মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:৩২ পি.এম
ফেডারেশন কাপে আজ রহমতগঞ্জের বিরুদ্ধে খেলেননি ফর্টিসের জাপানিজ বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসা। এই খেলোয়াড় ফর্টিস ক্লাব ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। জাতীয় স্টেডিয়ামে আজ তিনি ফর্টিস ক্লাবের হয়ে শেষবারের মতো উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের কাছে শুকি জাপানি ভাষায় জানান, "বাংলাদেশের চেয়ে উঁচুমানের লিগে খেলতে চান।" তিনি জাতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্স করার লক্ষ্যেই বিদেশি লিগে নিজেকে গড়ে তুলতে ইচ্ছুক।
এক বছরের জন্য ফর্টিসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন শুকি। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি বাংলাদেশে লিগ ত্যাগ করতে চলেছেন। ফর্টিস ক্লাবের সভাপতি শাহীন হাসান মন্তব্য করেন, "চাইলে তাকে চুক্তির বেড়াজালে আমরা আটকাতে পারতাম। তবে জাতীয় দলের কথা ভেবে ওকে আমরা ছাড়ব। বাইরে খেলে এসে যেন আমাদের দেশকে সে ভালো কিছু দিতে পারে।" ফর্টিসের হয়ে শুকির পাঁচটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।
হঠাৎ কেন বাংলাদেশ ফুটবল লিগ ছাড়তে চান শুকি, সে বিষয়ে মুখে কিছু না বললেও জানা গেছে, বাংলাদেশের ঘরোয়া ফুটবলের মান ও গতি নিয়ে তিনি খুবই হতাশ। তাই তিনি ভালো মানের গতিময় ফুটবল লিগে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে বাংলাদেশের জাপান প্রবাসী এই ফুটবলার কোথায় যাচ্ছেন, তা এখনও জানা যায়নি। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া লিগে নাম লেখানোর সম্ভাবনা রয়েছে শুকির।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি ঝালকাঠির কাঁঠালিয়া সদর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়কে। উপজেলার ৪নং কাঁঠালিয়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ আউরা গ্রামের সরকারি খাস পুকুর থেকে কাঁঠালিয়া পুরান পোল পর্যন্ত সড়কটি বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিনেও সড়কটিতে কোনো মাটি বা বালি ভরাট না হওয়ায় এটি এখন স্থানীয়দের কাছে রীতিমতো ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সড়কটির অধিকাংশ স্থান ভেঙে গিয়ে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কটি কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে পড়ে, যা হেঁটে চলাচলেরও অযোগ্য হয়ে যায়। সড়কটিতে আজ অবধি কোনো মাটি, বালি বা সংস্কারের কাজ না হওয়ায় এর অস্তিত্বই এখন হুমকির মুখে।
এ বিষয়ে কাঁঠালিয়া শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মল্লিক বলেন, “দীর্ঘদিন ধরে এই রাস্তাটি চরম বেহাল অবস্থায় পড়ে থাকলেও কাজ শুরুর কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত মাটি ও বালি ভরাট করে রাস্তাটি চলাচলের উপযোগী করা জরুরি।”
কাঠালিয়া যুবদলের সদস্য সফিকুল ইসলাম শাওন বলেন, “সরেজমিনে গিয়ে দেখেছি, দক্ষিণ আউরা গ্রামের সরকারি খাস পুকুর থেকে পুরান পোল পর্যন্ত সড়কটির অবস্থা অত্যন্ত নাজুক। মাটি বা বালি না থাকায় কোমলমতি শিক্ষার্থী, বয়স্ক ও রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সড়কটি নির্মাণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।”
স্থানীয় বাসিন্দারা বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বৃদ্ধ, রোগী ও সাধারণ মানুষ চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। কোনো জরুরি রোগী হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে বা কৃষিপণ্য বাজারজাত করতে গেলে চরম ভোগান্তিতে পড়তে হয়। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা।
এলাকাবাসী আরও জানান, সড়কটি নির্মাণ ও সংস্কারের দাবিতে বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ বা কাজ শুরুর কোনো আলামত দেখা যাচ্ছে না।
ভুক্তভোগী এলাকাবাসী দ্রুততম সময়ের মধ্যে সড়কটিতে মাটি ও বালি ভরাট করে এটি চলাচলের উপযোগী ও পাকা করার জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নাট্যসংগঠন স্বপ্নদল কর্তৃক দেশ ও বিদেশে প্রশংসিত মনোড্রামা ‘হেলেন কেলার’-এর ৬৭তম প্রদর্শনী আগামীকাল ২৫ নভেম্বর বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নাটকের মঞ্চায়ন বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডু এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। একক অভিনয়ে থাকছেন জুয়েনা শবনম।
হেলেন কেলারের জীবন, কর্ম, স্বপ্ন, সংগ্রাম ও দর্শনভিত্তিক এই নাটকটি দৃষ্টি, বাক ও শ্রবণপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাস এবং শিক্ষয়িত্রী অ্যান স্যুলিভানের অতিমানবিক প্রেরণায় তার সব নেতিবাচকতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর কাহিনি তুলে ধরে। নাটকে হেলেন কেলারের শিক্ষয়িত্রী অ্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষ্যে চার্লি চ্যাপলিন, মার্ক টোয়েন, কেনেডি ও আইনস্টাইনের মতো বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের সান্নিধ্যে তার জীবনের সমৃদ্ধির কথা উঠে এসেছে।
