ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

কারামুক্তির পর বন্দিদের অধিকার নিয়ে সরব ইতালির কট্টর ডানপন্থী নেতা


কারামুক্তির পর বন্দিদের অধিকার নিয়ে সরব ইতালির কট্টর ডানপন্থী নেতা

ইতালির কট্টর ডানপন্থী নেতা ও রোমের সাবেক মেয়র জিয়ান্নি আলেমান্নো কারাগার থেকে মুক্তি পাওয়ার পর এবার বন্দিদের অধিকার এবং কারাগারের মানবিক পরিবেশ নিয়ে প্রকাশ্যে কথা বলতে শুরু করেছেন। দীর্ঘদিন ধরে কঠোর আইন-শৃঙ্খলার পক্ষে অবস্থান নেওয়া এই রাজনীতিকের এমন পরিবর্তিত অবস্থান ইতালির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

৬৮ বছর বয়সী আলেমান্নো গত ২৪ জুন রোমের রেবিব্বিয়া কারাগার থেকে মুক্তি পান। এটি ইতালির সবচেয়ে বড় কারাগারগুলোর একটি। অতিরিক্ত বন্দী ও জরাজীর্ণ পরিবেশের কারণে কারাগারটি দীর্ঘদিন ধরেই সমালোচিত। প্রভাব খাটানো এবং দায়িত্বের অপব্যবহারের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি ১৮ মাস কারাভোগ করেন।

যদিও শুরু থেকেই তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। কারাগারে থাকার অভিজ্ঞতা তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন। তার লেখাগুলো ইতালির কারাগার ব্যবস্থার নানা সমস্যা নিয়ে নতুন করে জনমত তৈরি করেছে। আলেমান্নো রয়টার্সকে বলেন, 'যারা কারাগারে থেকেছেন বা যাদের পরিবারের কেউ কারাগারে আছেন, শুধু তারাই এই সমস্যাগুলো বুঝতে পারেন। অন্যরা বিষয়টি বুঝতেই পারেন না।' তিনি জানান, রেবিব্বিয়া কারাগারে এটিই তার প্রথমবার নয়। ১৯৮২ সালে কট্টর ডানপন্থীদের এক বিক্ষোভে সোভিয়েত দূতাবাসে মলোটভ ককটেল ছোড়ার ঘটনায় তিনি ১০ মাস কারাভোগ করেছিলেন। গত বছরের ৩১ ডিসেম্বর আবার একই কারাগারে গিয়ে কাকতালীয়ভাবে সেই একই সেলে থাকার সুযোগ পান। সেই স্মৃতির কথা উল্লেখ করে তিনি বলেন, 'এই সেল থেকেই আমি ১৯৮২ সালে ইতালির ফুটবল বিশ্বকাপ জয় দেখেছিলাম।'

আরও পড়ুন: গার্মেন্টস শিল্পে এক সপ্তাহের মধ্যে মজুরি বোর্ড গেজেট প্রকাশের ঘোষণা শ্রমমন্ত্রীর

আলেমান্নো দীর্ঘদিন ধরেই ইতালির ডানপন্থী রাজনীতির পরিচিত মুখ। তিনি রাজনৈতিক জীবন শুরু করেন ফ্যাসিবাদ-পরে এমএসআই দলের যুব শাখায়। পরে সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির সরকারে কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি রোমের মেয়র ছিলেন। কারাগারে থাকার অভিজ্ঞতার পর আলেমান্নো এখন ইতালির কারাগার ব্যবস্থার নানা সমস্যা তুলে ধরছেন। তার মতে, অতিরিক্ত ভিড়, নোংরা পরিবেশ, বিচার বিভাগে জনবল সংকট, জটিল প্রশাসনিক ব্যবস্থা এবং বন্দিদের জন্য শিক্ষা ও প্রশিক্ষণের অভাব পুরো ব্যবস্থাকে অকার্যকর করে তুলেছে। তিনি বলেন, বর্তমান ব্যবস্থা অপরাধীদের সংশোধনের সুযোগ না দিয়ে বরং তাদের আবার অপরাধের দিকেই ঠেলে দেয়। আলেমান্নোর ভাষায়, যারা খারাপ কাজ করতে চান, তাদের জন্য সব পথ খোলা। তারা যা ইচ্ছা করতে পারেন। কিন্তু যারা নতুনভাবে জীবন শুরু করতে চান, তাদের সামনে অসংখ্য বাধা তৈরি করা হয়। কারাগারে থাকার সময় তিনি হত্যাকাণ্ডে সহযোগিতার অপরাধে সাজাপ্রাপ্ত এক সহবন্দীর সঙ্গে যৌথভাবে ফেসবুকে একটি ডায়েরি লিখতেন। তিনি জানিয়েছেন, সেই লেখাগুলো শিগগিরই বই আকারে প্রকাশ করা হবে।

