বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং
০৯:১৭ পি.এম
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট নিরসনে ওয়াশিংটনের অব্যাহত সম্পৃক্ততার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একদল কর্মকর্তা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি)’র সঙ্গে বৈঠক করেছেন।
আরআরআরসি জানায়, বুধবার মার্কিন কংগ্রেসের স্টাফদের প্রতিনিধিদলটি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও আরআরআরসি কার্যালয় পরিদর্শন করে। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইউএনএইচসিআরের মাল্টি-কান্ট্রি অফিসের কর্মকর্তারাও তাদের সঙ্গে ছিলেন।
আরআরআরসি বলেছে, এ সফর রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অব্যাহত আগ্রহ ও সম্পৃক্ততার প্রতিফলন। একই সঙ্গে বাংলাদেশে রোহিঙ্গাদের সহায়তা এবং মানবিক কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বও এতে পুনর্ব্যক্ত হয়েছে।
সফরকালে প্রতিনিধিদলটি সরকারের অতিরিক্ত সচিব ও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মীজানুর রহমানের সঙ্গে বৈঠক করে।
বৈঠকে চলমান রোহিঙ্গা মানবিক সংকট, শরণার্থী ক্যাম্পগুলোর পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
প্রতিনিধিদলে ছিলেন প্রতিনিধি রায়ান ম্যাকেঞ্জির সিনিয়র লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট নোয়েল ডানা, প্রতিনিধি স্টেফানি বাইসের লেজিসলেটিভ ডিরেক্টর রবার্ট সার, প্রতিনিধি মার্লিন স্টুটজম্যানের লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট রায়ান কারেইরো এবং সিনেট রিপাবলিকান পলিসি কমিটির জাতীয় নিরাপত্তা বিশ্লেষক টোরি কক্স।
এ ছাড়া প্রতিনিধি ম্যাডেলিন ডিনের লেজিসলেটিভ ডিরেক্টর সারাহ জ্যাকবস, সিনেটর ক্রিস ভ্যান হলেনের জাতীয় নিরাপত্তাবিষয়ক লেজিসলেটিভ এইড মাইয়েশা হোসাইন এবং প্রতিনিধি ম্যাক্সওয়েল ফ্রস্টের লেজিসলেটিভ ডিরেক্টর মার্শেল ব্রায়ান্টও প্রতিনিধিদলের সদস্য ছিলেন।
তাদের সঙ্গে ছিলেন ওয়াশিংটন ডিসিতে ইউএনএইচসিআরের মাল্টি-কান্ট্রি অফিসের সিনিয়র এক্সটার্নাল রিলেশনস অফিসার ন্যান্সি জ্যাকসন এবং এক্সটার্নাল রিলেশনস অ্যাসোসিয়েট জেসি আইন্সলি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝালকাঠি, ২৭ আগস্ট, ২০২৬ : নারী ও শিশুর প্রতি সহিংসতা, যৌতুক, বাল্যবিয়ে, মানবপাচার, মাদক ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওসার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানমের সভাপতিত্বে বক্তারা বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে।
শুধু প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিয়ে, যৌতুক ও মানবপাচার বন্ধ করা সম্ভব নয়। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
বক্তারা আরও বলেন, মাদকের ক্ষতিকর প্রভাব থেকে তরুণ সমাজকে রক্ষা এবং ডেঙ্গু প্রতিরোধেও জনসচেতনতা বাড়াতে হবে। বাল্যবিয়ে ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
এসময় বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নাটোর, ২৭ আগস্ট, ২০২৬ : নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে জেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালন করা হয়েছে।
আজ বিকেল সাড়ে চারটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।
আলোচনায় জেলা প্রশাসক বলেন, মহান কবির জীবনাদর্শ, সাহিত্যকর্ম ও দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। এই লক্ষ্যে সারা বছর ধরে নজরুল বর্ষে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। আমরা নজরুল চর্চার মধ্য দিয়ে অস্থির সময়কে অতিক্রম করে যেতে চাই।
