ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে জনগণ অপপ্রচারের জবাব দিয়েছে: ফরহাদ হোসেন


ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে জনগণ অপপ্রচারের জবাব দিয়েছে: ফরহাদ হোসেন

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মন্তব্য করেছেন যে, ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে সরকারের বিরুদ্ধে ছড়ানো বিভিন্ন অপপ্রচারের কড়া জবাব দিয়েছে।

তিনি উল্লেখ করেছেন, গত ৩০ তারিখে অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যম ও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির অপব্যবহার করে সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হয়েছিল। তবে নির্বাচনের দিন প্রমাণিত হয়েছে যে, বিগত আট মাসে সরকারের নেওয়া জনকল্যাণমূলক পদক্ষেপ ও সঠিক রাজনীতিকে সাধারণ মানুষ গ্রহণ করেছে এবং বিরোধীদের অপপ্রচার প্রত্যাখ্যান করেছে।

রবিবার (১ নভেম্বর) দুপুরে বগুড়া যুব ভবনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল, সদস্যসচিব জাহাঙ্গীর মনোনীত

এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে যুবসমাজকে সতর্ক করে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, এআই এমন একটি প্রযুক্তি, যা দিয়ে পৃথিবী এগিয়ে যাচ্ছে। কিন্তু এর অপপ্রয়োগ করে বর্তমান সরকারের উন্নয়নের ধারা ও প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডকে নস্যাৎ করতে চায় একটি কুচক্রী মহল। জুলাইয়ের ছাত্র-গণঅভ্যুথানের পর ফ্যাসিস্টমুক্ত এই বাংলাদেশে প্রযুক্তিগত গুজব ও অপপ্রচার রুখতে দেশের যুবসমাজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো বেশি তৎপর হতে হবে।

এর আগে সকালে প্রতিমন্ত্রী বগুড়ার এসপি ঘাট এলাকায় করতোয়া নদী পরিদর্শন করেন। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি মাসের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অধীনে করতোয়া, গজারিয়া ও ইছামতি নদীর খনন কাজ শুরু হবে। একনেকে অনুমোদিত প্রায় ১ হাজার ৯৪ কোটি টাকার এ প্রকল্পের আওতায় ২৯৪ কিলোমিটার নদী ও খাল পুনঃখনন করা হবে। এর ফলে বগুড়া শহরের রূপ বদলানোর পাশাপাশি নদীমাতৃক বাংলাদেশের হারানো প্রাণ ও জীববৈচিত্র্য ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, বগুড়ার যৌথ আয়োজনে যুব ভবন হলরুমে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৬ আসনের জাতীয় সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির এবং জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।

আরও পড়ুন: ঢাকাসহ ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু, ফি ৮-১০ হাজার টাকা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনে বনদস্যুদের চাঁদাবাজি বন্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


সুন্দরবনে বনদস্যুদের চাঁদাবাজি বন্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সুন্দরবনে বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধ করার দাবি, অপহৃত জেলে-বাওয়ালিদের উদ্ধার এবং বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় আন্দোলন শুরু হয়েছে। জেলার শ্যামনগরে পাঁচ দিনব্যাপী কর্মসূচি পালন করছেন উপকূলীয় এলাকার বাসিন্দা ও বনজীবীরা।

রবিবার (১ নভেম্বর) ছিল কর্মসূচির শেষ দিন। এদিন তারা মাছ ধরার জাল পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। একইসঙ্গে আন্দোলনকারীরা ৪৮ ঘণ্টার মধ্যে বনদস্যুদের বিরুদ্ধে অভিযান শুরু করার দাবি জানান।

সকাল ১০টার দিকে মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারে এবং সকাল ১১টার দিকে উপজেলা সদরের গাবুরা ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সুন্দরবননির্ভর জেলে, বাওয়ালি, মৌয়ালসহ উপকূলীয় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, সুন্দরবনে মাছ, কাঁকড়া ও মধু আহরণ করতে গেলে বিভিন্ন বনদস্যু বাহিনীকে টাকা দিতে হচ্ছে। কিছু বাহিনী নৌকাপ্রতি ৭০ হাজার থেকে এক লাখ টাকা বা তারও বেশি দাবি করছে। টাকা দেওয়ার পর জেলেদের হাতে নির্দিষ্ট নম্বর লেখা কাগজ বা নোট দেওয়া হয়, যা দেখিয়ে বনে প্রবেশ করতে হয়। টাকা দিতে না চাইলে মারধর, নির্যাতন ও অপহরণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