কারামুক্তির পর আলেমান্নো সাবেক সেনা জেনারেল রোবের্তো ভান্নাচ্চির সঙ্গে রাজনৈতিকভাবে একসঙ্গে কাজ শুরু করেছেন। ভান্নাচ্চি কট্টর ডানপন্থী অবস্থান এবং বিতর্কিত বক্তব্যের জন্য পরিচিত। তার নতুন রাজনৈতিক দল ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করছে। তবে কারাগার নিয়ে ভান্নাচ্চির অবস্থান আলেমান্নোর চেয়ে অনেক কঠোর। আলেমান্নো মুক্তি পাওয়ার দিন তিনি সাংবাদিকদের বলেন, 'আবেল আর কাইনের মধ্যে আমি আবেলের পক্ষেই আছি। আর কাইনের কারাগারেই পচে থাকা উচিত।' তিনি আরো বলেন, গুরুতর অপরাধের ক্ষেত্রে কঠোর, দীর্ঘমেয়াদি এবং কড়া শাস্তি নিশ্চিত করা উচিত।

গত জুলাইয়ে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন ডানপন্থী সরকার কারাগারের ধারণক্ষমতা ১৫ হাজার বাড়ানোর প্রতিশ্রুতি দেয়। একই সঙ্গে মাদকাসক্ত বন্দিদের চিকিৎসাকেন্দ্রে পাঠানোর ব্যবস্থা সহজ করার পরিকল্পনার কথাও জানানো হয়, যাতে কারাগারের অতিরিক্ত ভিড় কমানো যায়। তবে ঘোষণার পর এখন পর্যন্ত নতুন কোনো কারাগারের জায়গা তৈরি হয়নি। বন্দিদের স্থানান্তর নিয়ে প্রস্তাবিত আইনও এখনো আলোচনা পর্যায়ে রয়েছে। ২০২৭ সালে বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে আইনটি পাস না হলে সেটি বাতিল হয়ে যেতে পারে। বর্তমানে ইতালির কারাগারগুলো ইউরোপের সবচেয়ে বেশি ভিড় থাকা কারাগারগুলোর মধ্যে অন্যতম। ধারণক্ষমতার তুলনায় সেখানে প্রায় ১৪০ শতাংশ বন্দী রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনমত জরিপে ক্ষমতাসীন জোট ও মধ্য-বাম বিরোধী জোটের সমর্থন প্রায় সমান। এ অবস্থায় আইন-শৃঙ্খলা নিয়ে কড়া অবস্থানের রাজনৈতিক চাপের কারণে সরকার কারাগার সংস্কারে বড় ধরনের ঝুঁকি নিতে চাইবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে আলেমান্নো আশাবাদী। তার বিশ্বাস, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কারাগার সংস্কারের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সব দলের একসঙ্গে কাজ করা উচিত। তিনি বলেন, 'এটি এমন একটি লড়াই, যেখানে বাম ও ডান- উভয় পক্ষকেই একসঙ্গে আসতে হবে।'

আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১০:৫০ এম


সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালিতে আটকা পড়া পর্যটকদের মধ্যে দ্বিতীয় দফায় আরও ৩১১ জন পর্যটক সেনাবাহিনীর সহায়তায় সাজেক ত্যাগ করেছেন নিরাপদে।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টায় বাঘাইহাট জোন এ তথ্য নিশ্চিত করেছে।

টানা ভারী বর্ষণ, পাহাড়ধস এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাজেক ভ্যালিতে মোট ৫৬১ জন পর্যটক আটকা পড়েছিলেন। এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) প্রথম দফায় সেনাবাহিনীর সহায়তায় ১৫০ জন পর্যটক নিরাপদে সাজেক ত্যাগ করেছেন।

বাঘাইহাট জোন সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টায় দ্বিতীয় দফায় আরও ৩১১ জন পর্যটক সেনাবাহিনীর এসকর্টে খাগড়াছড়ির উদ্দেশে রওনা দেন। অবশিষ্ট প্রায় ১০০ জন পর্যটককেও পর্যায়ক্রমে নিরাপদে সাজেক থেকে সরিয়ে নেওয়া হবে।