জেলা কালচারাল অফিসার মো. শাহাদত হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাতআরা ফেরদৌস।
অনুষ্ঠানে শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের শিল্পিরা কবির গান, কবিতা ও নৃত্য পরিবেশন করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের একটি অভিযানে ৩৮ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে ৫১টি ইয়াবা ট্যাবলেট এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. রাসেল, বয়স ৩৮ বছর। তিনি আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউনিয়নের চরচারতলা গ্রামের আব্দুল জলিলের পুত্র। গ্রেপ্তারের পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং থেকে এই তথ্য জানানো হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানার একটি দল সোনারামপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় সোনারামপুরের লা ভিডা হাসপাতালের পেছন থেকে রাসেলকে আটক করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট এবং অস্ত্রের বিষয়ে পুলিশ জানায়, রাসেলের বিরুদ্ধে আশুগঞ্জসহ বিভিন্ন থানায় মোট ৩৮টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ডাকাতির সাতটি, দস্যুতার সাতটি, ডাকাতির প্রস্তুতির নয়টি, বিস্ফোরক আইনে পাঁচটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি, অস্ত্র আইনে তিনটি, চুরির দুটি এবং হত্যাসংক্রান্ত একটি মামলা অন্তর্ভুক্ত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : ইউরোপজুড়ে একের পর এক তীব্র তাপপ্রবাহের মধ্যে জার্মানিতে এ গ্রীষ্মে রেকর্ড ১৫ হাজার ৮০০ জনের তাপদাহজনিত মৃত্যু হয়েছে। দেশটির জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউট বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
রবার্ট কোচ ইনস্টিটিউট (আরকেআই) জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ৭৫ বছরের বেশি বয়সি মানুষ। জুনের শেষদিকে এক সপ্তাহে প্রায় ৯ হাজার ৬০০ জনের তাপদাহজনিত মৃত্যু রেকর্ড করা হয়। ওই সময়ে জার্মানিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।
বার্লিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইনস্টিটিউটের সর্বশেষ হালনাগাদ তথ্যে বলা হয়েছে, জুলাইয়ের শেষ থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত আরও প্রায় ৪ হাজার তাপদাহজনিত মৃত্যু রেকর্ড করা হয়েছে।
এ গ্রীষ্মে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র তাপ ও খরা আঘাত হেনেছে। এর ফলে তাপদাহজনিত মৃত্যুর সংখ্যা বেড়েছে, পাশাপাশি দাবানল ছড়িয়ে পড়েছে, ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে এবং প্রধান প্রধান নদীতে পানির স্তর কমে গেছে।
ইনস্টিটিউট জানায়, তারা গত এক দশক ধরে এ ধরনের তাপদাহজনিত মৃত্যুর তথ্য সংগ্রহ করছে। এর আগে সর্বোচ্চ ৮ হাজার ৯০০ তাপদাহজনিত মৃত্যু রেকর্ড করা হয়েছিল ২০১৮ সালে। এর বাইরে একটি চিকিৎসাবিষয়ক প্রকাশনার পৃথক প্রতিবেদনে ১৯৯৪ সালে ১০ হাজার তাপদাহজনিত মৃত্যুর হিসাব দেওয়া হয়েছিল।
তীব্র তাপ সরাসরি মৃত্যুর কারণ হতে পারে, যেমন হিটস্ট্রোকের মাধ্যমে। তবে অধিকাংশ ক্ষেত্রে হৃদযন্ত্র, ফুসফুস বা কিডনির রোগের মতো আগে থেকেই থাকা শারীরিক সমস্যার সঙ্গে তীব্র তাপ যুক্ত হয়ে মৃত্যুর ঝুঁকি বাড়ায়।
আরকেআই পরিসংখ্যানভিত্তিক পদ্ধতিতে তাপদাহজনিত মৃত্যুর হিসাব করে। এক্ষেত্রে গ্রীষ্মের তাপপ্রবাহ চলাকালীন এবং তাপপ্রবাহ না থাকা সপ্তাহগুলোর মৃত্যুর সংখ্যা তুলনা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