জেলেরা জানান, একাধিক বাহিনীকে টাকা দিতে গিয়ে মাছ ও কাঁকড়া আহরণের আয় থেকে বড় অংশই চলে যাচ্ছে। ফলে অনেককে ঋণ করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে। সামনে শুঁটকি মাছের মৌসুম আসলেও বনদস্যুদের ভয়ে অনেকে বনে যেতে পারছেন না। এতে পরিবার-পরিজন নিয়ে তারা অনিশ্চয়তায় পড়েছেন।

এক জেলে বলেন, বনে যাওয়ার আগে স্থানীয় এজেন্টের মাধ্যমে বনদস্যুদের টাকা দিতে হয়। এক লাখ টাকা দেওয়ার পর একটি নির্দিষ্ট নম্বর লেখা নোট দেওয়া হয়। সেটি ছাড়া বনে গেলে মারধর ও নির্যাতনের শিকার হতে হয়। তার ভাষ্য, বিভিন্ন বাহিনীকে টাকা দিতে গিয়ে জেলেদের পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

আরেক জেলে জানান, আগে একটি বাহিনীকে টাকা দিলেই চলতো, কিন্তু এখন একাধিক বাহিনীকে টাকা দিতে হচ্ছে। কেউ ৭০ হাজার, কেউ ৮০ হাজার; কেউ আবার এক লাখ টাকারও বেশি দাবি করছে। এভাবে টাকা দিয়ে বনে মাছ ধরতে গেলে তাদের হাতে তেমন কিছুই থাকে না।

সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক ও আন্দোলনের প্রধান সমন্বয়ক সালাউদ্দিন লিটন বলেন, বনদস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে আমরা পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছিলাম। আজ (রবিবার) কর্মসূচির শেষ দিন। এদিন ইউএনও’র কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

প্রধান সমন্বয়ক জানান, আগামীকাল সোমবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হবে। এরপর বন বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করে দাবি জানানো হবে।

তিনি বলেন, কোস্টগার্ড, বনবিভাগ, নৌপুলিশ, এসআরবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান চালানো হলে বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

আগামী সাত দিনের মধ্যে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন এবং কার্যালয় অবরোধ করা হবে বলে জানান সালাউদ্দিন লিটন।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জামান কনক বলেন, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় নৌপুলিশ, কোস্টগার্ড, বিজিবি ও থানা পুলিশের প্রতিনিধিদের নিয়ে সুন্দরবনের নিরাপত্তার বিষয়টি আলোচনা করা হয়েছে। সংশ্লিষ্ট বাহিনীগুলোকে নিয়মিত টহল ও অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

ইউএনও বলেন, আন্দোলনকারীদের দেওয়া স্মারকলিপি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট বাহিনীগুলোর সঙ্গে আলোচনা করে যৌথ অভিযান পরিচালনার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল্লাহ পাটোয়ারী বলেন, বনদস্যুদের বিরুদ্ধে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যৌথ টাস্কফোর্স গঠনের বিষয়টিও বিবেচনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান দুই বাহিনীকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


ইরান দুই বাহিনীকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছে

যুক্তরাজ্যের নৌবাহিনী ও বিমানবাহিনীকে নতুন করে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে ইরান। একই সঙ্গে পয়লা নভেম্বর থেকে ব্রিটিশ বৈদেশিক গোয়েন্দা সংস্থা এমআইসিক্সকেও ‘শত্রুভাবাপন্ন গোষ্ঠী’ হিসেবে চিহ্নিত করেছে তেহরান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।

রবিবার দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ব্রিটেনের পদক্ষেপের জবাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের সময় ব্রিটেন সামরিক ঘাঁটি, বিভিন্ন স্থাপনা ও রসদ সরবরাহের সহায়তা দিয়েছিল বলে অভিযোগ করেছে তেহরান।

বিবৃতিতে আরো বলা হয়, গত ১৩ জুলাই ব্রিটেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) ‘স্টেট থ্রেটস অ্যাক্ট ২০২৬’-এর আওতায় অন্তর্ভুক্ত করে।