এ নাটকে পাশ্চাত্যের হেলেন কেলারের জীবনে প্রাচ্যের রবীন্দ্রনাথ ঠাকুর তথা রবীন্দ্রদর্শনের প্রবল প্রভাবের প্রকৃত স্বরূপও উন্মোচিত হয়েছে। পাশাপাশি নারীজাগরণ ও মানবতাবাদের পক্ষে এবং যুদ্ধ, ধ্বংস, সহিংসতা, বর্ণবাদ ও আণবিক অস্ত্রের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থান তুলে ধরা হয়েছে। ব্যক্তিজীবনের নানা পূর্ণতা-অপূর্ণতার প্রসঙ্গের পাশাপাশি প্রতিকূলতার বিরুদ্ধে লড়ে মানবকল্যাণে নিবেদিত হওয়ার দর্শনই মুখ্য হয়ে উঠেছে গবেষণাগার পদ্ধতিতে নির্মিত ঐতিহ্যের ধারায় আধুনিক বাংলা নাট্যরীতির এই প্রযোজনায়।
‘হেলেন কেলার’-এর মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ন এবং প্রযোজনা-ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন শাখাওয়াত শ্যামল।
নাটকটি দেশে নিয়মিত সফল মঞ্চায়নের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে। জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস ও অস্ট্রেলিয়ার রেনেসাঁ ড্রামা সোসাইটির মেলবোর্নের আমন্ত্রণে এবং ভারতে চারটি আন্তর্জাতিক নাট্যোৎসবে প্রদর্শিত হয়েছে এটি। এছাড়া ছয়টি আন্তর্জাতিক ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালে সম্প্রচারের মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে স্বপ্নদলের এই প্রযোজনা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাতক্ষীরা, ২৪ নভেম্বর ২০২৬ : আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে, যা আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে সংগঠিত হয়।
মঙ্গলবার বিকেলে, সাতক্ষীরা জেলা শাখার জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে শহরের তুফান ডেন্টাল ক্লিনিকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে ফিরে আসে।
এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ।
এছাড়া, জেলা কৃষকদলের আহ্বায়ক মো. সালাউদ্দিন লিটন, সদস্যসচিব মো. রবিউল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলী হোসেন, হাফিজুর রহমান হাফিজ, সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আনারুল ইসলাম, সদস্যসচিব সাইলুর রহমান, আশাশুনি উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. লিয়াকাত হোসেন, সদস্য হাসিব আব্দুল কাদের, তালা উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব জামির আলী মেম্বার, দেবহাটা উপজেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম এবং সদস্য সচিব রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।
কর্মসূচিতে জাতীয়তাবাদী কৃষক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝালকাঠির কাঁঠালিয়ায় নিখোঁজের দুই দিন পর মো. আবু সালেহ হাওলাদার (২৭) নামের এক যুবকের সন্ধান মিলেছে চট্টগ্রামের অলংকার এলাকায়। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টার দিকে নিজের মোবাইল ফোন থেকে মামাকে কল করে তিনি তাঁর অবস্থানের কথা জানান। পরে চট্টগ্রামে থাকা স্বজনরা তাঁকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার (২২ নভেম্বর) কাঁঠালিয়া উপজেলার আমুয়া পশ্চিমপাড়া এলাকার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন আবু সালেহ। স্বজনদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন।
আবু সালেহর ফুফা ও কাঁঠালিয়া বাজারের ব্যবসায়ী রাকিব হাওলাদার জানান, আবু সালেহ চট্টগ্রামে গ্রামীণফোনে কর্মরত। মায়ের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কাজের জন্য তিনি এক সপ্তাহ আগে বাড়িতে আসেন। প্রয়োজনীয় সব কাগজপত্র সংগ্রহের পর ঘটনার দিন রাত ১০টার দিকে আমুয়া ইউনিয়ন পরিষদের প্রশাসকের স্বাক্ষর নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি।
স্বজনদের কাছে আবু সালেহর দেওয়া বর্ণনা অনুযায়ী, বাড়ির কাছাকাছি একটি খালের পাড়ে পৌঁছালে সাদা কাপড় পরা কয়েকজন নারী তাঁকে আক্রমণ করে খালের পানিতে ফেলে দেন। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি দৌড়ে বাড়ির উঠানে এসে চিৎকার করে অচেতন হয়ে পড়েন। চিৎকার শুনে মা-বাবা বাইরে এসে তাঁকে উদ্ধার করে ঘরে নিয়ে যান। জ্ঞান ফেরার পর তিনি পরিবারকে বিষয়টি জানান।
জানা যায়, ওই রাতেই আবু সালেহ নিজের ব্যাগে থাকা রেজার ব্লেড দিয়ে নিজের দাড়ি-গোঁফ কেটে ফেলেন এবং সকালে উঠে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। তাঁর এমন অস্বাভাবিক আচরণে পরিবার চিন্তিত হয়ে পড়ে এবং স্থানীয়ভাবে ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার শরণাপন্ন হয়। স্বজনদের ধারণা, এসব নিয়ে বিরক্ত হয়ে একপর্যায়ে তিনি কাউকে কিছু না জানিয়ে বিআরটিসি বাসে করে বাড়ি থেকে চলে যান। এরপর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ ছিল এবং কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
অবশেষে মঙ্গলবার সকালে চট্টগ্রামের অলংকার এলাকা থেকে তাঁর ফোন পেয়ে স্বজনরা তাঁকে উদ্ধার করেন। বর্তমানে তিনি চট্টগ্রামে তাঁর মামার বাসায় রয়েছেন এবং সেখানে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে পরিবার নিশ্চিত করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