গত মঙ্গলবার (৭ জুলাই) টানা বর্ষণ, ভূমিধস ও সড়ক যোগাযোগ ব্যবস্থার ঝুঁকির কারণে জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে সাজেকের সব পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাঙামাটির বিভিন্ন স্থানে ভূমিধস, পাহাড়ধস ও যোগাযোগ ব্যবস্থার বিঘ্নের আশঙ্কায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের ওই সিদ্ধান্তের ফলে নতুন করে কোনো পর্যটক সাজেকে প্রবেশ করতে পারেননি। তবে সিদ্ধান্ত কার্যকরের আগেই সেখানে অবস্থান করা শত শত পর্যটক আটকা পড়েন। তাদের নিরাপদে ফিরিয়ে আনতে সেনাবাহিনী পর্যায়ক্রমে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে বৃক্ষরোপণে এমপি খোকন সবুজ বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১০:৫২ এম


প্রধানমন্ত্রীর সঙ্গে বৃক্ষরোপণে এমপি খোকন সবুজ বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান

 

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর শুভ উদ্বোধন উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।

পরিবেশ সংরক্ষণ, বনভূমি সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তি, সংসদ সদস্য, পরিবেশবিদ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগাতে হবে এবং সেই গাছের পরিচর্যার দায়িত্বও নিতে হবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “আগামী প্রজন্মকে একটি বাসযোগ্য বাংলাদেশ উপহার দিতে হলে বনভূমি বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে হবে। জাতীয় বৃক্ষরোপণ অভিযান সেই লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতীকী বৃক্ষরোপণে অংশ নিয়ে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, “বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি মানুষের জীবন ও জীবিকারও গুরুত্বপূর্ণ অংশ। একটি সবুজ বাংলাদেশ গড়তে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “মাদারীপুর-৩ আসনসহ সারা দেশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে আমি কাজ করে যাব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নির্মল, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানাই।”

অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনসহ উপস্থিত অতিথিরা প্রতীকী বৃক্ষরোপণ করেন। এ সময় ‘সবুজ বাংলাদেশ, টেকসই বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করার আহ্বান জানানো হয়।
শাওন বল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলম্বিয়ার বিমানবন্দরে ড্রোন হামলা, আহত ৩ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৫ এম


কলম্বিয়ার বিমানবন্দরে ড্রোন হামলা, আহত ৩ জন

ভেনেজুয়েলা সীমান্তসংলগ্ন কলম্বিয়ার একটি বিমানবন্দরে গেরিলাদের ড্রোন হামলার ফলে তিনজন আহত হয়েছেন।

দীর্ঘদিন ধরে কোকেন চোরাচালান-সংক্রান্ত সহিংসতায় জর্জরিত এ অঞ্চলে বৃহস্পতিবার এই হামলার ঘটনা ঘটে বলে জানাচ্ছে দেশটির সেনাবাহিনী।

খবরটি বার্তা সংস্থা এএফপি দ্বারা প্রদান করা হয়েছে।

তিবু বিমানবন্দরে চালিত এই হামলার জন্য বড় সক্রিয় গেরিলা গোষ্ঠী ‘ন্যাশনাল লিবারেশন আর্মি’কে দায়ী করেছে দেশটির সেনাবাহিনী।

সেনাবাহিনী জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত তথ্য অনুসারে, বিস্ফোরণে তিনজন কর্মী আহত হয়েছেন এবং বিমানবন্দরে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

সাম্প্রতিক সময়ে কলম্বিয়ার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী নিরাপত্তা বাহিনীর পাশাপাশি কিছু ক্ষেত্রে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার জন্য ড্রোনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

ইএলএন, আমেরিকা মহাদেশের সবচেয়ে পুরোনো সক্রিয় গেরিলা সংগঠন হিসেবে পরিচিত।

মাদক চোরাচালান, চাঁদাবাজি এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে তারা তাদের কার্যক্রমে অর্থ জোগাড় করে থাকে।

এদিকে, দেশটির কট্টর ডানপন্থী নবনির্বাচিত প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েল্লা আগামী ৭ আগস্ট দায়িত্ব গ্রহণ করবেন। তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি আলোচনা বাতিল করে সামরিক শক্তির মাধ্যমে তাদের দমন করার ঘোষণা দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেনের কোয়ার্টার ফাইনালসহ টিভিতে আজ যা দেখবেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৮ এম


স্পেনের কোয়ার্টার ফাইনালসহ টিভিতে আজ যা দেখবেন

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের সামনে রয়েছে বেলজিয়াম। পাশাপাশি উইম্বলডনেও আজ অনুষ্ঠিত হবে ছেলেদের দুটি সেমিফাইনাল।

বিশ্বকাপ ফুটবল: কোয়ার্টার

স্পেন-বেলজিয়াম

রাত ১টা, বিটিভি, টি স্পোর্টস ও সময়।

নারী টেস্ট-১ম দিন

ইংল্যান্ড-ভারত

বিকেল ৪টা, সনি স্পোর্টস ১।

উইম্বলডন

পুরুষ সেমিফাইনাল

সন্ধ্যা ৬টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%