এ পদক্ষেপকেও তাদের সিদ্ধান্তের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি প্রস্তাবের ভিত্তিতে নেওয়া এ সিদ্ধান্ত ১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

তেহরান বলেছে, পারস্পরিক পদক্ষেপের নীতির ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষাই এর লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাহুলের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে জোর করে দোকানপাট বন্ধের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


রাহুলের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে জোর করে দোকানপাট বন্ধের অভিযোগ

দিল্লির ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির বিষয়টি নিয়ে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং ক্ষমতাসীন বিজেপির মধ্যে পালটাপালটি অভিযোগের ফলে রাজনৈতিক বিতর্ক বৃদ্ধি পাচ্ছে। বিজেপির বিরুদ্ধে ব্যবসায়ীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত করার অভিযোগ তুলেছেন রাহুল।

রোববার (১ নভেম্বর) ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের সমাবেশ ও মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় রাহুল গান্ধী একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তিনি অভিযোগ করেন, বিজেপি জোর করে দোকানপাট বন্ধ করে দিয়েছে, যার ফলে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে আসা মানুষজন কেনাকাটা করতে পারছেন না।

ভিডিওতে রাহুল গান্ধী বলেন, "মিছিল ও সমাবেশে আসার সময় সবাইকে কেনাকাটা করতে এবং কিছু জিনিসপত্র কিনতে বলা হয়েছিল। কিন্তু কনট প্লেসে যাওয়ার পথে তাঁরা জানতে পারেন, বিজেপি জোর করে প্রতিটি দোকান বন্ধ করে দিয়েছে।" তিনি মন্তব্য করেন, "ব্যবসায়ীদের ক্ষতি কারা করছে এবং কীভাবে করছে, তা সবার জানা উচিত।" এর আগে উৎসবের মৌসুমে দিল্লির ব্যবসায়ীদের ক্ষতির জন্য বিজেপি নেতারা রাহুল গান্ধী ও কংগ্রেসকে দায়ী করেছিলেন।

ধনতেরাস, দীপাবলি ও ছট পূজার প্রসঙ্গ তুলে বিজেপি নেতা জেপি নাড্ডা বলেন, "ক্ষুদ্র ব্যবসায়ী, ফুটপাতের বিক্রেতা ও দোকানিরা বছরের আয়ের বড় একটি অংশ এসব উৎসবের সময়ে উপার্জন করেন।" তিনি অভিযোগ করেন, "ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সংকটের প্রতি উদাসীন রাহুল গান্ধী।"

নাড্ডা আরও বলেন, চেম্বার অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিটিআই) পক্ষ থেকে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দেওয়া হয়েছিল। ওই চিঠিতে উৎসবের মৌসুমে দিল্লিতে বড় রাজনৈতিক সমাবেশ আয়োজন না করার অনুরোধ জানানো হয়েছিল।

নাড্ডার দাবি, আগের প্রতিবাদ কর্মসূচির কারণে দিল্লির ব্যবসায়ীদের প্রায় ৩ হাজার কোটি রুপির ক্ষতি হয়েছে। সর্বশেষ সমাবেশের কারণে ক্ষতির পরিমাণ ১০ হাজার কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরের পোশাক কারখানায় আগুন, শ্রমিকদের অবরোধে ঘটনাস্থলে যেতে পারছে না ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


গাজীপুরের পোশাক কারখানায় আগুন, শ্রমিকদের অবরোধে ঘটনাস্থলে যেতে পারছে না ফায়ার সার্ভিস

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড পোশাক কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শ্রমিকদের বিক্ষোভের মাঝে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

রোববার (১ নভেম্বর) দুপুরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারেকুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তবে তিনি নিশ্চিত করে জানাতে পারেননি আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে। শ্রমিকদের আন্দোলনের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ফায়ার সার্ভিসকে বিপাকে পড়তে হয়েছে। তারা বিজিবি’র পাহারায় মহাসড়কের উল্টো পথে ঘটনাস্থলে যাচ্ছেন।

তিনি আরও জানান, কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড পোশাক কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। শ্রমিকদের বিক্ষোভের কারণে সকাল থেকেই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এই যানজটের কারণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় পরে বিজিবি’র পাহারায় মহাসড়কের উল্টো পথে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%