী ১৫ অক্টোবর পর্যন্ত চলবে।
সম্প্রতি বাহিনীর মহাপরিচালকের বিশেষ পরিকল্পনায় প্রবর্তিত এই কোর্সটিকে কর্মকর্তাদের নেতৃত্ব বিকাশ ও দূরদর্শিতা অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।
আরও পড়ুন: কুড়িগ্রামে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে চার খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ সেশনে বক্তব্য রাখেন বাহিনী প্রধান। তিনি উল্লেখ করেন, অধীনস্থ সদস্যদের সফলভাবে নেতৃত্ব প্রদানের পূর্বশর্ত হলো তাদের সমস্ত ব্যবস্থাপনায় নিজেকে সম্পৃক্ত ও নিবেদিত করা। তিনি একই সাথে প্রতিটি ক্ষেত্রে নিজের ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে নৈতিকতা ও মূল্যবোধের চর্চা করার আহ্বান জানান, যা অধীনস্থদের জন্য অনুকরণীয় হবে।
আশা করা হচ্ছে, নবসংযোজিত নেতৃত্ব দর্শনকেন্দ্রিক এই কোর্সের আধুনিক কারিকুলাম ও অভিজ্ঞ বক্তাদের মতবিনিময় আগামী দিনে বাহিনীকে আরও দক্ষ, দূরদর্শী ও জনসেবামুখী হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে। সকাল পৌনে দশটার দিকে উদ্বোধনী অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অব.) ফখরুল আহসানসহ অন্যান্য অভিজ্ঞ বক্তাগণ। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, এনডিসি, পিএসসি, একাডেমির কমান্ড্যান্ট (অতিরিক্ত মহাপরিচালক) সাইফুল্লাহ রাসেলসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আরও পড়ুন: আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া গান নিয়ে উৎসবের আয়োজন করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন